শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ

শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বর্বর হামলায় নিহত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। ময়মনসিংহের এই তরুণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের ছাত্র ছিলেন। এ ঘটনার পরপরই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, শুরু হয় তীব্র জনরোষ। মানুষ বিচারের দাবিতে একযোগে সরব হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, “মেয়ে দেখে কেউ হাসল, কেউ কাঁদল— এতেই কি একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছে তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।” ঘটনার সূত্রপাত হয়, দুই বহিরাগত মেয়েকে দেখে হাসাহাসির জেরে। অভিযোগ উঠেছে, ওই দুই তরুণীর অভিযোগের ভিত্তিতেই বহিরাগতদের একটি দল পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। নির্মম এ ঘটনার পর আহত পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত ১৯ এপ্রিল, রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ।

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি আর নেই

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি আর নেই আর্জেন্টিনার ইতিহাসখ্যাত গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। স্থানীয় সময় রবিবার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবল কিংবদন্তি। লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতির বদলে নতুন করে দেখা দেয় নিউমোনিয়া, কিডনি জটিলতা ও হৃদরোগ। এসব জটিলতার কারণে শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ‘এল লোকো’ নামে পরিচিত গাত্তি ছিলেন একেবারে আলাদা ঘরানার গোলরক্ষক। সাহসী, উদ্ভট এবং অনেক সময় অপ্রচলিত কৌশলে খেলে সবাইকে তাক লাগিয়ে দিতেন তিনি। আর্জেন্টাইন লিগে সর্বোচ্চ ৭৬৫ ম্যাচ খেলার রেকর্ড আজও তার দখলে। ২৬ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে (১৯৬২–১৯৮৮) তিনি বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। যার মধ্যে বোকা জুনিয়র্সের হয়ে ১৯৭৭ সালে জিতেছেন কোপা লিবার্তাদোরেস। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, আজকের ‘সুইপার কিপার’ কনসেপ্ট— যেখানে গোলরক্ষক গোলপোস্ট ছেড়ে খেলায় সক্রিয়ভাবে অংশ নেন— এর শুরুটা গাত্তির হাত ধরেই হয়েছিল। তার সেই সময়ের সাহসী খেলার ধরণ আধুনিক ফুটবলের জন্য ছিল এক নতুন ধারা। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপা জয়ের দলে মূল গোলরক্ষক হিসেবে তার জায়গা নিশ্চিত থাকলেও হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দল থেকে বাদ পড়েন তিনি। গাত্তি ছিলেন শুধু একজন ফুটবলার নন— তিনি ছিলেন একজন স্পষ্টভাষী ও বিতর্কিত ব্যক্তিত্ব। একবার তিনি দিয়েগো মারাডোনাকে ঠাট্টা করে ‘গর্ডিতো’ (মোটা) বলেন। এর জবাবে পরের ম্যাচে মারাডোনা তার বিপক্ষে চারটি গোল করে দেন। এমন অনেক ঘটনার জন্ম দিয়েছিলেন গাত্তি, যা তাকে স্মরণীয় করে রেখেছে ফুটবলপ্রেমীদের কাছে।  তার মৃত্যুতে বিশ্ব ফুটবল হারিয়েছে এক সাহসী, বৈচিত্র্যময় ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে, যিনি যুগ গড়েছেন নিজের মতো করে।

কাবাডি টেস্ট সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের

কাবাডি টেস্ট সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপাল নারী দল। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল।  এছাড়া শারীরিক গড়নেও এগিয়ে নেপাল দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা। শেষ পর্যন্ত ৪১-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল। বাংলাদেশের এই পরাজয়ের জন্য ভ্রমণ ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভিন মালেকা। ‘আমরা গতকালই ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এছাড়া আমাদের দুই থেকে তিনজন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি আশা করছি সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব। নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি আগামীকালের ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে বাংলাদেশ দল।

টেল এন্ডারদের ব্যাটে বাড়ছে জিম্বাবুয়ের লিড

টেল এন্ডারদের ব্যাটে বাড়ছে জিম্বাবুয়ের লিড টেল এন্ডারদের ব্যাটে বাড়ছে জিম্বাবুয়ের লিড। বিশেষ করে এনগারাবা-মুজারাবানি জুটি। দুজনে ৩৬ রান যোগ করেছেন। ১৬ বলে ১৭ রানের ক্যামিও খেলে সাজঘরে ফেরেন মুজারবানি। এখন এনগারাবার সঙ্গী নাইউচি। লিড ৭২। এবার মিরাজের শিকার মাসাকাদজা লম্বা সময় ধরে উইকেটে ছিলেন মাসাকাদজা। চল্লিশের বেশি বল খেলে ভোগাচ্ছিলেন। অবশেষে পরাস্ত হলেন মিরাজের ঘূর্ণিতে। বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন। শর্ট মিডে অসাধারণ ক্যাচ ধরেন শান্ত। ৪২ বলে ৭ রান করেন মাসাকাদজা। মিরাজের এটি তৃতীয় উইকেট। ক্রিজে এনগারাবার সঙ্গী মুজারাবানি। মিরাজের ঘূর্ণিতে মায়াভোর বিদায় মিরাজের ঘূর্ণিতে পরাস্ত মায়াভো। বল পিচড হয়েই সোজা লাগে পায়ে। ব্যাট চালাতে কিছুটা দেরি করে ফেলেন মায়াভো। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেননি। ৩৫ রান আসে তার ব্যাট থেকে। ক্রিজে মাসাকাদজার সঙ্গী এনগারাবা। পিছিয়ে থেকে চা-বিরতিতে বাংলাদেশ প্রথম সেশনে চার উইকেট নিলেও দ্বিতীয় সেশনে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন নাহিদ রানারা। লিড নিয়ে সেশন শেষ করেছে জিম্বাবুয়ে। চা বিরতিতে যাওয়ার আগে তাদের লিড ২২ রান। মায়াভো ৩১ ও মাসাকাদজা ২ রানে অপরাজিত। লিড ১৩ রান। লিড এনে দিয়ে সাজঘরে উইলিয়ামস জিম্বাবুয়েকে লিড এনে দিয়ে বিদায় নিলেন উইলিয়ামস। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। মিরাজকে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। উইলিয়ামস এক প্রান্তে আগলে রাখেন। বাংলাদেশের বোলারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান তিনি। আউট হওয়ার পর যেন বিশ্বাসই হচ্ছিল না এই বাঁহাতি ব্যাটারের। মিরাজের এটি প্রথম উইকেট। ক্রিজে মায়াভোর সঙ্গী মাসাকাদজা। বাংলাদেশের রান টপকে জিম্বাবুয়ের লিড প্রথম ইনিংসে করা বাংলাদেশের ১৯১ রান টপকে গেছে জিম্বাবুয়ে। ৫২.৪ ওভারে মিরাজকে চারের মারে লিড টপকে যায় সফরকারীরা। নতুন ব্যাটার মায়াভোকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন ফিফটি হাঁকানো উইলিয়ামস। দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত মাত্র ১ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। মাধেভেরেকে বোল্ড করে খালেদের ব্রেক থ্রু ফিফট স্ট্যাম্পে করা খালেদের ব্যাক অব লেন্থের ডেলিভারি রুখতে গিয়ে বিপাকে পড়েন মাধেভেরে। বল ব্যাটে লেগে আঘাত করে উইকেটে। ২৪ রানে ফেরেন মাধেভেরে। ভেঙে যায় ৪৮ রানের জুটি। লম্বা বিরতির পর ব্রেক থ্রু এনে দিয়ে স্বস্তি ফেরালেন খালেদ। ক্রিজে উইলিয়ামসের সঙ্গী মায়াভো। উইলিয়ামসের ফিফটি, লিডের পথে এগোচ্ছে জিম্বাবুয়ে আরভিন ফেরার পর মাধেভেরের সঙ্গে জুটি গড়ে এগোতে থাকেন উইলিয়ামস। দুজনের জুটির ফিফটির আগে ফিফটি তুলে নেন উইলিয়ামস। ৮৭ বলে হাফ সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি। দুজনের জুটিতে ভর করে লিডের পথে এগোচ্ছে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। রানার তোপে প্রথম সেশন বাংলাদেশের বিনা উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম সেশন শেষ হতে হতে তাদের উইকেট পড়ে যায় চারটি। বাংলাদেশ থেকে এখনো পিছিয়ে আছে ৫৮ রানে। নাহিদা রানা শুরু থেকেই আক্রমণাত্বক বোলিং করে যাচ্ছেন। একাই নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নেন হাসান। উইলিয়ামস ৩৩ ও মাধভেরে ৪ রানে ব্যাট করছেন। জুটি ভেঙে স্বস্তি ফেরালেন রানা তৃতীয় উইকেটের পতনের পর প্রতিরোধ গড়েন আরভিন-উইলিয়ামস। দুজনে এগোচ্ছিলেন সাবলীলভাবে। কয়েকটা হাফ চান্স দিলেও সেগুলো কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা। অবশেষে নাহিদ রানা এসে জুটি ভেঙে স্বস্তি ফেরান। রানার ব্যাক অব লেন্থ ডেলিভারিতে খোঁচা দেন আরভিন। তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৮ রান। ক্রিজে উইলিয়মাসের সঙ্গী মাধভেরে। রানার পর হাসান, স্ট্যাম্প উড়লো ওয়েলচের রানার শর্ট বলে পরাস্ত হন দারুণ খেলতে থাকা বেনেট। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন উইকেটের পেছনে, জাকের আলীর হাতে। তার ব্যাট থেকে আসে ৫৬ রান। নিজের প্রথম ফিফটি পেয়েছেন ৫৬ বলে। বেনেটের আউটের পরই সাজঘরে ফেরেন নিক ওয়েলচ। হাসানের তোপে স্ট্যাম্প উড়ে যায় তার। শন উইলিয়ামস-ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করছেন। দুজনের ব্যাটে ২৪.৫ ওভারে শতরানের ঘর স্পর্শ করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই নাহিদ রানার আঘাত উইকেটের খোঁজে মরিয়া ছিল বাংলাদেশ। অবশেষে দেখা মিলল। নাহিদ রানার শর্ট বলে পরাস্ত হলেন ওপেনার কারান। লেগ স্ট্যাম্পে ছোঁড়া শর্ট বলে এক্সট্রা বাউন্স হয়েছিল, জায়গা থেকে সরে যেতে চেয়েছিলেন কারান। কিন্তু দেরি হয়ে যায়, বল খোঁচা লেগে চলে যায় শর্ট লেগে। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন মমিনুল হক। ১৬ রানে ফিরলেন কারান, ৬৯ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে বেনেটের সঙ্গী ওয়েলচ। এগিয়ে থেকে জিম্বাবুয়ের শুরু  সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশের ভালো যায়নি। ব্যাটে-বলে দারুণ দিন কেটেছে জিম্বাবুয়ের। গতকাল শেষ বিকেলে বাংলাদেশ কোনো উইকেট নিতে পারেনি। ১২৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে সফরকারীরা। বেনেট ৪০ ও কারান ১৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেছেন। লড়াইয়ে থাকতে হলে বাংলাদেশের দ্রুত উইকেট নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই প্রথম দিন শেষে এগিয়ে জিম্বাবুয়ে  যেই উইকেটে খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা সেখানে আলো ছড়িয়েছে জিম্বাবুয়ে। স্কোরবোর্ড ৬৭ রান জমা করে দিন শেষ করে সফরকারীরা। বেনেট ৪০ ও কারান ১৭ রানে অপরাজিত আছেন। চার বোলার ১৪.১ ওভার বোলিং করে কোনো উইকেটের দেখা পাননি। এর আগে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশে ১৯১! চা বিরতিতে যাওয়ার আগে জাকের-হাসান প্রতিরোধ গড়েছিলেন। বিরতির পর দুজনে এসে লড়াই করতে থাকেন। এগোচ্ছিলেন সাবলীলভাবে। হঠাৎ আউট হন হাসান। ১৯ রানে হাসান আউট হলে ভাঙে জাকেরর সঙ্গে গড়া জুটি। এরপর জাকেরও ফেরেন ২৮ রানে। এই জুটি ভাঙার পর বাংলাদেশ মাত্র ৪ রান করতে পারে। দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে মূলত বাংলাদেশের ছন্দপতন ঘটে। সর্বোচ্চ ৫৬ রান করেন মমিনুল হক। ৪০ আসে শান্তর ব্যাট থেকে। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মুজারাবানি-মাসাকাদজা।

ইন্টারনেটের দাম কমালো সবাই, বাকি ৩ মোবাইল অপারেটর

ইন্টারনেটের দাম কমালো সবাই, বাকি ৩ মোবাইল অপারেটর নতুন করে তিন স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমানো হয়েছে। এখন জাতীয় স্তরের পালা।’ জাতীয় স্তরের ক্ষেত্রে তিনি মোবাইল ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে জোর দিয়েছেন। বেসরকারি তিনটি মোবাইল অপারেটর কোম্পানির কাছে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর দুটি প্রত্যাশিত দাবি তুলে ধরেছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এসব দাবি তুলে ধরেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল সেবা কোম্পানি টেলিটক ১০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছিল। সরকার আশা করে অতি দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি অত্যন্ত যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের মূল্য পতনের ঘোষণা দেবে। সরকার এখানে দুই ধরনের মূল্যছাড় আশা করে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী সেই দুটি প্রত্যাশিত দাবিও তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘প্রথমত মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ মোবাইল কোম্পানিগুলো যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। আর দুই নম্বর হলো—আন্তর্জাতিক গেটওয়ে বা আইটিসি, আইআইজি ও ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে, তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে মোবাইল ইন্টারনেটের দাম কমাবে।’ বিবেচনা করছে মোবাইল অপারেটরগুলো সরকারের চাপের মুখে আন্তর্জাতিক ও জাতীয় স্তরগুলোতে সব অংশীজন যখন ইন্টারনেটের দাম কমাচ্ছে, তখনও নিরব বেসরকারি তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি। বিশেষ সহকারীর প্রত্যাশিত দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানতে তিন অপারেটরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলতে রাজি হননি। প্রত্যেকেই জানান, তারা বিষয়টি বিবেচনা করছেন। অ্যামটবেও আলোচনা করবেন তারা। শিগগির একটা সিদ্ধান্ত জানাবেন। একটি অপারেটর কোম্পানির কর্মকর্তা নাম-পরিচয় প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘সরকার স্পষ্টই তাদের চাপে রেখেছে। সব পক্ষ থেকে দাম কমানোর বিষয়টি এলে আমাদের চুপ থাকার উপায় নেই। কিছু তো করতে হবে। সেটা আলোচনা করে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো শিগগির এটা (কত শতাংশ দাম কমানো হবে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।’ ফেসবুক পোস্টে আরও যা জানালেন বিশেষ সহকারী এদিকে, ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, নতুন তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে। ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে, আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ, এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ মূল্যহ্রাস করবেন তারা। এর আগে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে ৫ এমবির পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২০ শতাংশ দাম কমিয়েছে। তিনি আরও লেখেন, এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আছে শুধুমাত্র মোবাইল সেবা দাতা ৩টি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা। ইতিমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এমতাবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোন ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার ইন্টারনেটের দাম কমাতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এমতাবস্থায় গ্রাহকস্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার ব্যাপারে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলেছে, দেশগুলো যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তি না করে, যাতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। চীন হুঁশিয়ারি দিয়ে আরো বলেছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী চুক্তি সই করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে চীন শক্ত অবস্থান নেবে এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার  (২১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনের বলা হয়, মার্কিন শুল্ক ছাড়ের বিনিময়ে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে চাপ দেওয়ার পরিকল্পনা করছে- ব্লুমবার্গের এমন একটি প্রতিবেদন সামনে আসার পর চীন এই হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ওয়াশিংটন সফরে আসা জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্যিক আলোচনা করেছে এবং এই সপ্তাহে দক্ষিণ কোরিয়া আলোচনা শুরু করতে চলেছে।  ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে চীনা পণ্য আমদানির উপর ব্যাপক কর আরোপ করেছেন, অন্যদিকে অন্যান্য দেশগুলোও তাদের পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের শিকার হয়েছে। নতুন আরোপিত মার্কিন কর থেকে রেহাই পেতে দেশগুলো যুুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট’ করার চেষ্টা চালাচ্ছে।  দেশগুলোকে সতর্ক করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তুষ্টি শান্তি আনতে পারে না এবং আপস কাউকে সম্মান দিতে পারে না।”  মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “চীনের স্বার্থের বিনিময়ে যে কোনো পক্ষের চুক্তিতে পৌঁছানোর দৃঢ় বিরোধিতা করে চীন। যদি এটি ঘটে, তাহলে চীন কখনই তা মেনে নেবে না এবং দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে।” গত সপ্তাহে রাষ্ট্র-নিয়ন্ত্রিত চায়না ডেইলির একটি সম্পাদকীয়তে একই ধরনের মন্তব্য করা হয়েছিল, যেখানে ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট’ করার চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, পারস্পরিক শুল্ক ঘোষণার পর থেকে ৭০টিরও বেশি দেশ আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে।

পোপ ফ্রান্সিস মারা গেছেন

পোপ ফ্রান্সিস মারা গেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ সোমবার ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। ভিডিও বার্তায় কার্ডিনাল কেভিন ফারেল জানান, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিক্যানে নিজ বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ। ভ্যাটিক্যানের টেলিভিশন চ্যানেলে ফারেল বলেন, “গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে। রোমের বিশপ আজ সকাল ৭টা ৩৫ মিনিটে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পুরো জীবন প্রভু এবং তার গির্জার সেবায় নিবেদিত ছিল।”“তিনি আমাদের বিশ্বস্ততা, সাহস এবং সর্বজনীন প্রেমের সাথে সুসমাচারের মূল্যবোধগুলো জীবনযাপন করতে শিখিয়েছিলেন, বিশেষ করে দরিদ্রতম এবং সবচেয়ে প্রান্তিক মানুষের পক্ষে।” ফারেল আরো বলেন, “প্রভু যীশুর একজন প্রকৃত শিষ্য হিসেবে তার উদাহরণের জন্য অপরিসীম কৃতজ্ঞতার সাথে, আমরা ঈশ্বরের অসীম করুণাময় প্রেমের কাছে পোপ ফ্রান্সিসের আত্মাকে প্রণাম জানাই।” রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটারস ব্যাসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তার কথা শোনার জন্য ভ্যাটিক্যান স্কোয়ারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তার। সম্প্রতি রোমের গেমেলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান। তারপর থেকে ভ্যাটিক্যানে নিজের বাসভবনেই ছিলেন তিনি। সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ। ২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পোপ ফ্রান্সিসের জন্ম। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয়েছিল ১৯৬৯ সালে। তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপীয় পোপ আসেননি। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। এতে তাদের এনআইডি দিয়ে আর কোনো সেবা মিলবে না। কেননা, এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না।  বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাস খানেক আগে এটা কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। তবে ভিভিআইপিদের এনআইডি তাদের দিক থেকেই লক করার জন্য বলেন। সাবেক রাষ্ট্রপতি নিজেই লক করার জন্য বলতেন, যেন কেউ মিসইউজ করতে না পারে। যখন প্রয়োজন হয়, তখন আবার লক ছাড়ানো হয়। তিনি বলেন, এনআইডি লক হলে ভোট দিতে বা প্রার্থী হতে কোনো অসুবিধা নেই। ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক (Lock) করা হলো। এনআইডি লক করা ১০ জন হলেন— শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্য তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়। বর্তমানে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।

সাড়ে ৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট

সাড়ে ৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত- এই ৩৩ বছর সাত মাসে রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা কমিয়েছেন, তার তালিকা কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। গত সাড়ে ৩৩ বছরে বিভিন্ন সময় দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ, স্থগিত বা কমিয়েছেন তার তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা

শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের হাতে ৫০ হাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে গতকাল হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।