মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২ হাজার ছাড়াল

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২ হাজার ছাড়াল ধ্বংসস্তূপ সরিয়ে মিয়ানমারে উদ্ধারকাজ এখনও চলছে। সেই সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্পে নিহতের সংখ্যা। ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১ এপ্রিল) দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পর্যন্ত ২ হাজার ৫৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৯০০ জন।  এক সপ্তাহ ধরে জাতীয় শোক পালনের কথা বিবৃতি দিয়ে ঘোষণা করে জান্তা সরকার। ভূমিকম্পে ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে শের প্রায় ৬০টি মসজিদ। সোমবার কয়েকটি ভাঙা মসজিদের সামনেই ঈদের নামাজ আদায় করেন লোকজন।  ভূমিকম্পের কারণে ঘরছাড়া হাজার হাজার মানুষ। রাজধানীতে এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। অনেকে আবার কোলের সন্তানকে নিয়ে রাস্তায় চাদর পেতে দিন পার করছেন।  শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।  মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ এর স্বয়ংক্রিয় মূল্যায়নে বলা হয়েছে, মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার অগভীর ভূমিকম্পটি কম্পনজনিত প্রাণহানি এবং অর্থনৈতিক ক্ষতির জন্য লাল সতর্কতা রয়েছে। ইউএসজিএস এর বিশ্লেষণে বলা হয়েছে, দেশটিতে সম্ভাব্য মৃত্যুর সম্ভাবনা ৩৫ শতাংশ, যা ১০ হাজার থেকে এক লাখ মানুষের মধ্যে হতে পারে। ইউএসজিএস আরো জানিয়েছে, আর্থিক ক্ষতির পরিমাণ হাজার হাজার মিলিয়ন ডলার হতে পারে। ক্ষতির পরিমাণ মিয়ানমারের জিডিপি ছাড়িয়ে যেতে পারে।

কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাইরে একটি শহরতলিতে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সেলাঙ্গর রাজ্যের মধ্যাঞ্চলীয় পুত্রা হাইটসে একটি পেট্রোল পাম্পের কাছে আগুনের সূত্রপাত। জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস জানিয়েছে, সকাল ৮ টা ১০ মিনিটে তাদের একটি গ্যাস পাইপলাইনে আগুন লাগে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত সুবাং জায়ার পুত্রা হাইটসের জালান পুত্রা হারমোনিতে গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ডে ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভাগের পরিচালক ওয়ান রাজালি ওয়ান ইসমাইল বলেন, আগুনে ১৪৮টি গাড়ি এবং ১১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক নর হিশাম মোহাম্মদ বলেছেন, আগুনের শিখা ৩০ মিটার উচ্চতায় পৌঁছেছিল, তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তিনি জানান যে দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। সরকারি সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, কাম্পুং টেঙ্গাহ, কাম্পুং কেনগান এবং কাম্পুং সুঙ্গাই বারুতে ৫০টিরও বেশি বাড়ি গ্যাস পাইপলাইন বিস্ফোরণ এবং পরবর্তীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।  মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশে ৫ থেকে ৭ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এতে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এপ্রিলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাচ্ছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী নারী শিক্ষার্থীরা। মর্যাদাপূর্ণ এই মার্কিন পুরস্কারের নাম ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’। এ প্রসঙ্গে সোমবার (৩১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। বাংলাদেশে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছেন, এই বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশের গর্বিত মেয়েরা আগামীকালের (১ এপ্রিল) পুরস্কার গ্রহণ করে সম্মানিত হচ্ছেন। বাংলাদেশি মেয়েরা এই পুরস্কার পাচ্ছেন, এই মঞ্চ থেকেই তারা সেটা গ্রহণ করবেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, আমি এখানে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের বিষয়ে কথা বলব। বাংলাদেশের রাজনীতির প্রকৃতি সম্পর্কিত প্রশ্নের শেষ অংশ নিয়ে আমি কোনো অনুমান করব না। তিনি বলেন, আমি আবারও উল্লেখ করতে চাই, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল এখানে পররাষ্ট্র দপ্তরে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছেন। ২০২৫ সালের এই অনুষ্ঠানে আটজন অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউওসি পুরস্কার প্রাপকদের স্বীকৃতি দেওয়া হবে, যারা সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করছেন। ট্যামি ব্রুস বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইডব্লিউওসি পুরস্কার – যা আমরা বলি – বিশ্বজুড়ে সেসব নারীকে স্বীকৃতি দেয়, যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। তাদের প্রচেষ্টার ফলে তারা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরো বলেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করেছে। তিনি বলেন, বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ অবস্থানের (হোস্ট) দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত করে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন। মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রগ্রাম এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রগ্রামিংয়ে অংশগ্রহণ করবেন। সেখানে তারা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য তাদের কাজকে আরো এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আমেরিকান নারীদের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ বা আইডব্লিউওসি) পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হবে। মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পাওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৫ এপ্রিল ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

৫ এপ্রিল ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশ ২৩৯ কোটি ডলার কিস্তির অর্থ পাবে। অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আইএমএফের প্রতিনিধিদল চলতি এপ্রিল মাসে ঢাকায় আসবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর আইএমএফের বড় কোনো দলের ঢাকায় এটি দ্বিতীয় সফর হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল আগামী ৫ এপ্রিল ঢাকায় আসছে। দলটি ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। দলটি প্রথম দিন ৬ এপ্রিল এবং শেষ দিন ১৭ এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে। ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়। এরপর তিনটি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি পায়। একই বছরের ডিসেম্বরে পেয়েছে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার। আর ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে। তিন কিস্তিতে বাংলাদেশ প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে। ঋণের অর্থছাড় বাকি আছে ২৩৯ কোটি ডলার। বিপত্তি দেখা দেয় চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। যদিও সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে।

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রীর দ্বিতীয় মিশন পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের সাহায্যে ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়। মিশনে তিনটি বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসক দল রয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫ জন। এছাড়াও, তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন। ণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং দেড় টন ত্রাণ তাঁবু। এর আগে রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সাহায্যে মিয়ানমারে ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা দলসহ জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম মিশন পাঠানো হয়।

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণ নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আজ দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজ দুপুরে দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎ্যস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদুল ফিতরের খুশির এই দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা জিয়াউর রহমান জানান, আজ রাত ৯টায় কলিহার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এদর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের ফোরসেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেল পুলিশের এসআই আশীষ সকার জানান রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ১নং প্লাটফর্ম এলাকায় ট্রেনে উঠতে বনলতা ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে পড়ে যান মনিরুল ইসলাম। এসময় তিনি কাটা পড়ে ঘটনাসখলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা মডেল মসজিদসহ জেলার ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে তিনি জেলা মডেল মসজিদেও বাসীর উদ্দেশ্যে শান্তির বাণী শোনার এবং মুসল্লিদের সয্গে কোলাকুলি করেন। সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৭টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নাচোলে ইলামিত্র সংগ্রহশালায় দর্শননার্থীদের মধ্যে সামান্য হট্টগোল ছাড়া গোটা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সজাগ।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ মেতেছেন ঈদের আনন্দে। ব্যতিক্রম নন তারকারাও। বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও সামিল হয়েছেন ঈদ আনন্দে। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কোনো পোস্ট দেননি। তবে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ‘ঈদ মুবারক’ লিখে পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় হাস্যোজ্জ্বল সাকিব হালকা গোলাপী রঙের একটি পাঞ্জাবি পরেছেন। তার স্ত্রী শিশির, বড় মেয়ে আলাইনা হাসান অব্রি, ছোট মেয়ে এরম হাসান এবং  ছেলে আইজাহ আল হাসান একই রঙের পোশাক পরেছেন। ৫০ মিনিটে শিশিরের এই পোস্টে ৫০ হাজার রিঅ্যাকশন এসেছে। যার অধিকাংশ লাভ রিঅ্যাকশন।