এবারের গ্রীষ্মকালে টোকিওতে পানির বিল মওকুফ, এসি ব্যবহারের পরামর্শ

এবারের গ্রীষ্মকালে টোকিওতে পানির বিল মওকুফ, এসি ব্যবহারের পরামর্শ জাপানের রাজধানী টোকিও এবারের গ্রীষ্মে প্রচন্ড গরমের প্রভাব কমানোর লক্ষ্যে বাসিন্দাদের পানির বিল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ভর্তুকির জন্য প্রায় ৩৬ বিলিয়ন ইয়েন (২৫০ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে , যা চার মাস ধরে কার্যকর থাকবে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  টোকিওর জনস্বাস্থ্য ব্যুরো জানিয়েছে, গত গ্রীষ্মে টোকিওতে হিটস্ট্রোকে রেকর্ড ২৬৩ জন মারা গেছেন। অনেক ভুক্তভোগীর এয়ার কন্ডিশনিং ছিল না অথবা উচ্চ খরচের কারণে এটি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন, “আমরা উদ্বিগ্ন যে, মানুষ তাদের এয়ার কন্ডিশনার ব্যবহার করা থেকে বিরত থাকতে পারে কারণ তারা জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত। তাদের বিল পরিশোধে সহায়তা করার জন্য আমরা কী করতে পারি তা বিবেচনা করছি।” তিনি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে এই গ্রীষ্মে আমরা যে প্রচণ্ড গরমের মুখোমুখি হব বলে ধারণা করা হচ্ছে, তাতেও টোকিওর সকল বাসিন্দা শান্তিতে বসবাস করতে পারবেন।” পানির বিল মওকুফের মাধ্যম, জাপান সরকার রাজধানীর বাসিন্দাদের এয়ার কন্ডিশনারের মতো অন্যান্য শীতল পদ্ধতি ব্যবহার করতে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে। জাপান টাইমসের মতে, গত গ্রীষ্মে হিটস্ট্রোকে ৬০ শতাংশের বেশি মৃত্যু ঘটনা ঘটেছে ঘরের ভেতরে, ক্ষতিগ্রস্তরা এয়ার কন্ডিশনিং চালু করেননি। টোকিওতে প্রতি মাসে গড়ে পানির প্রাথমিক বিল ৮৬০ ইয়েন (৬ ডলার) থেকে ১,৪৬০ ইয়েন (১০ ডলার) পর্যন্ত হয়, যা পরিবারের পানি খরচের ওপর নির্ভর করে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্তি পানি ব্যবহারে প্রাথমিক বিলের সঙ্গে আলাদা ফি যুক্ত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, টোকিওতে ৭০ লাখেরও বেশি পরিবার এবং ১৪ লাখেরও বেশি জনসংখ্যা রয়েছে। জাপান গত বছরের গ্রীষ্মে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপদাহ রেকর্ড করেছে। গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, টোকিওতে প্রায় ৮ হাজার মানুষ হিটস্ট্রোকের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। দেশটিতে এটিও একটি রেকর্ড।

নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে

নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার নবজাতকও। বুধবার ইসরায়েলি হামলায় এক নবজাতকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং এক সপ্তাহ বয়সী শিশু রয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দারাজ পাড়ার জাবালিয়া বাস স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার পূর্ব দিকে অবস্থিত এক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। আল-জাজিরা জানিয়েছে, মায়েন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি বাড়িতে অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল। খান ইউনিসে এর আগে কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটবর্তী আবাসিক এলাকা আল-কাবিরা শহরে আরো চারজন নিহত হয়েছে।

পাকিস্তানে পাঁচ দিনে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি

পাকিস্তানে পাঁচ দিনে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঁচ টি-টোয়েন্টির পরিবর্তে পাকিস্তানে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের সূচি নিয়ে দুই বোর্ড কাজ করছিল। বুধবার (২১ মে) সেই সূচি চূড়ান্ত করে ঘোষণা করলো আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পাঁচদিনে দুই দল তিন টি-টোয়েন্টি খেলবে। ২৮ মে প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৩০ মে দ্বিতীয় ম্যাচ। সবশেষ ম্যাচ পহেলা জুন। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। বাংলাদেশ ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে। ২৬ ও ২৭ মে নেবে প্রস্তুতি। এরপর ম্যাচ খেলতে নামবে। পিসিবি বাংলাদেশকে আতিথ্য দেওয়ার এবং গাদ্দাফি স্টেডিয়ামে কৃত্রিম আলোর নিচে উচুঁমানের ক্রিকেট এবং উত্তেজনাপূর্ণ সিরিজ আয়োজনে প্রতিশ্রুতি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পিএসএল প্রথমে স্থগিত হয়। পরবর্তীতে আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল রাখা হয় ২৫ মে। তাতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে যায়। এদিকে উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি। অবশেষে সিরিজটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আজ বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের বিপক্ষে। দুদিন দল দুবাইতেই থাকবে। সেখান থেকে যাবে পাকিস্তানে।

২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা দেবেন, না হলে গ্রেপ্তার: শ্রম উপদেষ্টা

২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা দেবেন, না হলে গ্রেপ্তার: শ্রম উপদেষ্টা আগামী ২৮ মে’র মধ্যে আন্দোলনরত শ্রমিকদের পাওনা পরিশোধ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। কারখানা মা‌লিক‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, “ঘরবাড়ি বিক্রি করে হলেও ২৮ মে’র মধ্যে আন্দোলনরত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হ‌বে, না হ‌লে গ্রেপ্তার হবেন।” আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে বুধবার (২১ মে) সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা ব‌লেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় ও যমুনা ঘেরাও করার কথা ছিল। ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু ঘটনাটা আমার ঘাড়ে এসে চাপছে। আমরা গতকাল (মঙ্গলবার) মালিকদের নিয়ে বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে উনাদের ঘরবাড়ি বিক্রি করে হলেও আগামী ২৮ মে’র মধ্যে শ্রমিকদের টাকা-পয়সা দেবেন। সেটা তারা না করলে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে, ওয়ারেন্ট জারি আছে তারা গ্রেপ্তার হবেন।” তিনি ব‌লেন, “ওয়ারেন্ট জারি হয়েছে, তারা বিদেশে থাকলে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। শ্রমিকদের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দিক, আর গাড়ি বিক্রি দিক। যিনি শ্রমিকদের দুই-তিন মাস বেতন দিতে পারেন না তার তো এই সেক্টরে থাকা উচিত না।” এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে জা‌নি‌য়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব‌লেন, “আমি মালিকদের অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা শোধ করেন অথবা আপনাদের জেলে যেতে হবে। ওয়ারেন্ট জারি আছে, কিন্তু সেটি আমরা অ্যাক্টিভেট করছি না। কয়েকজনকে বলেছি, আপনারা ঢাকা শহরে থাকতে পারবেন না।” আসন্ন ঈদের প্রস্তু‌তি জা‌নি‌য়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে, বাল্কহেডগুলো ঈদের তিনদিন আগে থেকে এবং ঈদের পরে সাতদিনসহ মোট ১০ দিন বন্ধ থাকবে। দিনের সঙ্গে রাতেও সেগুলো চলবে না।” আগামী ৫ জুনের পর থেকে লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে বলেও জানান তিনি। রৌমারী থেকে চিলমারী রুটে দুইটি ফেরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এটা চালু হলে জামালপুরকে কানেক্ট করবে। এর ফলে দূরত্ব ১০০ কিলোমিটার কমে যাবে। সিলেটের জন্য হয়ত তাই হবে। আমি মনে করি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। ঈদ উপলক্ষে আগামীকাল থেকে ফেরি সার্ভিস চালু হবে। ড্রেজিং করে এই নৌপথ চালু করা হয়েছে।”

ঈদে টিসিবির তেল-চিনি-ডাল বিক্রি শুরু কাল

ঈদে টিসিবির তেল-চিনি-ডাল বিক্রি শুরু কাল ঈদুল আজহা সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে ঈদের ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তাও বিশেষ ট্রাকসেল থেকে ঈদের ভোগ্যপণ্য কিনতে পারবেন। রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ওই কার্যক্রমের পাশাপাশি সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে পারবেন। ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরে থাকবে ১০টি করে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে। এসময়ে ভোক্তাপ্রতি ১৩৫ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ৮৫ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৮০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করবে টিসিবি।

ফের পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

ফের পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা এ পরীক্ষার তারিখ পেছানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১৯ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেন। এর আগের ঘোষণা অনুযায়ী- আগামী ৮ আগস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তারও আগে প্রথম দফায় ২৭ জুন এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়ার কথা জানিয়েছিল পিএসসি। ফলে এ নিয়ে দুই দফা ৪৭তম বিসিএসের প্রিলির তারিখ পরিবর্তন করা হলো। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পূর্ব-নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে  ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে আবেদন ফিসহ কিছু সংশোধনীর কারণে ২৬ ডিসেম্বর পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ বিসিএসের আবেন প্রক্রিয়া শেষ হয়। এ সময়ে ৪৭তম বিসিএসে প্রিলিমিনারিতে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য, যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয়

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য, যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথবাক্য আগের রূপে ফেরানো হয়েছে। ফলে আওয়ামী লীগের শাসনামলে শপথবাক্যে যুক্ত হওয়া ‘মুক্তিযুদ্ধ’, ‘শেখ মুজিবুর রহমান’ ও ‘শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার’ প্রত্যয়ের অংশগুলো বাদ পড়েছে। নব্বই দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যে শপথ নেওয়া হতো, পুনরায় সে শপথ বাক্যটিই পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘অন্যায় ও দুর্নীতি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’ অংশ দুটি। সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এ ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনামূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করার জন্য অনুরোধ করা হলো। ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।’ ‘হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), সব জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট অফিস প্রধানকে অনুরোধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠক,সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরি চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠক, সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরি চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা   চাঁপাইনবাবঞ্জের প্রিয়মুখ, নারী সংগঠক, সমাজকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গণের প্রাণ গৌরী চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের কল্যাণী মহিলা সংসদের মর্জিনা হক মিলনায়তনে জেলা গার্ল গাইড এসোসিসয়েশন, ইনার হুইল ক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং কল্যাণী মহিলা সংসদ যৌথভাবে এই সভা আয়োজন করে। গৌরী চন্দ সিতু’র বড়বোন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা গার্ল গাইড এসোসিসয়েশন সম্পাদক রোকসানা আহমদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হাসিনুর রহমান, ইনার হুইল ক্লাবের জেলা সভাপতি ফারুকা বেগম, মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তাজকেরা নাজনীন, কল্যাণী মহিলা সংসদের সদস্য ডা.সালমা আঞ্জুমান বানুসহ অনেকে। বক্তারা গৌরী চন্দ সিতুকে সমাজের পথ প্রদর্শক, অনুসরণীয় এবং অনুকরনীয় হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর অকাল প্রয়াণ সমাজের অপূরণীয় ক্ষতি। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করার সময় অনেক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, বহু প্রতিষ্ঠানে জড়িত থেকে আজীবন কাজ করে গেছেন সিতু। সভায় তাঁর মৃত্যুতে শোক জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং অত্মার মুক্তি কামলায় প্রার্থণা করা হয়। উল্লেখ্য গত ৩০ এপ্রিল শহরের নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান গৌরী চন্দ সিতু। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সহ বহু গূণগ্রাহী রেখে ঘেছেন। তাঁর মৃত্যুতে এর আগে শোকসভা করেছে সনাক এবং নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা।

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুর” হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনির”জ্জামান। এতে প্রশিক্ষক ছিলেন, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি সন্ধ্যা রানীসহ অন্যরা। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশি¬ষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

শিবগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান

শিবগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে এই নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রায়হান আলী ও প্রশাসনিক কর্মকর্তা আকবর হোসেনসহ অন্যরা। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বজ্রপাতে তিনটি গরুসহ রাখাল ও শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর গ্রামের বিশারত আলীর ছেলে তাসবুর আলী ও ছত্রাজিতপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। এ সময় তাসবুর আলীর তিনটি গরুও মারা যায়।