ইয়েমেনে কারাগারে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৬৮

ইয়েমেনে কারাগারে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৬৮ হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে আফ্রিকান অভিবাসীদের আটক রাখার একটি কারাগারে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।  আল মাসিরাহ আরো জানিয়েছে, সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলায় ৪৭ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তারা একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে এমন গ্রাফিক ফুটেজ পোস্ট করেছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। আল-মাসিরাহ টিভি এর আগে জানায়, রবিবার রাতে ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলের বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি আমরান ও সা’দা প্রদেশেও যুক্তরাষ্ট্র রাতভর বিমান হামলা চালিয়েছে বলে জানায়। আল-মাসিরাহ সর্বশেষ প্রতিবেদনে, সা’দা প্রদেশে মার্কিন বিমান হামলায় ৬৮ জন নিহত হওয়ার তথ্য জানালো।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত ১৫ মার্চ থেকে হুতিদের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতিদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীটির বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সাম্প্রতিক অভিযানের সারসংক্ষেপ তুলে ধরে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, ১৫ মার্চ ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে টানা বিমান ও নৌ হামলা শুরু করার পর থেকে তারা ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার মধ্যে অস্ত্রের মজুদ এবং উৎপাদন সুবিধা অন্তর্ভুক্ত ছিল। তবে তারা বলেছে, চলমান অভিযান সম্পর্কে ‘সুনির্দিষ্ট তথ্য প্রকাশ’ করা হবে না।  এদিকে হুতি গোষ্ঠী বলছে, ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং তাদের বাহিনী হামলার জবাব দেবে। এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে সশস্ত্র সংগ্রাম করছে ইরান সমর্থিত হুতিরা। উত্তর ইয়েমেনের অধিকাংশ অঞ্চলই এখন তাদের দখলে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে এর প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০ এর বেশি হামলা চালিয়েছে। এরপর হুতিদের থামাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে হামলা শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে আবারো হুতিদের ওপর হামলা জোরদার করার নির্দেশ দেন।

ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল পাকিস্তানের, উত্তেজনা চরমে

ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল পাকিস্তানের, উত্তেজনা চরমে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জেরে দেশটির সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের পরস্পরের সার্বভৌম ভূখণ্ডের প্রতি সম্মান করার প্রতিশ্রুতি রয়েছে সিমলা চুক্তিতে। তা ছাড়া বিরোধ নিষ্পত্তিতে যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি রয়েছে তাতে। পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তান যার যার দখল অনুযায়ী সিমলা চুক্তির আলোকে নিয়ন্ত্রণ করে আসছে। ওই চুক্তি অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি বজায় রেখেছে তারা। এখন পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করায় দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতির আশঙ্কা আরো জোরালো হলো। এতে করে বেড়েছে সামরিক উত্তেজনাও।  ভারত ও পাকিস্তান উভয়ের কাছে পারমাণবিক বোমা রয়েছে। যদিও তারা কখনো এর প্রয়োগ করেনি। চিরবেরী দেশ দুটি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় মাঝেমাধ্যে সংঘাতে জড়ালেও সাম্প্রতিক ইতিহাসে কারগিল যুদ্ধ ছাড়া তাদের মধ্যে বড় কোনো যুদ্ধ হয়নি। সিমলা চুক্তির প্রধান প্রধান বিষয় ১। অপরের সার্বভৌমত্বের স্বীকৃতি: দুই দেশ তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দেয়। ২। শান্তিপূর্ণ ন্যায়বিচার: চুক্তিতে জোর দিয়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় আলোচনা বা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হবে; সশস্ত্র সংঘাতের মাধ্যমে নয়। ৩। নিয়ন্ত্রণের রেখা: এটি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা চিহ্নিত করার জন্য একটি কাঠামো সৃষ্টি করে এবং সেই রেখা বরাবর একটি যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়টি নিশ্চিত করে। ৪। সম্পর্ক স্বাভাবিকীকরণ: চুক্তিতে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে। সিমলা চুক্তি ভবিষ্যতের আলোচনার জন্য একটি মাইলফলক হিসেবে মনে করা হয়, যদিও বিভিন্ন সংঘাত ও কূটনৈতিক চাপে এর কার্যকারিতা চ্যালেঞ্জের মুখে ছিল, যা বৃহস্পতিবার প্রমাণ হলো।  পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে; পহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দায় দেখছে ভারত। সন্ত্রাসী গোষ্ঠীসহ তাদের সমর্থনকারীদের বিনাশ করার হুংকার দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।  উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। পানি আটকে দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে তার মন্ত্রিসভা। ফলে ভারত ও পাকিস্তান কার্যত যুদ্ধ পরিস্থিতির মুখে রয়েছে।

স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের

স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্প্যাসে, শহরস্থ শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, শাহীবাগস্থ বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তারসহ অন্যরা। একই দাবিতে শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র মো. রউফ। অন্যদিকে বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শহরস্থ শাহীবাগে তাদের নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স শিক্ষার্থীদের ডিপ্লোমার মান বাদ দিয়ে সরাসরি ডিগ্রির (পাসকোর্স) সমমান দিতে হবে। আমরা এইচএসসি পাস করে তিন বছর কোর্স করার পরও আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। আমরা এই এইচএসসি সমমানের মান চাই না। এইচএসসি পাসের পর ডিপ্লোমার পরিবর্তে সরাসরি ডিগ্রি পাসকোর্সের সমমান চাই। তা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালকদের ১১ দিনের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

অনূর্ধ্ব-১৪ বালক বালিকাদের ১১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু

অনূর্ধ্ব-১৪ বালক বালিকাদের ১১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫’র আওতায় ১১ দিনের এই প্রশিক্ষণে ৪০ জন সাঁতারু শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া দুটি অটোরিকশাসহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলকী বাগানপাড়ার সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা তার ভাড়ায় চালানো ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে মসজিদ হতে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি নেই। তার ধারণা, অটোরিকশাটি অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে সদর মডেল থানার একটি চৌকশ টিম তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আটোরিকশা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ২টি অটোরিকশা (একটির যন্ত্রাংশ খোলা অবস্থায়)সহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজকর্ম উপর নিয়ে টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোয় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রহনপুর রহনপুর পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ও এই সফরের দলনেতা মি. কিয়াথু, সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মি. কারলস বাটারডা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ প্রকল্পের অন্য কর্মকর্তা,পরামর্শকগণসহ অন্যরা। এদিকে তারা রহনপুর পৌরসভা উন্নয়নকাজসহ চলমান কাজগুলো ঘুরে দেখেন। এছাড়া মতবিনিময় সভাগুলো ঘুরে দেখেন।

নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে  কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেযারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ কৃষিবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

২৪ ঘণ্টার মধ্যে সোনার দামে পতন, আজ থেকেই কার্যকর

২৪ ঘণ্টার মধ্যে সোনার দামে পতন, আজ থেকেই কার্যকর দাম বাড়ানোর ২৪ ঘণ্টার মধ্যেই দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম জানিয়ে বলেছে আজ সন্ধ্যা থেকেই বাজারে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেটে বৃষ্টির বাধায় বন্ধ খেলা

সিলেটে বৃষ্টির বাধায় বন্ধ খেলা বৃষ্টির কারণে ১.১৫ ঘণ্টা পরে খেলা শুরু হয়। তৃতীয় সেশনে এসে আবার বৃষ্টি আসে। জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪১। হাতে আছে ৬ উইকেট। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত উইলিয়ামস-বেনেট হালকা লাফিয়ে ওঠে মিরাজের বল। বুঝতেই পারেননি উইলিয়ামস। শর্ট কাভারে বল চলে যায় শান্তর হাতে। ১৩ বলে ৯ রান করেন তিনি। এরপরেই মিরাজের শিকার বেনেট। ফিফটি করে ছড়ি ঘোরাচ্ছিলেন এই ব্যাটার। উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন মুশফিকের হাতে। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৩ রান। তাইজুলে কাটা পড়লেন ওয়েলচ জোরালো এলবিডব্লিউর আবেদন। আম্পায়ারের আঙুল তুলতে দেরি করেননি। তাইজুল পেলেন তার প্রথম উইকেট, আর বাংলাদেশ পেল আরেকটি ব্রেকথ্রু, ঠিক চা বিরতির আগে! ফেরার আগে নিক ওয়েলচ করেছিলেন ১০ রান। মেহেদি ফেরালেন কারেনকে কারেন ভুলভাবে খেলেছেন এবং ধরা পড়েছেন! বাংলাদেশ কি এখান থেকে সুযোগ তৈরি করতে পারবে? প্রশ্নটা সময়ের হাতে তোলা থাক। অফ স্টাম্প লাইনে ফুল লেংথে একটি লোভনীয় বল ছিল। কারেন চেয়েছিলেন বলটা বোলারের মাথার উপর দিয়ে বা লং অনের দিকে মারতে। কিন্তু  ঠিকমতো টাইম করতে পারেননি। খালেদ আহমেদ ক্যাচে পরিণত হয়ে ৭৫ বলে ৪৪ করে ফেরেন কারেন। ওপেনিং জুটিতে বেনেট-কারান হাফসেঞ্চুরি করেন। তাও মাত্র ১২.৫ ওভারে। দুজনেই আক্রমণাত্বক ব্যাটিং করছেন। বেনেট ১৭ ও কারান ২৮ রানে ব্যাট করছেন। রানা-হাসান কেউই পাত্তা পাচ্ছেন না দুই ব্যাটারের সামনে। জাকেরে ভর করে ১৭৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের দ্বিতীয় বলেই ফেরেন শান্ত (৬০)। মিরাজ এসেও কিছু করতে পারেননি (১১)। হাসানকে সঙ্গে নিয়ে হাল ধরেন জাকের। দুজনের ৩৫ রানের জুটিই বাংলাদেশের লিড দেড়শ পার করে। জাকেরের ব্যাট থেকে আসে ৫৮ রান। মুমিনুল করেছেন ৪৭ রান। বাংলাদেশ থামে ২৫৯ রানে। লিড ১৭৩। মুজারাবানি একাই ৬ উইকেট নেন। এরপর জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামে। ১ ওভার খেলা হতেই বিরতিতে যায় দুই দল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাকের আলীর ফিফটি নাইউচিকে চার মেরে ১০৬ বলে ফিফটির দেখা পান জাকের আলী। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের লিড দেড়শ পার করেছেন। মিরাজরা তাকে সঙ্গ দিতে না পারলেও হাসান মাহমুদ দারুন সঙ্গ দিয়েছেন। দুজনের জুটিতে আসে ৯১ বলে ৩৫ রান। পরের ওভারেই মাসাকদজার শিকার হয়ে ফেরেন হাসান-খালেদ। হাসানের ব্যাট থেকে আসে ১২ রান। বল খেলেন ৫৮টি। মুজারাবানি-এনগারাবার গতিতে কাঁপছে বাংলাদেশ এবার সাজঘরে তাইজুল। বাংলাদেশের আরও একটি উইকেটের পতন। মিরাজের আউটের পর ক্রিজে আসেন তাইজুল। এনগারাবার বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। শুরুতে জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লেগেই বল যায় উইকেটের পেছনে। ক্রিজে জাকেরের সঙ্গী হাসান। মিরাজের বিদায়, মুজারাবানির ফাইফার  মুজারাবানির অফ সাইডের বল। গতির সঙ্গে হালকা বাউন্স ছিল। তাতে পরাস্ত মিরাজ। ডিফেন্ড করতে গয়ে কিছুটা দেরি করে ফেলেন। তারই মাশুল দিতে হলো উইকেট বিলিয়ে। বল ব্যাটের কানায় লেগে যায় গালিতে দাঁড়ানো বেনেটের হাতে। একটি করে ছয়-চারে ১৫ বলে ১১ রান করেন মিরাজ। তার আউটে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৩০ রানের লিড না হতেই হারালো ষষ্ঠ উইকেট। ৬ উইকেটের মধ্যে ৫টিই নেন মুজারাবানি। এটি তার তৃতীয় ফাইফার। জাকের ছাড়া আর কোনো বিশেষজ্ঞ ব্যাটার নেই। ক্রিজে এলেন তাইজুল। দিনের দ্বিতীয় বলেই শান্তর বিদায় দিনের দ্বিতীয় বলেই ফিরলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। মুজারাবানিকে অহেতুক পুল করতে গিয়ে বিদায় নেন এই সেট ব্যাটার। সহজ ক্যাচ ধরেন নাইউচি। শান্তর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। শান্তর আউটে দ্বিতীয় দিন কোনো রান হওয়ার আগেই উইকেট হারায় বাংলাদেশ। তার আউটে ভাঙে ৩৯ রানের জুটি। ক্রিজে জাকের আলীর সঙ্গী মিরাজ। খেলা শুরু হবে ১১টায়  মাঠকর্মীরা ব্যস্ত মাঠ প্রস্তুতের কাজে। অন্যদিকে ওয়ার্ম আপ করছেন দুই দলের ক্রিকেটাররা। প্রায় সোয়া ঘন্টা পিছিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হচ্ছে বেলা ১১টায় শুরু হবে। তৃতীয় দিনের অর্ধেক সময় বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বল মাঠে না গড়ানোয় আজ খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল পৌনে ১০টায়। তবে বৃষ্টিতে সম্ভব হয়নি। মধ্যাহ্নবিরতি দুপুর ১টা। আর চা বিরতি নেওয়া হবে বিকেল ৩টা ৪০ মিনিটে। শেষ সেশনের খেলা চলবে  ৪টা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। মাঠ পরিদর্শন ১০টায় তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছিল আগেভাগেই। কারণ ছিল আলোকস্বল্পতা, আর চতুর্থ দিনের সকালে হানা দিল বৃষ্টি। সকালে ঝোড়ো বৃষ্টি হইয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যা এখন আর নেই। তবে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু করেয়া সম্ভব নয়। দশটায় মাঠ পর্যবেক্ষণ করবেন দুই আম্পায়ার। স্বস্তি ও শঙ্কায় শেষ হয়েছে তৃতীয় দিন সিলেট টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। দিন শেষে বাংলাদেশ দল এগিয়ে আছে ১১২ রানে, হাতে আছে ৬ উইকেট। মাঠ ভেজা থাকায় প্রথম সেশনে খেলা হয়নি। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গত ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ১৩৭ রান। সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৯৪/৪ (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১*; জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট নিয়েছেন, অন্য উইকেটটি ভিক্টর নিয়াউচির।