চাঁদ থেকে সংগৃহীত নমুনা প্রদর্শনী শুরু বেইজিংয়ে

চাঁদ থেকে সংগৃহীত নমুনা প্রদর্শনী শুরু বেইজিংয়ে চীনের রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো চাঁদের নিকট ও দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা নমুনাগুলো প্রদর্শন করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) শুরু হওয়া এ প্রদর্শনী চীনের দুই দশকের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ওপর ভিত্তি করে আয়োজিত। জাতীয় জাদুঘরে চীনের ছ্যাং’এ-৫ ও ছ্যাং’এ-৬ অভিযানে সংগৃহীত নমুনাগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়াও আছে শতাধিক গুরুত্বপূর্ণ নিদর্শন, ছবি ও নথিপত্র। এ প্রদর্শনী দুই মাসব্যাপী চলবে।প্রদর্শনী উদ্বোধনের সময় চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির প্রধান প্রকৌশলী উ ওয়েইরেন বলেন, চীনের এই কর্মসূচি গত দুই দশকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রকৌশল উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেন, চন্দ্র গবেষণার মাধ্যমে নতুন উপাদান, খনিজ এবং ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মানুষের চাঁদ সম্পর্কিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে। উ ওয়েইরেন জানান, ২০২৬ সালের মধ্যে চীনের ছ্যাং’এ-৭ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পানি, পরিবেশ ও সম্পদের অনুসন্ধান করবে। ২০২৮ সালে ৮ নম্বর মিশন চাঁদের স্থানীয় সম্পদের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং যোগাযোগ ও জ্বালানি ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। চাঁদের উপাদান ব্যবহার করে প্রথম ‘চন্দ্র ইট’ তৈরির উদ্যোগও নেওয়া হবে।

প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হল শাকিবের সিনেমা

প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হল শাকিবের সিনেমা শাকিব খান অভিনীত দুটো সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। মুক্তির আগে ‘বরবাদ’ সিনেমার প্রচারে দেখা গেলেও ‘অন্তরাত্মা’ নিয়ে খুব একটা সরব ছিলেন না শাকিব খান। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তবে স্টার সিনেপ্লেক্সে এখন ‘অন্তরাত্মা’ সিনেমার কোনো প্রদর্শনী নেই। বুধবার (২ এপ্রিল) জানা যায়, মুক্তির দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। মূলত, দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। ৩ এপ্রিল পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শক সাড়া না পাওয়ায় নির্ধারিত তারিখের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, “কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে।”তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমা প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। দীর্ঘ চার বছর পর মুক্তি পায় এটি।

থাইল্যান্ডে হতে পারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক

থাইল্যান্ডে হতে পারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে আলোচনা হলেও বৈঠক হয়নি। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। থাইল্যান্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ৪ তারিখে থাইল্যান্ডে বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুই সরকারপ্রধানের বৈঠকটি সোফা ফরমেটে হওয়ার কথা রয়েছে। তবে, সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ।  বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ প্রকাশ করে গত মাসে কূটনৈতিক নোট দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। এতে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

লিবিয়ায় ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার

লিবিয়ায় ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে পুলিশ সফল অভিযান পরিচালনা করে জিম্মিদের মুক্ত করে। পরবর্তীতে উদ্ধার করা ব্যক্তি ও গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। একইসঙ্গে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে।

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয়

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয় ‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ এই স্লোগানে গোমস্তাপুরে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করে প্রভাতী রক্তদান সংগঠন। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব দেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বার্ষিক মিলনমেলায় সহস্রাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার মৃত আয়নাল হকের ছেলে। নিহতের ছোট ভাই আশিক জানান, গত ৩০ মার্চ রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয়। এরপর আমার ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যানি। তিনি আরো জানান, আজ সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে। পরে দেখা যায় আমার ভাইয়ের মরদেহ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এঘটার আসল কারণ। এ ঘটনায় জিডি করা হয়েছে।

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের সামলে রাখার চেষ্টা করছেন পুলিশ। কিছুক্ষণ পরই দেখা দেন অভিনেতা সালমান খান। তবে বাড়ির বাইরে আসেননি; ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। ‘বিংস সালমান খান’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে লেখা, “ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।” ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যেক ঈদে ভক্তদের সামনে আসেন সালমান খান। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সালমানের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। আর সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘ওয়ান্টেড’ তারকা। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

মুক্তির পর শাকিবের ‘বরবাদ’ সিনেমা ফাঁস

মুক্তির পর শাকিবের ‘বরবাদ’ সিনেমা ফাঁস প্রেক্ষাগৃহে মুক্তির পরেই পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। এ তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। শাহরিন আক্তার সুমি বলেন, “বরবাদ’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছি। কিন্তু হল থেকে মুঠোফোন বা ক্যামেরা দিয়ে যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। এটা যাতে কেউ না করেন, তা জানিয়ে একটি পোস্টও দিয়েছিলাম। তবে আজ সকালে দেখি, সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে, তারপর আমরা থানায় সাধারণ ডায়েরি করি। এখন একটি মামলার প্রস্তুতি নিচ্ছি।” সিনেমাটি মুক্তির আগে থেকেই পাইরেসির সন্দেহ করছিলেন প্রযোজক ও সিনেমা সংশ্লিষ্টরা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সিনেমার ক্ষতি করতে চাইছেন। তবে তারা কারা সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক। শাহরিন আক্তার সুমি বলেন, “নির্ধারিত কারো নাম এখন বলতে পারব না। বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন নামে কাজটি করা হচ্ছে। সুতরাং এভাবে বলা যাবে না। এখন প্রতিটি লিঙ্ক ধরে ধরে তদন্ত কমিটি কাজ করবে। গ্রেপ্তার হলে বিস্তারিত জানতে পারবেন।” ঈদুল ফিতরের দিন সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এরই মধ্যে পাইরেসির খবরটি শাকিব ভক্তদের জন্য হতাশার। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থক ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তাও দিচ্ছেন ক্রিকেটাররা। এই যেমন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম ইকবাল লিখেছেন, ‘‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’’অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘‘আসসালামু আ’লাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! আল্লাহ আমাদের সকল প্রার্থনা, ইবাদত ও ভালো কাজ কবুল করুক। আমাদের ও আমাদের পাপসমূহ মার্জনা করুক এবং আমাদের ইহকাল ও পরকালিন জীবনে সাফল্য দান করুক।’’অবসর ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ একবাক্যে লিখেছেন, ‘‘ঈদের সুন্দর সকাল।’’তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’’তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’’স্ত্রী-সন্তানসহ নিজের একটি ছবি দিয়ে লিটন কুমার দাস লিখেন, ‘‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’’পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ‘‘ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!’’

অভিষিক্ত অশ্বিনীর বলে, রায়ানের ব্যাটে মুম্বাইর প্রথম জয়

অভিষিক্ত অশ্বিনীর বলে, রায়ানের ব্যাটে মুম্বাইর প্রথম জয় প্রথমে অভিষিক্ত অশ্বিনী কুমার বল হাতে ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে ধ্বস নামান। এরপর রায়ান রিকেলটন ৪টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে অনায়াস এক জয় উপহার দেন। যা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়, টানা দুই ম্যাচ হারের পর। সোমবার (৩১ মার্চ) রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা আগে ব্যাট করতে নেমে অশ্বিনীর বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়। জবাবে রিকেলটন ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে জয় নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে ৫.২ ওভারেই ৪৬ রান তুলে ফেলে মুম্বাই। এই রানে রোহিত ফিরেন ১ ছক্কায় ১৩ রান করে। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রিকেলটন ছিলেন অটল। চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে তিনি মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। যেখানে ছিল ৪টি চার ও ৪ ছক্কার মার। দলীয় ৯১ রানের মাথায় উইল জ্যাক ১ ছক্কায় ১৬ রান করে ফেরার পর সূর্যকুমার এসে ঝড় তোলেন। মাত্র ৯ বলে ৩টি চার ও ২ ছক্কায় স্কাই অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নোঙর করান। তার সঙ্গে ৪১ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন রিকেলটন। বল হাতে কলকাতার আন্দ্রে রাসেল ২.৫ ওভারে ৩৫ রান দিয়ে দুটি উইকেট নেন। তার আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। কিন্তু অভিষিক্ত পেসার অশ্বিনীর বোলিং তোপের মুখে পড়ে। অশ্বিনী ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে নিজের করা প্রথম বলেই তিনি আজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন। এরপর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দে রাসেলের উইকেট নেন তিনি। দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিনেশ পাথুর ও মিচেল স্যান্টনার। ব্যাট হাতে কলকাতার অঙ্গকৃষ রখুবংশী ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। রামানদীপ সিং ১২ বলে ১ চার ও ২ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। এছাড়া মানিশ পান্ডে ১৯, রিংকু সিং ১৭ ও আজিঙ্কা রাহানে করেন ১১ রান। অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হন অশ্বিনী কুমার। এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে মুম্বাই ইন্ডিয়ান্স উঠে এসেছে ষষ্ঠ স্থানে। আর কলকাতা নেমে গেছে তলানিতে।