বেঙ্গালুরুতে ভারতের, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বেঙ্গালুরুতে ভারতের, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ বাছাই পর্ব পেরিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আট দলের এই প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের চারটি ভেনু্যতে হবে সাত দলের সব ম্যাচ। পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোতে। ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। একই ভেনু্যতে বাংলাদেশ ও ভারত খেলবে। ২৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে খেলবে ২ অক্টোবর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। অন্য পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। পাকিস্তান পরের ধাপে কোয়ালিফাই করার ওপর নির্ভর করবে নক আউটের ভেনু্য। পাকিস্তান নক আউট পর্বে উঠলে শ্রীলঙ্কায় ম্যাচ হবে। নয়তো নক আউট পর্বের সব ম্যাচই হবে ভারতে। সাম্ভাব্য সূচিও চূড়ান্ত হয়েছে। ২৯ অক্টোবর গৌহাটি কিংবা কলম্বোয় প্রথম সেমিফাইনাল। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল বেঙ্গালুরুতে। ২ নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোয় হবে ফাইনাল। প্রসঙ্গত, সবশেষ আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে বসেছিল সব ম্যাচ। ভারত সফর না করায় তাদের ম্যাচ হয়েছিল দুবাইয়ে।
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদল

প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থাটির কোনো সদস্যের প্রথম বাংলাদেশ সফর। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল রবিবার (১৫ জুন) ঢাকায় পৌঁছেছেন। ঢাকা সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে, রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার (১৫ জুন) দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নম্বর চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে +৯৬২৭৮১৬৪০০৮১ (হোয়াটসঅ্যাপ ও ইমো) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জর্ডানে বাংলাদেশ দূতাবাস এ সংকটকালে সব প্রবাসী বাংলাদেশিকে সচেতন ও সতর্ক থেকে চলাফেরা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে মেডিকেল টিম

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে মেডিকেল টিম করোনাভাইরাস ও ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই আগামী ২৬ জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে সারা দেশে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১৬ জুন) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এ-সংক্রান্ত আদেশ দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। ‘বিষয়টি অতীব জরুরি’ বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাস এবং ডেঙ্গুর সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনাগুলো হলো: ১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। ২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ৩. ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৪. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের অভ্যন্তরে মশকনিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে। ৫. পরীক্ষা কক্ষের আসনবিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে। ৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। ৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে। আদেশে আরো বলা হয়েছে, শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। সে হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩৩ জেলায় তাপপ্রবাহ, আরো গরম বাড়ার পূর্বাভাস

৩৩ জেলায় তাপপ্রবাহ, আরো গরম বাড়ার পূর্বাভাস দেশের ৩৩ জেলায় সোমবার (৯ জুন) তাপপ্রবাহ চলছে। গত শনিবার এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার (১০ জুন) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তা কমে অসতে পারে। দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ রয়েছে। তবে অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, “আজ রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।” যে চার বিভাগে আজ তাপপ্রবাহ চলছে, সেসব বিভাগে মোট জেলার সংখ্যা ৩০। এর পাশাপাশি ৩ জেলা মিলিয়ে মোট ৩৩ জেলায় আজ তাপপ্রবাহ চলছে বলে জানান তিনি। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার চট্টগ্রামের কিছু জায়গা ও ঢাকা, বরিশাল ও সিলেটের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
পরীমণির চমকপ্রদ স্বীকারোক্তি: ক্রাশ খান গোপনে, হাসেন একা

পরীমণির চমকপ্রদ স্বীকারোক্তি: ক্রাশ খান গোপনে, হাসেন একা ঢালিউডের আলোচিত ও বহুল চর্চিত নায়িকা পরীমণি। রূপ, রস, প্রেম-বিচ্ছেদ আর ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনে বারবার হয়েছেন শিরোনামের কেন্দ্রবিন্দু। এখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে ঘিরেই তার জীবনের ব্যস্ততা।পর্দার রূপসী পরী বাস্তবেও কম মুগ্ধ করেন না। অসংখ্য দর্শক-ভক্তের ‘ক্রাশ’ পরীমণি। কিন্তু পরীমণির নিজের ‘ক্রাশ’ কে? একান্ত এক সাক্ষাৎকারে সেই রহস্যের খানিকটা পর্দা তুলেছেন এ সাহসী অভিনেত্রী। “দুম করে একটা কি জানি হয়ে যায়! এটা খুব ডেঞ্জারাস। একা একাই ক্রাশ খাই আমি। একা একাই ভাবতে থাকি, হিহি করতে থাকি, নিজের মনের মধ্যেই চলতে থাকে সব। হয়তো তাকে বলিও নাই!”— বললেন পরীমণি, এক চিলতে হাসি মুখে। শুধু প্রেম নয়, ব্যক্তি জীবনেও পরীমণি ছিলেন খবরের পাতায় নিয়মিত। মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালত—সব কিছুই জড়িয়ে গেছে তার জীবনের পর্দা-উত্তর গল্পে। তবে এসব নিয়েও বেশ নির্ভার ও রসবোধসম্পন্ন পরী। “মজাই লাগে আমার। তবু তো লোকজন কিছু একটা করুক! মনে হয়, পৃথিবীতে কোনো সাবজেক্ট না থাকলেও বাংলাদেশে একটা সাবজেক্ট রয়েছে— পরীমণি! যা মন চায় করো,” বললেন হাসতে হাসতে। জীবন, ক্যারিয়ার, সমালোচনা আর ক্রাশ—সব কিছু মিলিয়ে পরীমণির উপস্থিতি যেন এক বহুমাত্রিক গল্প, যার শেষ নেই, ক্লাইম্যাক্সও অনিশ্চিত।
মুক্তি পেল বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

মুক্তি পেল বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক একটি অফিসগামী বাস, অফিস ও দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। ঈদের বিশেষ এই নাটকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই ইউটিউব চ্যানেলটি। নাটকটি প্রসঙ্গে এর নির্মাতা বলেন, “এটি একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার ‘বিলবোর্ড’ গল্পটি পড়ার পর সেটাকে নাটকে রূপ দেওয়ার ভাবনা মাথায় আসে। অপূর্ব-ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে এটি। ”‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।
হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এ কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনো কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন: উপদেষ্টা আসিফ মাহমুদ

যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন: উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা জাতিগতভাবে আমাদের জন্য দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। বলা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন দিলে জাতীয় নির্বাচন বিলম্ব হবে। কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় বলেই দিয়েছেন, সুতরাং এখন তো অসুবিধা হওয়ার কথা নয়। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।