সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ

সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছে। বিশেষ করে সুপার এইটের গ্রুপ-২ থেকে সেমির লড়াইয়ে বর্তমানে এক জায়গার জন্য লড়ছে দুই দল। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমিফাইনালের বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আপাতত লড়াইয়ে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া কিউইরা সেমিতে এক পা দিয়ে ফেলেছে। দুই পা দিতে হলে নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলেই চলবে। তবে না হারিয়েও যাওয়ার সুযোগ রয়েছে। সেখানেই জটিল হিসাবের খেলা। নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনেও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। যেহেতু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আগেই হয়ে যাবে। ফলে নিজেদের জয়ের সমীকরণ জেনেই ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ, ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। সমীকরণ মেলানোর সাথে সেমির লড়াই দেখার অপেক্ষায় সবাই।

বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক শানাকা, চাইলেন সরকারের হস্তক্ষেপ

বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক শানাকা, চাইলেন সরকারের হস্তক্ষেপ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর দলের চারপাশের বাড়তে থাকা নেতিবাচক পরিবেশকে দায়ী করলেন অধিনায়ক দাসুন শানাকা। সেমিফাইনালের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড্রেসিংরুমের বাইরে তৈরি হওয়া চাপ ও সমালোচনা ক্রিকেটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দর্শকপূর্ণ ম্যাচে ৬১ রানে হারের ধাক্কায় শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায়। এর আগে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও হার তাদের অবস্থান নড়বড়ে করে তোলে। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল, নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে ছয় উইকেট হারিয়ে তারা মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। শানাকার অভিযোগ, মাঠের বাইরের অতিরিক্ত সমালোচনা দলকে চাপে ফেলে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক থাকতে চাই, কিন্তু বাইরে থেকে যে নেতিবাচকতা আসে, সেটা উপেক্ষা করা কঠিন। এটা শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি আরো যোগ করেন, ‘এটাই আমাদের দেশের সবচেয়ে বড় খেলা। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরকার যদি কিছু উদ্যোগ নেয়, সেটাই ভালো হবে।’ ২০১৪ সালে শিরোপা জয়ের পর থেকে শ্রীলঙ্কা টানা পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো। ধারাবাহিক ব্যর্থতা, দল গঠনে অস্থিরতা এবং ব্যাটিং ইউনিটের অনিয়মিত পারফরম্যান্স এবারও তাদের পিছিয়ে দেয়। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ফলাফল তাদের ভাগ্য বদলাবে না, তবে প্রতিপক্ষের সেমিফাইনাল সমীকরণে প্রভাব ফেলতে পারে।

টেন্ডুলকারের আউট নিয়ে ২২ বছর পর মুখ খুললেন বাকনার

টেন্ডুলকারের আউট নিয়ে ২২ বছর পর মুখ খুললেন বাকনার আম্পায়ারিং জীবনে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ বাকনার। যার ফলে ভুগতে হয়েছে ব্যাটারদের। আর সাবেক আম্পায়ার স্টিভ বাকনারের ভুল সিদ্ধান্তের শিকার সবচেয়ে বেশি হতে হয়েছিল শচীন টেন্ডুলকারকে। জামাইকান আম্পায়ার অবশেষে নিজের ভুল স্বীকার করলেন। ২২ বছর আগে শচীনের এক বিতর্কিত আউট নিয়ে অবশেষে মুখ খুললেন ৭৯ বছর বয়সী  স্টিভ বাকনার। ২০০৩-০৪ সালে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন শচীন। কিন্তু ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হন মাস্টার ব্লাস্টার। জেসন গিলেসপি, অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডব্লিউয়ের আবেদনে সোজা আঙুল ওপরে তুলে দেন বাকনার। শচীন নিজেও অবাক হয়ে যান। বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে। আর উইকেটের অনেকটা ওপরে। বাকনারের মতো আম্পায়ারের চোখে এ রকম ভুল হওয়ার কথা নয়। অনেকে বলেন- তিনি শচীনকে দেখলে ‘ইচ্ছাকৃতভাবে’ আউট দিতেন। সেই ঘটনা নিয়ে বাকনার এখন বলেন, শচীনের ওই এলবিডব্লিউটা ভুল ছিল। কিন্তু এখনো ওই একটা আউট নিয়ে কথা বলে অনেকেই। কেন আমি ওকে আউট দিয়েছিলাম? ও কি সত্যিই আউট ছিল? এ ধরনের কথাবার্তা চলতেই থাকে। কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুলটা মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গেছে। যদিও ভুল স্বীকার করলেও বাকনার ক্ষমা চাইতে নারাজ। কিন্তু ঘটনা হলো— শুধু এই একটা ঘটনা নয়, শচীনের বিরুদ্ধে এ রকম একাধিক ঘটনা ঘটেছে। সৌরভ গাঙ্গুলিসহ অনেক ভারতীয় ব্যাটারই বাকনারের ভুলের শিকার। আবার বিপক্ষ দলের ব্যাটারদের ক্ষেত্রে ঘটনাটা উল্টো। বছর কয়েক আগে ২০০৮ সালের সিডনি টেস্টের ভুল স্বীকার করেছিলেন তিনি। এবার বাকনার মেনে নিলেন ব্রিসবেনের ভুল।

জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। অনুষ্ঠিতব্য ম্যাচটি ভারতীয়দের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই মাঠে দ্বিতীয় ইনিংসে মাঠে প্রচুর শিশির পড়ে, যা ব্যাটিং সহজ করে তোলে এবং বোলিং কঠিন হয়ে যায়। সেই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতীয় দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায়, টস ও কন্ডিশনের প্রভাব নিয়ে চিন্তিত দেশটি। টস যাতে ফল নির্ধারণে বড় ভূমিকা না রাখতে পারে তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি রাসায়নিক উপাদান মাঠে ব্যবহার করছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিপকের আউটফিল্ড নতুন করে প্রস্তুত করার সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এই বিশেষ রাসায়নিক আমদানি করে। ‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার করা হয়। এর কার্যকারিতা হলো—একবার স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না; ভেজা হলে তা দ্রুত শোষিত হয়ে ঘাস দ্রুত শুকিয়ে যায়। 

গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর

গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর গুণীজনদের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানী-গুণীদের সম্মানিত করে। একুশ আমাদের অবিনাশী চেতনা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজনরাই প্রকৃত দিকনির্দেশকের ভূমিকা পালন করেন। তাদের মেধা ও সৃষ্টিশীলতা সমাজকে সমৃদ্ধ করে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ, প্রতিটি ঐতিহাসিক অর্জনে আমাদের বিজ্ঞজনদের অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, আমরা এবার ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ করছি। একুশ আমাদের অবিনাশী চেতনা এবং স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। একটি উদার ও মানবিক রাষ্ট্র গঠনের যাত্রায় আমরা দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করি। ১৯৭৬ থেকে ২০২৬ পর্যন্ত এ পর্যন্ত ৬০৫ জন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে জরুরি নির্দেশনা

সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে জরুরি নির্দেশনা আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর।  চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কারিগরি জটিলতা দেখা দিলে আরও বেশি সময়ের প্রয়োজন হতে পারে। এতে আরও জানানো হয়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি।

মেট্রো রেল স্টেশনে নতুন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি

মেট্রো রেল স্টেশনে নতুন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়াকড়ির কথা জানায়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ আরো স্পষ্ট করেছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ধরনের শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক। মূলত যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ছুটি কত দিনের? ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে।

উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার

উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় দুই তরুণীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই দুই তরুণীকে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। উগান্ডা ২০২৩ সালে কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও পশ্চিমা সরকারের চাপ উপেক্ষা করেই আইনটি কার্যকর করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার দুই তরুণীর একজন ২২ বছর বয়সী বিনোদনকর্মী, অন্যজন ২১ বছর বয়সী বেকার। ১৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আরুয়া সিটি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিবৃতিতে বলা হয়, দুই নারী অস্বাভাবিক ও সমকামি আচরণে জড়িত ছিলেন, যা যৌন প্রকৃতির বলে বিশ্বাস করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে দিনের বেলা প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেছে। পুলিশ দাবি করে, গ্রেফতার দুই তরুণীর বিরুদ্ধে গত বছর থেকেই অভিযোগ আসতে শুরু করেছিল। বিশ্বের সবচেয়ে কঠোর এলজিবিটি-নির্দেশিত আইনগুলোর একটি হিসেবে পরিচিত উগান্ডার এই আইন অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্কের শাস্তি আজীবন কারাদণ্ড। আর ‘অ্যাগ্রাভেটেড’ বা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত ক্ষেত্রে রয়েছে মৃত্যুদণ্ড। গুরুতর অপরাধের সংজ্ঞায় রয়েছে- বারবার অপরাধ করা, সমকামী যৌন সম্পর্কের মাধ্যমে মরণব্যাধি ছড়িয়ে পড়া, অথবা কোনো নাবালক, প্রবীণ বা প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে একই লিঙ্গের যৌন সম্পর্ক স্থাপন। উগান্ডায় এই কঠোর আইন বিতর্কের কেন্দ্রে থাকলেও, কর্তৃপক্ষ বলছে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল

ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে সাবেক ক্রিকেট তারকার একজন মুখপাত্র অভিযোগ করেছে, ইমরানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। তাকে গত বছরের শেষের দিকে তার স্ত্রীর সাথে দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ৭৩ বছর বয়সী ইমরানের পরিবার এবং আইনজীবী জানিয়েছেন, তিনি তার ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। খানকে দ্বিতীয় ডোজ চোখের ইনজেকশনের জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য ইমরান খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি বলেছেন, ইমরান খানকে “তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত।” গত সপ্তাহে ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এক ডজনেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইসলামাবাদ সরকারের কাছে তাকে ‘পর্যাপ্ত’ চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।