সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী সোমবার (২৬ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করতে পারে। বৃহস্পতিবার (২২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। শুক্রবার (২৩ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার (২৪ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো / হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৫ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন বিএসএফের

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন বিএসএফের ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের আটক করে বার্ডর গার্ড বাংলাদেশ (ফেনী ৪ বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে আটকদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এরপর তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৯ জনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতে বসবাসরত এসব বাংলাদেশিকে গুজরাট ও হরিয়ানা রাজ্য থেকে বিমানে আগরতলা সীমান্তে আনা হয়। পুরো দলে ছিলেন মোট ১৪০ জন। এর মধ্যে ৩৯ জনকে ফেনীর দুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ২৪ জন ফেনী ৪ বিজিবির আওতায় এবং ১৫ জন ১০ বিজিবির (কুমিল্লা) আওতাধীন ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে। আটকদের মধ্যে ১০ জন মুসলমান এবং বাকিরা হিন্দু। তারা সবাই ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬১ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮০ হাজার ২০০ টাকা। বাজেটে ভৌত অবকাঠামো ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৬৭ শতাংশ, শিক্ষা খাতে ৪ দশমিক ০২ শতাংশ, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে ৩ দশমিক ২২ শতাংশ, দারিদ্র্য হ্রাসে ২৫ দশমিক ০৬ শতাংশ এবং নারী, শিশু ও যুব উন্নয়নে ১ দশমিক ৫৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, বাজেট একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এতে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটানো হয়। তাই উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে আমরা ইউনিয়নবাসীর সামনে পরিষদের পরিকল্পনা উপস্থাপন করি। আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদের কাজের গতি বাড়ায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বাজেট উপস্থাপনের পর আয়োজিত মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ অংশ নেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। সভায় চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, এই বাজেট আমাদের এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা। আপনাদের সহযোগিতা ও কর পরিশোধের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা চাই, বারঘরিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হোক। রাস্তা, ড্রেন, সুপেয় পানি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজে সবার অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, আব্দুল মালেক, কালু উদ্দিন, সবুজ মিয়া, সবর আলী, নাসিম আলী, সেমাজুল ইসলাম, সুলেখা বেগম, নাসরিন বেগম পপি, রেবেকা বেগম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পা-ব কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার   নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের মিনি কন্সফারেন্স রুমে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক উম্মে কুলসুম। এছাড়াও সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামসহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরিতে প্রান্তিক পেশাজীবির কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকযন্ত্র ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে সেমিনারে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে হেলথ ওয়াচের আঞ্চলিক পরামর্শ সভা

চাঁপাইনবাবগঞ্জে হেলথ ওয়াচের আঞ্চলিক পরামর্শ সভা চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য জনবল সম্পর্কিত আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দিন। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট নুরুন্নবী তালুকদার। এসময় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ডা. রাকিবুল ইসলাম, ডা. ইনজামামুল হক, ডা. সাইকি ওদুদ, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনসহ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই আঞ্চলিক সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

আবারো পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী হয়ে: নুসরাত ফারিয়া

আবারো পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী হয়ে: নুসরাত ফারিয়া জামিনে মুক্তির পর সামাজিকমাধ্যমে সরব হয়েছেন নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) কারামুক্ত হওয়ার পর ফেসবুক পেজে এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। এরপর এদিন রাতে ইনস্টাগ্রাম পোস্টে আবারও নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। ইনস্টাগ্রামে ফারিয়া বলেন, জীবনের এই ঝড়-ঝঞ্ঝাটে আমি জেনে গেছি, কারা আমার জীবনের অটুট সঙ্গী। আমার পরিবার- তোমাদের ভালোবাসা আমার শক্তি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা- তোমাদের প্রার্থনাই আমাকে টিকে থাকতে সাহায্য করেছে। আর আমার পুরো দেশ- তোমাদের সমর্থনে আমি বাকরুদ্ধ, হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। এ সময় ফারিয়া বলেন, এই যাত্রা আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। ক্ষত গভীর, তবে ন্যায়ের ওপর এবং মানুষের ভালত্বের ওপর আমার বিশ্বাসও ততটাই গভীর।ইনস্টাগ্রামে পোস্টটির শেষে ফারিয়া বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সেরে যাবে, আর আমি আবারও পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী, আরও প্রজ্ঞাময় হয়ে এবং প্রতিটি আত্মার প্রতি কৃতজ্ঞতা নিয়ে, যারা আমার পাশে থেকেছেন। এর আগে মঙ্গলবার ফেসবুক পোস্টে ফারিয়া বলেছিলেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। এসময় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। ধন্যবাদ জানান শোবিজ ইন্ডাস্ট্রির মানুষ থেকে তার ভক্ত অনুরাগীদেরও। গেল রোববার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।

ক্ষুব্ধ হানিফ সংকেত, নিচ্ছেন আইনি ব্যবস্থা

ক্ষুব্ধ হানিফ সংকেত, নিচ্ছেন আইনি ব্যবস্থা দেশের তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত। দেশের কিংবদন্তি এই উপস্থাপক এবার সরব হয়েছেন নিজের কণ্ঠস্বর নকল করে প্রচার চালানোর বিরুদ্ধে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞাপনে তার কণ্ঠ নকল করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানিফ সংকেত লেখেন, প্রযুক্তির এই যুগে সুবিধার পাশাপাশি অপব্যবহারও বেড়েছে। এখন এমন এক সময়, যেখানে প্রযুক্তি দিয়ে প্রতারণাও সম্ভব। আমি লক্ষ্য করেছি, একটি প্রতারক চক্র ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপনার ভঙ্গি ও আমার কণ্ঠ অনুকরণ করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ডায়াবেটিসবিষয়ক ভুয়া বিজ্ঞাপন চালাচ্ছে। কণ্ঠ শুনলেই বোঝা যায়, এটা আসল নয়, বিদেশি উচ্চারণে নকল কণ্ঠ। তিনি লেখেন, আমি কখনোই কোনো বিজ্ঞাপনে অংশ নেইনি। অনেকবার প্রস্তাব পেয়েছি, তবুও রাজি হইনি। তাই কেউ যেন বিভ্রান্ত না হন। এই প্রতারণার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক পোস্টে হানিফ সংকেত আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার থেকে শিল্প-সংস্কৃতিকে রক্ষা করতে এখনই নীতিমালা প্রণয়ন জরুরি। তিনি লেখেন, ব্রিটেনের অনেক শিল্পী, সাহিত্যিক এআই-এর অপব্যবহার ঠেকাতে কপিরাইট আইন হালনাগাদ করার দাবি তুলেছেন। ডুয়া লিপা, এলটন জন, ডেভিড হেয়ার, কাজুও ইশিগুরোর মতো ব্যক্তিত্বদের সঙ্গে আমিও একমত। সবশেষে হানিফ সংকেত মন্তব্য করেন, এআই প্রযুক্তি যেন মানুষের অধিকার হরণ না করে, সেটা নিশ্চিত করতে সফটওয়্যার কোম্পানিগুলোর এখনই নীতিমালা করা উচিত।

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম সময় নিজের গতিতে বয়ে চলে। সময়ের স্রোতে অনেক সম্পর্ক হারিয়ে যায়, কেবল জমা থাকে স্মৃতি। স্মৃতির গোদামে সময়কে রেখে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। ২০১২ সালে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্পেনপ্রবাসী মারিয়া মিম। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন। শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন আর এগোয়নি। সংসার আর পেশাগত পথচলার মাঝে তৈরি হয় দূরত্ব। সর্বশেষ ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর কেটে গেছে ছয়টি বছর। জীবনের নতুন অধ্যায়ে ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। প্রেমিকের মুখ আড়ালে থাকলেও ক্যাপশনে মিম লেখেন— “আমার ভালোবাসা।” বিয়ের প্রসঙ্গে মারিয়া বলেন, “আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার কেউ নন, তিনি একজন সাধারণ মানুষ। খুব শিগগিরই আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো।” প্রাক্তন স্বামী সিদ্দিককে নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে মারিয়া বলেন, “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে দেখা করাটাও অনুচিত। তিনি এখন আমার জন্য পরপুরুষ। দয়া করে তাকে আমার সঙ্গে জড়াবেন না।”সম্প্রতি একটি ঘটনার জেরে আলোচনায় রয়েছেন অভিনেতা সিদ্দিক, যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এর কিছু অংশ মারিয়াকে উদ্দেশ করে কটাক্ষ হিসেবে এসেছে। জবাবে মারিয়া সাফ জানিয়ে দেন, “ডিভোর্সের ৫-৬ বছর পরও কেউ জামাই থাকে না। ব্যক্তিগত জীবন নিয়ে অকারণে মন্তব্য না করাই শ্রেয়।” নিজের মতামত ও জীবন নিয়ে স্পষ্টভাবে অবস্থান জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মারিয়া মিম। এখন দেখার পালা— তার নতুন জীবনের সূচনা কীভাবে হয়।

পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন রানা, যাচ্ছেন না দুই বিদেশি কোচও

পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন রানা, যাচ্ছেন না দুই বিদেশি কোচও পাকিস্তান সফরের দল ঘোষণার পরই স্পষ্ট ছিল—এই সফরটা হবে ভিন্ন রকমের। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় ও কোচিং স্টাফদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই এই সফরের জন্য চূড়ান্ত দল গঠন করেছে। সেই সুযোগেই পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা এবং দলের দুই বিদেশি কোচ। নাহিদের সঙ্গে সফরে যাচ্ছেন না স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। যদিও স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সফর না করার সিদ্ধান্ত নেন নাহিদ। সাম্প্রতিক পাকিস্তান সফরের অভিজ্ঞতাই হয়তো এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে স্কোয়াডে ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গেই ছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার কারণে অনেক বিদেশি খেলোয়াড়ের মতো তিনিও ফিরে আসেন, সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তরুণ—রিশাদ হোসেন। তবে রিশাদ এই সফরে যাচ্ছেন। পিএসএলে লাহোর কালান্দার্সর হয়ে পাঁচটি ম্যাচ খেলা এই লেগস্পিনার পাকিস্তান সফরের দলে রয়েছেন এবং লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচেই বিবেচনায় থাকবেন। প্রাথমিকভাবে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা নেমে এসেছে তিন ম্যাচে। আজ (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজের সূচি ঘোষণা করেছে। প্রথম ম্যাচ: ২৮ মে দ্বিতীয় ম্যাচ: ৩১ মে তৃতীয় ম্যাচ: ১ জুন সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ, যেখানে সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ শেষে দুই দলই একটি করে জয় পেয়েছে। এই সিরিজ শেষেই আগামী ২৫ মে আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫ পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি স্কুল বাসে বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির। পুলিশ বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে প্রত্যন্ত শহর খুজদারে ওই হামলার সময় বাসটিতে প্রায় ৪০ জন স্কুল শিশু ছিল। পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি বড় বাসের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে, যার পাশে স্কুলব্যাগ পড়ে রয়েছে।  এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি অশান্ত প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলাকে ‘স্পষ্ট বর্বরতা’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। শিশুদের লক্ষ্য করে হামলাকারীদেরকে তিনি ‘পশু’ অভিহিত করেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবেশী ভারত ও বেলুচিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ করেছে, যদিও এর কোনো প্রমাণ নেই। এর আগে মার্চের শুরুতে, বেলুচিস্তানের প্রত্যন্ত সিবি জেলায় একটি ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মির ঘটনা ঘটেছিল। ওই হামলায় প্রায় ২১ জন বেসামরিক ব্যক্তি এবং চারজন সামরিক কর্মী নিহত হয়েছিল। হামলাটি চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা স্বাধীনতা অর্জনের জন্য কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। পাকিস্তানের সেনাবাহিনী বিএলএলকে ‘ভারতের প্রক্সি গোষ্ঠী’ হিসেবে অভিযুক্ত করেছে। তবে বিএলএ এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিএলএল উল্টো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে তাদের নৃশংসতার জন্য অভিযুক্ত করেছে। বিএলএল বলেছে, গত দুই দশকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার জাতিগত বালুচ মানুষকে নিখোঁজ করেছে। অভিযোগ রয়েছে যে, তাদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে, অথবা কয়েক দশক ধরে চলে আসা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের বিরুদ্ধে অভিযানে অপহরণ, নির্যাতন এবং হত্যা করা হয়েছে।