অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে সচিবালয়ে আন্দোলনকারীদের বৈঠক শুরু হয়েছে।  মঙ্গলবার (২৮ মে) বেলা পৌনে ৩টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত সচিব অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে নুরুল ইসলাম, বাদীউল কবিরসহ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ করেন তারা। এদিন সচিবালয়ে বিজিবি, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার ভূমি সচিবকে প্রধান করে সাত সচিবের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৪৯

গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৪৯ গাজা সিটি ও উত্তর গাজার জাবালিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী একটি স্কুল ও একটি বাড়ি লক্ষ্য করে সোমবার (২৬ মে) সকালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।  একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে আনাদোলুকে জানিয়েছে, গাজা সিটির আল-দারাজ পাড়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী ফাহমি আল-জিরজাওয়ি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। বোমা হামলার পর স্কুলটিতে আগুন ধরে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, পুড়ে যাওয়া মরদেহ। এছাড়া আগুন লাগার সময় বাস্তুচ্যুতদের চিৎকার দেখা গেছে ও শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, স্কুলটিকে হামাস তাদের ‘কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে’ পরিণত করেছিল। তবে, তারা তাদের দাবির সমর্থনে কোনো প্রমাণ সরবরাহ করেনি। এদিকে, উত্তর গাজার জাবালিয়া শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনীর আরেকটি ভয়াবহ হামলায় ১৯ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় একটি বহুতল ভবন ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। ভবনটি কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ছিল। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছিটমহলে যুদ্ধের জন্য ইসরায়েল বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল

অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ নিয়ে বলিউডে চলছে তুমুল বিতর্ক। সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর পরেশ রাওয়ালের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন অক্ষয় কুমার। এবার সেই নোটিশের জবাবে মুখ খুললেন পরেশ। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি তার অবস্থান পরিস্কার করেছেন। সেখানে অভিনেতা লেখেন, ‘আমার আইনজীবী আমিত নায়েক একটি যথাযথ জবাব পাঠিয়েছেন। এটা পড়ার পরই সব বিষয় মিটে যাবে।’ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পরেশ জানান, সময় এবং অর্থ নিয়েই অনিশ্চয়তা ছিল। ছবির শুটিং শুরু হবে আগামী বছর। এটি মুক্তি পাবে আরও পরে। প্রায় দুই বছর অপেক্ষা করতে হতো পুরো পারিশ্রমিকের জন্য। তাই আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরেশ রাওয়াল ইতিমধ্যেই ফেরত দিয়েছেন ১১ লাখ রুপির সাইনিং অ্যামাউন্ট। সঙ্গে দিয়েছেন ১৫ শতাংশ সুদও। তবু প্রযোজকপক্ষ তার উপর ক্ষুব্ধ। অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘এই সিনেমার পেছনে অনেক খরচ হয়েছে। অভিনেতাদের পারিশ্রমিক, লোকেশন, সরঞ্জাম, ট্রেলারের শুটিংসহ সব মিলিয়ে অনেক খরচ। এ সময়ে পরেশ রাওয়ালের সরে যাওয়াটা হতাশাজনক।’ ‘হেরা ফেরি’ সিরিজে পরেশ রাওয়ালের ‘বাবুরাও’ চরিত্র এতটাই জনপ্রিয় যে তার না থাকা মানেই সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ছবির আরেক অভিনেতা সুনীল শেঠি হতাশা প্রকাশ করেছেন। ভক্তরাও হতাশ। এখন দেখার বিষয়, পরেশ রাওয়ালের উত্তর পেয়ে অক্ষয় কুমার কী পদক্ষেপ নেন। সেইসঙ্গে আদৌ ‘হেরা ফেরি ৩’ ছবিটি নির্মাণ হবে কী না সে নিয়েও তৈরি হয়েছে সংশয়।

নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ আজও এই ছবি মানেই নব্বই দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গন্ডি পেরিয়ে বাংলার ভাষার সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন দুই বাংলার শ্রোতাদের মন। দীর্ঘ ২৭ বছর পর এবার আসছে ছবিটির সিকুয়েল। এর নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনা করবেন কামরুজ্জামান। জানা গেছে, এই সিনেমায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একঝাঁক নতুন অভিনয়শিল্পীদের। তাদের নাম পরিচয় জানা যাবে আজ মহরতে। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে এই সিনেমায় থাকছেন না ফেরদৌস। থাকছেন না ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কাও। নচিকেতার গান কি থাকবে? এমন প্রশ্নের জবাবে ইমপ্রেস জানায়ে, সেটিও নিশ্চিত নয়।

জর্ডানের উদ্দেশে দেশ ছাড়লো নারী ফুটবল দল

জর্ডানের উদ্দেশে দেশ ছাড়লো নারী ফুটবল দল জর্ডানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সোমবার সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শামসুন্নাহার-আফঈদা খন্দকাররা। জর্ডানের আয়োজনে সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজে স্বাগতিক জর্ডানের সঙ্গে অন্য দলটি হলো ইন্দোনেশিয়া। আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ-কলমের শক্তিতে এগিয়ে। আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশ। এশিয়ান কাপে কোয়ালিফারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে। গতকাল রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে। বাংলাদেশ স্কোয়াড রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। সোমবার (২৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৯ বছরের বড় টাবুর সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্য, মুখ খুললেন ইশান

২৯ বছরের বড় টাবুর সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্য, মুখ খুললেন ইশান বলিউড অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান খাট্টার। বেশ আগে রুপালি জগতে পা রেখেছেন। বেশ কটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেতা। ২০২০ সালে মুক্তি পায় তার অভিনীত ‘আ সুটেবল বয়’ ওয়েব সিরিজ। এ সিরিজে ইশান যখন অভিনয় করেন, তখন তার বয়স ২৪ বছর। সিরিজটিতে বলিউডের দাপুটে অভিনেত্রী টাবুর সঙ্গে ইশানের অন্তঃরঙ্গ দৃশ্য রয়েছে। ২৯ বছরের বড় টাবুর সঙ্গে ইশানের চুম্বন দৃশ্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এই দৃশ্যের শুটিং কীভাবে করেছিলেন, তা নিয়ে নীরবতা ভেঙেছেন ইশান। জুম-কে সাক্ষাৎকার দিয়েছেন ইশান। এ আলাপচারিতায় ইশান খাট্টার জানান, দৃশ্যটির শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। এ ক্ষেত্রে টাবু তাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যবোধ করান।  শুটিং সেটে টাবুর পাশে যতক্ষণ ছিলেন, ততক্ষণ ভীত ছিলেন না ইশান। বরং নিরাপদ বোধ করেছিলেন। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের আগে এ বিষয়ে কোনো প্রস্তুতি বা কথাও বলেননি তারা। ইশান খাট্টার বলেন, “টাবু এলোমেলো বিষয় নিয়ে কথা বলতেন। যেমন: দুপুরের খাবারে তুমি কী খাও, অথবা এমন কিছু। টাবু খুব দুষ্টু, শুটিং সেটে সে বাচ্চাদের মতো করে।” অন্তঃরঙ্গ দৃশ্যের শুটিংয়ের স্মৃতিচারণ করে ইশান খাট্টার বলেন, “শুটিং সেটে টাবু হয়তো রসিকতা করছে। হঠাৎ সে তার চরিত্রের মতো হতে পারে। আমার মনে হয়, এটি মজার। তার সঙ্গে কাজ করা খুবই আনন্দের। সাধারণত, বেশির ভাগ সময় আমরা একটি মুহূর্তকে গম্ভীর করে তুলি। টাবু দৃশ্যটি নির্বিঘ্নে করেছেন। এটিকে মনে হয়েছে, আমরা চোখে চোখে কথা বলছিলাম।” ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে রুপালি পর্দায় হাজির হন ইশান। মাজিদ মাজিদি নির্মিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। পরের বছরই ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় পা রাখেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বক্স অফিসের পাশাপাশি এই দুই তারকা সন্তান দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান।

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড় আইপিএল ২০২৫-এর লিগ পর্ব চেন্নাই সুপার কিংস (সিএসকে) শেষ করলো দারুণ এক জয় দিয়ে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৮৩ রানে। এই জয় চেন্নাইয়ের জন্য মর্যাদার হলেও, গুজরাটের জন্য এটি প্লে-অফের আগে সতর্কবার্তা হয়ে উঠলো। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে চেন্নাই শক্তিশালী স্কোর গড়ে তোলে। এই ইনিংসটি গুজরাটের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায়। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলের নিচে থেকেই মৌসুম শেষ করেছে। তবে এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। এই ম্যাচটি প্রমাণ করলো যে, আইপিএলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ রেখে ও ভবিষ্যতের স্বপ্ন বুনে শেষ করলো।

দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর

দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটরকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (২৫ মে) রাতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লাহোর। সাকিব আল হাসানের পরিবর্তে খেলা সিকান্দার রাজা শেষ দিকে মাত্র ৭ বলে ২২ রান করে জয়ে বড় অবদান রাখেন। তার সঙ্গে কুশল পেরেরা খেলেন ৩১ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস! ফখর জামান শুরুতে ফিরলেও মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ ও আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করে ভিত গড়ে দেন। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও উসমান তারিক ১টি করে উইকেট নেন। এর আগে হাসান নাওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্য দিতে পারে। লাহোরের একমাত্র সফল বোলার শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ফাইনালে ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লাহোরের কুসল পেরেরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে ৩৯৯ রান করে সিরিজ সেরা হন কোয়েটার হাসান নাওয়াজ।

মঙ্গলবার জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হবে ৭ সমঝোতা

মঙ্গলবার জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হবে ৭ সমঝোতা চার‌ দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশ সাত‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।  সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেছেন, আগামী ২৮ থেকে ৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৮ মে দুপুরে জাপানে পৌঁছাবেন ড. ইউনূস। ওই দিন বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। সেদিন তিনি বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন এবং বিশেষ বক্তব্য দেবেন। অদূর ভবিষ্যতে জাপানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কীভাবে আরো দক্ষ জনশক্তি পাঠাতে পারে, সে ব্যাপারে সেমিনারে আলোকপাত করা হবে। রুহুল আলম জানান, জাপান সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। পরদিন ৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হবে। বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হবে।  তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন কৌশলগত ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওইদিন দুপুরে জেট্রোর প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যেকার বাণিজ্য এবং বিনিয়োগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর পর তিনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের উদ্দেশে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন বিকেলে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে। সচিব জানান, প্রধান উপদেষ্টার সফরকালে জাপানের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতাবিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এছাড়া, বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করতে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে। এটা সহজ শর্তের ঋণ। তারা আমাদের একটা পরিমাণ দিতে রাজি হয়েছে। আমরা সফরের আগে এটি প্রকাশ করতে পারছি না। প্রধান উপদেষ্টা ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন এবং রাতে ঢাকায় অবতরণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। শ্রমশক্তি রপ্তানি বিষয়ে রুহুল আমিন বলেন, কর্মক্ষম মানুষের চাহিদা জাপান বিদেশ থেকে পূরণ করছে এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের একটি সমঝোতা রয়েছে। এর পরিধি বৃদ্ধির জন্য বাংলাদেশের বিএমইটির সঙ্গে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সমঝোতা হবে। ওই কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা এবং বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে কাজ করবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া এবং প‌্যা‌সি‌ফিক উইংয়ের মহাপ‌রিচালক নুর এ আলম জানান, জাপান মোট ১৬টি খাতে লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা নির্দিষ্ট প্রশিক্ষণ দেবে। এসবের মধ্যে কেয়ারগিভার, হসপিটালিটিসহ অন্যান্য খাত রয়েছে।