লাখের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

লাখের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২২ জুন দুপুর ১২টা থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এই নিয়োগের আবেদন ও ফি জমা দেওয়া যাবে। তবে, টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১১১০টি পদ উল্লেখ করা হয়েছে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। ১ হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে সুপারিশ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ না দেয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিল করার পদক্ষেপ নেওয়া হবে। তবে, শূন্যপদের চাহিদা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত হওয়ায় চাহিদাজনিত ভুলের দায় এনটিআরসিএ নেবে না বলেও জানানো হয়।

এইচএসসি পরীক্ষার ১০ দিন আগে ফরম পূরণের সুযোগ

এইচএসসি পরীক্ষার ১০ দিন আগে ফরম পূরণের সুযোগ এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র ১০ দিন আগে আবারও ফরম পূরণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিত করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখও ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর পর আর কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না। আগামী ২৬ জুন থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতগুলোর পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি ধান, সরিষা, মাসকলাই, বাদাম, তিল, পাট, মুগডালসহ বিভিন্ন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এছাড়াও বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তারা। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির সংকট রয়েছে এমন জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ফসলের চাষাবাদে মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন বক্তারা। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, রাজশাহীর উপপরিচালক মোছা. উম্মে ছালমা, নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাকিবসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

সাকিবসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। গত অক্টোবরে ভারতে সবশেষ বাংলাদেশের হয়ে খেলে আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম। এদিন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ-আত্মসাতপূর্বক সরকারি বিধি বিধান ও শেয়ার বাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।  শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে এক জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫০৪ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে সারা দেশে ২৩১টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় এক জন মারা গেছেন। এই সময়ে ঢাকায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ৩১ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও সিলেটে ৫ জনের নমুনা পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৫১ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কানসাট আমবাজারসহ বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক-বাল্যবিয়ে, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন এবং বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় অনর্ধিারিত আরও একদিন বন্ধ থাকার পর আজ থেকে পূণরায় চালু হয়েছে। সকাল থেকেই আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দু’শতাধিক ভারতীয় ট্রাক। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দওে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা গতকাল বন্দর খোলা থাকলেও কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর গতকাল যথারীতি বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবার কথা ছিল। সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলায় গত রোববার আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয় নি। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হয়েছে। পাথর,খইল ও ভুষি (পোল্ট্রি,পশু ও মাছের খাবার), জিরা, গুড়সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। বিকেল ৩টা পর্যন্ত দুশতাধিক ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। দীর্ঘ টানা ছুটির পর কয়েকদিনের মধ্যেই বন্দরের কার্যক্রমে ঢিলেভাব কমে ব্যস্ততা বাড়বে বলেও আশা করেন তিনি।

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, মতিউর রহমান, হাবিবুল্লাহ সিপন, পৌরসভার কাজী কামরুল ইসলামসহ অন্যান্যরা। সভায় পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কাজ সমাপ্তকরন, বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরসন, বাল্যবিয়ে নিরোধ, নেসকোর নাচোল সাব অফিসে লোকবল পদায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আমি গর্বিত আমি একজন মুসলিম: আমির খান

আমি গর্বিত আমি একজন মুসলিম: আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেন আলোচিত সিনেমা ‘পিকে’। ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে সুপারডুপার হিট হয়। এ সিনেমা মুক্তির আগে প্রকাশিত হয় আমিরের পোস্টার। সিনেমাটিতেও নগ্ন আমিরের দেখা মেলে। তারপর দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। সমালোচনাও কম সইতে হয়নি তাকে। এখানেই শেষ নয়, হিন্দু ধর্মের প্রতি কটাক্ষ করার অভিযোগে তীব্র সমালোচনা মুখে পড়েন আমির। ভাঙচুর করা হয় প্রেক্ষাগৃহ। প্রায় এক যুগ পর এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন আমির খান। ইন্ডিয়া টিভি চ্যানেলের ‘আপ কি আদালত’ শোয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন আমির। তার ভাষায়— “ধর্ম নয়, ধর্মের নামে যারা প্রতারণা করে ‘পিকে’ সেসব লোকদের সমালোচনা করেছে।” ব্যাখ্যা করে আমির খান বলেন, “তারা ভুল। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমরা সমস্ত ধর্ম ও সমস্ত ধর্মের মানুষদের শ্রদ্ধা করি। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা কামায়, তাদের বিষয়ে সচেতন করাই ‘পিকে’ সিনেমার উদ্দেশ্য ছিল। প্রতিটি ধর্মেই এমন লোক পাওয়া যায়।” ‘পিকে’ সিনেমায় পাকিস্তানি এক মুসলিম ছেলেরি প্রেমে পড়ে ভারতীয় হিন্দু ধর্মের অনুসারী এক নারী (আনুশকা শর্মা)। এটাকে ‘লাভ জিহাদ’ বলে অনেকে অভিযোগ করেন। এ বিষয়ে আমির খান বলেন, “সবসময়ই এটিকে লাভ জিহাদ বলা উচিত নয়। এটি মানবতা। মানবতা ধর্মের উর্ধ্বে।” গত ৭-৮ বছরে দেশদ্রোহী, হিন্দুবিরোধী হওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন আমির খান। এ বিষয়ে তিনি বলেন, “আমি গর্বিত আমি একজন মুসলিম। আমি গর্বিত আমি একজন ভারতীয়। দুটোই একসঙ্গে সত্যি হতে পারে।” আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। এর মাধ্যমে রুপা‌লি পর্দায় ফিরেছেন আমির। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটিতে আমির খা‌নের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এতে ১০ জন নতুন মুখ র‌য়ে‌ছেন। তারা হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি সি‌নেমা‌টি প্রযোজনাও করছেন আমির খান। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন।

টাইমড আউট নিয়ে ম্যাথুজ, ‘আমাকে টার্গেট করা হয়েছিল’

টাইমড আউট নিয়ে ম্যাথুজ, ‘আমাকে টার্গেট করা হয়েছিল’ ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার অপেক্ষায় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ। গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়েই বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ম্যাথুজ। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই ম্যাথুজের অবসরের আগে অবধারিতভাবে আরেকটি প্রসঙ্গও উঠে আসল, টাইমড আউট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ক্রিকেটার ম্যাথুজ। ২০২৩ বিশ্বকাপের মঞ্চে তার বিরুদ্ধে টাইমড আউট নিয়েছিল বাংলাদেশ। দিল্লিতে ওই ম্যাচের পর গণমাধ্যমে বাংলাদেশকে ধুয়ে দিয়েছিলেন ম্যাথুজ। এবার অবসরের নেওয়ার আগে আরো একবার টাইমড আউট নিয়ে কথা বলতে হলো তাকে। যেখানে ম্যাথুজ দাবি করেছেন, তাকে টার্গেট করা হয়েছিল। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথুজ বলেছেন, ‘‘আমি মনে করি ওই সময়ে এটা নিয়ে অনেক কথা বলেছিলাম কারণ আমি খুব রাগ হয়েছিলাম সাথে হতাশও ছিলাম। আমি নিশ্চিত করেই বলছি আমি কোনো ভুল করিনি। যখন আমি ভিডিওটা ম্যাচ রেফারিকে দেখিয়েছিলাম তারাও বুঝতে পেরেছিল কি হয়েছে এবং তারা ভুল বুঝতে পেরেছিল। তবে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হচ্ছিল আমাকে টার্গেট করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা কেন আপিল করতে প্ররোচিত হলো।’’ ‘‘আমি এখনো যেটা মনে করি আম্পায়াদের আরো সম্পৃক্ত হওয়া দরকার ছিল।  আমি যখন ক্রিজে গিয়েছিলাম তখন অবশ্যই দুই মিনিটের সীমা অতিক্রম করতে পারিনি। এটা স্পষ্ট যে আমার হেলমেটটি তখনই ভেঙে গিয়েছিল, মাটিতে পড়ার আগে নয়। তাই আমার রাগ হওয়ার এটা একটা যুক্তিসঙ্গত কারণ ছিল।’’ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৮তম ম্যাচ চলছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল কেবল লড়ছিল চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিতে। ম্যাচে কোনো বল না খেলেই টাইমড আউট হয়েছেন ম্যাথুজ। সাকিবের বলে সামারাবিক্রমা ৩টা ৪৯ মিনিটে আউট হয়েছিলেন। পরের ২ মিনিটে নতুন ব্যাটসম্যান ম্যাথুজকে পরের বল খেলতে হতো। কিন্তু হেলমেটের উটকো ঝামেলায় খেলতে পারেননি। বাংলাদেশ সেই সুযোগটি নিয়ে ম্যাথুজের আউটের আবেদন করেন। তাতেই মেলে সাফল্য। ক্রিকেটীয় আইনে আম্পায়াররা ম্যাথুজকে আউট দিলেও, বাংলাদেশের আবেদন এবং আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। কেননা ম্যাথুজ সময় মতোই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। ব্যাটিংয়ের জন্য প্রস্তুতও ছিলেন। ক্রিজে প্রণাম করে বল খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু মাথার হেলমেট ঠিক করতে গিয়ে স্ট্রিপে টান দিলে তা ছিঁড়ে যায়। ম্যাথুজ নতুন হেলমেট আনার জন্য ড্রেসিংরুমে ইঙ্গিত করেন। বাংলাদেশের অধিনায়ক সাকিব সময় নষ্টের জন্য ম্যাথুজের আউটের আবেদন করেন। পাশেই ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে আম্পায়ার ইরাসমাসের সঙ্গে সাকিবের আলোচনা দেখে মনে হচ্ছিল, টাইমড আউট নিয়ে দুজন কেবল কথা বলছেন। কিন্তু সাকিবের সিরিয়াস আবেদনে ইরাসমাস সঙ্গে থাকা আরেক আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এ সময়ে বলও দিয়ে দেন আম্পায়ারকে। তাতেই বোঝা যাচ্ছিল, ম্যাথুজের আউট নিয়ে বাংলাদেশ সিরিয়াস। নতুন হেলমেট নিয়ে ম্যাথুজ ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হলেও আম্পায়ার তাকে আউটের সিদ্ধান্ত জানান। তখন ম্যাথুজ বাংলাদেশের অধিনায়কের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। নিজের প্রতিক্রিয়াও দেখান। কিন্তু সাকিব হাসি দিয়ে তাকে ক্রিকেটের নিয়মের কথা মনে করিয়ে দেন। তাদের আলোচনায় বোঝা যাচ্ছিল, হেলমেটের স্ট্রিপ ছিঁড়ে যাওয়ার দুর্ঘটনার কথাই বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশ নিজেদের আবেদনে ছিল স্থির।   ক্রিকেটের নিয়মে এই আউট থাকায় ম্যাথুজ ‘টাইমড আউট’ হন। টাইমড আউট নিয়ে এমসিসি’র আইন যা বলছে, ‘উইকেটের পতন বা একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর, নতুন ব্যাটসম্যানকে, সময় না বলা পর্যন্ত, বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বা অন্য ব্যাটসম্যানকে আউট হওয়ার ২ মিনিটের মধ্যে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রয়োজনীয়তা পূরণ না হলে, নতুন ব্যাটসম্যান আউট হবেন, টাইমড আউট।’