ঈদের দ্বিতীয় দিনে ফিলিস্তিনে নিহত ১৭

ঈদের দ্বিতীয় দিনে ফিলিস্তিনে নিহত ১৭ ফিলিস্তিনে ঈদের দ্বিতীয় দিনেও গাজার বাসিন্দাদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। গাজা উপত্যকার নুসিরাত এবং নেটজারিম করিডোরের খুব কাছাকাছি অঞ্চলে গোলা হামলা চালাচ্ছে ইসরায়েল। দেইর এল-বালাহে বিস্ফোরণ শোনা গেছে এবং এই অঞ্চলে তিন কৃষক নিহত হয়েছেন। সিভিল প্রতিরক্ষা দল ও প্যারামেডিকসের মতে, তাদের দেহগুলো পুনরুদ্ধার করা খুব বিপজ্জনক। জাবালিয়ার শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছে তিন জন। সেন্ট্রাল গাজার আজ-জাওয়দা এবং মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক হামলা কমপক্ষে দুজন নিহত হয়েছে। মাগাজি শরণার্থী শিবিরে নিহত ফিলিস্তিনির মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ভোররাতে খান ইউনিসে সিরিজ হামলা চালিয়ে ৯জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।এদিকে, দক্ষিণ শহর রাফাহতে স্থানীয়দের বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। এখানে শিগগিরই যৌথ অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে। সরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিচয়ে অ্যাড্রাই জানিয়েছেন, রাফাহ, নাসার এবং আশ-শাওকার নিকটবর্তী এলাকার বাসিন্দাদের আল-মাওয়াসিতে পালিয়ে যাওয়া উচিত।
ঈদে দূর পরবাসে থাকলেও মনটা দেশে পড়ে আছে: জায়েদ খান

ঈদে দূর পরবাসে থাকলেও মনটা দেশে পড়ে আছে: জায়েদ খান ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। বাবা-মা, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন বাড়তি আনন্দের। ঈদের হাওয়া লেগেছে শোবিজ অঙ্গনেও। সঙ্গত কারণে শোবিজ অঙ্গনের তারকারাও ঈদ-আনন্দে ভাসছেন। পরিবার-পরিজন রেখে কেউ কেউ রয়েছেন দূর পরবাসে। এই তালিকায় রয়েছেন এ সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। ঈদুল ফিতর সেখানেই উদযাপন করছেন জায়েদ খান। সকালে ঈদের নামাজ আদায় করেছেন। এ তথ্য উল্লেখ করে জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, “সকালেই ঈদের নামাজ সেরেছি। এখানে আমার কাজিন সংগীতশিল্পী প্রতীক হাসান রয়েছে। আমরা একসঙ্গে ঈদ উদযাপন করছি। এরপর এখানে অবস্থানকারী শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেছি।” কয়ক বছর আগে জায়েদ খানের বাবা-মা গত হয়েছে। সাধারণত, ঈদের দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করে থাকেন। কিন্তু এবার তা সম্ভব হয়নি। এ বিষয়ে জায়েদ খান বলেন, “ঈদের দিন সকালেই বাবা-মায়ের কবর জিয়ারত করে থাকি। এবার আর হলো না। মনটা ভীষণ খারাপ। ভাই-বোনকে মিস করছি। বোনের হাতের রান্না মিস করছি। সত্যি বলতে দেশের মানুষকে খুব মিস করছি। দূরপরবাসে পড়ে থাকলেও মনটা দেশে পড়ে আছে। পরিচিত মানুষের মুখগুলো দেখতে ইচ্ছে করছে; সবার জন্য দোয়া ও ঈদের শুভেচ্ছা রইল।” জায়েদ খান যুক্তরাষ্ট্রে ঠিকানা টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে একটি শো উপস্থাপনা করছেন। ঈদের দিনে সহকর্মীদের সঙ্গেও সময় কাটাবেন। জায়েদ খান বলেন, “ঠিকানা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। পরিবারের কিছু কার্যক্রম ছিল, সেগুলো করেছি।”নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’। এর ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করছেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকেন। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে কাজ করছেন এই নায়ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়েও পারফর্ম করছেন জায়েদ খান।
মারাত্মক আহত পুত্রকে নিয়ে যা জানালেন কুমার বিশ্বজিৎ

মারাত্মক আহত পুত্রকে নিয়ে যা জানালেন কুমার বিশ্বজিৎ দুই বছর আগে বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত এক বছর ধরে দেশটির মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়। কুমার বিশ্বজিৎ এখন কানাডায় অবস্থান করছেন। সেখান থেকে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সংগীতশিল্পী। পুত্র নিবিড়ের শারীরিক অবস্থা জানিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, “খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এতটাই ধীরে হচ্ছে যে, এটাকে কোনোভাবেই অনেক বেশি অগ্রগতি বলা যাবে না। বছরখানেক ধরে রিহ্যাবে আছে। এখানে স্পিচথেরাপি, ফিজিওথেরাপি, স্টিমিউলেটেড থেরাপি চলছে। স্বাভাবিক জীবনের জন্য যা যা করণীয়, সবই করার চেষ্টা হচ্ছে।” এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেন না নিবিড়। তা জানিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, “প্রতিদিনই নিবিড়কে বাইরের পরিবেশ দেখানোর চেষ্টা চলে। এখনো কিছু শারীরিক সমস্যা আছে। নিজের পায়ে এখনো দাঁড়াতে পারে না। মাঝেমধ্যে মেশিনের মাধ্যমে দাঁড় করানোর চেষ্টা করা হয়। চিকিৎসকেরা বলেছেন, কিছু কিছু মাসল পাজম জায়গায় আছে। কথা বলার ব্যাপারটা কবে কখন হবে, কেউ বলতে পারেন না।” নিবিড়ের শারীরিক অবস্থার উন্নতি ব্যাখ্যা করে কুমার বিশ্বজিৎ বলেন, “ডাকলে নিবিড় তাকায়। ঘাড় ডানে-বাঁয়ে ঘোরায়। মাঝেমধ্যে হাত-পা নিজে থেকে নাড়ে। খাবারদাবার কৃত্রিম উপায়ে দিতে হয়। শরীরে এখন অক্সিজেন দিতে হয় ২ পারসেন্ট। এই ২ পারসেন্ট অক্সিজেন ছাড়াই নিবিড় সাত-আট ঘণ্টা থাকতে পারে। এটাই বা কম কিসে!” নিবিড় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে, তা নিয়ে আশাবাদী কুমার বিশ্বজিৎ বলেন, “নিবিড়কে অনেক ওষুধ দিতে হয়, যার জন্য সার্বক্ষণিক নার্স দরকার। ইনএনটি সাপোর্টও দরকার। নিবিড় যেখানে আছে, ওদের রিহ্যাবে সাফল্যের হারও ভালো। এমনও আছে যে এ ধরনের রোগী পাঁচ বছর রিহ্যাবে থাকার পর পুরোপুরি স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। আমরা যেমন আশাবাদী, রিহ্যাবের ওরাও আশাবাদী। এখন দেখা যাক, কী হয়।” ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। টরন্টো পুলিশ গণমাধ্যমকে জানায়, টরন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে ১৩ ফেব্রুয়ারি রাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। নিবিড় কুমার এখনো চিকিৎসাধীন।
পুতিনের ওপর ক্ষেপেছেন ট্রাম্প

পুতিনের ওপর ক্ষেপেছেন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টিভঙ্গির বিষয়ে তিনি ‘হতাশ’ হয়ে পড়েছেন। পুতিন যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর তেল রপ্তানিতে শুল্ক আরোপ করবে। এনবিসি নিউজের সাথে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি একটি ২৫ বা ৫০ শতাংশ কর আরোপ করবেন, যা রাশিয়ার তেলের ক্রেতা দেশগুলোকে প্রভাবিত করবে। ট্রাম্প বলেছিলেন, “যদি রাশিয়া এবং আমি ইউক্রেনের রক্তপাত বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি করতে না পারি এবং যদি আমি মনে করি এতে রাশিয়ার দোষ ছিল তবে আমি রাশিয়া থেকে বেরিয়ে আসা সব তেলের ওপর পরোক্ষ কর আরোপ করব।” তিনি বলেন, “এটি হচ্ছে এমন বিষয় যে, আপনি যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনে থাকেন তবে আপনি যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবেন না। সব তেলের উপর ২৫ শতাংশ শুল্ক, সব তেলের উপর ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক থাকবে।” ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈধতার ওপর হামলা চেষ্টা করে পুতিন হঠাৎ করে দিকনির্দেশের পরিবর্তন ঘটিয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার পুতিন বলেছিলে, যেকোনো শান্তি চুক্তি আলোচনার আগে ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাখা যেতে পারে। ট্রাম্প বলেন, “আমি খুব রেগে গিয়েছিলাম, হতাশ হয়ে পড়েছিলাম যখন পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিলেন, কারণ এটি সঠিক দিকে নিয়ে যাচ্ছে না।”
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০ মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার এক হাজার ৭০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসি জানিয়েছে, বিদেশী উদ্ধারকারী দল এবং ত্রাণ সংস্থাগুলো মিয়ানমারে ছুটে যেতে শুরু করেছে। ভারত, চীন এবং থাইল্যান্ড ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও রাশিয়া থেকেও ত্রাণ ও উদ্ধারকর্মী কর্মী এসে পৌঁছেছে। সামরিক সরকার জানিয়েছে, গত এক শতাব্দির মধ্যে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে এক হাজার ৭০০ জন নিহত, তিন হাজার ৪০০ জন আহত এবং ৩০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক সহায়তার জন্য বিরল আহ্বান জানানোর তিন দিন পর জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করে দিয়ে বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এবং তার প্রশাসন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এক বিবৃতিতে বলেছে, “ব্যাপক ধ্বংস হয়েছে এবং মানবিক চাহিদা প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বর্ষাকাল ঘনিয়ে আসার মতো দ্বিতীয় সংকট দেখা দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে স্থিতিশীল করার জরুরি প্রয়োজন।”
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর যাত্রাবাড়ীর দনিয়ায় শহিদ জাহাঙ্গীরের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে শহিদ জাহাঙ্গীরের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, গত বছর ২০ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর শহিদ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহিদ সুমাইয়ার বাসায় যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘‘সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিবাদী সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এসব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে।’’ উপদেষ্টা সরকারের পক্ষ থেকে শহিদ সুমাইয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিজ বাসায় শহিদ হন সুমাইয়া।
মোঘল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল

মোঘল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল ঢাকায় সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ, যারা একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকার শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল।মিছিলটি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই মিছিলের মধ্যে শুরু হয় ব্যান্ডপার্টির বাজনা, এবং বাজতে থাকে জনপ্রিয় ঈদ গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের আনন্দে মেতে ওঠেন। মিছিলে ছিল সুসজ্জিত শাহী ঘোড়া ও ঘোড়ার গাড়ি মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ঘোড়ার গাড়িগুলোর শোভায় মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এছাড়া, সুলতানি-মোঘল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ করা হয়। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এমন আয়োজন যদি প্রতিবছর হয়, তাহলে ঈদের আনন্দ আরো বহুগুণ বেড়ে যাবে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে সত্যিই দারুণ লাগছে। আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন আয়োজন বারবার হওয়া উচিত।” মিছিলে অংশ নেওয়া ইফতিয়াক আশিক নামের অপর একজন বলেন, “ঢাকায় অনেক বছর পর এভাবে ঈদ উদযাপিত হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই ছিলাম।” ঈদের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমাদের উদ্দেশ্য ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোও ফিরিয়ে আনা। এই ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন করা হবে।”
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা-তামিম-শান্তরা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা-তামিম-শান্তরা সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দিনটি আনন্দ এবং ভালোবাসার এক অনন্য মুহূর্ত। দিনটি উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক ক্রীড়া তারকারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা চৌধুরী থেকে শুরু করে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা সবাই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। এছাড়া ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সম্প্রতি আলোড়ন তুলে বাংলাদেশ ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে। ’ আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন রোনালদো। তাইতো জোব্বা পরে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন পরতুগিজা উইঙ্গার। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সমর্থকদের উদ্দেশে ভালোবাসা রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। বরাবরের মতো এবারও শুভেচ্ছা বার্তা দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী? দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমা রাজ করছেন শাকিব খান। তার প্রকৃত নাম মাসুদ রানা। ভক্ত-অনুরাগীরা তাকে কখনো ‘কিং খান’, কখনো ‘ঢালিউড কিং’, কখনো ‘নাম্বার ওয়ান শাকিব খান’ বলে ডাকেন। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। আজ ৪৬ পূর্ণ করে সাতচল্লিশে পা দিতে যাচ্ছেন এই তারকা। শাকিব খানের জন্মদিনে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। গতকাল দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। মূলত, শাকিব-অপু অভিনীত সিনেমার দৃশ্য এটি। এ ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন— “শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।” হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “আমার শাহরুখ খান।” শবনম বুবলীও গতকাল দিবাগত মধ্যরাতে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শাকিব খানের একটি ছবি শেয়ার করে এ নায়িকা লেখেন, “শুভ জন্মদিন শাকিব খান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা।” শাকিবের জন্মদিনে অপু-বুবলীর শুভেচ্ছা বার্তা নিয়ে নেটিজেনদের একটি অংশ সমালোচনা করছেন। কেউ কেউ দুই প্রাক্তনকে আক্রমণ করেও মন্তব্য করছেন। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে শাকিব খানের যাত্রা শুরু। সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান চলচ্চিত্রসংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। অবশ্য এই বছরই আফতাব খান পরিচালিত তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া ‘সবাই তো সুখী হতে চায়’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। যাত্রা শুরুর পর থেকে আর পেছনে ফিরে তাকাননি শাকিব। তার সময়ের বহু নামকরা নায়ক এখন আর পর্দায় নেই। অথচ শাকিব এখনো হিরো, আগের চেয়ে যেন বেশি তারুণ্যে ভরপুর নায়ক। এই নায়কের জনপ্রিয়তা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে তার লাখ লাখ ভক্ত। কলকাতায়ও তৈরি হয়েছে তার পরিচিতি। করোনার দুঃসময় পেরিয়ে ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব জানিয়ে দেন, এত বছর পরও ফুরিয়ে যাননি তিনি। বাণিজ্যিক সিনেমার বিবেচনায় শাকিব একজনই। তার সময়ে তার সমকক্ষ এখনো কেউ হতে পারেননি। তারপর শাকিব উপহার দেন ‘রাজকুমার’, ‘তুফান’ সিনেমা। এবারের ঈদুল ফিতরে আসছে তার আলোচিত সিনেমা ‘বরবাদ’। এতে দ্বিতীয়বারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার ইধিকা পাল। শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘সিটি টেরর’, ‘আমার স্বপ্ন তুমি’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ শাকিব খান অসংখ্য সম্মাননা পেয়েছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালে ‘আরও ভালোবাসব তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান।
গাঁটের পয়সা খরচ করে অপমানিত হলেন গায়িকা নেহা

গাঁটের পয়সা খরচ করে অপমানিত হলেন গায়িকা নেহা ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে কাঁদছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কাক্কর। কাঁদতে কাঁদতে কথা বলে চলেছেন এই গায়িকা। তারপরও দর্শক সাড়ি থেকে ভেসে আসছে— ‘গো ব্যাক’ স্লোগান। মূলত, দর্শকদের এমন আচরণের কারণে কাঁদতে শুরু করেন নেহা। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন দর্শকরা। নেহার কান্না দেখে আরো কড়া ভাষায় মন্তব্য করতে থাকেন দর্শকরা। ভেসে আসতে থাকে ‘নাটক করবেন না, এটা রিয়েলিটি শো না।’ প্রিয় ভক্তদের এমন অপমানজনক ব্যবহার নেহাকে আরো বেশি কষ্ট দেয়। তবু মঞ্চ ছাড়েননি এই গায়িকা। এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নেহার একটি কনসার্ট ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর মঞ্চে উঠেন তিনি। ফলে ক্ষিপ্ত হয়ে দর্শকরা নেহাকে অপমান করেন। এ ঘটনার একদিন পর নেহা পেছনের গল্প সবার সামনে তুলে ধরেন। অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে নেহা তার ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। তার মূল সারমর্ম হলো— গাঁটের পয়সা খরচ করে অস্ট্রেলিয়া গিয়ে অপমানিত হয়েছেন এই তারকা গায়িকা। নেহা কাক্কর বলেন, “সবাই শুধু দেখলেন আমি তিন ঘণ্টা দেরি করেছি। কিন্তু এর পেছনে আসল কারণ কী তা কেউ জিজ্ঞাসা করলেন না! আমি এতকিছু বলতাম না। যেহেতু আমার নামে অনেক কথা উঠছে, তাই আসল ঘটনা সবার সামনে নিয়ে আসা উচিত।” নেহা কাক্করকে তার পারিশ্রমিক দেননি আয়োজকরা। পরে নেহার স্বামী এই অর্থ প্রদান করেন। এ বিষয়ে নেহা বলেন, “আপনারা কি জানেন, আমি মেলবোর্নে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠান করে এসেছি? অনুষ্ঠানের কর্মকর্তারা আমার এবং আমার সহকারীদের পারিশ্রমিক না দিয়েই চলে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের খাবারদাবার, হোটেলে থাকার ব্যবস্থাও তারা করেননি। আমার হাজব্যান্ড এবং আমার সহকারীরা ব্যান্ডের বাকি সদস্যদের পারিশ্রমিক প্রদান করেছেন।” ঘটনার ব্যাখ্যা করে নেহা বলেন, “আপনারা কি জানেন, সাউন্ড ভেন্ডারকে পারিশ্রমিক না দেওয়ায় তারা কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এজন্য সাউন্ড চেক করতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। আমরা এটাও জানতাম না, কনসার্ট আদৌ হবে কিনা, আমাদের ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছিলেন আয়োজকরা। ওই সময়ে আমরা কিছুই বুঝতে পারছিলাম না।” কেবল ভক্তদের কথা চিন্তা করে অনুষ্ঠানে পারফর্ম করেন নেহা। তা জানিয়ে এই গায়িকা বলেন, “এত জটিলতার পরও আমি কোনোরকম বিশ্রাম না নিয়েই স্টেজে যাই এবং পারফর্ম করেছি। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমার দর্শকরা আমার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন। এত অপমানের মধ্যে যারা নেহার সমস্যা উপলদ্ধি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমার জন্য অপেক্ষা করেছেন, আমার গানের সঙ্গে নেচেছেন। আমার সমস্যা যারা বুঝেছেলেন তাদের অসংখ্য ধন্যবাদ।”