চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ পুরোনোকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় পথচলার নির্মল আনন্দে চাঁপাইনবাবগঞ্জে বরণ করা হচ্ছে বাংলা সন ১৪৩২কে। পুরাতন গ্লানি মুছে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুর বছরকে বরণ করা হচ্ছে। বর্ষবরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা প্রশাসন, সরকারি দপ্তর ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও নানান কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় নজর কাড়ে ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাথাল মাথায় ও কাস্তে হাতে কৃষক, মাছ ধরার জাল, কলসি কাঁকে গৃহবধূ, গায়ে হলুদ. পাল্কিসহ আবহমান বাংলার কৃষকের নানা উপকরণ। সেই সঙ্গে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ঢাকঢোল, নানা রকমের প্রতিকৃতি, অংশগ্রহণকারীদের নানান রংয়ের বাহারী পোশাক আর কুলায় লেখা শুভ নববর্ষ ইত্যাদি। শোভাযাত্রা শেষে মঞ্চের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। গাওয়া হয় এসোহে বৈশাখ এসো এসো গানটিসহ বৈশাখী গান। অনুষ্ঠানে জেলা শিল্পকলা অ্যাকাডেমি, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে। মঞ্চের সামনে বসা দর্শকদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিতরণ করে নানান ধরনের ঐতিহ্যবাহী খাবার। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ চাঁপাইনবাবগঞ্জে জাঁকমকপূর্ণ পরিবেশে নতুন বছরকে বরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সাকলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বেলেপুকুর থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, শাহাদাৎ হোসেন, আবুল কালাম আজাদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপিটালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যরা। বর্ষবরণ আনন্দা শোভাযাত্রা শেষে গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি বলেন, আমাদের মধ্যে শান্তি থাকলে রাষ্ট্রীয় জায়গায় শান্তি বজায় থাকবে- এই প্রত্যাশা আমাদের। আগামীর দিনগুলো যদি আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, অতীতের দিনগুলো বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের পথচলাটা আমরা খুঁজে পাবো। তিনি আরো বলেন, আমরা খুব স্বল্প সময়ে আজকের আয়োজনে অংশগ্রহণ করেছি। গত ৪ বছরে রোজা, করোনার পর এবছর সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে প্রয়াসের সবচেয়ে বড় আয়োজন। এজন্য কমিটি করে দিয়েছিলাম যারা খাবার, সাজ ও বিচারক কমিটিতে ছিলেন। সবথেকে বড় বিপদ বিচারক হওয়া, বিশেষ করে চিন্তা হয় কাউকে বেশি গুরুত্ব দেওয়া হলো কিনা এই প্রশ্নের মুখে পড়তে হয়। হাসিব হোসেন বলেন, এই সবকিছুর পরেও কবির ভাষায় বলতে চাই, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমাদের যত গ্লানি ছিলো এই অগ্নিস্নানের মধ্য দিয়ে তা দূরীভূত করবো। আমরা নিজেদের মধ্যে যদি সবাই ভালো থাকি তাহলে সবাই ভালো থাকবো। নিজেদের মধ্যে দুই একজন খারাপ থাকি তাহলেও কিন্তু সেটা ভালো নয়। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করাটা আমাদের মানবিক দায়িত্ব বা মানুষ হিসেবে দায়িত্ব। আরেকটি কথা, মানুষ কখনো পিছনে হাঁটতে পারে না। মানুষ সবসময় সামনে হাঁটে। সবাই একে অপরের সাথে মিলে এই নববর্ষে প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী দিনকে যত গ্লানি যত জরা আছে তা অগ্নিস্নানে সুন্দর হয়ে উঠুক-আমি এই প্রত্যাশা করি। আনন্দ শোভাযাত্রা শেষে যেমন খুশি তেমন সাজোতে মোট ২২ জনকে উপহার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী’কে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী’কে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী ও ৩ সন্তানের জননী রোখসানা বেগমকে পারিবারিক কলহের জেরে গলাটিপে শ^াসরোধে হত্যার দায়ে স্বামী জনি ইকবালকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামী জনির উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত জনি শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। নিহত রোখসানা শিবগঞ্জের কমলাকান্তপুর গড়েপাড়া গ্রামের এসরাইল হোসেনের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পিতার বাড়িতে স্বামীসহ ঘুমোতে যাবার পর খুন হন রোখসানা। পরদিন সকালে শোবার ঘর হতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যায় নি। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় জনিকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন নিহতের পিতা। পরে ২০১৭ সালের ৯ অক্টোবর জনিকে গ্রেপ্তার করে পুলিশ। জনি পেশায় ট্রাক চালক এবং রোখসানার দ্বিতীয় স্বামী চিলেন। ৩ সন্তানসহ তালাক হবার পর প্রেমের সম্পর্ক গড়ে রোখসানাকে বিয়ে করেন জনি। তবে তাঁদের সংসারে কলহ, মরাধর লেগেই থাকত। এ ঘটনায় ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সেলিম রেজা। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত জনিকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।
শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন

শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন শিবগঞ্জে হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চার শতাধিক অসহায়, দুস্থ রােগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষধ বিতরণ করা হয়েছে। আজ সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা চত্বরে হোমিও চিকিৎসক কল্যান সমিতির উদ্যোগে সমিতির সভাপতি ডা: জান মুহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা: শামিম উদ্দীন বুলেট, সদস্য ডা: ইসাহাক আলী, ডা: নাসির উদ্দীন এবং ডা: আজিজুল হকসহ অন্যান্যরা। উল্লেখ্য, হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। হ্যানিম্যান ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন।১৭৫৫ সনে ১০ এপ্রিল জার্মানীর অন্তর্গত স্যাকস্যানী প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্ম গ্রহণ করেছিলেন।১৮৪৩ সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন।
গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ

গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখা কার্যালয়ে এই দাবির চেক বিতরণ করা হয়। জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইনচার্জ আনারুল হক মরণোত্তর দাবির চেক মৃত নারীর স্বামী মোহাম্মদ আলী পান্নার কাছে তুলে দেন। রহনপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর শাখার ডিএম ইনচার্জ ফরহাদ আলী। এ সময় বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনিমুল ইসলাম,রহনপুর শাখার সাবেক ইনচার্জ মুজিবুর রহমানসহ অন্যরা। উল্লখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী পান্নার স্ত্রী বীমাগ্রাহক নাসরিন বেগম ৫ টি প্রিমিয়ার দিয়ে মারা যান। এরই প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন নমিনি তার স্বামীকে ৩ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকার চেক আজ তুলে দেওয়া হয়।
সদর উপজেলায় ৬ হাজার ৫৪০ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরনের উদ্বোধন

সদর উপজেলায় ৬ হাজার ৫৪০ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরনের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধান ও মুগ বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃিষ সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেয়া হচ্ছে। এর মধ্যে ৬ হাজার ৫শ জন কৃষককে উফশী আউশের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। এছাড়া ৪০ জন কৃষককে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। আজ সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, অ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুল আলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন কৃষকদের উদ্দেশ্যে বলেন-প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে কাজে লাগাবেন। মনে রাখতে হবে আমাদের খাদ্য চাহিদার কথা মাথায় রেখে সরকার বিনামূল্যে আপনাদের এই প্রণোদনা দিচ্ছেন। পাশাপাশি আপনাদের সন্তানদের লেখাপড়া শেখাবেন, তারা যেন মাদকের ছোবল থেকে দূরে থাকে সেদিকে নজর রাখবেন, কন্যাসন্তানদের বাল্য বিয়ে দেবেন না।
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ শিবগঞ্জ সীমান্তে অবৈধ ও চোরাচালান করা ভারতীয় ১০টি গরু জব্দ করেছে বিজিবি। আজ ভোরে মনাকষা সীমান্ত থেকে গরুগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান। তিনি বলেন, পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেতারাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় আমবাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি ভারতীয় মালিকবিহীন গরু জব্দ করা হয়। তিনি আরও বলেন, গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল। পরে বিভিন্ন হাটে বিক্রয় করা হতো। জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলছে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ওয়ানডে ক্যারিয়ারে আজ বৃহস্পতিবারের আগ পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসব ম্যাচে অনেক অর্জন থাকলেও আক্ষেপ রয়ে যায় একটি সেঞ্চুরির। অবশেষে আজ সেই আক্ষেপ ঘুচলো ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের। বৃহস্পতিবার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছান জ্যোতি। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেটে ২৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওয়ানডেতে এটিই টাইগ্রিসদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার ইশমা তানজিম (১৩ বলে ৮) আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি করেন জ্যোতি। ৮২ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরত যান ফারজানা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে স্বপ্ন পূরণের দিকে ছুটতে থাকেন জ্যোতি। এ উইকেটে ১৫২ রানের জুটি করেন জ্যোতি ও ফারজানা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন জ্যোতি। শেষ পর্যন্ত ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন নারী দলের অধিনায়ক। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি শারমিনের। ১২৬ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।
মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী

মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণের সঙ্গে সংসার পেতেছিলেন অভিনেত্রী রেনু দেশাই। এটি ছিল পবনের দ্বিতীয় বিয়ে। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তবে ২০১২ সালে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০১৩ সালে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন। পবন কল্যাণ আবারো বিয়ে করলেও এখনো একা রেনু দেশাই। ৪৩ বছর বয়সি রেনু গত ১৩ বছর ধরে একা জীবনযাপন করছেন। আর কত দিন একা জীবন কাটাবেন রেনু? এ নিয়ে অতীতেও কথা বলেছেন। ফের একটি পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। নিখিল বিজয়েন্দ্র সিংহের সঙ্গে বিয়ে নিয়ে আলাপকালে রেনু দেশাই বলেন, “অবশ্যই আমি অনুভব করি, আমারও একজন পার্টনার থাকা উচিত। কিন্তু সন্তানদের প্রতি আমার দায়িত্ববোধই আমাকে বিয়ে করতে বাধা দেয়। আমি যদি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখি, তবে আমার একজন প্রেমিক থাকা উচিত, আমার বিয়ে করা উচিত, আমার একটি জীবন থাকা উচিত। যখন বাচ্চাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তখন এটি একেবারে আলাদা।” ২০১৯ সালে রেনু দেশাই জানিয়েছিলেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, ২০১৮ সালে তাদের বাগদানও হয়েছে। খুব শিগগির বিয়ে করবেন। কার সঙ্গে বাগদান সম্পন্ন করেন তা অবশ্য জানাননি। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবে রূপ নেয়নি। মূলত, বাগদান ভেঙে দিয়েছিলেন রেনু। বাগদান ভাঙার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বাগদান সেরেছিলাম, এটি একটি সাজানো জিনিসের মতো ছিল। কিন্তু আমি উপলদ্ধি করতে পারি, আমি একটি সম্পর্ক বা বাচ্চাদের প্রতি ন্যায়বিচার করতে পারব না। আমি একজন সিঙ্গেল প্যারেন্ট। আপনি যখন কাউকে বিয়ে করেন এবং এ সম্পর্কে সন্তান ধারণ করেন তখন এটি আলাদা বিষয়। কিন্তু আপনার যখন অন্য সংসারের সন্তান থাকে, তারপর নতুন সংসারের সমীকরণে এটি সংবেদনশীল বিষয়।” রেনুর কন্যা আধ্যর বয়স এখন ১৫ বছর। কন্যা অষ্টাদশী হলে তবেই নতুন সম্পর্কে জড়াতে চান রেনু। এ অভিনেত্রী বলেন, “মেয়ের বয়স যখন ১৮ হবে, মেয়ে কলেজে যাওয়া শুরু করলে দ্বিতীয়বার সম্পর্কে জড়াব।” মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রেনু দেশাই। ২০০০ সালে তেলেগু ভাষার ‘বদ্রি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এতে পবন কল্যাণও অভিনয় করেন। একই বছর তামিল ভাষার ‘জেমস পানড়ু’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশক ওয়ালা লাভ’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন রেনু দেশাই। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। তেলেগু ভাষার এ সিনেমা ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পায়।
তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস

তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস শুটিং সেটে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচের জন্য প্রস্তুত তামান্না ভাটিয়া। দলটির সবার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। তামান্নার পরনে ঝলমলে ব্রালেট ও হাই স্লিট লেহেঙ্গা। এ পোশাকে আবেদনময়ী তামান্না উষ্ণতা ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দৃশ্য দেখা যায়। ‘ভাইরাল ভায়ানি’ নামের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে— “রেইড টু’ সিনেমার আইটেম গানের দৃশ্য ভাইরাল। গানটির শুটিং সেট থেকে ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে।” দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। কয়েক দিন আগে জানা যায়, ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে। তারপর থেকে আলোচনায় রয়েছেন তামান্না। এরই মধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ায় পুরোনো আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। তামান্নাকে এমন লুকে দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। অনেকে আবার নতুন আইটেম গানটিকে ‘আজ কি রাত ২.০’ বলছেন। আবার কেউ কেউ লুকটিতে ‘আজ কি রাত’ গানের লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।” আইটেম গানে তামান্নার পোশাক নিয়ে সূত্রটি বলেন, “ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।” ‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।