শাহরুখের মতো রোমান্স কেউ পারে না : মাধবন

শাহরুখের মতো রোমান্স কেউ পারে না : মাধবন বলিউড তারকা আর মাধবন মনে করেন, বলিউডের সিনেমায় রোমান্স বলতে এখনো সবার আগে আসে শাহরুখ খানের নাম। তবে একইসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, পরিণত প্রেমের গল্পগুলো এখন ভারতীয় সিনেমা থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। কারণ শাহরুখের মতো অভিনেতা বয়সকে জয় করে এখনো চামিং থাকলেও তার পাশে মানানসই নায়িকা পাওয়া কঠিন। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন বলেন, ‘শাহরুখ খানের মতো রোমান্স কেউ পারে না।’ তিনি শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘এই ধরনের রোমান্টিক চরিত্রে শাহরুখ অনন্য। এখনো তার সিনেমায় প্রেম খুঁজে দর্শক। এটা একটা অবিশ্বাস্য ট্রেডমার্ক।’ তবে বর্তমান সময়ে এই ধরণের প্রেমের গল্প দেখা যাচ্ছে না কেন সে প্রসঙ্গে মাধবন বলেন, ‘এই বয়সে প্রেমের গল্প বলতে গেলে সেই বয়সী নায়িকাও দরকার। শাহরুখের জন্য পারফেক্ট নায়িকা এখন আর পাওয়া যাচ্ছে না।’ স্ট্রিমিং যুগে এসে ভারতীয় সিনেমায় রোমান্টিক ঘরানার দুর্দশার কথা তুলে ধরে মাধবন বলেন, ‘আমি আজ পর্যন্ত কোনো ভারতীয় রোমান্টিক ছবি দেখিনি যা ওটিটি প্ল্যাটফর্মে সফল হয়েছে। কোরিয়ান ড্রামা চলে, কিন্তু আমাদের এখানে বয়স উপযোগী প্রেমের গল্পই তৈরি হচ্ছে না।’ মাধবনের মতে, পরিণত প্রেমের গল্পে যে গভীরতা ও অভিজ্ঞতা থাকে তা বর্তমান প্রজন্মের কাছে নেই। তার ভাষায়, ‘আমাদের প্রজন্ম জানে সম্পর্কের মূল্য কতটা। আমরা অনেক কিছু পার করে এসেছি। ভালোবাসাকে আরও গভীরভাবে বুঝি। কিন্তু এখন সবকিছুই খুব শর্টকাটে হচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলোও একটা চাওয়া পাওয়ায় আটকে গেছে।’ তিনি আরও বলেন, ‘রোমান্টিক ঘরানার সিনেমা করা খুব সহজ। কিন্তু আমরা লেখক পাচ্ছি না। যারা ‘As Good As It Gets’-এর মতো ছবিকে রোমান্টিক ভাবতে পারেন, তাদের মতো লেখক দরকার। সেই সিনেমার সংলাপগুলো এখনো ভুলতে পারি না আমি।’ সর্বশেষ মাধবনকে দেখা গেছে ‘কেসারি চাপ্টার ২’ সিনেমায়। তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ‘ডানকি’ ছবিতে। তিনি আগামীতে ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন।

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত এবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ এখন থেকে ভারতে দেখা যাবে শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল।  পাকিস্তানি তারকাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির নীতিনির্ধারণী মহলের ধারণা, চ্যানেল নিষিদ্ধ করায় ভারত থেকে কেউ শহিদ আফ্রিদির ভিডিও দেখতে পারবেন না। এতে আফ্রিদির চ্যানেলের ভিউ অনেক কমে যাবে। সেক্ষেত্রে আয়েও ধস নামবে। একই ঘটনার জেরে এর আগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা-বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ছিল দেশটির। প্রথম দফায় নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে চারটি ছিল ক্রিকেটারদের, যাদের সবাই সাবেক তারকা। যাদের চ্যানেল নিষিদ্ধ হয়েছিল, তারা হলেন- কিংবদন্তি বোলার শোয়েব আখতার, সাবেক অধিনায়ক বাসিত আলি ও রশিদ লতিফ এবং ফাস্ট বোলার তানভীর আহমেদ। ওই তালিকায় শহিদ আফ্রিদির চ্যানেলের নাম রাখা হয়নি। পরে ভারতীয়দের কেউ কেউ এই অলরাউন্ডারের চ্যানেলও নিষিদ্ধের দাবি তোলে। এরপরই সরকারের এমন উদ্যোগ। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলা ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতা আর অযোগ্যতার কারণেই হয়েছে বলে মন্তব্য করেন শহিদ আফ্রিদি। পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ভারতে যদি কোনো বাজি ফাটে, তাহলে দোষটা পাকিস্তানের ওপর বর্তাবে। কাশ্মীরে ৮ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও যদি সেখানে এমন কোনো হামলার ঘটনা ঘটে, তবে এটা স্পষ্ট যে ভারতীয় সেনাবাহিনী অযোগ্য। ভারতীয় সেনাবাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারে না।’ শহিদ আফ্রিদি আরও বলেন, ‘এক ঘণ্টা ধরে পহেলগামে জঙ্গিরা মানুষ মারলো। ৮ লাখ ভারতীয় সৈন্যের মধ্যে একজনকেও দেখা গেলো না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।’ সাবেক পাক অলরাউন্ডারের মতে, পহেলগাম কাণ্ড পুরোটাই সাজানো। তিনি বলেন, ‘ভারত নিজেরাই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এসেছি।’

বাংলাদেশ সীমান্তে ভারতের হাই অ্যালার্ট

বাংলাদেশ সীমান্তে ভারতের হাই অ্যালার্ট পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড এবং সেখানে পাকিস্তানের আইএসআই ও পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের ক্রমবর্ধমান উপস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে সংস্থাগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাকিস্তান তার বাংলাদেশি প্রতিপক্ষদের সাথে সাথে সেখানকার উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলির সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে শত্রুতা শুরু হলে ভারতের জন্য সমস্যা তৈরি করতে পাকিস্তান সম্ভবত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় এলাকায় সমর্থনকারী এই উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে।” ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব প্রকাশ করছে ভারত। দেশটির সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে নিয়মিতভাবে ভুয়া নেতিবাচক সংবাদ পরিবেশন করছে। এর পাশাপাশি ভারতে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতারা বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দাঙ্গার পর ভারতীয় সংস্থাগুলো বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় সহিংসতায় তিনজন নিহত এবং শত শত আহত হয়।  প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। গত কয়েক দিন ধরেই দুই দেশের সীমান্তে গুলি বিনিময় হচ্ছে। বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসরটিকে সামনে রেখে সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  আজ লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুর নাম ঘোষণা করা হয়। লর্ডস ছাড়াও ভেন্যুর তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। এরই মধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাই পর্ব থেকে। ১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ হবে না: প্রধান উপদেষ্টা

শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ হবে না: প্রধান উপদেষ্টা ‘নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। ’মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। কাজেই এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করি, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, যারা আহত হয়ে জীবন সংগ্রামে রত আছে, যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে, এটা আমাদের দায়িত্ব এবং মস্তবড় সুযোগ। এ রকম কঠোর আকাঙ্ক্ষা একযোগে সৃষ্টি হয়েছে, যা আগে কখনো হয়নি। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে শ্রমিকদের আকাঙ্ক্ষা কী হবে সেটা তুলে ধরা হয়েছে। যেসব সুপারিশ এসেছে তাতে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। কঠিন বিষয়কে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি বলেছি একটা তালিকা দেন, যেগুলো তাড়াতাড়ি করা য়ায়। উনি (কমিশন প্রধান) বললেন, তালিকা নিয়ে এসেছি। আমাদের দায়িত্ব হলো আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এগুলো সমাপ্ত করে কঠিনগুলোর দিকে আস্তে আস্তে রওনা হবো। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নেই। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কমিশনের রিপোর্ট  যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেলো—আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। আমরা সেই পথে যাত্রা শুরু করেছি। এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।7474

না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু

না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব নারী সমাজের অহংকার গৌরি চন্দ সিতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌরি চন্দ সিতু রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন, ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিনী গৌরি চন্দ সিতু সচেতন নাগরিক কমিটি সনাকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসিন্দা ছিলেন। আজ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামে। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তারা খবর পান যে, রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমানসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ আহম্মেদ রায়হান শরিফ, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারী কলেজের প্রদর্শক আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক দুরুল হোদা, আনসার ভিডিপির প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা। আলোচনাসভায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সিসি ক্যামেরা স্থাপন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ, ফটোস্ট্যাট এর দাকান বন্ধ, রাস্তার পাশে ইমারত নির্মানের সামগ্রী অপসারন, নাচোল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রন, উপজেলা টু বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্মানাধীন ড্রেন দ্রুত নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে যা বললেন পরীমণির গৃহকর্মী

সংবাদ সম্মেলনে যা বললেন পরীমণির গৃহকর্মী ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার বাসায় দায়িত্ব পালন করা গৃহকর্মী পিংকি আক্তার। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে পরীমণির বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। গৃহকর্মী পিংকি আক্তারের ভাষ্য, ‘‘পরীমণি আমাকে মারছে আর বলছে, তুই কি করতে পারবি। তোরে মাইরা যদি বক্সে ভইরা রাখি আমার দুই কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সাধারণত বাচ্চাকে দুই ঘণ্টা পর পর সলিড খাবার দিতে হয়। যখন আমি বাচ্চাকে খাবার দিচ্ছিলাম তখন দুই ঘণ্টা হয় নাই। বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে।’’ পিংকি আক্তার অভিযোগ করেন, পরীমণি একটি বাচ্চা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করার কথা বলে পরে বাসার সব কাজ করিয়েছেন। পিংকি আক্তার বলেন, ‘‘ উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য। কিন্তু আমি উনার বাসায় যখন যাই আমাকে দুইটা বাচ্চা দেখাশোনা করা, রান্না করাসহ যাবতীয় কাজই করতে হয়। দেখা গেছে রান্না করার কিছু নাই বাজারের লিস্ট লিইখা বলছে,  বাজারে যাওয়ার জন্য। আমি বাজারের লিস্ট লিখতেছি, কি কি লাগবে। সৌরভ বলতেছে, এইটা একটু পরে করো। আমি বলতেছি, ভাইয়া আপুতো বলতেছে এখনই দেওয়ার জন্য না হলে আবার আয়া বকাবকি শুরু করবো। আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছে যে, ঠিক আছে। যখন আমি বাচ্চার কাছে যাই পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে। বললো যে, পিংকি ওকে একটু সলিড খাবার দাও। আমি বলছি,  ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ মিনিট বাকি আছে তো সলিড খাবার একটু পরে দেই, এখন দুধ দেই। বাচ্চাটা আগে যে রাখতো, ও এরকমভাবে বাচ্চা কাঁদলে মাঝে মাঝে একটু দুধ দিতো। তার জন্য আমিও দুধ দিচ্ছি। হঠাৎ করে মেকআপ রুম থেকে বকে-বকে আসতেছে আবার বলতেছে, এই তুই কার কথায় দুধ দেছ। আমি আর কোনো কথা বলি নাই। আমার ধারে আইসে দাঁড়াইছে। বলতেছে যে, দুধ কি দিয়া বানাইছ? তখন আমি দুধ যেভাবে বানাই ওভাবে বলছি। পরে এইটা বলার পরে বলছে যে, তুই কার অনুমতিতে দুধ দিতেছোস? এই কথা বলে আমাকে থাপড়াইছে। কিন্তু সৌরভ দাঁড়িয়েছিলো, উনি কোনো কথাই বলে নাই। পরীকে ধরতেছেও না। আমি নিচে পড়তেছি আর উঠতেছি। এই রকম বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমাকে মারছে। ’’ শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পরে পিংকি আক্তার তার এজেন্সিকে জানিয়ে কোনো সহযোগিতা পাননি বলেও জানিয়েছেন। এরপর তিনি ৯৯৯- এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নিয়েছেন। পিংকি আক্তার বলেন, ‘‘আমি সেন্সলেস হয়ে যাই। এরপর বৃষ্টি নামের আরেকটি মেয়ে ছিল। সে বলে যে আপু ওর অবস্থা অনেক খারাপ। আমার বাম চোখ ফুলে গিযেছিল। ও বরফ দিছে, নাপা খাওয়াইছে। এরপর আমি যখন একটু কথা বলতে পারছি তখন বলছিযে, আপু আমি আপনার পায়ে পড়ি হয়তো আমাকে হাসপাতালে নিয়ে যান, না হয়তো ছেড়ে দেন। উনি গৃহকর্মীকে নির্যাতন করার পরেই তার ফোন নিয়ে নেয়। কিন্তু আমার ফোন সাইলেন্ট করা ছিল, ওয়ারড্রোবের ভেতরে ছিল। আমি  এজেন্সিকে ফোন দিছি। অনেক কান্নাকাটি করেছি। বলেছি আমাকে এক ঘণ্টার ভেতরে আইসা নিয়ে যান। নয়তো হাসপাতালে নিতে বলেন। উনি বলছে যে ঠিক আছে। এরপর দুই তিন ঘণ্টা চলে গেছে। এরপর নিরুপায় হযে আমি ত্রিপল নাইনে ফোন দেই। এরপর ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম, উনার ফোন নম্বর দেয়; উনাকে ফোন দেই। উনি বলছে, তোমাকে যে মারছে, যদি কোনো দাগ থাকে ছবি পাঠাও।  চোখের ছবি দিলাম। পরীমনি যখন বুঝতে পেরেছে পুলিশ আসতেছে, তখন বৃষ্টিকে বলছে, ওকে বের করা তাড়াতাড়ি।’’ পিংকি আক্তারের আরও অভিযোগ, ‘‘বৃষ্টি আমাকে বোরকা পরার টাইমটাও দেয় নাই। নেমে আমি গেইটে দাঁড়িয়ে থাকি। পুলিশ এসে আমাকে দেখে। বলে, তুমি কি এখান থেকে যাইতে পারবা নাকি আমরা তোমাকে হেল্প করবো। আমি বলছি যেতে পারবো। রিকশায় যাওয়ার পথে অবস্থা খারাপ হয়ে যায়। রিকশাওয়ালা আমাকে সিএনজিতে তুলে দেয়। উনি আমাকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে ডাক্তার দুইটা ইনজেকশন দেয়। একটু সুস্থ হওয়ার পরে উনারা আমাকে বলে, তোমাকে ঢাকা মেডিকেলে যেতে হবে। এখানে সিট নাই। ভর্তি নিতে পারছি না। এজেন্সিকে ফোন দেই, কিন্তু কেউ আসে নাই। দুই-তিন দিন অপেক্ষা করাইছে যে, উনারা কোনো একটা ডিসিশন নিবে। বিচার পাইয়ে দেবে। আমাকে বলে যে, বিষয়টা কোর্টে যাচ্ছে। কিন্তু কোর্ট থেকে আমাকে কোনো ফোন দেয় নাই। নিরুপায় হইয়া আমি মামলায় যাই।’’ উল্লেখ্য, পিংকি আক্তারের আনা অভিযোগ কতটা সত্য, তা এখনও প্রমাণিত নয়।

তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!

তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার! গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। সেই গানের রেশ থাকতে না থাকতেই মঙ্গলবার নতুন গান উপহার দিলেন জেফার। গানের শিরোনাম—‘তীর’। জেফারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তীর’ গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির। ‘তীর’ গানটি প্রকাশ পেতেই জেফারের ভক্তদের জন্য এলো আরেক সুখবর। সেটি হলো—পরিচালক শিহাব শাহীনের নতুন প্রজেক্টে নায়িকা হচ্ছেন জেফার রহমান। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েবে নায়ক থাকছেন আলোচিত গায়ক প্রীতম হাসান। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হবে এই ওয়েব ফিল্ম। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ৪ মে, ঢাকায়। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে। সবশেষ ‘অ্যালেন স্বপন সিজন ২’-এ অভিনয় করতে দেখা গেছে জেফারকে। এর আগে, গত বছর ‘লাস্ট ডিফেন্স অব মনোগ্যামি’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী।