চাঁপাইনবাবগঞ্জে কূখ্যাত ‘ভটা চোর’ চোরাই স্বর্ণ, টাকাসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কূখ্যাত ‘ভটা চোর’ চোরাই স্বর্ণ, টাকাসহ গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামী কূখ্যাত আরিফুল ইসলাম ভটা ওরফে ‘ভটা চোর’ চুরি করা স্বর্নলংকার ও নগদ টাকা সহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া মাষ্টারপাড়া গ্রামের দুলালের ছেলে। একই অভিযানে চোরাই স্বর্ণ সহ গ্রেপ্তার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বর্নকারপট্টির শিল্পী জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং শহরের শিবতলা কর্মকারপাড়া মহল্লার মৃত অনীল চন্দ্র নন্দীর ছেলে স্বাধীন নন্দী (৫৩) নামে এক জুয়েলারী ব্যবসায়ী। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দেড় ভরির স্বর্ণালংকার ও নগদ পনের হাজার টাকা। মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অভিযানের বিস্তারিত বর্ণনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১১ টার হতে গত ১৯ এপ্রিল ভোর সাড়ে ৫টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের নয়াগোলা গাইনপাড়া মহল্লার বাসিন্দা এবং ফার্নিচার ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়িতে দ:সাহসিক চুরি হয়। চোর দেতালার বারান্দার দরজা ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে ওয়ার্ডরোব ও শোকেস থেকে প্রায় ৫ ভরি স্বর্নালংকার ও নগদ দেড়লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে ওই ব্যবসায়ী অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান শুরু করে গত গতকাল দুপুরে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার হয়। এ ছাড়া তার দেয়া তথ্যে শিল্পী জুয়েলার্স থেকে উদ্ধার হয় কিছু ভাঙ্গা পাকা স্বর্ন। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি চুরি,মাদক ও মারামারির মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। বারবার সে জামিনে বেরিয়ে এসে আবারও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে। ভটার ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে ও চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। ব্রিফিং- এ উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহীর আকন্দ, জেলা বিশেষ শাখার পরিদর্শক ওবাইদুল হক সহ পুলিশ কর্মকর্তারা।
এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জেলা কমিটির সভা

এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এসময় সকল এনজিও প্রতিষ্ঠানকে নিয়মিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয় এবং মাদক ও বাল্যবিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। এসময় আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক বাবু, এডাবের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলায় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সুইমিংপুলে ‘রিল্যাক্স থেরাপি’ নিচ্ছেন মিম!

সুইমিংপুলে ‘রিল্যাক্স থেরাপি’ নিচ্ছেন মিম! কখনো পেশাগত কাজ, আবার কখনো ব্যক্তিগত কারণে দেশ-বিদেশ ঘুরতে দেখা যায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। কিছুদিন আগেই থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে সুইমিংপুলের জলে দেখা যাচ্ছে। যেখানে বেশ খোশমেজাজে তিনি। এর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি। ’ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দারও। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন সিনেমার প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা

বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তার স্ত্রীর নাম ডিলান মায়ার। রবিবার (২০ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিস্টেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র টিএমজেড-কে বলেন, “রবিবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদত্তা ডিলান মায়ারকে বিয়ে করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তাদের দুজনের সঙ্গেই আমার কথা হয়েছে।” ক্রিস্টেনের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস। তাদের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। মার্কিন লেখক, চিত্রনাট্যকার, পরিচালক নিকোলাস মায়ারের কন্যা ডিলান মায়ার। তিনিও একজন চিত্রনাট্যকার ও প্রযোজক। ২০১১ সালের ৩০ অক্টোবর মুক্তি পায় জনপ্রিয় হলিউড সিনেমা ‘টেয়াইলাইট’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। এ সিনেমায় অভিনয় করার আগেই অর্থাৎ ২০০৯ সালে সম্পর্কে জড়ান তারা। পরবর্তীতে তা ভেঙে যায়। স্টুয়ার্ট অভিনীত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন। ২০১২ সালে এটি প্রকাশ্যে আসে। অসম এই প্রেম নিয়ে ক্ষমাও চান এই নির্মাতা। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমিক-প্রেমিকার তালিকা দীর্ঘ; কখনো পুরুষ, কখনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে ২০১৭ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ঘোষণা দেন— তিনি সমকামী। ২০১৩ সালে সিনেমার শুটিং সেটে ডিলান মায়ারের সঙ্গে পরিচয় হয় ক্রিস্টেন স্টুয়ার্টের। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ডেট করা শুরু করেন ক্রিস্টেন-ডিলান। ২০২১ সালে বাগদান সারেন তারা। সর্বশেষ আইন মেনে বান্ধবীকে বিয়ে করলেন ৩৫ বছরের এই নায়িকা।
১৫ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনে সালমানের নায়িকা

১৫ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনে সালমানের নায়িকা বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ তালিকায় রয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী রাম্ভা। ‘জুড়ওয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই খ্যাতি, সাফল্য ফেলে একেবারে আড়ালে চলে যান এই অভিনেত্রী। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সুদূর কানাডায় বসবাস শুরু করেন রাম্ভা। জাঁকজমকপূর্ণ রুপালি জগত থেকে বিদায় নিয়ে সংসারে মন দেন। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের জননী। তার তিন সন্তানের নাম লানিয়া, সাশা এবং শিবিন। দীর্ঘ ১৫ বছর ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন রাম্ভা। বিরতি ভেঙে ফের নিজ অঙ্গনে ফিরেছেন। তবে সিনেমা নয়, একটি টিভি শোয়ের মাধ্যমে। ড্যান্স শো ‘জোড়ি আর ইউ রেডি’-এর দ্বিতীয় সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাকে। এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এত বছর বিরতি নেওয়া এবং ফেরার কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। রাম্ভা বলেন, “মা হিসেবে মনে করি, বাচ্চাদের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে তাদের পাশে থাকা প্রয়োজন। আমি সিনেমা থেকে দূরে। অভিনয়ের প্রতি আমার আগ্রহের ব্যাপারটি আমার স্বামী জানে। আমাদের ছেলের বয়স এখন ৬ বছর। মেয়েরা অনেকটা বড় হয়েছে। তাদের বয়স যথাক্রমে— ১৪ ও ১০ বছর। আমার স্বামী মনে করে, মেয়েরা যেহেতু বড়, তারা ছেলেকে সামলাতে পারবে। এরই মধ্যে টিভি চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাতে হবে। কিন্তু আমার পরিবার আক্ষরিক অর্থেই আমাকে টিভি অনুষ্ঠানটি করতে অনেকটা বাধ্য করেছে।” দীর্ঘ দিন পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে রাম্ভা বলেন, “শুটিংয়ের প্রথম দিন স্বপ্নের মতো মনে হয়েছিল। আমি সেদিন ভীষণ নার্ভাস ছিলাম। ভ্যান থেকে নামতে ভয় পাচ্ছিলাম। আমাকে প্রথম যে শটটি দিতে হয়েছিল তা হলো— ‘আজাগিয়া লায়লা’ গানটি। স্যান্ডি মাস্টার আমাকে ভরসা দিয়েছিলেন। আমি যখন প্রথম শট শেষ করি, তখন সবাই হাততালি দিয়ে বলেন, ‘আমি ৩০ বছর আগে যা করেছি তা পুনরায় তৈরি করেছি!’ তারপর থেকে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করি।” অভিনয়ে না ফেরার আরেকটি কারণ ব্যাখ্যা করেছেন রাম্ভা। তার ভাষায়, “আমার স্বামী ভারতে ব্যবসা শুরু করেছে। যদিও এটা পরিকল্পনা করে হয়নি। কালা মাস্টারের পীড়াপীড়ির জন্য ধন্যবাদ। কারণ আমিও উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। মেকআপ করা, মঞ্চে ওঠা এবং মানুষের সাড়া আমাকে চলচ্চিত্রে ফিরে আসার জন্য আগ্রহী করে তুলেছিল। আমি যে অভ্যর্থনা পেয়েছিলাম, তা দেখে আমার বাচ্চারাও রোমাঞ্চিত হয়েছিল। আমি ১৫ বছর চলচ্চিত্রে কাজ করিনি। কিন্তু সিনেমা আমার রক্তে মিশে আছে। আমি আমার সময়ের অনেক সহকর্মীকে এখনো অভিনয় করতে দেখছি। তাই আমারও সেই ইচ্ছা ছিল। কিন্তু আমি আমার খ্যাতি ধরে রাখার ব্যাপারটি নিশ্চিত করতে চেয়েছিলাম। এজন্য ফিরে আসতে চাইনি।” কানাডায় বসবাস করার সময়ে ভারতীয় সিনেমা দেখতেন রাম্ভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “বিয়ের পর আমরা কানাডায় বসবাস শুরু করি। সেখানে আমার স্বামী ইন্টেরিয়রের ব্যবসা করেন। রজনী স্যারের (রজনীকান্ত) সিনেমা ছাড়া কানাডায় আমরা খুবই কম সিনেমা দেখতে হলে যেতাম। বাইরে বের হলেও খুব কাছাকাছি জায়গায় যেতাম। বিশেষ করে যেখানে বাচ্চাদের জন্য কিছু থাকত। আমাদের একটা হোম থিয়েটার সেট-আপ ছিল। তাই আমরা ঘরে একসঙ্গে বসে সিনেমা দেখতাম। প্রতি শুক্রবার রাত ছিল তামিল সিনেমার রাত।” ২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রকুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম্ভা। ২০১৬ সালে তাদের মধ্যে বেশকিছু সমস্যা তৈরি হয়েছিল। দাম্পত্য কলহের কারণে কিছুদিন আলাদাও থেকেছেন তারা। পরে অবশ্য রাম্ভার কাছে ফিরে আসেন তার স্বামী। ১৯৯২ সালে মালায়ালাম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা। একই বছর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তারপর তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী। ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ নামে ভারতীয় বাংলা সিনেমায়ও দেখা গেছে তাকে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
গাজায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, ত্রাণ সংকটে মানবিক বিপর্যয়

গাজায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, ত্রাণ সংকটে মানবিক বিপর্যয় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৫০ জন। ফলে চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার ২৫০ জনে। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত হামলার পাশাপাশি গাজায় ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গত ৫০ দিনেরও বেশি সময় ধরে কোনো ত্রাণবাহী গাড়ি উপত্যকায় প্রবেশ করতে পারেনি। ফলে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জ্বালানির মারাত্মক সংকট তৈরি হয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে। তবে সংকটময় এই পরিস্থিতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ওষুধের মারাত্মক অভাবে আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। গত ২ মার্চ নতুন করে অবরোধ আরোপের পর থেকে গাজায় কোনো ধরনের চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে পারেনি। এতে অসংখ্য ফিলিস্তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার বাসিন্দাদের অধিকাংশই নারী, শিশু এবং নিরীহ বেসামরিক মানুষ, যারা বর্তমানে ‘অকল্পনীয় ভোগান্তির’ মধ্যে দিন কাটাচ্ছেন। ইউএনআরডব্লিউএ-এর মতে, ফিলিস্তিনিদের ওপর এভাবে সমন্বিতভাবে শাস্তি আরোপ করা কোনোভাবেই ন্যায্য নয়।
দেশের তিন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের তিন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত দেশের তিনটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। মঙ্গলবার (২২ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিতে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব

বৃষ্টিতে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। যদিও গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে এতটা বৃষ্টি হয়নি। আজকের টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হয়নি এখনও। প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জিম্বাবুয়ে জবাবে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান। সাদমান ইসলাম ৪ রান করে ফিরে গেছেন। ক্রিজে এখন আছেন মাহমুদুল হাসান জয় (২৮ রান) এবং অধিনায়ক মুমিনুল হক (১৫ রান)।
গতি কমিয়ে সাফল্য চূড়ায় মিরাজ

গতি কমিয়ে সাফল্য চূড়ায় মিরাজ সব মিলিয়ে ১২ ইনিংস। দেশের মাটিতে সংখ্যাটা আরো বেশি, ১৪ ইনিংস। লম্বা অপেক্ষার পর মেহেদী হাসান মিরাজ পেলেন ৫ উইকেট। এর মাঝে যে ভালো বোলিং করেননি বিষয়টি তেমন নয়। তবে মাইলফলক ছোঁয়া হয়নি তার। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে নিয়ে ক্যারিয়ারে ১১তম বারের মতো ফাইফারের স্বাদ পেলেন। তার এই বোলিং কীর্তিতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরেছে। প্রথম দিন প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আজ বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ২৭৩ রানে আটকে রাখে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ পর্যন্ত ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের সেরা তারকা দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে সেখানে নিজের বোলিং নিয়ে খোলামেলা কথা বলেন মিরাজ। গতকাল প্রথম সেশনে ৩ ওভার হাত ঘুরিয়েছিলেন। সাফল্য মেলেনি। বরং বোলিং হয়েছিল আঁটসাঁট। আজ সকালের সেশনে ৪ ওভার হাত ঘুরিয়েও মেলেনি সাফল্য। দিয়েছিলেন ১৬ রান। হজম করেছেন ছক্কা। দ্বিতীয় সেশনে মিরাজ খুঁজে পান নিজেকে। আগের ৭ ওভারে জোরের ওপর বোলিং করেছিলেন। এবার মিরাজ বলের গতি কমিয়ে দেন। তাতেই মেলে সাফল্য।ড্রেসিংরুমে কোচদের থেকে পরামর্শ পেয়ে মিরাজ বোলিংয়ে পরিবর্তন আনেন। দ্বিতীয় সেশনে তার প্রথম শিকার শন উইলিয়ামস। তার হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন। এরপর মিরাজ শেষ সেশনে নেন লেজের ৪ উইকেট। নিজের বোলিং নিয়ে মিরাজ বলেছেন, ‘‘আমরা খেলার ভেতরে থাকি… আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের… এই উইকেটে কীভাবে বল করতে হয়। কোচদের একটা ম্যাসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে… পেসটা কমিয়ে নিতে পারি। তারা আমাকে সেভাবেই গাইড করেছে। এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে… আমি প্রথম স্পেলে যখন বল করছিলাম আমার গতিটা বেশি ছিল। এই স্পিডে বল করলে তেমন কঠিন হবে না ব্যাটসম্যানের জন্য। আপনি আসলে গেলেই উইকেট পাবেন না। ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখনই একটা পরিস্থিতি তৈরি হয়… আউট হবে। সো… ঐ কাজটা যেন করাতে পারি ঐ মানসিকতা ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি।’’ নিজের ৫ উইকেট নিয়ে মিরাজের উচ্ছ্বাস ফুটে উঠল কথায়, ‘‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে। চেষ্টা ছিল ঠিক জায়গা বল করা। দলকে ভালো সাপোর্ট করা। আর… ৫ উইকেট পেতে হলে তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে। একই সঙ্গে ভাগ্যও থাকতে হয়।’’ টেস্ট ক্রিকেটে মিরাজ সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। বিদেশের মাটিতে নিজের নাম অনার্স বোর্ডে তুলেছিলেন। দেশে তেমন কিছু নেই। অনার্স বোর্ড বরাবরই ক্রিকেটারদের সাফল্য মনে করিয়ে দেয়। দেশে অনার্স বোর্ড থাকলে ভালো অনুভূতির সৃষ্টি হবে বলে মনে করছেন মিরাজ, ‘‘প্রত্যেকটা মানুষের অর্জন একটা কিন্তু ভালো লাগার বিষয়। অর্জন কিন্তু…একদিনে আসে না। কষ্ট করতে হয়, তারপর অর্জনটা আসে। রাওয়ালপিন্ডিতে ওখানে… ৫ উইকেট পেয়েছিলাম। নাম দেখেছি, ভালো লেগেছে, যখন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছি। বাংলাদেশে… আমার কাছে যেটা মনে হয় যে এই সংস্কৃতিটা চালু করা উচিৎ। আর যারা এখন বর্তমানে আছেন, আশা করি তারা এটা নিয়ে চিন্তা করবে।’’ ২০১৬ সালে টেস্ট অঙ্গনে পা রাখা মিরাজ ৫২ টেস্টে ৯০ ইনিংসে ১৯৫ উইকেট পেয়েছেন। দুইশ উইকেট থেকে ৫ উইকেট থেকে দূরে। সাকিব ও তাইজুলের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি ছোঁয়ার হাতছানি তার।
‘২০১৮’ ফেরাতে চায় জিম্বাবুয়ে

‘২০১৮’ ফেরাতে চায় জিম্বাবুয়ে ২০১৮ সালের নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট দিয়ে পথ চলা শুরু হয় নয়নাভিরাম এই ক্রিকেট মাঠের। এই মাঠে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে বাংলাদেশের পথ চলার শুরুটা একদমই ভালো হয়নি। জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের কালিমা লেগে আছে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে। সাত বছর পর আবার সিলেটে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ। এবারও বাংলাদেশ নেই স্বস্তিতে। হাতে ৯ উইকেট রেখে দ্বিতীয় ইনিংসে এখনো ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভালো করতে না পারলে ম্যাচটা হাতছাড়াও করতে পারে। সেই ভয় বাংলাদেশ শিবিরে আছে। ম্যাচ জয়ের সুযোগ আছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে জিম্বাবুয়ে। সাত বছর পর সেই ‘২০১৮’ ফেরাতে চায় তারাও। দলের ওপেনার ব্রায়ান বেনেট বলেছেন, ‘‘বাংলাদেশে আমরা খুব একটা টেস্ট জিততে পারিনি। এইরকম একটা শক্তিশালী অবস্থানে থাকার পর আমরা বুঝতে পারছি আমাদের সামনে খুব ভালো সুযোগ রয়েছে। আমাদের দলে থাকা পনেরো জনকে এজন্য সমর্থন করতে হবে।’’ চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো তারা সফর করছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় দুটিতে। এবার জিততে মুখিয়ে আছে দলটি, ‘‘আমরা বিশ্বাস করছি আমাদের সামনে বড় সুযোগ আছে ম্যাচটি জেতার। এখনও আমরা ২০-৩০ রানে এগিয়ে আছি (আসলে ২৫)। আশা করছি তারা (বোলাররা) এসে তীব্র লড়াই করবে। আপনি আসলে কখনোই নিশ্চিত হবে না আপনার সঙ্গে কী হবে। এখনো টেস্টে যথেষ্ট সময় আছে। আমরা আমাদের সেরাটা দেব।’’ – বলেছেন বেনেট।