দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা আর্থনা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন । প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। সরকারপ্রধানের চার দিনের এ সফরের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, “আর্থনা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এ সফরে কাতারের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ২৪ এপ্রিল মধ্যরাতের পর তার দেশে ফেরার সূচি রয়েছে। সফরে জ্বালানি উপদেষ্টার যাওয়ার তুলে ধরে প্রেস সচিব বলেন, “কাতারের সঙ্গে আমাদের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করবেন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩ এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাব।” কাতারে রোহিঙ্গাদের নিয়ে আড়াই ঘণ্টার একটি সম্মেলন হবে, এমন তথ্য দিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত অনেকেই অংশ নেবেন। আশা করি ফলপ্রসূ বৈঠক হবে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রোহিঙ্গা সম্মেলনের প্রাক-প্রস্তুতি বৈঠক এটি।” কাতার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যাতে করে দেশটির বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়। আরো শ্রমিক বাংলাদেশ থেকে নেয়, সে বিষয়ে আমরা দেখছি।” “একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই-বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি।”শ্রমবাজারগুলোতে আরো ভালো বেতনে, বেশি সংখ্যক কর্মী যাতে যেতে পারেন সেটা সরকারের অগ্রাধিকার বলে তুলে ধরেন তিনি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো চার নারী ক্রীড়াবিদ সরকার প্রধানের সফরসঙ্গী হয়েছেন। এই চার জন হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। তথ্যসূত্র: বাসস
পোপের মৃত্যুর কারণ জানাল ভ্যাটিকান

পোপের মৃত্যুর কারণ জানাল ভ্যাটিকান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে নিজ বাসভবন মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর কারণ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভ্যাটিকান সিটির হলি সি প্রেস অফিস। ভ্যাটিকান সিটি স্টেটের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি অধিদপ্তরের পরিচালক ডা. আন্দ্রেয়া আর্কাঞ্জেলি পোপের মৃত্যুর সার্টিফিকেট জারি করেছেন। ভ্যাটিকান নিউজ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে স্ট্রোক, এরপর কোমা এবং অপরিবর্তনীয় হৃদযন্ত্রের রক্তনালী ধস। মেডিকেল রিপোর্ট অনুসারে, পোপের মাল্টিমাইক্রোবিয়াল বিলাটেরাল নিউমোনিয়া, একাধিক ব্রঙ্কাইক্টেস, উচ্চ রক্তচাপ এবং টাইপ-২ ডায়াবেটিসের কারণে তীব্র শ্বাসযন্ত্রের জটিলতা ছিল। ইলেক্ট্রোকার্ডিওগ্রাফিক থ্যানাটোগ্রাফির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডা. আর্কাঞ্জেলি লিখেছেন, “আমি ঘোষণা করছি, আমার জ্ঞান এবং বিচারে মৃত্যুর কারণগুলো উপরে বর্ণিত।” সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পোপ। এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাসের মাথায় মারা গেলেন এই ধর্মগুরু। সোমবার সকালে ভ্যাটিক্যানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পোপ ফ্রান্সিসের জন্ম। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয়েছিল ১৯৬৯ সালে। তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপীয় পোপ আসেননি। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিষ্টান সম্প্রদায়সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারাও।
সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে সব মহলে আলোচনা হলেও তাদের ভোটার করে নেওয়ার কার্যক্রমে তেমন অগ্রগতি নেই। ফলে ভোটদান পদ্ধতি নির্ধারণ করতে পারলেও কত শতাংশ ভোট তাদের থেকে আসবে তা নিয়েও অনেকের রয়েছে সংশয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া; এই সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে কার্যক্রমটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। জানা গেছে, সাতটি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৪২ হাজার ২৬৯টি। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিন হাজার ৪০১টি আবেদন। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে ২০ হাজার ১৮৪টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে ১৭ হাজার ৬০৭ জনের। অনুমোদনের অপেক্ষায় আছে ৪৫৭ জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ২২ হাজার ১২৮ জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮ হাজার ৫৮৯টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় ৭৮৪ জন। গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে নির্বাচন কমিশন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি- য়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এইসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছে। সবচেয়ে রয়েছে বেশি প্রবাসী রয়েছে সৌদি আরবে, ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। আর সবচেয়ে কম রয়েছে নিউজিল্যান্ডে দুই হাজার ৫শ জন। জানা গেছে, নির্বাচন কমিশন ওই ৪০টি দেশেই কার্যক্রমটি সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের অনুমোদন সাপেক্ষে তা হাতে নিতে হচ্ছে। তবে যেসব দেশে কার্যক্রম চলমান, সেখান থেকেও খুব একটা সাড়া মিলছে না। ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের ভোটার করে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পাসপোর্ট। কেননা, বৈধ পাসপোর্টধারী ছাড়া কারো আবেদন তারা আমলে নিচ্ছে না। এছাড়া ভৌগলিক অবস্থানও একটা কারণ। অন্যদিকে অনেকেই নিরক্ষর হওয়ার কারণেও আসছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমাদের প্রবাসীর অধিকাংশই কাজের জন্য বিদেশ গিয়ে থাকেন। এক্ষেত্রে কাজ সেরে বা কাজের ফাঁকে সংশ্লিষ্ট দূতাবাসে এসে ভোটার হওয়া অনেকের জন্যই প্রায় অসম্ভব হয়ে যায়। একজন ব্যক্তি হয়তো ভোটার হতে চান, আর তার কর্মক্ষেত্রে হয়তো কোনো রিমোট অঞ্চলে, তাহলে অর্থ ও সময় ব্যয় করে তিনি সংশ্লিষ্ট দেশের রাজধানীতে স্থাপিত আমাদের দূতাবাসে এসে ভোটার হতে চাইবেন না, এটাই স্বাভাবিক। আবার অনেকেই প্রবাস জীবন কাটাচ্ছেন বৈধ কাগজপত্র ছাড়া। হয়তো ভুয়া কাগজ বানিয়ে গেছেন। কিন্তু এখন আর সঠিক কাগজ দেখাতে পারছেন না। ফলে সেটাও আইনের বরখেলাপ হয়ে যাচ্ছে। ফলে অনেকের আগ্রহ থাকলেও ভোটার করে নেওয়া যাচ্ছে না। তাই সেভাবে এগুচ্ছে না এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, আমরা সাতটা দেশে ভোটার কার্যক্রম চালাচ্ছি। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আমাদের দূতাবাসের লোকবলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা একটা নির্দিষ্ট ফি নিয়ে ভোটার কার্যক্রম পরিচালনা করছেন। অর্থাৎ তারা অনলাইনের তথ্যের ইনপুট দেওয়া, ছবি তোলা ও চোখের আইরিশ নেওয়ার কাজটি করে দিচ্ছে। এরপর সেই ব্যক্তির স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সেই আবেদনের সত্যতা প্রমাণে তদন্ত করছেন। তদন্তে সত্যতা মিললে সেটিকে আমরা অনুমোদন দিচ্ছি। এরপর প্রবাসীর এনআইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দূতাবাসে। তিনি বলেন, এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আইনের ব্যত্যয় করা যায় না। বৈধ কাগজপত্র থাকলে এবং ভোটার হতে চাইলে তার জন্য কোনো অসুবিধা নেই। খুব সহজেই ভোটার হতে পারবেন অন্যদিকে প্রবাসীদের অনেকেই দেশ থেকেই ভোটার হয়ে গেছেন। কেননা, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিদেশে গিয়েছেন, তারা এনআইডি ছাড়া পাসপোর্ট করতে পারেননি। কাজেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, প্রবাসীদের অধিকাংশেরই এনআইডি আছে এবং তারা ভোটার হয়েছেন। অন্যরা যারা হননি, তাদের জন্যই আমরা সুযোগটি সৃষ্টি করেছি। তবে বৈধ কাগজপত্র লাগবে। ভোটদান পদ্ধতি নির্ধারণ হলে ভালো সাড়াই মিলবে বলে আশা করি এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এসে রোববার (২০ এপ্রিল) প্রবাসীদের ভোটদান নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো ভালো পদ্ধতি পায়নি কমিশন। প্রবাসীদের ভোটাধিকার যদি নিশ্চিত না করা হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার কার্যক্রম চলমান রয়েছে। আইনে যেভাবে আছে, সেভাবে ভোটার হয়ে যাবেন। আর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কমিশন পদ্ধতি খুঁজছে। এক্ষেত্রে তিনটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, যে কোনো পদ্ধতিতে ভোট হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয় এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আবর, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। পরবর্তী সময়ে ২০২২ সালে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। সেই কার্যরক্রমকেই এগিয়ে নিচ্ছে বর্তমান নাসির কমিশন।
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে তিন দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৭১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি। আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২০ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। এতদিন দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল। এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। সোমবার (২১ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৬১ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৮৯ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার যুগিডাং গ্রামের লুথারেন মিশন মাঠে, লুথারেন চার্চের সানডে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আতাহার যুগিডাং লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষক শিপানিল হেমব্রম এর সঞ্চালনায় আতাহার, যুগিডাং, জামাইপাড়া গ্রামসহ আশপাশের প্রায় ৭০-৮০ জন খ্রিষ্টভক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আগমনের সাথে সাথে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন। অতিথিদের আসন গ্রহনের পরে অতিথিদের সামনে আবারো তারা তাদের ধর্মীয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এরপরে লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষার্থীদের ২টি ভাগে ভাগ করে বাইবেল কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাহার যুগিডাং লুথারেন চার্চের ধর্মগুরু আমিন হেমব্রম। এসময় তিনি ওই অঞ্চলের সকল খ্রীষ্টভক্তদের বাইবেল এর গুরুত্ব ও যিশু খ্রিষ্টের ক্রুশ ও পূণরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা পৌঁছানোর ইতিহাস তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাম্পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদন হাসদা, দেলবাড়ি গ্রামের জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, যুগিডাং লুথারেন চার্চের মড়ল হিরালাল টুডু, আতাহার জামাইপাড়া গ্রামের ক্যাথলিক চার্চের মড়ল শাহো মারান্ডি, ক্যাথলিক চার্চের সদস্য মতিন হাসদা ও পরান টুডু, যুগিডাং লুথারেন চার্চের সদস্য কর্ণেল কিসকু, সানডে স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহাকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা ও প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের সিনিয়র পারফরমার শামল বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগামী বছর আরও ভালোভাবে সূর্যোদয় উপাসনার সাথে সাথে বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে আজ সকালের দিকে আতাহার জুগিডাং এর বিভিন্ন বয়সী মানুষের স্বত:ফূর্ত অংশগ্রহনে ৬ টি গ্রামীন খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলা ও বাইবেল কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম ও ২য় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। সবশেষে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে আরও একটি তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আগামী ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার

আগামী ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ এক বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি সুমন হাওলাদার জানিয়েছেন, সরকারের আশ্বাসে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ১০ দফা দাবি নিয়ে সরকার আন্তরিকতা দেখিয়েছে। ফলে খামার বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন জেলার ১০ থেকে ১২ জন প্রান্তিক খামারির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে, সরকার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে ১০ দফা দাবি পেশ করে অ্যাসোসিয়েশন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দাবি পর্যালোচনার আশ্বাস দেন এবং জানান, এরই মধ্যে খাদ্যের মূল্য কেজি প্রতি ১ থেকে ১.৫০ টাকা হ্রাস পেয়েছে। ফিড, বাচ্চা এবং ওষুধের দামে নিয়ন্ত্রণে আনতে তদন্ত চলমান রয়েছে। সরকার নির্ধারিত ডিম ও মাংসের ন্যায্যমূল্য বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে উদ্যোগ। বিপিএ জানায়, এই সংকটময় সময়ে সরকারের সহযোগিতা প্রান্তিক খামারিদের আস্থার জায়গা তৈরি করেছে। তাই দেশের স্বার্থে এবং জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত রাখতে ১ মে থেকে খামার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খামারিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সরকারি নিয়ম-কানুন মেনে ট্রেড লাইসেন্স, নিবন্ধন ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামার পরিচালনা করতে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সংগঠিত থেকে যৌক্তিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ হানজালা নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার ফেত্তারের ছেলে। বিজিবি জানায়, আজ সকালে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট ফোনসহ আটক করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে। এজন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলার আলমপুরে কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। এসময় তিনি বলেন, কৃষক আপনার কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, কৃষকের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন পেঁয়াজ বীজ ভালো পালন হয়েছে এবার, বৃষ্টি কম হয়েছে। যার ফলে বীজের কোন ক্ষতি হয়নি। কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। রৌদ্রজ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে। সলেহ আকরাম বলেন প্রয়াস পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে এটা চমৎকার উদ্যেগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না প্রত্যেকটা খাবারে পেঁয়াজ দরকার। আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার, ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করার সুবিধা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সিসের সহকারী ব্যবস্থাপক (দক্ষিণ) কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন আরাধ্যার বাবা-মা? বিষয়টি উঠতেই লজ্জায় লাল হয়ে যায় জুনিয়র বচ্চন। কী প্রতিক্রিয়া এই অভিনেতার? বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে বলিউড থেকে দর্শক মহলে। শোনা গিয়েছিল, বচ্চনদের সঙ্গে আপাতত থাকছেন না ঐশ্বরিয়া। এমনকী এ খবরও রটে, অভিষেক-ঐশ্বরিয়া নাকি বিবাহবিচ্ছেদও হতে যাচ্ছে। তবে সব জল্পনায় ইতিমধ্যেই ইতি টেনেছে বচ্চন পরিবার। শোনা যাচ্ছে, আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি এখনও একসঙ্গে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু বছর খানেক আগে অভিনেতা রীতেশ দেশমুখের শোয়ে গিয়ে অন্যকথা বলেছিলেন অভিষেক। রীতেশ তার শো ‘কেস বনতা হ্যায়’-তে দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করেন অভিষেককে। সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়। প্রসঙ্গত, রীতেশ অভিষেককে প্রাথমিকভাবে বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, ‘আপনাদের বাড়িতে অমিতাভজি, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা। ’ এর উত্তরে অভিষেক বলেন, ‘এটাই প্রথা হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো এই প্রথার পরিবর্তন ঘটবে। ’এই কথার পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক। সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও আবার নতুন করে অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু করেছেন।
‘জামিল এসে বলল, আপা চলেন প্রেম করি’

‘জামিল এসে বলল, আপা চলেন প্রেম করি’ ছোট পর্দার জনপ্রিয় মুখ জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন একসঙ্গে অভিনয়ের সুবাদে পরিচিত। সেই পরিচয় বন্ধুত্ব ও প্রেমে গড়ায়। কয়েক দিন আগে বিয়ে করেছেন তারা। বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছেন এই নবদম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন তাদের প্রেমের শুরুটা কতটা মজার ও আকর্ষণীয় ছিল। তিনি বলেন, “আমরা একে অপরকে আপনি করে বলতাম। হঠাৎ একদিন জামিল এসে বলল, ‘আপা চলেন প্রেম করি।’ প্রথমে একটু অবাক হলেও পরে নিজেই রাজি হয়ে যাই।” জামিলের প্রতি ভালো লাগার শুরু ‘মীরাক্কেল’ থেকে। সেই সময় থেকেই মুনমুনের চোখে জামিল একজন ভীষণ জেন্টেলম্যান, একসঙ্গে কাজ করতে গিয়েও তা আরো পরিষ্কারভাবে টের পান। ঢাকায় বেড়ে ওঠা মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানকার মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরই মধ্যে ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। নাটক-বিজ্ঞাপন ছাড়াও ‘কাগজ’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন। অন্যদিকে, জামিল হোসেন ‘মীরাক্কেল’-এর মাধ্যমে আলোচনায় আসেন। বর্তমানে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন।