জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশে টোকিও ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বেলা ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। অধ্যাপক ইউনূস আজ রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

৩ দিনের সফরে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

৩ দিনের সফরে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী ৩ দিনের সফরে বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।    

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলে ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলে ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি   যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে উল্টে পড়া একটি ট্রাক থেকে আনুমানিক ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্কতা জারি করে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ওয়াশিংটনের কানাডার সীমানার কাছে একটি দুর্ঘটনায় মৌমাছি বহনকারী প্রায় ৩১ হাজার ৭৫০ কেজি ওজনের একটি ট্রাক উল্টে যায়। ওয়াটকম কাউন্টি শেরিফ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায় রয়েছে। মৌচাষীরা পুলিশের সঙ্গে মিলে মৌমাছির চাকগুলো পুনরায় বসানোর কাজ করছেন, যাতে মৌমাছিরা তাদের রানী মৌমাছি খুঁজে ফিরে যেতে পারে। এই প্রক্রিয়া আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মিউনিখে ইন্টার-পিএসজির মহাযুদ্ধ

আজ মিউনিখে ইন্টার-পিএসজির মহাযুদ্ধ ফুটবল দুনিয়ায় চলছে চ্যাম্পিয়নস লিগ বন্দনা। বাজছে মাঠের যুদ্ধের দামামা। একদিকে প্যারিস জায়ান্টদের আক্রমণভাগের ঘূর্ণিঝড়। অন্যদিকে ইন্টারের পরীক্ষিত রক্ষণভাগের দৃঢ়তা। ক্লাব ফুটবলের সবচেয়ে শিরোপার পরবর্তী কোথায়, মিলান নাকি প্যারিস। সেটার জন্য অপেক্ষা করতে হবে রাতের শেষ প্রহর পর্যন্ত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৭০তম আসরের ফাইনাল আজ। ম্যাচটি জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রাত ১টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে ইন্টারকে হতাশায় ডুবিয়ে শেষ হাসি হাসতে পারলে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতবে পিএসজি।  

 বিয়েটা কি হয়েই গেল শ্রীলীলার?

বিয়েটা কি হয়েই গেল শ্রীলীলার? বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা বেশ কিছুদিন ধরেই প্রেম বিতর্কের গুঞ্জন চলছে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব শ্রীলীলার গায়ে হলুদের ছবিতে। সোশ্যালে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, শ্রীলীলাকে হলুদ মাখাচ্ছেন একাধিক জন। নারী-পুরুষ উভয়ের হাত থেকেই হলুদ মাখছেন তিনি। মুখে নির্মল হাসি। নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা। পরনে পেলব নীল আর ঘিয়ে রঙের মিলমিশে তৈরি শাড়ি। সঙ্গে হালকা গয়না, চুলে ফুল। সব মিলিয়ে ঝলমল করছেন তিনি। সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর। ছবিগুলো নেটিজেনদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে। ছবিগুলোতে ধরা পড়েছে অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান! সাধারণত যা বিয়ের আগে হয়। এসব ছবি দেখেই চোখ কপালে সবার। সমাজমাধ্যমে প্রশ্নের বন্যা, কার্তিক আরিয়ানের সঙ্গেই বিয়ে হচ্ছে নায়িকার? কার্তিক আরিয়ান-শ্রীলীলা কি সাত পাক ঘুরেই ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে বলিউড এবং দুই তারকার অনুরাগীরা। অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন সব কটিই নায়িকার মধ্যে রয়েছে! কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শ্রীলীলাকে। ফলে গায়ে হলুদের ছবি ছড়াতেই হুলস্থূল শুরু। নিন্দুকেরা যদিও বলছেন, সবটাই নাকি নতুন ছবির প্রচারের স্বার্থে। না হলে ছবি শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসার মতো বোকামি করবেন না কার্তিক-শ্রীলীলা। কিছু অনুরাগীর দাবি, শ্রীলীলার জন্মদিন উপলক্ষে নাকি এই রীতি পালিত হয়েছে। তবে ইন্টারনেটে খুঁজলে জানা যাচ্ছে, নায়িকার জন্মদিন ১৪ জুন। ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন। আবার প্রশ্ন উঠছে, যদি গায়ে হলুদের অনুষ্ঠানই হয়, তবে সিঁথিতে সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা? তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা। যদিও পুরো বিষয়টি ধোঁয়াশায় ঢাকা।

কমল হাসানের সঙ্গে ‘ঘনিষ্ঠ দৃশ্য’, মুখ খুললেন অভিরামী

কমল হাসানের সঙ্গে ‘ঘনিষ্ঠ দৃশ্য’, মুখ খুললেন অভিরামী বলিউডের পর্দায় কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সের নায়কদের রোমান্স নতুন কিছু নয়। দক্ষিণী সিনেমাতেও এমন ট্রেন্ডিং দেখা যায়। আর এই কারণে সমালোচনার মুখে পড়েন অভিনয়শিল্পীরা। এবার জনপ্রিয় খ্যাতনামা অভিনেতা কমল হাসান পড়লেন তোপের মুখে। সেই সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন দুই অভিনেত্রীও। যাদের একজন তৃষা কৃষ্ণান ও অপরজন অভিরামী। সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসানের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’। সিনেমাটির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের। ট্রেলারে কমল হাসানকে দুই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এমন রসায়ন। বিশেষ করে অভিরামী ও কমল হাসানের রসায়ন নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা। বয়সের হিসেবে কমল হাসানের ৭১ বছরের বিপরীতে অভিরামীর বয়স ৪১ বছর। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, বিতর্ক প্রসঙ্গে অভিরামী বলেন, ‘আজকাল জনসাধারণের সমালোচনা এড়ানো কঠিন। তবে বিতর্ক যাই হোক না কেন, তা ঘটতেই থাকবে। পরিচালক মণি রত্নমের দৃষ্টিভঙ্গি বা কাস্টিং পছন্দ নিয়ে প্রশ্ন তোলা কাজ নয় আমার।’ ভাইরাল চুম্বন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে স্পষ্টভাবে তিনি বলেন, ‘এটি মাত্র তিন সেকেন্ডের। ট্রেলারে কেবল এটিই দেখানো হয়েছে, যা একটু বিভ্রান্তিকর। তবে আপনি যখন সিনেমাটি দেখবেন, তখন দৃশ্য এবং চুম্বনের দিকে যাওয়ার বিষয়টি বেশ উপভোগ করবেন। যা গল্পের সঙ্গে ভালোভাবে মানানসই। আমার কাছে মনে হয়, এটি নিয়ে এত আলোচনা হওয়া অপ্রয়োজনীয়।’ অভিনেত্রী আরও বলেন, ‘সম্ভবত প্রচারণা ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দৃশ্যটি হাইলাইটস করা হয়েছে। অবশ্য এ ধরনের কৌশল ইন্ডাস্ট্রিতে এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কোনো ধারণা করার আগে সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও জানান অভিরামী।’ মণি রত্নম পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটিতে অভিনয় করেছেন কমল হাসান, সিলাম্বরসন, ত্রিশা কৃষ্ণান, সানিয়া মালহোত্রা, অভিরামী, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্মী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং ভাইয়াপুরি। সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৬ জেলায় ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার তিনি উপজেলার পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুর ফসল সাম্মামের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাটসহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা। সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসারা মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। অভিযানে উপজেলার নারায়ণপুর চিমটাপাড়ার মৃত শামসুল হকের ছেলে মো. জুয়েল রানা (৩২) ও দেবীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. বশির আহমেদ (২৩)কে ১০ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করে। অন্যদিকে এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারি গ্রামের মৃত মাহিদুরের ছেলে মো. সুমন (২৮)কে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।