হার্ভার্ডের ২.৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করলেন ট্রাম্প

হার্ভার্ডের ২.৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি গতকাল সোমবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। হার্ভার্ডের এমন অবস্থান গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার ট্রাম্প প্রশাসন বলেছে, ‘হার্ভার্ডের আজকের বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে থাকা উদ্বেগজনক দৃষ্টিভঙ্গিকে আরও ঘনীভূত করেছে।” ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন, লোকবল নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ার মতো বিষয়গুলো ছিল। সোমবার সেটি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান কর। হোয়াইট হাউজ যেসব পরিবর্তন আনার প্রস্তাব করেছিল তাতে হার্ভার্ডের কার্যক্রমে পরিবর্তন আসতো এবং ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণ হতো। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দেয়া একটি চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেছেন, হোয়াইট হাউজ একটি দাবির তালিকা পাঠিয়েছে এবং একই সাথে সরকারের আর্থিক সম্পর্কের সাথে মানিয়ে চলার বিষয়ে সতর্ক করেছে। চিঠিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের আইনি পরামর্শকের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করেছি যে, আমরা তাদের প্রস্তাবগুলো গ্রহণ করছি না। বিশ্ববিদ্যালয় এর স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারকে পরিত্যাগ করবে না।” অ্যালান গার্বার বলেছেন, বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বকে হালকাভাবে নিবে না কিন্তু সরকার এ বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তিনি বলেন, “যদিও সরকারের কিছু প্রস্তাবের লক্ষ্য হলো ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা কিন্তু এর বেশিরভাগই হার্ভাডের বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির ওপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণের বিষয়টিই তুলে ধরে।” হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবারের চিঠি পাঠানোর কিছুক্ষণ পরেই, মার্কিন শিক্ষা বিভাগ ঘোষণা করে যে, তারা হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলারের অনুদান এবং চুক্তিভিত্তিক অর্থায়ন তাৎক্ষণিকভাবে স্থগিত করছে। শিক্ষা বিভাগ এক বিবৃতিতে আরো বলেছে, “ইহুদি শিক্ষার্থীদের হয়রানি গ্রহণযোগ্য নয়। অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই সমস্যাকে গুরুত্ব সহকারে নেয়া ও অর্থপূর্ণ পরিবর্তনের অঙ্গীকার করার এটাই সময়, যদি তারা করদাতাদের অব্যাহত সমর্থন পেতে চায়।”
বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৫ এপ্রিল (১৪ এপ্রিল রাত) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার ট্রলার যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। ২০১৫ সাল থেকে প্রতি বছর সমুদ্রে মৎস্য প্রজনন বাড়ানোর লক্ষ্যে সরকার এ পদক্ষেপ গ্রহণ করে আসছে। সরকারে নিষেধাজ্ঞার কারণে টেকনাফ উপজেলায় শামলাপুর, হাজম পাড়া, বড়ডেইল, কচ্ছপিয়া, মিঠাপানির ছড়া, মহেশখালীয়া পাড়া, বাহার ছড়া, মুন্ডার ডেইল ও শাহপরীরদ্বীপ নৌ-ঘাটে নৌকা নোঙর করা হয়েছে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ইলিশের প্রজননসহ মৎস্যভান্ডার সমৃদ্ধির লক্ষ্যে সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ৫৮ দিনে টেকনাফে ১০ হাজার ৬৮৩ জেলের জন্য তালিকা অনুযায়ী প্রথমবার জনপ্রতি ৫৬ কেজি এবং দ্বিতীয় বার জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। তিনি বলেন, সাগরে ৫৮ দিন মৎস্য আহরণ বন্ধ রাখতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কেউ এ সময়ে সাগরে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সাগর উপকূলে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস আজ সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দেশের সব বিভাগে বৃষ্টির আভাসও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে গতকাল সোমবার থেকে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামীকাল বুধবার খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নি স ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। ’এর আগে হার্ট অ্যাটাকের পর অভিনেত্রীকে রাজধানীর একটি হাসপাতালে আই সি ইউ তে লাইফ সাপোর্টে রাখা হয়। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।
বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি বোমা মেরে সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এই হুমকিবার্তা পাঠানো হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে এবং বোমা দিয়ে তার গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাউই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। হাসপাতাল কর্তৃপক্ষের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আব্দুল্লাহ আহমেদের জামাতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করেন। তবে সেখানে মৃত্যুর কারণ উল্লেখ করেননি। কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, রবিবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর আবদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা এবং তাৎক্ষণিক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সর্বোচ্চ চেষ্টার পরও তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থেকে ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ। ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছিলেন তিনি। অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থি ইসলামের সমর্থক ছিলেন আব্দুল্লাহ। জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে দেশটিতে দ্রব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে নির্বাচনের বছর খানেক পর ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।
সুদানে দারফুরে আধাসামরিক বাহিনীর হামলায় চার শতাধিক নিহত: জাতিসংঘ

সুদানে দারফুরে আধাসামরিক বাহিনীর হামলায় চার শতাধিক নিহত: জাতিসংঘ সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত শরণার্থীশিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে। এতে চার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে ‘বিশ্বাসযোগ্য সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সুদানি সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল-ফাশেরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে আরএসএফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত ১৪৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও আশঙ্কা তাদের। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বিবিসিকে বলেছেন, নিহতের সংখ্যা যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলমান, এবং এর মধ্যে রোববারের সহিংসতায় নিহতরা নেই। “বিশ্বাসযোগ্য সূত্রের খবরে ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছে,” বলেছেন শামদাসানি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, গত শুক্রবার ও শনিবার জমজম ও আবু শোক শরণার্থী শিবিরে তীব্র লড়াইয়ের পর ব্যাপক হতাহতের এবং ব্যাপক আকারে বাস্তুচ্যুতির খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সেনাবাহিনী গত মাসে জাতীয় রাজধানী খার্তুম পুনর্দখল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরএসএফ আল-ফাশের শহরে হামলা জোরদার করেছে। এটি দারফুরে একমাত্র প্রাদেশিক রাজধানী, যা এখনো আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে। প্রায় এক বছর ধরে শহরটি ঘিরে রেখেছে আরএসএফ। আল-ফাশেরকে ঘিরে থাকা দুটি শরণার্থী শিবির, জমজম ও আবু শোক ৭ লাখেরও বেশি মানুষকে সাময়িক আশ্রয় দিয়েছে। এ আশ্রিতদের অধিকাংশকেই দুর্ভিক্ষজনিত পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে আরএসএফ বলেছিল, বেসামরিকদের ওপর হামলার জন্য তারা দায়ী নয় এবং জমজমে হত্যাকাণ্ডের চিত্র মঞ্চস্থই হয়েছে তাদের গায়ে কালি লাগানোর জন্য। পরেরদিন সশস্ত্র এ গোষ্ঠীটি জানায়, তারা সুদানের সেনাবাহিনীর কাছ থেকে জমজম শিবিরটি ‘সফলভাবে মুক্ত’ করতে পেরেছে। আরএসএফের অভিযোগ, সেনাবাহিনী এই শিবিরটিকে সামরিক ব্যারাক বানিয়ে রেখেছিল এবং এর ‘নিষ্পাপ বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতো’। ক্ষমতার দখল ঘিরে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্টের তথ্যানুসারে, সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২৯ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সুদানে চলমান এই সংঘাত বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকটের সূচনা করেছে এবং লাখ লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে।
রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবেই, বিশ্বাস মার্সেলোর

রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবেই, বিশ্বাস মার্সেলোর এক শতাংশ সম্ভাবনাকে একশ শতাংশতে পরিণত করেছিল রিয়াল মাদ্রিদ। বার বার ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের। এই ইতিহাসের সাক্ষী ক্লাবটির কিংবদন্তি মার্সেলোও। সবসময়ের মতো এবারও আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াবে নিজের সাবেক ক্লাব। এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে পিছিয়ে আছে তারা। সেমিফাইনাল থেকে অনেকটাই দূরে থাকলেও প্রত্যাবর্তন করবে ক্লাবটি, এমনটাই জানান মার্সেলো। মেক্সিকোর ক্লাবে খেলা এই ফুটবলার ইএসপিএনকে বলেন, ‘রিয়াল মাদ্রিদেক কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। যদিও তিন গোল মানে অনেক বড় কিছু। তবে রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখতেই হবে এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, তারা ঘুরে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদ কেবল রিয়াল মাদ্রিদই এবং তারা সবসময় ঘুরে দাঁড়ায়। ’ঘরের মাঠেই আর্সেনালকে আতিথ্য দেবে রিয়াল। আর সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের পাশাপাশি পরিবেশ হবে তাদের নাগালেই। এখানেই হয়েছে অনেক প্রত্যাবর্তন। তাইতো আর্সেনালের বিপক্ষেও রিয়ালের ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাসী মার্সেলো। তিনি বলেন, ‘ফিরতি লেগ হচ্ছে বার্নাব্যুতে। সমর্থকেরা দারুণ প্রেরণা জোগাবে এবং ফুটবলাররা আত্মবিশ্বাসী যে, তারা পারবে। অবশ্যই আমরা জানি না, মাঠে ফলাফল কী হবে। তবে আমাদের সবটুকু বিশ্বাস আছে, রিয়াল মাদ্রিদ পারবে ঘুরে দাঁড়াতে। ’
ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবের মালিকানা কিনলেন মদ্রিচ

ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবের মালিকানা কিনলেন মদ্রিচ রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ। এর মধ্যে কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন। আর ক্রুস নিয়েছেন অবসর। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৯ বছর বয়সেও মাঠ মাতিয়ে যাচ্ছেন মদ্রিচ। তবে থামতে হবে তাকেও। তার আগেই একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়াট তারকা। মাঠের ক্যারিয়ার শেষ করেও যে ফুটবলে থাকছেন মদ্রিচ, তা নিশ্চিত হওয়া গেল এখনই। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। সোয়ানসি নামক ক্লাবটি অবশ্য সুবিধাজনক স্থানে নেই। ৪২ ম্যাচ শেষে তারা ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে। মদ্রিচ ছাড়াও এই ক্লাবটির মালিকানায় রয়েছেন অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন। তবে কে কত শতাংশের মালিক, তা এখনও জানা যায়নি। মূলত গত নভেম্বরে পরিবর্তন হয় ক্লাবের মালিকানা। যে কারণে ক্লাব এখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। যার ছাপ পড়েছে খেলাতেও।
নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ

নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা ৎফাঘষ চত্বরে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানার নেতৃত্বে শুরু হওয়া শোভাযাত্রায় অং নেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এবং নানা বয়সী মানুষ। শোভাযাত্রায় মুখোশ, মাছধরা জাল, গরুর গাড়ি, লাঙ্গল, নিয়ে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ ফুটে উঠে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সাজেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস সব মিলিয়ে ছিলো প্রাণবন্ত পরিবেশ। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। এতে উপস্থিত দর্শকরা আনোন্দ উল্লাসে মেতে ওঠে। অপরদিকে নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ, বেগম মহসিন ফাজিল মাদ্রাসা তারা নিজ উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বর্ষবরণ উৎসব পালন করেন।