পরাজয়ের পর প্রীতির চোখে জল, ভক্তদের প্রশংসা

পরাজয়ের পর প্রীতির চোখে জল, ভক্তদের প্রশংসা গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। দুটো দলেরই অদম্য চাওয়া ছিল বিজয়ের। কিন্তু দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি ও তার দল। ব্যর্থতার বেদনা প্রীতির চোখে জল এনে দিলেও নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চূড়ান্ত আসরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঞ্জাব কিংসের পরাজয়ের পর প্রীতি জিনতা স্ট্যান্ড থেকে নেমে যান মাঠে। বিষণ্ন মন নিয়েও তার দলের খেলোয়াড়দের সামলাতে দেখা যায়। এ সময় নিজেকে শান্ত রাখলেও, তার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট ছিল এবং তার চোখের জল কারো নজর এড়ায়নি। প্রীতি জিনতা ও তার দল ১৮ বছর ধরে জয়ের অপেক্ষায় ছিলেন। পরাজয়ের পর প্রীতি জিনতার আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইট এক্সে একজন লেখেন, “প্রীতি জিনতার চোখে জল, এটাই স্বাভাবিক। আবারো তার হৃদয় ভেঙেছে। ২০১৪ সালেও একই দৃশ্য দেখেছিলাম।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। ২০০৮ সালে পাঞ্জাব কিংসের সহ-মালিকানা নেন প্রীতি জিনতা। তারপর থেকে আইপিএলের সঙ্গে তার অবিচ্ছেদ্য অংশ। দলের প্রতি তার আন্তরিক সমর্থন, নিয়মিত স্টেডিয়ামে উপস্থিত থাকা, খেলোয়াড়দের সঙ্গে আবেগঘনভাবে সম্পৃক্ত হওয়া প্রীতিকে আলাদা করেছে। রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। গত ২১ মে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তা পিছিয়েছে।
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর ঈদের পরের দিন রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। তবে ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।
মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ শীর্ষ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এ বিষয়ে বলেছেন, “মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও মুক্তিযোদ্ধা। যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, যারা তা পরিচালনা করেছেন, সবাই মুক্তিযোদ্ধা। তবে, সরকারের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হন।” তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ অনুযায়ী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীসহ বিদেশে কর্মরত কূটনীতিকরাও ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পান। ফারুক-ই-আজম বলেছেন, “সহযোগী মুক্তিযোদ্ধা মানে তাদের সম্মান বা মর্যাদা ক্ষুণ্ন করা হয়নি। মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা—দুয়েরই মর্যাদা, সম্মান এবং সুযোগ-সুবিধা সমান থাকবে।” তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ীই বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পরে ২০১৮ ও ২০২২ সালে এই সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়, যা আইনি কাঠামোর মধ্যে থেকেই করা হয়েছে। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহাম্মদের ছেলে জাইদুল হক (৫৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুসলিমপুরের আয়নাল হকের ছেলে হযরত আলী (৪০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাইদুল হক। পথে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রবিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালক হযরত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নালা ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দায় ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন— শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি দক্ষিণপাড়া এলাকার মো. জলিল মিয়ার ছেলে মো. জুনায়েদ (৭) গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সোমবার দুপুরে শিশু জুনায়েদ নানির বাড়ির পাশে সবার অজান্তে খাড়ি পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খাড়িতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ইয়াসিন আল ইসলাম রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যায়। তার সন্ধানে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ডুবুরিদল এসে আজ (গতকাল) সোমবার সকাল ৯টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল চাঁপাইনবাবগঞ্জে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে ধারণ করে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন— সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ ও সহ-সম্পাদক ওয়ালিউর রহমান রাজু। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার দরকার। তাই রাষ্ট্রীয় সংস্কারে জাতীয় ঐক্য ও জনমত গঠনে বেশি বেশি গোলটেবিল বৈঠক প্রয়োজন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী ও উদ্যোক্তা ও সাবেক কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া।
শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ

শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগ ও সংগঠনের প্রধান উপদেষ্টা শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: মো.মাহফুজ রায়হানের পরামর্শে শিবগঞ্জ উপজেলার রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরের এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পরিচালক আলমগীর জয়, নারী উদ্যোক্তা শামিমা খাতুন, সিনিয়র এ্যাডমিন মোস্তফা আলী, সিনিয়র মডারেটর রাকিবুল ইসলাম এবং খাদিমুল ইসলামসহ অন্যান্যরা। সংগঠনের পরিচালক আলোমগীর জয় বলেন তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব। আরও বক্তব্য দেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি স এম শাকিল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ আমের আড়ৎদার সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ও আম চাষি। সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেনসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
পুরোদমে কৃষি কাজ করব: বুবলী

পুরোদমে কৃষি কাজ করব: বুবলী ফসলি জমিতে চিত্রনায়িকা শবনম বুবলী। তার পরনে আধুনিক সাজ-পোশাক। মাথার চুলগুলে আলগা করে ছেড়ে দেওয়া, মুখে হাসির ঢেউ। নিড়ানি হাতে ফসলের গোড়া পরিষ্কার করছেন। রবিবার (১ জুন) বিকালে অফিশিয়াল ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন বুবলী; তারই একটিতে এমন লুকে দেখা যায় তাকে। অন্য ছবিগুলোর কোনোটি কমলা বাগানে, কোনোটি কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন বুবলী। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন— “ভবিষ্যতে পুরোদমে কৃষি কাজ করব, ফুল, ফল, শাক-সবজি চাষ করব, হাঁস-মুরগি, গরু-ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।” বুবলীকে দেখে ও তার ভাবনার কথা জেনে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করছেন। অনেকে বুবলীর রূপের প্রশংসা করছেন, কেউ আবার তার ভাবনার কথা জেনে ধন্যবাদ জানিয়েছেন। পেশাগত জীবনের শুরুতে বিমানের কেবিন ক্রু ছিলেন বুবলী। পাশাপাশি সংবাদপাঠিকা হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে কয়েক বছর কাজ করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর কেটে গেছে প্রায় এক দশক। বুবলী তার অভিনয় ক্যারিয়ারে ২৩টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। ১০ বছরে শাকিব খানের সঙ্গে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে সর্বশেষ শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বুবলী। এরপর এ জুটিকে আর দেখা যায়নি। ঈদুল আজহায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এরই মধ্যে চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘শাপলা শালুক’ সিনেমা অভিনয় করছেন শবনম বুবলী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো সেখানে তোলা।