রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রয়াসের ইউনিট-১ গোবরাতলায় পিএফটিআইয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ

আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই কর্মসূচি পালন করে ঢাকায় বসবাসকারীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। এ সময় স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য আটকে পড়ে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে ট্রেনটি ছেড়ে দেয়া হয়। অবরোধ চলাকালীন সমাবেশে বক্তব্য দেন- জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, বিএনপি নেতা শামশুল হক গানু, আবু তাহের খোকন, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, ঠিকাদার তৌহিদুর রহমান, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর শাহনেয়াজ খান সিনাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, খাদ্যে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিকভাবেই পর্যটনসমৃদ্ধ জেলা। অথচ একটি মাত্র আন্তঃনগর ট্রেন (বনলতা) ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকায় জীবিকায়নের জন্য এই জেলার ৫ লক্ষাধিক মানুষ ঢাকায় বসবাস করেন। তারা অত্যন্ত কষ্ট করে যাতায়াত করেন। কাজেই পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি, মধুমতিসহ সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করে এখানকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করতে হবে। এছাড়া বক্তারা রেল যোগযোগ বৃদ্ধির জন্য সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দর এবং মহাসড়ক চারলেন করারও দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, স্মারকলিপিটি আজকের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে। রেল অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছসেবী সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে গত বুধবার রেল অবরোধ কর্মসূচি পালন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক।
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী, সাম্রাজ্যবাদবিরোধী সশস্ত্র সংগ্রামের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার এসব কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, শাহজাহান আলী, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়ামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। এছাড়া প্রধান শিক্ষককেও শুভেচ্ছা হিসেবে বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ অর্পিতা ও আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ফাতেমা খাতুন, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, বন্ধু সাদিয়া কুলসুম, মাহমুদা আক্তার।
বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণের’ প্রতিবাদ ডাক্তারদের দুই সংগঠনের

বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণের’ প্রতিবাদ ডাক্তারদের দুই সংগঠনের চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে অশালীন ও আক্রমণাত্মক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্তরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। সোমবার দুপুরে জেলা হাসপাতালের অডিটোরিয়ামে যৌথভাবে সংবাদ সম্মেলন করে ডাক্তারদের এই সংগঠন দুটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাব’র জেলা সভাপতি ডা. মো. ময়েজ উদ্দীন। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা সাধারণ মানুষের পরিচয় দিয়ে কোনো প্রটোকল অনুসরণ না করেই চিকিৎসক-কর্মচারীদের হাসপাতালে উপস্থিতির বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের হার্ড ও সফট কপি চান। তা দিতে অস্বীকৃতি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। এ নিয়ে ছাত্ররা হাসপাতালের কনসালটেন্ট মো. ইসমাইল হোসেনের সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে পড়েন। তারা ওই চিকিৎসকের সঙ্গে অসাদাচনের পাশাপাশি হুমকিও দেন। ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ আগস্টের অর্জনকে আমরা বুকে ধারণ করি এবং এই অর্জনে চিকিৎসক সমাজের বলিষ্ঠ ভূমিকা স্মরণ করি। কেউ যেন ৫ আগস্টের অর্জনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন এনডিএফ’র সভাপতি ডা. এ.কে. মহিউদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ ও ডা. ইসমাইল হোসেন। এসময় আরো কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সাকির আহম্মেদ রবিবারের সংবাদ সম্মেলনে বলেন, জেলা হাসপাতালে সময়মতো চিকিৎসক না আসা, রোগ নির্ণয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা করা, কথায়-কথায় রোগী স্থানান্তরসহ ৮টি অনিয়মের অভিযোগ তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সোমবার ড্যাব ও এনডিএফ আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র প্রথমে সাধারণ মানুষ হিসেবে কথা বলতে এসেছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি করেন। তারা যে দাবিগুলো আমার কাছে দিয়েছেন তা আমরা খতিয়ে দেখছি। হাসপাতালে ডাক্তাদের হাজিরার বিষয়সহ অন্যান্য বিষয় দেখার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের অশালীন আচরণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলছে। রোগী স্থানান্তরের ব্যাপারে ডা. মাসুদ পারভেজ বলেনÑ প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মানুষ আউটডোরে চিকিৎসা নিচ্ছেন, তিনশ থেকে চারশ রোগী ভর্তি থাকছেন। তাহলে সব রোগীকে কীভাবে স্থানান্তর করা হয়?
যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও

যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ফুটফুটে যমজ সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে কষ্টে। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব-অনটনের মাঝে যমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে জানানো হলে তিনি গত রবিবার দুপুর ২টার দিকে দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য ছুটে যান। সেখানে গিয়ে তিনি কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মতো। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃসুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলোকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।
অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা

অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় ৪টি ক্রিকেট অ্যাকাডেমির ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় ইন্টার ক্রিকেট গার্ডেন দলকে ৯ উইকেটে পরাজিত করে স্পোর্টস ইউনিটি দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়দের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফানসুর রহমান, মো. রিজয়ান ও মো. খালেকুজ্জামান, ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য মো. সায়েম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোদগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনসহ যুবক আটক

গোদগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনসহ যুবক আটক গোদাগাড়ী সীমান্তে মোটরসাইকেলযোগে পাচারকালে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইনসহ হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি গোদাগাড়ী আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গতকাল বিকেলে আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে নিয়মিত টহলের সময় মোটরসাইকেলে মাদক চোরাচালান সম্ভাবনার গোপন খবর পায় বিজিবির একটি টহলদল। এক পর্যায়ে সন্দেহজনক একটি মোটরসাইকেলে দু’জনকে আসতে দেখে টহলদল তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে হাসানকে আটক করে। পরে তার মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি ভারতীয় হেরোইন পাওয়া যায়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, এঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
মহানন্দা সেতু থেকে নদীতে ঝাঁপ: নিখোঁজ তরুনের মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার

মহানন্দা সেতু থেকে নদীতে ঝাঁপ: নিখোঁজ তরুনের মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তের পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ শামীম নামে তরুনের মরদেহ প্রায় ১৩ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়। এর আগে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেয় ওই তরুন। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর উত্তরপাড়া মহল্লার মো: জালালের ছেলে এবং টিকরামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছিল। তার দুটি পরীক্ষা বাকী ছিল। সূত্রগুলো আরও জানায়, প্রেমঘটিত কারণে শামীম নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ওই তরুন নদীতে ঝাঁপ দেয়ার সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে থাকা মাঝিরা এগিয়ে গিয়ে ওই তরুনকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে তাঁকে রাতে উদ্ধার করা যায় নি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তানর করেছে। এঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। ওইদিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। এর পরদিন পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। এদিকে, ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান এ সব তথ্য নিশ্চিত করেছেন। এবারের ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন রাখা হয়েছে। এ ছাড়া কোরবানি পশু পরিবহনের জন্য তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে দুটি রুটে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬) চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে। আর ময়মনসিংহ-কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)। কোরবানি পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে আগামী ২ জুন বিকেল ৫টায়। ৩ জুনও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলাচল করবে। আর ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হচ্ছে ২১ মে। ওই দিন ৩১ মের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। পরদিন ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি করা হবে ২ জুনের। ৩ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৪ মে। ২৫ মে ৪ জুনের টিকিট ছাড়া হবে। ২৬ মে ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট।
চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালে সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। পরিবর্তে তারা ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা চিকিৎসকদের জানাবেন। স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এই প্রস্তাব রাখা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি পেশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’প্রণয়ন করতে হবে, যা বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘ মেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। কমিশন তাদের প্রতিবেদনে স্বাধীন ও স্থায়ী ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’ গঠনসহ৭টি আইন প্রণয়নের সুপারিশ করেছে। প্রস্তাবিত নতুন আইনগুলো হলো— বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন। প্রতিবেদনে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠনের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণ ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন করতে হবে। সুপারিশে আরও বলা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারকে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে (ক্ষেত্রবিশেষ ভর্তুকি মূল্যে) দিতে হবে। যাতে কোনও নাগরিক আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। প্রতিবেদনে বলা হয়, উপজেলা পর্যায়ে সেকেন্ডারি স্বাস্থ্যসেবা জোরদার করে জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হবে। জেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত (টারশিয়ারি স্তরের) চিকিৎসাসেবা চালু করতে হবে, যাতে সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত হয়, মেডিকেল কলেজ ও জাতীয় ইনস্টিটিউটগুলোর ওপর রোগীর চাপ কমানো যায় এবং ভৌগোলিক কারণে কেউ বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রতিটি বিভাগীয় সদরে অন্তত একটি পূর্ণাঙ্গ, সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ও বিশ্বমানের টারশিয়ারি সেবা হাসপাতালের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, যা জটিল ও বিশেষায়িত চিকিৎসার জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে। গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের সদস্য করা হয় অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফকে।