‘স্বপ্নে কেয়ামত হতে দেখে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিই’

‘স্বপ্নে কেয়ামত হতে দেখে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিই’ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় মুখ নাহিদা আশরাফ আন্না। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ অভিনেত্রীর জন্মদিন। প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করা এই গ্ল্যামারকন্যা এখন রুপালি পর্দা থেকে অনেক দূরে। ব্যস্ততা তার পরিবার ও পার্লার ব্যবসা ঘিরে। অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে আন্না বলেন, “স্বপ্নে কেয়ামত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিই। সঙ্গে সঙ্গে তওবা করেছি, আর কখনো অভিনয় করব না।” তবে অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো রয়েছে তার। আন্না বলেন, “অভিনয়কে আমি সবসময় ভালোবাসি। কারণবশত কাজটা ছেড়ে দিয়েছি। বর্তমানে পার্লার বিজনেস নিয়ে খুবই হ্যাপি। এখানে নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছি।” চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা নিয়ে আন্না বলেন, “মান্না ভাই, ডিপজল সাহেব, শাকিব, রিয়াজ, ফেরদৌস ভাই— সবার সঙ্গেই কাজ করেছি। আমি নিজেকে খুবই লাকি মনে করি।” তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারকাদের ব্যক্তিগত জীবন সবার সামনে চলে আসে। আমার চাওয়া, সবাই যেন পেশাটাকে হাইলাইট করে, ব্যক্তিজীবন নয়।” শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে আন্না হয়ে উঠেছিলেন পর্দার পরিচিত মুখ। ২০০৬ সালে ‘ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। ২০০৯ সালে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তার।
সিদ্দিককে লাঞ্ছিত, শিল্পীদের বিরুদ্ধে মামলা: যা বললেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি

সিদ্দিককে লাঞ্ছিত, শিল্পীদের বিরুদ্ধে মামলা: যা বললেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি গত কয়েক দিনে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে একঝাঁক অভিনয়শিল্পীকে। প্রথমে ইরেশ যাকের, তারপর সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নাম প্রকাশ্যে এসেছে। গতকাল অভিনেতা সিদ্দিককে মারধর ও লাঞ্ছিত করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করা হয়। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে। এ নিয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সিদ্দিকের ওপর হামলা ও লাঞ্ছনা ঘটনা নিয়ে আজাদ আবুল কালাম গণমাধ্যমে বলেন, “সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, এটা তো মব। এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না। কেন যেন মনে হচ্ছে, মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে, করে যাও। আমাদের কিছুই করার নেই। একজনের রাজনৈতিক চিন্তাচেতনা থাকতে পারে। অভিনেতা হিসেবে সিদ্দিক সবার কাছে পরিচিত। কিছু লোক তাকে এভাবে রাস্তায় ধরে মেরে দেবে!” প্রশ্ন ছুড়ে দিয়ে আজাদ আবুল কালাম বলেন, “দলবদ্ধভাবে সিদ্দিককে শারীরিকভাবে আঘাত করেছে, আক্রমণ করেছে, গায়ে থেকে জামাকাপড় খুলে ফেলেছে, এরপর থানায় সোপর্দ করেছে। থানায় যদি সোপর্দ করতেই হয়, তাহলে প্রথমে কেন আইন হাতে তুলে নিল? তাকে হেনস্তা করে আইনের হাতে তুলে দেবে— এই মব জাস্টিস, মব ভায়োলেন্স সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এটা তো একটা সময় নানা স্তরে হবে। এসব কর্মকাণ্ড সরকারকেও প্রশ্নবিদ্ধ করছে। সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেখানে মব ভায়োলেন্স, সেখানে কঠোর হস্তে দমন করবে।” ঢালাওভাবে অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে বিস্মিত আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ঢালাওভাবে হত্যা মামলা হচ্ছে! দেখে মনে হচ্ছে, সবাইকে মামলার মধ্যে ফেলতে হবে। ৩০০-৪০০ জন মামলার আসামি, এটা অবাস্তব একটা অবস্থা। একজন সুবর্ণা মুস্তাফার মতো শিল্পী রাস্তায় গিয়ে মানুষকে গুলি করবে? যে মানুষটি মামলা করেছেন, তিনি আন্দোলনের সময় আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছিলেন; তিনি মামলা করেছিলেন অনেক লোকের নামে। মামলার নথিতে শিল্পীদের অনেকের নাম দেখলাম, তারা রাস্তায় নেমে মানুষকে গুলি করবে!” সরকারিভাবে এ ধরনের মামলাকে প্রতিরোধ করা উচিত বলে মনে করেন আজাদ আবুল কালাম। তিনি বলেন, “সরকারিভাবে, অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত হবে এ ধরনের মামলাকে প্রতিরোধ করা। নিরুৎসাহিত করা। যে ব্যক্তি মামলা করছেন, যদি প্রমাণিত হয়, শিল্পীরা কেউই গুলি করেনি, তখন তো এটা মিথ্যা মামলা হবে। এ রকম মিথ্যা মামলার ক্ষেত্রে, যে ব্যক্তি শিল্পীদের নামে মামলা করেছেন, তার কী শাস্তি হবে, তারও বিধান থাকতে হবে।” “কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা জানানোর একটা প্রক্রিয়া আছে। শুধু শিল্পী না, একজন খেটে খাওয়া সাধারণ মানুষের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি তার অপরাধ প্রমাণিত হওয়ার আগপর্যন্ত তাকে অপরাধী বলতে পারেন না। তাকে সামাজিকভাবে হেয় করতে পারেন না। মামলা করে তাকে সামাজিকভাবে হেয় করা শুরু করলেন, এই প্রক্রিয়া যদি চলতে থাকে, এটাই যদি আমাদের মনস্তত্ত্ব হয়, তাহলে বিভক্তি আরো বাড়বে।” বলেন আবুল কালাম আজাদ।
২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি স্কেচ ফাঁস হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্ক কেবল মাঠের খেলা নিয়েই নয়—তা ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও। বিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে জাতীয় দল যে লাল জার্সি পরত, এই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপ বলে ধারণা করা হচ্ছে। সমালোচনার ঝড়, নানান প্রশ্ন ডিজাইনটি সামনে আসতেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক ‘অপ্রয়োজনীয় রঙের রাজনীতি’। রাজনৈতিক ব্যাখ্যায় রঙ পায় বিতর্ক বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রঙকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, “আমাদের পতাকা কখনো লাল হবে না!” ডানপন্থি সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রঙ—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে। সিবিএফ-এর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া সামগ্রিক প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি কোনোভাবেই চূড়ান্ত নয়; এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকি-এর সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে। একবার হয়েছিল ব্যতিক্রমও ২০২৩ সালে ব্রাজিল একটি প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে কালো জার্সি পরে মাঠে নেমেছিল। সেটি ছিল বর্ণবাদের বিরুদ্ধে একটি প্রতীকী বার্তা, এবং তা এককালীন ব্যতিক্রম হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু এবার লাল জার্সি আনার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে স্থায়ী দ্বিতীয় কিট হিসেবে ব্যবহারের লক্ষ্যে—এবং সেখানেই মূলত সমস্যা দেখছে অনেকেই।
রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার

রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার রিয়াল মাদ্রিদের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠ ও মাঠের বাইরে কঠিন বাস্তবতার সম্মুখীন লস ব্ল্যাঙ্কসরা। তারা চ্যাম্পিয়নস লিগেরে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হয়ে বাদ পড়ে। এরপর শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে বসে। এই ম্যাচের অন্তিম মুহুর্তে একটা সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির দিকে তেড়ে যেতে চান রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। বেঞ্চের বাকিরা মিলে তাঁকে থামায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) এমন আচরণের জন্য জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছে। আরএফইফের আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার খড়গও আসতে পারত রুডিগারের উপর। একই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো লুকাস ভাসকেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড ব্যালিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে আরএফইফ। রেফারি রিকার্দো দে বুরহোসের তার রিপোর্টে লিখেন, “বদলি খেলোয়াড় রুডিগার ১২০তম মিনিটে টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারার কারণে লাল কার্ড দেখেন। তাকে শান্ত করতে দলের কোচিং স্টাফের অনেক সদস্যকে হস্তক্ষেপ করতে হয়, কারণ তিনি আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন।”
ফয়সালাবাদ ও লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ টি-টোয়েন্টি

ফয়সালাবাদ ও লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ টি-টোয়েন্টি মে মাসে পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। ফয়সালাবাদ ও লাহোরে হবে এই ম্যাচগুলো। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে ২৭ মে দ্বিতীয় ম্যাচ। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। ৩০ মে, ১ ও ৩ জুন পর্যায়ক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩০ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এই বৈশ্বক আসর বিবেচনায় রেখে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। মে মাসে এই পাঁচ টি-টোয়েন্টির পর জুলাইতে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এদিকে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালের ১১ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান এই মাঠে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল। লম্বা সময় পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে। নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফয়সালাবাদে। তবে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই স্টেডিয়ামে। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কার্যত নির্বাসনে চলে যায় পাকিস্তানের সব ভেন্যু। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফয়সালাবাদে এখনো মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।
আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা

আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা দেশজুড়ে নাগরিকদের সেবা গ্রহণের পদ্ধতিকে সহজ, সুলভ ও যুগোপযোগী করতে চালু হচ্ছে নতুন এক সেবা আউটলেট— ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’। ‘এক ঠিকানায় সকল সেবা’ স্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই স্থান থেকে একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন। বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’। সংক্ষেপে ‘নাগরিক সেবা’। যা থাকবে বাংলাদেশের সব শহরে, সব গ্রামে, সব ওয়ার্ডে।’ আগামীকাল (১ মে) সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, ‘নাগরিক সেবা বাংলাদেশ’-এর আওতায় জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, বিভিন্ন সরকারি ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ গুরুত্বপূর্ণ সেবা একই কেন্দ্রে পাওয়া যাবে। এতে নাগরিকদের সময়, অর্থ ও হয়রানি- সবকিছুই কমবে।
আট অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আট অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এ অবস্থায় বৃহস্পতিবার (১ মে) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হযেছে, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার (২ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৪ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ওয়াশিংটন উভয় পক্ষকে উত্তেজনা কমাতে আহ্বান ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, “আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরো ঘোলাটে না করে।” তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বাস করেন কূটনীতির নেতৃত্ব নেওয়া উচিত। ব্রুস বলেন, “পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য জাতীয় নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদেরও ‘এই বিষয়ে দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেছেন’।” ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ২২ এপ্রিল সংঘটিত ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ফলে ২০০০ সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি। ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি, যা দুই দেশের মধ্যে অসংখ্য সংঘাতের পরেও টিকে আছে। পরের দিন, পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত রাখার এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়। ভারতের দাবি, এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ জড়িত থাকতে পারে, যদিও তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেনি। বিপরীতে, পাকিস্তান দৃঢ়ভাবে এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সত্য উদঘাটনের জন্য ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ বুধবার ভোরে সতর্ক করে বলেছিলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে। মন্ত্রী ভারতের এমন পদক্ষেপের সমালোচনা করে বলেন, ভারত এই অঞ্চলে ‘বিচারক, জুরি এবং জল্লাদের স্ব-নির্ধারিত ভূমিকা’ গ্রহণ করছে। নয়াদিল্লির এমন ভূমিকাকে ‘বেপরোয়া ও অস্থিতিশীলকারী’ হিসেবে চিহ্নিত করেছে ইসলামাবাদ। তিনি সংযম ও আঞ্চলিক শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের কারণে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ধরনের সহিংসতার যন্ত্রণা ও পরিণতি বোঝে।
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে

রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে ২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের তারিখ আগামী ৮ মে ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ এবং মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। ২০১৪ সালের ২৩ জুন এ মামলায় রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালের ৮ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। একই বছরের ১৪ মার্চ চূড়ান্ত যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। পরে আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর মামলাটি যায় বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চে। সেখানে দীর্ঘদিন থাকার পরও মামলাটির শুনানি হয়নি। ২০০১ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন।
পাকিস্তানের পদক্ষেপে পিছু হটলো ভারতের যুদ্ধবিমান

পাকিস্তানের পদক্ষেপে পিছু হটলো ভারতের যুদ্ধবিমান জুম্ম ও কাশ্মীর সীমান্তে ভারতের রাফায়েল যুদ্ধবিমান টহল দিতে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর দ্রুত পদক্ষেপে এ ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ভারতের যুদ্ধবিমান জাম্মু ও কাশ্মীর সীমান্তে টহল দিচ্ছিলো। এ সময় পাকিস্তানের বিমানবাহিনী তাদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানবিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। পুলওয়ামা থেকে বর্তমান পর্ব পর্যন্ত তিনি (মোদী) জনগণকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনী সুবিধা অর্জনের জন্য বারবার নাটক মঞ্চস্থ করেছেন বলেও অভিযোগ করেন রানা সানাউল্লাহ খান। কোন সন্দেহ নেই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, চূড়ান্ত ও উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়।