নাটকের রাতে শীর্ষে ফিরল পিএসজি

নাটকের রাতে শীর্ষে ফিরল পিএসজি ফরাসি লিগ আঁ-র শিরোপা দৌড়ে নতুন মোড়। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দুর্বল মেত্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এই সুযোগ তৈরি করে দিয়েছে শিরোপা প্রতিদ্বন্দ্বী লেন্স। শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ৩-২ ব্যবধানে হেরে বসে তারা। দিনের শুরুতে পিএসজির চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল লেন্স। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ২-০-তে এগিয়ে থেকেও আগস্টের পর প্রথমবার হোম লিগ ম্যাচে হার দেখল তারা। এতেই শীর্ষস্থান পুনর্দখলের সুবর্ণ সুযোগ পায় ফরাসি জায়ান্টরা। মেৎজের বিপক্ষে তিন মিনিটেই গোলের খাতা খোলেন দিজিরে দুয়ে। ওয়ারেন জায়ের-এমেরির লম্বা পাস ধরে মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। কর্নার থেকে লুকাস হার্নান্দেজের হেড গোলরক্ষক ঠেকালেও লাইনের কাছ থেকে বল জালে ঠেলে দেন তিনি। শেষ দিকে গঞ্জালো রামোস জোরালো ফিনিশে নিজের মৌসুমের ১১তম গোল করে জয় নিশ্চিত করেন। মোনাকোর মাঠে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে ৩-২ জয়ে জোড়া গোল করা দুয়ে আজ শুরু থেকেই ছিলেন একাদশে। চোটে থাকা উসমান দেম্বেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকজনকে বিশ্রাম দেন কোচ লুইস এনরিকে। আগামী বুধবারই মোনাকোর বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগ। ১১ ম্যাচ বাকি থাকতে পিএসজি এখন লেন্সের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। তৃতীয় স্থানে থাকা লিঁও রোববার স্ট্রাসবুর্গকে হারাতে পারলে শীর্ষের সঙ্গে ব্যবধান ছয়ে নামাতে পারবে।
নতুন মৌসুমের শুরুতেই সনের দাপটে ম্লান মেসি

নতুন মৌসুমের শুরুতেই সনের দাপটে ম্লান মেসি মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই সুপারস্টারের লড়াই। কিন্তু আলোটা কেড়ে নিলেন সন হিউং-মিন। তার অনবদ্য পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলেস ৩-০ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামিকে। আর আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। লস অ্যাঞ্জেলেসে নিজের প্রথম পূর্ণ মৌসুম খেলতে নামা দক্ষিণ কোরিয়ান তারকা শুরু থেকেই ছিলেন প্রাণবন্ত। প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলের যোগান দেন সন। পরে ডেনিস বুয়াঙ্গা ও বদলি নাথান অর্ডাজ ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেন দাপুটে জয়। ম্যাচটি দেখতে মেমোরিয়াল কলিসিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি। তবে যারা মেসির জাদু দেখতে এসেছিলেন, তাদের জন্য রাতটি ছিল হতাশার। বল দখলে এগিয়ে থেকেও এলএএফসির গোলমুখে তেমন হুমকি তৈরি করতে পারেনি মায়ামি। দুই সপ্তাহ আগে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া মেসিকে ছন্দহীনই দেখিয়েছে। শুরুটা দারুণ ছিল এলএএফসির। দ্রুত পাল্টা আক্রমণে বারবার চাপে ফেলে মায়ামিকে। একবার বুয়াঙ্গার পাসে একক প্রচেষ্টায় সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন সন। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মাঝমাঠে রদ্রিগো ডি পল বলের নিয়ন্ত্রণ হাতছাড়া করলে তা যায় সনের কাছে। ডিফেন্ডারদের ঢিলেঢালা রক্ষণে সময় পেয়ে ডানদিকে মার্টিনেজকে পাস দেন তিনি। ভেনেজুয়েলান তরুণ প্রথম স্পর্শেই বল জড়িয়ে দেন জালে। বিরতির আগে প্রায় একই ভঙ্গিতে আবারও গোলের কাছাকাছি গিয়েছিলেন মার্টিনেজ। আর প্রথমার্ধের একমাত্র স্পষ্ট সুযোগে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট অল্পের জন্য বাইরে যায়। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় মায়ামি। মেসিও মাঝমাঠ থেকে খেলা সাজানোর চেষ্টা করেন, নেন দূরপাল্লার শট। একপর্যায়ে রায়ান পোর্তেউসের সঙ্গে সংঘর্ষে মুখ থুবড়ে পড়েন বিশ্বকাপজয়ী তারকা। তবে দ্রুতই উঠে দাঁড়ালে স্বস্তি ফেরে সমর্থকদের মাঝে। চাপ সামলে ধৈর্যের ফল পায় এলএএফসি। নিজেদের অর্ধ থেকে টিমোথি টিলম্যানের উঁচু থ্রু পাস ধরে বুয়াঙ্গা প্রথমে হেডে গোলরক্ষকের ওপর দিয়ে বল তোলেন, পরে ঘুরে জালে পাঠান। ম্যাচ কার্যত সেখানেই শেষ। শেষদিকে সন আরেকটি অ্যাসিস্টের সম্ভাবনা তৈরি করলেও বুয়াঙ্গা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পর করতালির মধ্যেই তুলে নেওয়া হয় সনকে। এরপর বদলি নামা নাথান অর্ডাজ মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে এলএএফসির জয় নিশ্চিত করেন।
২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। অ্যামটবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এদিন তাপমাত্রা বাড়ার কোনো স্পষ্ট পূর্বাভাস নেই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, আজ রবিবার ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । পরদিন মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে। তিন বিভাগেরই কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অন্যদিনের মতো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ ৩৯২ স্কোর— অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অপরদিকে, দূষণ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেওয়ার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠান দুটি ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তাব্যবস্থায় বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে— সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ। যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহনও নিষিদ্ধ করা হয়েছে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তাবিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : খালিজ টাইমস
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার জেরে এ হামলা চালিয়েছে পাক বাহিনী। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এসব হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান এবং সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর সাতটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ও আস্তানায় ‘নির্বাচিত লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর মাত্র কয়েক দিন আগে সৌদি আরবের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে কাবুল তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তজুড়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পাকিস্তান সরকার জানিয়েছে, আফগানিস্তানের ভূখণ্ড কাজে লাগিয়ে পরিকল্পনা করা সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সহিংসতা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর পরদিন সোমবার বাজাউরে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ১১ জন সেনা ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী একজন আফগান নাগরিক। এদিকে কাবুলের তালেবান প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে আফগানিস্তান বরাবরই পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর সুযোগ কোনো গোষ্ঠীকে দেওয়া হয়নি।
ডাইনি অপবাদে ভারতে নারী ও শিশুপুত্রকে পুড়িয়ে হত্যা

ডাইনি অপবাদে ভারতে নারী ও শিশুপুত্রকে পুড়িয়ে হত্যা ডাইনি অপবাদে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক নারী ও তাঁর ১০ বছর বয়সী শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বাঞ্চলীয় এই রাজ্যের প্রত্যন্ত আদিবাসী জনপদ কুদসাইয়ে ঘটে যাওয়া ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর স্বামীও হামলার শিকার হন। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে তল্লাশি চলছে। গ্রেপ্তাররা পুলিশের হেফাজতে থাকলেও এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে ডাইনি সন্দেহে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী। গত মঙ্গলবার জ্যোতি সিনকু ও তাঁর সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়। এর কয়েক মাস আগে প্রতিবেশী রাজ্য বিহারে একই অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের ঘটনা সাধারণত পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় বেশি ঘটে। কুসংস্কারের প্রভাব এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে অনেকেই হাতুড়ে চিকিৎসকের ওপর নির্ভরশীল। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কুদসাই একটি ছোট গ্রাম। সেখানে মাত্র ৫০টি মাটির বাড়ি রয়েছে। সম্প্রতি গ্রামে কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। একই সময়ে পুসতুন বিরুয়া নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা যান। এসব ঘটনাকে ঘিরেই গ্রামে জাদুটোনার গুজব ছড়িয়ে পড়ে। পুসতুন বিরুয়ার অসুস্থতার সময় থেকেই জ্যোতি সিনকুকে দায়ী করা হচ্ছিল। তাঁকে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুসতুন বিরুয়া মারা গেলে উত্তেজিত একদল লোক জ্যোতি সিনকুর বাড়িতে হামলা চালায়। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কোলহান সিনকু বলেন, সেদিন রাতে অন্তত ডজনখানেক লোক তাঁদের বাড়িতে চড়াও হয়, যার মধ্যে পাঁচজন নারীও ছিল। হামলাকারীরা তাঁর স্ত্রী ও সন্তানকে আগুনে পুড়িয়ে দেয়। তিনি হাতজোড় করে বিষয়টি গ্রামসভায় মীমাংসার অনুরোধ করেছিলেন, কিন্তু কেউ কথা শোনেনি বলেও জানান। পুসতুন বিরুয়ার স্ত্রী জানো বিরুয়া বলেন, তাঁর স্বামী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তিনি স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসক জানান, পুসতুনের কোনো শারীরিক অসুস্থতা নেই। হাসপাতালে না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তারা গরিব, এত দূরে নেওয়া সম্ভব ছিল না। কোলহান সিনকু ও পরিবারের আরেক সদস্যের সাক্ষ্যের ভিত্তিতে জেলা পুলিশ হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা করেছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে কুসংস্কারবিরোধী সচেতনতা কার্যক্রম নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। সোর্স বিবিসি
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণা বাস্তবায়ন করতে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেন তিনি। এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করলেন।