শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’ ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রেখেছেন কলকাতার ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এরপর বদলে যায় ইধিকার ভাগ্যরেখা। শাকিবের সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। এরপর দেবের সঙ্গে কাজ করেন। এবার এসব রূপ বদলে বহুরূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় নির্মিত হচ্ছে ‘বহুরূপ’ নামে সিনেমা। এটি পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটির একটি পোস্টারে সাঁওতালি এক মেয়ের রূপে ইধিকা সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। চরিত্র প্রসঙ্গে ইধিকা পাল বলেন, “সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমাকে ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই সিনেমা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।” এ সিনেমায় ইধিকার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। প্রথমবার জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হবেন তারা। মজার ব্যাপার হলো, এ সিনেমায় সোহম সাতটি চরিত্র রূপায়ন করবেন। ইধিকা পালকেও বেশ কয়েকটি রূপে দেখা যাবে। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।
ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রবিবার (১ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে এ নায়কের গাড়িটি। দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাপ্পী চৌধুরী গণমাধ্যমে বলেন, “গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। গাড়িটি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক আমার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।” দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পী চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন বাপ্পী। নায়িকা হিসেবে পেয়েছেন অপু বিশ্বাস, ববি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, জাহারা মিতুসহ অনেককে।
গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়াল

গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়াল গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। শনিবার (১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত এবং ১৩৬ জন আহত হয়েছেন। এর ফলে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা ৫৪ হাজার ৪১৮ জনে পৌঁছেছে। একইসঙ্গে অবরুদ্ধ নগরীতে আহতের সংখ্যা এখন ১ লাখ ২৪ হাজার ১৯০ জনে পৌঁছেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় উপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র শুল্কচুক্তি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে: চীন

যুক্তরাষ্ট্র শুল্কচুক্তি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে: চীন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত শুল্কচুক্তিকে যুক্তরাষ্ট্র ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে বলে অভিযোগ করেছে চীন। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন তার স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে। খবর বিবিসির। সোমবার (২ জুন) চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন গত মাসে জেনেভায় আলোচনার সময় স্বাক্ষরিত চুক্তিকে ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে। ওই চুক্তিতে উভয় দেশ একে অপরের থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমিয়েছিল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরো বলেছে, মার্কিন পদক্ষেপগুলো জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের সময় হওয়া ঐকমত্যকেও গুরুতরভাবে লঙ্ঘন করেছে। শুক্রবার ট্রাম্পের অভিযোগের পর চীনের পক্ষ থেকে পাল্টা এই অভিযোগ এলো। শুক্রবার ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ‘চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে’। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগের বিস্তারিত খোলাসা করেননি। তবে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার পরবর্তীতে জানান, চীন চুক্তির অধীনে সম্মতি অনুসারে অ-শুল্ক বাধা দূর করছে না। গত মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিনিধিদের এক বৈঠকে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার ঘোষণা দেয়। অন্যদিকে, চীন মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ করার ঘোষণা দেয়। সোমবার (২ জুন) বেইজিং বলেছে, চুক্তির মার্কিন লঙ্ঘনের মধ্যে রয়েছে- চীনা কোম্পানিগুলোর কাছে কম্পিউটার চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ করা, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের তৈরি চিপ ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা। জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা হওয়ার বিষয়টি বাণিজ্য বিশ্লেষকের হতবাক করে দিয়েছিল, কারণ গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও চীন পারস্পরিক বাণিজ্যের বেশি কিছু ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে অবিশ্বাস্যভাবে দূরে ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জেনেভার বৈঠক দেখায় যে মুখোমুখি আলোচনার সময় ওয়াশিংটন ও বেইজিং চুক্তিতে পৌঁছাতে পারে। কিন্তু কিছুদিন পার হতেই না হতেই ফের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা চুক্তির ভঙ্গুরতা তুলে ধরেছে এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে তার ইঙ্গিত দেয়। যদিও পারস্পরিক নতুন অভিযোগগুলো এটাও ইঙ্গিত দিতে পারে যে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা ভালোভাবে চলছে না। রবিবার (১ জুন) হোয়াইট হাউজের দুই শীর্ষ কর্মকর্তা জানান, ট্রাম্প এবং শি শিগগির আলোচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিবিএস নিউজকে বলেছেন, শি এবং ট্রাম্পের কথা বলার পরে বাণিজ্যে চুক্তির বিস্তারিত ‘স্পষ্ট’ করা হবে। তবে কথোপকথনটি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে তা তিনি বলেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট এবিসি নিউজকে বলেছেন, চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং ‘উভয় পক্ষই আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন’। হ্যাসেট প্রত্যাশিত আলোচনা সম্পর্কে বলেন, “মূল কথা হলো, যদি পরিস্থিতি আমাদের ইচ্ছামতো না ঘটে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে।” গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর বর্তমান শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। দ্বিগুণ এই শুল্ক আগামী বুধবার থেকে কার্যকর হবে। শুক্রবার পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই পদক্ষেপ স্থানীয় ইস্পাত শিল্প এবং জাতীয় সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে, একই সঙ্গে চীনের উপর নির্ভরতা কমাবে।
বাজেটে বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত

বাজেটে বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। সোমবার (২ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে এই তথ্য জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, “নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একইসাথে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত; না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”তিনি বলেন, “বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোও পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি।” এ বছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিলেন অর্থ উপদেষ্টা

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিলেন অর্থ উপদেষ্টা আগামী ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু হয়। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। এর আগে সোমবার (২ জুন) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট সাত হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার। যার ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটে আকার কমেছে। তবে আগের বাজেটগুলোর কাঠামোর ওপর ভিত্তি করেই আসছে নতুন বাজেট। আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
হাত দিয়ে গোল, লাল কার্ড দেখলেন নেইমার

হাত দিয়ে গোল, লাল কার্ড দেখলেন নেইমার সান্তোসের জার্সিতে মাত্র ৫ মাসের জন্য খেলতে এলেন। রোববার রাতে ছিল সান্তোসের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ; কিন্তু শেষ ম্যাচটাতে চরম বাজে এক কাজ করে তুমুল সমালোচিত ব্রাজিলিয়ান এই তারকা। হাত দিয়ে গোল করতে গিয়ে লাল কার্ড দেখলেন তিনি। ইউরোপিয়ান মিডিয়াগুলো ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে গিয়ে অনেকটাই মজা করে তার হাত দিয়ে গোল করার ঘটনাকে উল্লেখ করছে। তারা লিখছে, ‘হ্যান্ড অব নেইমার’। মজা করে লিখলেও নেইমারের লাল কার্ড দেখার ঘটনা মজা ছিল না। হাত দিয়ে গোল করার ঘটনাটা ঘটেছে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে সান্তোসের ম্যাচে। ম্যাচের তখনও ১৫ মিনিট বাকি। দুই দলই তখন ছিল গোলশূন্য সমতায়। এ সময় ছোট বক্সের সামনে গোল দেয়ার চেষ্টা করছিলেন নেইমার। বল জালে প্রবেশ করছিলো, তখন এক ডিফেন্ডার চেষ্টা করছিলেন বলটার নিয়ন্ত্রন নিতে। বাতাসে ভেসে থাকা বল যেন ডিফেন্ডার নিয়ন্ত্রণে নিতে না পারে, আচমকা হাত দিয়ে বলটিকে বোটাফোগোর জালে ঠেলে দেন নেইমার। সঙ্গে সঙ্গেই রেফারির চোখে পড়ে যায়। ম্যারাডোনার হাত দিয়ে গোল করার দৃশ্য রেফারিরা ধরতে পারেননি। তবে, নেইমারের দুর্ভাগ্য, রেফারি দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। একই ম্যাচের শুরুতেই আরও একটি হলুদ দেখেছিলেন তিনি। যার ফলে দুই হলুদ কার্ড সমান লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো নেইমার। এ ঘটনার চার মিনিট পর বোটাফোগো গোল করে এবং সান্তোসকে ১-০ গোলে হারায়। তবে ম্যাচের শুরু থেকেই বেশ রাগান্বিত মনে হচ্ছিল নেইমারকে। বোটাফোগোর সমর্থকরা একের পর এক দুয়ো ধ্বনিতে রাগিয়ে তুলেছিলেন তাকে। জবাবে তিনি বলেন, ‘আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।’ নেইমারের রাগটা প্রতিফলিত হয় মাঠের খেলাতে। একটি ফাউলের জন্য হলুদ কার্ড পান তিনি। ফাউলটি করেছিলেন তার পুরনো সতীর্থ জাইরকে। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬তম লাল কার্ড, আর সান্তোসের হয়ে পঞ্চম। পিএসজির হয়ে ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন তিনি। ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থণা করেন নেইমার। তিনি বলেন, ‘আমি একটা ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দিন।’
ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের

ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংসের তালিকা করা হলে গ্লেন ম্যাক্সওয়েল সম্ভবত শীর্ষে থাকবেন। ২০২৩ বিশ্বকাপে মুম্বাইতে আফগানিস্তানের বিপক্ষে যেভাবে আহত বাঘের মত গর্জে উঠেছিলেন এবং এককভাবে একা অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন, তা অবিশ্বাস্য। ২১ বাউন্ডারি আর ১০ ছক্কায় সাজানো ক্রিকেট ইতিহাসে এমন ইনিংসের নজির আর কখনো দেখা যাবে কি না সন্দেহ। সেই ক্রিকেটারই কি না অনুশোচনায় ভুগছেন, দলকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনছেন। সে কারণেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। তার এই অবসর সিদ্ধান্ত নেয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি। ফাইনাল ওয়ার্ড পডকাস্টের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের কথা জানান ম্যাক্সওয়েল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় শারীরিক সমস্যার বিষয়টা সামনে আসে তার। নিজের মান অনুযায়ী ফিল্ডিং করার জন্য সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে ২০২২ সালে পা ভেঙে যাওয়ার কারণে ওয়ানডে ক্রিকেটে শারীরিক চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে বলে জানালেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছে, দলকে একটু একটু নিচে নামিয়ে আনছি। কন্ডিশনের সঙ্গে শরীরের প্রতিক্রিয়া দেখে আমি নিজেই শঙ্কিত এবং দলকে হতাশ করে চলছি। এ কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘(অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক) জর্জ বেইলির সাথে আমার বেশ ভালো কথোপকথন হয়েছে এবং আমি তার কাছে জানতে চেয়েছি, ভবিষ্যতে পরিকল্পনা কী? আমি ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। তাকে বলেছি যে, আমি মনে করি না ওই বিশ্বকাপ খেলতে পারবো।’ অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন ম্যাক্সওয়েল। ৩৩.৮১ গড়ে রান করেছেন ৩৯৯০। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩৩টি। সর্বোচ্চ অপরাজিত ২০১ রান। উইকেট নিয়েছেন ৭৭টি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা না করলেও তিনি মূলত টেস্ট খেলেন না। ক্যারিয়ারে মাত্র ৭টি টেস্ট খেলেছেন তিনি। আইএইচএস/
প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমলো প্রায় সাড়ে ৩ হাজার কোটি

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমলো প্রায় সাড়ে ৩ হাজার কোটি ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবছরের (২০২৪-২৫) চেয়ে এ খাতে ৩ হাজার ৪১৬ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এ নিয়ে হতাশ খাতসংশ্লিষ্টরা। সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছর (২০২৪-২৫) এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। সেই হিসাবে বরাদ্দ কমেছে ৩ হাজার ৪১৬ কোটি টাকা। যদিও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট কমিয়ে ৩৫ হাজার ১২৩ কোটি টাকা করা হয়। গত অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা। সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৯৩৫ কোটি টাকা। অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক বছর ধারাবাহিকভাবে মাদরাসায় শিক্ষার্থী ভর্তি বেড়েছে। এ খাত দীর্ঘদিন অবহেলিত ছিল। ফলে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয় শুমারির সবশেষ ২০২৩ সালের তথ্যমতে, প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। তার আগের বছর ২০২২ সালে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ছিল ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন।
১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ জুন) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা।