পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিলো দিল্লি। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শুক্রবার এক আদেশে বলেছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।” ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। হামলার পরপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। এগুলোর মধ্যে অন্যতম ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার একমাত্র স্থল বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে মূলত ওষুধজাত পণ্য, ফল ও তেলবীজ আমদানি করে থাকে ভারত। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত। তাতে ভারতের আমদানির পরিমাণ ক্রমাগত হ্রাস পায়। সর্বশেষ ২০২৪-২৫ সালে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানি পরিমাণ মাত্র শূন্য দশমিক ০০০১ শতাংশে নেমে আসে।
জায়েদ খানের বিয়ের গুঞ্জনের রহস্য ফাঁস!

জায়েদ খানের বিয়ের গুঞ্জনের রহস্য ফাঁস! ঢাকাই সিনেমার রঙিন দুনিয়ার চিরচেনা মুখ জায়েদ খান। পর্দার বাইরেও আলোচনায় থাকেন; মাঝেমধ্যে ক্যামেরার বাইরেই তিনি বেশি নাটকীয়! কখনো শিল্পী সমিতির নির্বাচন, কখনো ডিগবাজি, আবার কখনো তারকা কাণ্ড— সব মিলিয়ে তিনি যেন খবরের শিরোনামের ‘ডিফল্ট সেটিং’। তবে এবারের চমকটা একটু ভিন্ন। ঢাকায় গুঞ্জন উঠেছে— ভাইরাল এই নায়ক নাকি মার্কিন মুলুকে গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন! কনে একেবারে ‘হাই-ফাই’ যুক্তরাষ্ট্রের নাগরিক! গোপনে সংসারও নাকি গুছিয়ে ফেলেছেন! সোশ্যাল মিডিয়ায় ঝড়—‘অভিনন্দন জায়েদ ভাই’, ‘বউয়ের ছবি কই?’, ‘মধুচন্দ্রিমা কোথায়?’ এত উত্তেজনার শুরুটা কিন্তু ছিল বেশ নিরীহ। ঘটনাস্থল: মগবাজার, একটি টং দোকানের পাশে চায়ের আড্ডা। চরিত্র: তিন সাংবাদিক— ইমরুল শাহেদ, আমি এবং রুহুল আমিন ভূঁইয়া। আলোচনা চলছিল ফেসবুকে মনিটাইজেশন নিয়ে। আমিই বলেছিলাম, “আমার ফেসবুক মনিটাইজড, ছবি দিলেই ডলার আসে!”মজা করেই বলা। এ কথা শুনে রুহুল আমিনও বলল, “তাহলে আমিও ছবি দিব।” এবং সে দিয়েও দিলো জায়েদ খানের সঙ্গে একটি পুরোনো ছবি। ক্যাপশন নিয়ে একটু ভাবনা-চিন্তা হলো। আমি বললাম, ‘‘শুভ কামনা’ দিয়ে দাও।” ব্যস, রুহুল আমিন ক্যাপশনে লিখে দিলো : “শুভ কামনা রইলো।”আর তাতেই ফেসবুকবাসীর কল্পনার পালে পুরো হ্যারিকেন! কমেন্টে শুভেচ্ছার বন্যা। কেউ কেউ তো নিশ্চিত ভঙ্গিতে বলে বসলেন—“বিয়ে করে ফেলেছেন চুপিচুপি!” নিউ ইয়র্ক থেকে ফোনে যোগাযোগ করা হলে হেসে ফেলেন জায়েদ খান। বলেন, “আমাকে নিয়ে মানুষ কিছু না কিছু মজা করতেই চায়। তাই এমন গুজব রটেছে।” বিয়ের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি এখন নিউ ইয়র্কে। নতুন কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। শিগগিরই ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ।” জানা গেছে, জায়েদ খান এখন আন্তর্জাতিক শো এবং মিডিয়া প্রজেক্ট নিয়েই ব্যস্ত। কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই— সবখানে পারফর্ম করছেন। এর পাশাপাশি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে সেলিব্রিটিদের নিয়ে টক শো উপস্থাপনাও করছেন। তার সর্বশেষ সিনেমা ‘সোনার চর’ মুক্তি পেয়েছিল গত বছরের শুরুতে। সেখানে ছিলেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহির মতো তারকারা। তো আপাতত বিয়ের ঘণ্টা নয়— শুধুই কাজের সুর বাজছে জায়েদ খানের জীবনে। তবে কে জানে, পরবর্তী সিনেমার নাম হলেও হতে পারে ‘মার্কিন বধূ’!
সত্যিই কি সালমান-শাবনূরের প্রেম ছিল, যা জানালেন ডন

সত্যিই কি সালমান-শাবনূরের প্রেম ছিল, যা জানালেন ডন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ, শাবনূর। এই জুটির কাছের বন্ধু জনপ্রিয় খল নায়ক ডন। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন কতটা সত্য। সালমান শাহ-এর সঙ্গে শাবনূরের প্রেম ছিল নাকি ছিল না প্রশ্নের জবাবে ডন বলেন, ‘‘সালমান, শাবনূর একটা জুটি। এদের প্রেম-প্রীতির ওপরই একটা সিনেমা ডিপেন্ড করত। ফিল্মের নায়ক-নায়িকার মধ্যেতো প্রেম থাকতেই হবে, নাহলেতো সিনেমা হবে না। কিন্তু অরজিনাল প্রেম আর ফিল্মের প্রেমতো এক না।’’ বলা হয় অকাল প্রয়াত নায়ক সালমান শাহ-এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডন। তাকে সালমান শাহ-এর হত্যাকারীও মনে করেন সালমান শাহ-এর মা নীলা চৌধুরী। এ বিষয়ে, ডন বলেন, ‘সালমান শাহ যখন মারা গেলো আমি তখন ঢাকাতেই ছিলাম না, ছিলাম বগুড়াতে। মা হিসেবে ছেলের বিচার চাইতেই পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে, পেঁচিয়ে করবে এটা অস্বাভাবিক ব্যাপার।’’ ডন ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তার সঙ্গে সালমান শাহ-এর শেষ দেখা হয়েছিল সালমানের শ্বশুরবাড়িতে। রাতে সালমান, সামিরা এবং ডন একসঙ্গে ডিনার করেছিলেন। এরপর তারা তাকে ডলফিন কোচে উঠিয়ে দিয়েছিলেন। ওই কোচে বগুড়া গিয়েছিলেন ডন।
নেইমারের কাছ থেকে ‘উপহার’ পেলেন পলাশ!

নেইমারের কাছ থেকে ‘উপহার’ পেলেন পলাশ! ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার ইনস্টিটিউটের কাছ থেকে বিশেষ উপহার পেলেন কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু ও একটি জার্সি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া। সেই রবিন সেলিব্রিটি ক্রিকেট খেলতে এখন ঢাকায়। আর ঢাকায় ফিরেই তাকে দেখা গেলো ব্রাজিল ফুটবল দল ও নেইমারের একনিষ্ট ভক্ত পলাশের সঙ্গে! এসময় পলাশের হাতে তুলে দিলেন বিশেষ উপহার! এ নিয়ে একটি ভিডিও পোস্টও করেছেন পলাশ। যেখানে দেখা যায়, পলাশের হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু। তিনি এটি নিয়ে বলছিলেন, এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে! এসময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ। রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন। এসময় রবিন মিয়াকে বলতে শোনা যায়, পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে হলো ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক। পাশে বসা পলাশকে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরও বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাব। জিয়াউল হক পলাশ বলেন, আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এটি রবিন ভাই আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের ওপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল। প্রসঙ্গত, নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়াভিত্তিক উন্নয়নমূলক কাজ করে থাকে। আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেয়। আর এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশি যুবক রবিন মিয়া।
মেট্রোরেলের নির্বিঘ্ন চলাচলে আরো ৫ স্টেশনে বিশেষ ব্যবস্থা

মেট্রোরেলের নির্বিঘ্ন চলাচলে আরো ৫ স্টেশনে বিশেষ ব্যবস্থা বৈদ্যুতিক গোলযোগের মতো নানা ত্রুটি দ্রুত সারিয়ে মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকে পাঁচটি স্টেশনে নিয়মিত থাকছেন কারিগরি দলের কর্মীরা। এতদিন শুধু উত্তরার দিয়াবাড়ি ডিপোতেই ছিলেন তারা। এখন শাহবাগ, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশনেও দায়িত্ব পালন করছেন কারিগরি দলের কর্মীরা। এতে মেট্রোরেলের যেকোনো সমস্যার সমাধান মিলবে সহজেই, ভোগান্তি কমবে যাত্রীদের। মেট্রোরেলে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন ৪ লাখের বেশি যাত্রী। কিন্তু, অনেক সময় কারিগরি ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় ট্রেন, বিপাকে পড়েন যাত্রীরা। এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, এত দিন মেরামতের জন্য নিয়োজিত কর্মীরা বসতেন শুধু দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোতে। ফলে, ফার্মগেট, শাহবাগ বা মতিঝিলের মতো দূরের স্টেশনে কোনো সমস্যা হলে উত্তরা থেকে সড়কপথে যানজট ঠেলে কারিগরি দলের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগত। গত বৃহস্পতিবার থেকে ডিপো ছাড়াও আরো পাঁচটি স্টেশনে এই কর্মীদের থাকা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। এর আগে, মেট্রোরেলের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হলেও তা আমলে নেয়নি বিগত সরকার। যোগাযোগ বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেছেন, আগামী দিনে মেট্রোরেল চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে সঠিক পরিকল্পনা ও জবাবদিহি থাকতে হবে। মেট্রোরেলের এমআরটি সিক্স লাইনে মোট স্টেশন ১৭টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু আছে।
র্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড

র্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড আইসিসি নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র্যাংকিং আপডেট প্রকাশ করেছে শুক্রবার। যেখানে বড় উত্থান ঘটেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের, আর বাংলাদেশ পিছিয়ে পড়েছে একধাপ। বাংলাদেশকে পেছনে ফেলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০। আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে। এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে, যা ভবিষ্যতে শীর্ষ দশে প্রবেশের জন্য তাদের অবস্থানকে আরও মজবুত করেছে। র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে। শীর্ষ আট দলে কোনো অবস্থান পরিবর্তন হয়নি, তবে নিউজিল্যান্ড ২ পয়েন্ট বৃদ্ধি করে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের (২৬০) খুব কাছাকাছি চলে এসেছে। এছাড়া চারটি দল – মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা – প্রয়োজনীয় সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় র্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে। ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে ইউএই (ইউএই) জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবর্তে। নতুন চক্রে (২০২৫-২০২৯) পাঁচটি সহযোগী দেশ ওয়ানডে মর্যাদা পেয়েছে—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস এবং ইউএই।
নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম

নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রিকেট কাঠামো ও নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, যে কেউ নিজের জেলা বা বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ, তার বোর্ডে আসা উচিত নয়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির এক আলোচনা অনুষ্ঠানে তামিম বলেন, “আমার অনুরোধ থাকবে—ক্রিকেট বোঝেন, এমন লোককেই কাউন্সিলর করা হোক। যাদের স্বপ্ন আছে—জেলার ক্রিকেট, দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। তারা যেন বোর্ডের দায়িত্বে আসেন। ” “বোর্ডে এসে নিজের জেলা ভুলে যাওয়া ঠিক নয়” তামিম অতীতে দেখা বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “অনেক সময় দেখা যায় কেউ জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তারপর পরিচালক হন। কিন্তু পরে নিজ জেলা বা অঞ্চলের কথা ভুলে যান। এটা মোটেও কাম্য নয়। বরং নেতৃত্ব মানেই হচ্ছে নিজের ঘরের উন্নয়নে অবদান রাখা। ” “বরিশালেও মানসম্পন্ন ক্রিকেট লিগ নেই” আঞ্চলিক ক্রিকেট কাঠামোর দুর্বলতার কথাও অকপটে বলেন দেশসেরা এই ওপেনার। “কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলাম। দেখলাম, সেখানেও ভালো মানের একটি লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেট আমাদের সবচেয়ে বড় খেলা!” তিনি মনে করেন, শীর্ষ নেতৃত্বে আসার আগে স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো জরুরি। “ঘরোয়া উন্নয়ন ছাড়া বোর্ডে দায়িত্ব অযৌক্তিক” তামিম ইকবালের ভাষায়— “ক্রিকেট যদি দেশের সবচেয়ে বড় খেলা হয়, তাহলে নিজের জেলা বা বিভাগের ক্রিকেট উন্নত না করে বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই। আগে ঘরের কাজ ঠিক করতে হবে, তারপর জাতীয় দায়িত্ব নিতে হবে। ”
চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হয়। এরপর জেলা প্রশাসন এবং কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তররের ম্লোগাণ ছিল- ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,রাজশাহীর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম,জেলা মোটর শ্রমিক ইউনিয়নসভাপতি সাইদুর রহমান,জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক দেলোয়ার হোসেন, শিল্প মালিক আকবর হোসেন,জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা রিপন আলীসহ অন্যান্যরা। কর্মসূচীতে মোটর শ্রমিক,স্বর্ণ কারিগর শ্রমিক,হোটেল শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজস্ব আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করে। আলোচনা সভায় বক্তরা বলেন, দিবসটি গোটা বিশে^ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। ১৮৮৬ সালে আমেরকিার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ শ্রমিকদের স্মরণে দিবসটি শ্রমিক আন্দোলনের আন্দোলন উদযাপন দিবস হিসেবে পালিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তরা আরও বলেন, এ বছর দেশে দিবসটিতে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এখনও অনেক কাজ করতে হবে। শ্রমিকদের অনেক দাবি আছে সেগুলি পূরণ করতে হবে।
ইয়াশ-তটিনীর নতুন প্রেমের গল্প

ইয়াশ-তটিনীর নতুন প্রেমের গল্প আবারও রোমান্টিক জুটি হয়ে আসছেন এ প্রজন্মের আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মজুমদার শিমুলের রচনায় রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নতুন নাটকে কাজ করেছেন তারা। প্রেমের গল্পের এ নাটকের নাম ‘কী মায়ায় জড়ালে’। গল্পে দেখা যাবে, সুস্মিতাদের বাড়ির দরজায় উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে সোহেল। সে সময় সুস্মিতা বাইরে থেকে আসে। সোহেলকে এ রকম করতে দেখে জিজ্ঞেস করে কী চায় এখানে? সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় সোহেল। আসলে সুস্মিতাকে পছন্দ করে সোহেল। কিন্তু সামনে গিয়ে বলতে পারে না। দূর থেকে চুরি করে দেখার চেষ্টা করে। সুস্মিতা আগে থেকেই বিষয়টা জানে। মনে মনে সুস্মিতাও সোহেলকে পছন্দ করে, কিন্তু সে অপেক্ষা করে সোহেল তাকে সরাসরি বলবে। দিনের পর দিন চলে যায়, তাদের লুকোচুরি খেলা চলতে থাকে, কেউ কাউকে মুখ ফুটে বলতে পারে না। একদিন রাস্তায় একা পেয়ে সুস্মিতা অনেকটা চাপ সৃষ্টি করে সোহেলের মুখ থেকে কথা বের করে। এরপর থেকে তাদের মধুর সময় কাটে। বিপত্তি ঘটে যখন সুস্মিতার বড় বোন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। বাচ্চাকে লালন-পালন করার জন্য পরিবার থেকে সিদ্ধান্ত হয় বড় বোনের জামাইয়ের সাথে সুস্মিতার বিয়ে দিবে। বিষয়টা সোহেলকে জানায় সুস্মিতা। সোহেল তার বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে সুস্মিতাদের বাড়িতে পাঠায়। সুস্মিতার পরিবার রাজি হয় না। ইচ্ছের বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত মেনে নিতে পারে না সুস্মিতা। সোহেলকে জানায় সে আত্মহত্যা করবে। সোহেল বলে তাহলে তারা দু’জন একসাথে মরবে। বাজার থেকে বিষ এনে দু’জনে একটা গোপন জায়গায় গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু সেটা কি তারা পারবে? আগামীকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘কী মায়ায় জড়ালে’ নাটকটি।
সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ হজযাত্রী পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন হজযাত্রী। মোট ২৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৬৫৬ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন। আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৩৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২ হাজার ৯৫০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ বুলেটিন সূত্রে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। গত ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট।