কোচের বিরুদ্ধে রাজার বর্ণবাদের অভিযোগ

কোচের বিরুদ্ধে রাজার বর্ণবাদের অভিযোগ জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা দেশটির স্থানীয় কোচ ব্লেসিং মাফুওয়ার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন। মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অলরাউন্ডার। তার অভিযোগ আমলে নিয়ে সাময়িকভাবে ওই কোচকে বহিস্কার করা হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে। রাজার দাবি, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রাজাকে ইঙ্গিত করে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেছিলেন কোচ। যা মোটেও ভালোভাবে নেননি তিনি। তাৎক্ষণিক প্রতিবাদও করেছেন। পরবর্তীতে লিখিত অভিযোগ করেছেন। তার ভাষ্য, ‘‘দোষী প্রমাণিত হলে তাকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন বর্তমানে ও ভবিষ্যৎ প্রজন্মের কারও এমন অভিজ্ঞতার শিকার না হতে হয়।” গত ১ জুন ওল্ড হারারিয়ান্স স্পোর্টস ক্লাব মাঠের ঘটনা সেটি। ভিনিয়া কাপের ম্যাচে ওল্ড হারারিয়ান্সের হয়ে রাজা খেলছিলেন রেইনবো ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচে রাজার দল ১৪২ রানে জয় পায়। রাজা ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। রাজার অভিযোগের পর রেইনবো ক্রিকেট ক্লাবের কোচকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ক্লাবটির কর্তৃপক্ষ বলেছেন, ‘‘বর্ণবাদের অভিযোগকে আমরা কখনও হালকা করে নেই না। যত দ্রুত সম্ভব তদন্ত করব আমরা।”
সফল রান তাড়ায় সিরিজ ইংল্যান্ডের

সফল রান তাড়ায় সিরিজ ইংল্যান্ডের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে জিতেছিল ইংল্যান্ড। এবার সফলভাবে রান তাড়া করল ইংলিশরা। তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। রোববার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৯৬ রান করে। জবাব দিতে নেমে ইংল্যান্ড ৯ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ইংল্যান্ডের এবারের ম্যাচে জয়ের নায়ক পেসার লুক উড। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন দ্রুতগতির বোলার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে এদিন সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক শেই হোপ। ৩৮ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। তার চেয়ে ২ রান কম করেছেন জনসন চার্লস। ৩৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন চার্লস। দুজন ৯০ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। এই জুটি ভাঙার পর তেমন জুটি হয়নি। তবে বড় রানের জন্য ব্যক্তিগত ইনিংসগুলো কাজে এসেছে। রোভমান পাওয়েল ১৫ বলে ৩৪ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। ১১ বলে ১৯ রান করেন রোমারিও শেফার্ড। সাতে নেমে জেসন হোল্ডার ৯ বলে ২ চার ও ৩ ছক্কার ঝড়ে ২৯ রান করলে দুইশর কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজের পুঁজি। লুক উড বাদে ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন চার্স, জ্যাকব বেথেল ও আদীল রশিদ। জবাব দিতে নেমে দলীয় ৯ রানে জেমি স্মিথ (৪) সাজঘরে ফেরেন। সেখান থেকে বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নেন। আগের দিন মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাটলার। আজ ৩ রানের জন্য ফিফটি বঞ্চিত হন তিনি। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন বাটলার। ডাকেট ১৮ বলে ৩০ করেন ৪ চার ও ১ ছক্কায়। মিডল অর্ডারে দলের হাল ধরেন হ্যারি ব্রুক ও বেথেল। ব্রুক ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। বেথেল ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রান করেন। তবে ব্যবধান গড়ে দেন টম ব্যানটন। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় দ্রুত ৩০ রান করলে ইংল্যান্ডের সহজ জয় নিশ্চিত হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৪৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আকিল হোসেন, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ। সাউদাম্পটনে ১০ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা সেটাই দেখার।
পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো

পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো চোখের জলে ভিজছে তার মুখ। আনন্দাশ্রু। উন্মাতাল, উচ্ছ্বাস, উৎসব সবই এই রাতে তার প্রাপ্য। সেই প্রাপ্যটাই জার্মানির আলিয়াঞ্জ এরিনায় বুঝে পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতল পর্তুগাল। ২০১৯ সালে রোনালদো পেয়েছিলেন এই শিরোপা। ছয় বছর পর শিরোপা পুনরুদ্ধার। লম্বা সময় পর রোনালদোর ট্রফির আনন্দ। বয়স চল্লিশ পেরিয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ে নিজে গোল করে শিরোপা জয়ের অবদানে শামিল হওয়ার আনন্দ, আবেগ, আতিশজ্য ছুঁয়ে যাচ্ছিল তাকে। চোখের জলের মতো অনুভূতি প্রকাশেও রোনালদো ছাড়িয়ে গেলেন নিজেকে, ‘‘কী আনন্দ! এই প্রজন্মের জন্য এটা জরুরি ছিল, এই মানের একটি ট্রফি যাদের প্রাপ্য। আমাদের পরিবারের জন্যও.. আমার বাচ্চারা এসেছে এখানে, আমার স্ত্রী, ভাই, বন্ধুরা…।” ম্যাচের পুরোটা সময় মাঠে থাকতে পারেননি রোনালদো। ম্যাচের আগে খানিকটা অস্বস্তিও ছিল তার। কিন্তু সব পাশ কাটিয়ে সবুজ গালিচায় নেমে খেলেছেন সিআরসেভেন। গোল করেছেন। এই ফাইনাল ও শিরোপা তার কাছে কতটা অরাধ্য সেটা বোঝা গেল কথায়, ‘‘ম্যাচের আগে গা গরমের সময়ই কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য। আমরা মানুষ অল্প, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’’ পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ ইউরোর পর ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ। জাতীয় দলের জার্সিতে খেলা নিয়ে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ‘‘পর্তুগালের কথা যখন হয়, এই অনুভূতিই বিশেষ কিছু। এই প্রজন্মের অধিনায়ক হতে পারা দারুণ গর্ব ও সম্মানের। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারা মানে সবসময়ই প্রাপ্তির চূড়া।” “পর্তুগালের জন্য কিছু জিততে পারা সবসময়ই স্পেশাল। ক্লাবের জয়ে অনেক ট্রফি জিতেছি, কিন্তু পর্তুগালের হয়ে জয়ের চেয়ে সুখের কিছু আর নেই। এজন্যই এই কান্না। দায়িত্ব পালন করেছ এবং এই আনন্দের সীমা নেই।” –যোগ করেন তিনি। চল্লিশেও রোনালদো অপ্রতিরোধ্য। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল তিনটি ম্যাচেই গোল করেছেন। পেশাদার ক্যারিয়ারে সহস্র গোলের রেকর্ড গড়ার ইচ্ছা তার। সেদিকে এগিয়েও যাচ্ছেন। ৯৩৮ তো হয়েই গেল। তবুও প্রশ্নটা বারবার এসেই যায়, কোথায় থামবেন? উত্তরটা বেশ পরিস্কার তার কাছে, “ভবিষ্যৎ ভাবনা চলতে থাকবে সংক্ষিপ্ত মেয়াদ ধরে। তবে আপাতত সময়টা বিশ্রামের। চোট নিয়ে খেলেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি, নিজেকে ঠেলে নিয়েছি সবটুকু… কারণ, জাতীয় দলের জন্য নিজেকে সর্বোচ্চটুকু চেষ্টা করতেই হবে।”
ইসরায়েলি হামলায় আরো ১০৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরো ১০৮ ফিলিস্তিনি নিহত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার তৃতীয় দিনেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। রবিবার (৮ জুন) ঈদের তৃতীয় দিন দফায় দফায় ইসরায়েলের হামলায় ১০৮ ফিলিস্তিনি নিহত এবং আরো প্রায় ৪০০ জন আহত হয়েছেন। খবর আনাদোলুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে ৩৯৩ আহতকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষমতা হাসপাতালগুলোর নেই। গাজায় শুক্রবার (৬ জুন), ঈদুল আজহার প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলিতে ৩৩ ফিলিস্তিনি নিহত হন। শনিবার (৭ জুন), ঈদের দ্বিতীয় দিন ৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে। দেড় বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে রবিবার (৮ জুন) পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় উপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
১১ জুন জামিন পেতে পারেন ইমরান খান

১১ জুন জামিন পেতে পারেন ইমরান খান একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ১১ জুন জামিন পেতে পারেন। রবিবার (৮ জুন) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান গোহর আলি খান এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ১১ জুন (বুধবার) দিনটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জানান, ইমরান খুব শিগগির জেল থেকে ছাড়া পেতে চলেছেন। খবর দ্য ইকোনমিক টাইমস। গোহরের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, ওই দিনই জেল থেকে ছাড়া পেতে পারেন ইমরান। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’-কে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান গোহর বলেন, “ইমরানকে ছাড়াই চারটি ঈদ কেটে গেল। তবে উনি খুব শিগগির ছাড়া পাবেন। ১১ জুন তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।” ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ওই দিন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত চেয়ে দাখিল করা আবেদনপত্রের ওপর শুনানি করবে। এর আগে, গত মাসে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের ভিত্তিতে শুনানিটি মুলতবি করা হয়েছিল, কারণ সংস্থাটি তাদের আইনি প্রস্তুতির জন্য সময় চেয়েছিল। ইতিমধ্যেই শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। রবিবার গোহরও পাকিস্তানের বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনে নামার কথা বলেন। তিনি জানান, পিটিআই চলতি অর্থবছরের বাজেট এবং চলমান রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে একটি আন্দোলনের পরিকল্পনা করেছে, যার নেতৃত্ব দেবেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজেই- জেল থেকেই। গোহরের ভাষায়, “দলীয় কৌশল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ৯ জুন এ বিষয়ে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব।” এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্ডাপুর সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে একটি দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে।
জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪

জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪ জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের কাডেনা বিমান ঘাঁটিতে এক বিস্ফোরণে জাপানি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবর সিনহুয়ার। সোমবার (৯ জুন) সকালে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এনএইচকের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে কাডেনা ঘাঁটির একটি গোলাবারুদ ডিপোতে, যেটি এসডিএফের তত্ত্বাবধানে আছে। এসডিএফের সূত্রের বরাতে এনএইচকে জানায়, ডিপোতে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আহত ওই চার সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আঙুল পুড়ে যাওয়াসহ বেশ কিছু আঘাত পেয়েছেন। তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয়। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি তদন্ত করছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন। পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়। বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত।
নামাজ ও পশু কুরবানির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন

নামাজ ও পশু কুরবানির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন শনিবার (৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যতিক্রম হয় নি। ঈদগাহগুলোয় দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বাড়ি ফিরে মহান আল্লাহ’র সন্তষ্টির জন্য পশু কুরবানী করেন। ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয় ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ঈদগাহের সংখ্যাছিল ৫৪৮টি। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি। এছাড়াও মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন- জেলাবাসীর সহযোগিতায় আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীডিতকর ঘটনার খবর পাওয়া যায় নি। এদিকে আবহাওয়াও ছিল অনুকুলে। নামাজ আদায় বা পশু কুরবানী করতে কোনো ভোগান্তি পোহাতে হয় নি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর উৎসব মুখর পরিবেশে ঈদু আজহা উদযাপিত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী

সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে সম্পর্ক মানেই বড় দায়িত্ব। প্রেম যতই রোমান্টিক হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তার দায়বদ্ধতা বাড়ে বলে মনে করেন তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় করছেন শুভশ্রী। ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটি সম্পর্ক এবং অপেক্ষার গল্প-যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। ট্রেলার দেখে দর্শকের একাংশ ছবিটিকে ঋতুপর্ণ ঘোষের ঘরানার বলেও মনে করছেন। শুভশ্রী বলেন, ভালোবাসার কোনো প্রজন্ম হয় না। কেউ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আবার সম্পর্ক যদি কাজ না করে, সম্মান বজায় রেখে আলাদা হওয়াও অপরাধ নয়। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য সত্ত্বেও প্রতিযোগিতার ভেতর নিজেকে হারিয়ে ফেলার ভয় আছে কি? এমন প্রশ্নে স্পষ্ট জবাব শুভশ্রী বলেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক। আমি বেশি কিছু চাই না। কখনো ক্যারিয়ার নিচে গেছে, আবার ওপরে উঠেছে। তাই এসব নিয়ে বিচলিত হই না। ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। জানান, ঋতুদা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন এবং আমার জন্য একটি চরিত্র ভাবছিলেন। কিন্তু কাজটা আর হয়নি। ‘দোসর’ আর ‘উনিশে এপ্রিল’ আমার প্রিয় ছবি। ঋতুপর্ণ ঘোষ এমন অনেক কথা বলতেন, যা আমাদের অজানা, কিন্তু পর্দায় খুব সহজে তুলে ধরতেন। এদিকে, বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির ঘোষণায় অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ালেও এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ শুভশ্রী। বলেন, এখনই কিছু বলতে চাই না। প্রচারের সময় অবশ্যই কথা বলব।
আইসিসির বিচারকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইইউ

আইসিসির বিচারকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইইউ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছে ইইউ। খবর আল জাজিরার। শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেন, “ আইসিসির বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।” যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার (৫ জুন) আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞাটি জারি করা হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার (৬ জুন) ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেন, “হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি ইইউর ‘পূর্ণ সমর্থন’ রয়েছে।” ‘এক্স’ পোস্টে তিনি আরো বলেন, “আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের অপরাধীদের জবাবদিহি করে এবং ভুক্তভোগীদের কথা বলার সুযোগ দেয়। বিচারকদের চাপ ছাড়াই কাজ করার স্বাধীনতা থাকা উচিত।” জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক জানান, তিনি মার্কিন সিদ্ধান্তে ‘খুবই বিরক্ত।’ টার্ক বলেন, “জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিচারকদের বিচারিক কার্য সম্পাদনের জন্য তাদের উপর আক্রমণ- আইনের শাসন ও আইনের সমান সুরক্ষার প্রতি শ্রদ্ধার সরাসরি পরিপন্থি- যে মূল্যবোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে।” তিনি আরো বলেন, “এই ধরনের আক্রমণ সুশাসন ও ন্যায়বিচারের যথাযথ প্রশাসনের জন্য গভীরভাবে ক্ষতিকর।” জাতিসংঘের মানবাধিকার প্রধান আইসিসির বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের জাতীয় সরকারের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তাও আইসিসিকে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিপ্রস্তর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আইসিসিরি স্বাধীনতা ও অখণ্ডতা অবশ্যই রক্ষা করতে হবে।” মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ২০২০ সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনা আইসিসির চার বিচারকের সবাই নারী। তারা হলেন- উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ ডেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের রেইন অ্যাডিলেড সোফি আলাপিনি গানসো এবং স্লোভেনিয়ার বেটি হোলার। ইইউ সদস্য স্লোভেনিয়া বলেছে, তারা ‘বিচারিক প্রতিষ্ঠানের ওপর চাপ প্রত্যাখ্যান করে’ এবং ইইউকে তার ব্লকিং আইন ব্যবহার করার আহ্বান জানিয়েছে। স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ একটি পোস্টে বলেছে, “নিষেধাজ্ঞার তালিকায় ইইউ সদস্য রাষ্ট্রের নাগরিকের অন্তর্ভুক্তির কারণে, স্লোভেনিয়া ব্লকিং আইনটি অবিলম্বে সক্রিয় করার প্রস্তাব করবে।” ব্লকিং আইনটি ইউরোপীয় কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞার অ্যানেক্সে তালিকাভুক্ত আইনগুলোর সঙ্গে ‘প্রত্যক্ষ’ বা ‘পরোক্ষ’ (সাবসিডিয়ারি বা মধ্যস্থতাকারী ব্যক্তিদের মাধ্যমে) সম্মতি থেকে নিষিদ্ধ করে। কিউবা এবং ইরানের সঙ্গে ইউরোপীয় বাণিজ্য নিষিদ্ধ করা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে অতীতে এই আইন ব্যবহার করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মানে হলো, বিচারকদের বিশেষভাবে মনোনীত অনুমোদিত ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হবে। তাদের যে কোনো মার্কিন সম্পদ জব্দ করা হবে এবং সেগুলো কেবল মার্কিন ব্যাংকগুলোই নয় বরং বিশ্বব্যাপী অনেক ব্যাংক দ্বারা ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় নজরদারি প্রক্রিয়ায় রাখা হবে, যার ফলে অনুমোদিত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট রাখা বা খোলা বা অর্থ স্থানান্তর করা খুব কঠিন হয়ে পড়বে। ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটিই প্রথমবার নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকটি পরেই ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে আইসিসি তদন্তে অংশগ্রহণকারী যে কাউকে নিষেধাজ্ঞার হুমকি দেন। সেসময় সমালোচকরা সতর্ক করে বলেছিলেন, এই ধরনের পদক্ষেপ ন্যায়বিচারের পথকে বিকৃত করতে পারে, উদাহরণস্বরূপ, সাক্ষীদের প্রমাণ নিয়ে এগিয়ে আসতে নিরুৎসাহিত করবে। কিন্তু ট্রাম্প যুক্তি দিয়েছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালের আইসিসিরি গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে এই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল। তিনি আরো দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘যুদ্ধের আইন কঠোরভাবে মেনে চলা গণতন্ত্রের বিকাশ’ করছে এবং আইসিসির তদন্ত সামরিক সদস্যদের ‘হয়রানি, নির্যাতন ও সম্ভাব্য গ্রেপ্তারের’ হুমকি দিচ্ছে।
শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন

শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন কয়েকদিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার দেওয়ালে শোভা যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বাহারি পোস্টার। কোন সিনেমা কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা চূড়ান্ত হচ্ছে। এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অধিকাংশ ঈদের সিনেমাই রাজধানীতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক সূত্র জানা গেছে, কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন। এর কোনোটি পাইরেসির ভয়ে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে। আবার কেউ বা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাল্টিপ্লেক্সগুলোর ফলাফল দেখে পরের ব্যবস্থা নেবে। এরপরেও দেশব্যাপি ঈদের সিনেমা নিয়ে ঢাকাই সিনেমার দর্শকেরা মেতে উঠেছেন। বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খান চাহিদার শীর্ষে রয়েছেন। তার ‘তাণ্ডব’ সিনেমা সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, তারা চাইলে দেশের সব প্রেক্ষাগৃহে থাকতে পারেন। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ‘তাণ্ডব’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ চোখে পড়ার মতো। সবাই চাইছেন তাদের সিনেমা। এখন পর্যন্ত তাদের সিনেমা ১৩২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন শাকিল। প্রেক্ষাগৃহের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ইনসাফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম ও ফারিণ। সিনেমাটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তা গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্সের সব শাখায় আছি, ব্লকবাস্টারে মুক্তি পাবে। আর সিনেমাটি নিয়ে দেশে নানা প্রান্তের হলমালিকদের আগ্রহ রয়েছে বুঝতে পারছি।’ তিনি আরও জানান, আপাতত ঢাকার বাইরে ১০টির মতো হলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০টির মতো প্রেক্ষাগৃহে ‘ইনসাফ’ মুক্তি পাচ্ছে। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ক্রাইম ও থ্রিলারধর্মী সিনেমাটি নির্মাণ করছেন সানী সানোয়ার। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, আগে থেকেই তাদের পরিকল্পনা রাজধানীর ভেতরের প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ থাতা। প্রথম সপ্তাহ পর তারা সিনেমাটি রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। এ বিষয়ে তিনি জানান, তাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবের এর গল্পটি অন্যরকম। সব শ্রেণির দর্শকের জন্য গল্পটি হলেও মাল্টিপ্লেক্সই তাদের প্রথম লক্ষ্য। এরপরে তারা পরিস্থিতি বুঝে রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দেবেন। এটি ১০টির মতো হলে মুক্তি পাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। অনেক দিন পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমাটি। এটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, রাজধানীর বাইরে খুলনা, সাতক্ষীরা, কিশোরগঞ্জসহ অনেক স্থান থেকে সিনেমাটি নিয়ে আগ্রহী প্রকাশ করেছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। তবে সিনেমাটি আপাতত ঢাকার ভেতরেই মুক্তি দেওয়া হচ্ছে। এর মূল কারণ, পাইরেসির ভয়। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, মাল্টিপ্লেক্সের সব শাখায় তাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ ছাড়া লায়ন সিনেমাসে মুক্তি পাচ্ছে। তারা পরে ক্রমে ক্রমে রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। সব মিলিয়ে ১০টির মতো হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি নির্মাণ করেছেন মিঠু খান।