ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ ভোলাহাটে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে আর্থ-সামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন। তিনি ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন। প্রশিক্ষণে বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ঋণগ্রহীতা, সমাজসেবা অফিসের কর্মচারী ও সুধীরা অংশগ্রহণ করেন।
এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে, জানালেন উপদেষ্টা ফারুকী

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে, জানালেন উপদেষ্টা ফারুকী এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এদিন ছুটি থাকবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে। এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে জানিয়ে ফারুকী বলেন, আগামী রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশজুড়ে বৃষ্টি কতদিন, জানালো আবহাওয়া অফিস

দেশজুড়ে বৃষ্টি কতদিন, জানালো আবহাওয়া অফিস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ১৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৯ জুন) সংস্থাটি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেড়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, এখন উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের সব জেলায় হালকা থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও এখন অনেক কম। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তিনি বলেন, দেশজুড়ে বৃষ্টিপাত ২৫ তারিখ (জুন) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর কিছু কিছু বিভাগে কমে আসতে পারে। তবে বর্ষাকালে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীতে।
সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি

সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এসময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
আমরা জাতি হিসেবে অত্যন্ত বেহায়া-নির্লজ্জ: শবনম ফারিয়া

আমরা জাতি হিসেবে অত্যন্ত বেহায়া-নির্লজ্জ: শবনম ফারিয়া ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। তবে তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। স্বভাবে অনেকটা—ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি। গত বছর গণঅভ্যত্থানে ছাত্রদের পক্ষে অবস্থান শবনম ফারিয়া। কিন্তু কিছু মানুষের আচরণে ভীষণভাবে আহত তিনি। কেবল তাই নয়, জাতি হিসেবে অত্যন্ত বেহায়া, নির্লজ্জ বলে উপলদ্ধি তার। বুধবার (১৮ জুন) শবনম ফারিয়া তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে কখনো অভিমান, কখনো ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। একটি গল্প দিয়ে লেখা শুরু করেন শবনম ফারিয়া। তিনি লেখেন, “একটা গল্প আছে না, শীতের সকালে একজন ইমাম আর একজন চোরের! ইমাম ভাবে, কি ভালো একটা মানুষ এই ঠান্ডায় ফজরের নামাজ পড়তে এসেছে। চোর ভাবে, কি ভদ্রলোক দেখতে, দাড়িদুড়ি রেখে আবার চুরি করে! এই গল্প থেকে আমরা কি শিখেছিলাম? শিখেছিলাম যে যেমন, যার চিন্তাধারা যেমন, অন্যদেরও তাদের সেইম মনে হয়!” শবনম ফারিয়ার দাবি, পৃথিবীর সব মানুষ টাকার জন্য নীতি বিক্রি করেন না। তার মতে, “বিশ্বাস করেন, পৃথিবীর সব মানুষ ‘টাকার’ (ডলারও পড়তে পারেন) কাছে তাদের ‘এথিক্স’ বিক্রি করে না। দুনিয়ার ‘সব মানুষের’ কাছে টাকাই ‘সব’ না। কিন্তু মানুষ নিজস্বতায় বিশ্বাস করে! স্রোতের বিপরীতেও যায়! রিস্ক নেয়!” গণঅভ্যত্থানের সময়ের একটি ঘটনা বর্ণনা করে শবনম ফারিয়া লেখেন, “জুন মাসে যখন আন্দোলন তুঙ্গে, ইন্টারনেট চলে যাওয়ার পরপর যেসব সেলিব্রিটিদের কাছে, মেট্রোরেল/বিটিভিতে আগুন দেয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয়, আমিও তাদের মধ্যে একজন। আমি প্রথমে সময় চেয়ে বলি, ভেবে জানাব! স্বাভাবিক, সে সময় ডাইরেক্ট না করার মতো সাহস যোগার করতে পারিনি। তারাও বলে সময় নেন, আপাতত এমনেতেই ইন্টারনেট নাই। যেহেতু হোয়াটসআপ বন্ধ, তাও সিয়ামকে ডাইরেক্ট মেসেজ দেই, তুমি কি ‘এস’ ভাইয়ের কল পেয়েছো? ও রিপ্লাই করে, ‘হ্যাঁ পেয়েছি এবং না বলেছি।’ তখন সাহস পাই এবং আমিও তখন না বলি।” এই ঘটনা প্রকাশ করার কারণ জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “এইসব কথা অযথা বলে বেড়ানোর কোনো ইচ্ছা আমার ছিল না! সেসময় এইটাই করার কথা, না বলেছি বলে আমি বিশেষ কোন ক্রেডিট নিতে চাইনি। যেহেতু আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই জড়িত না, অদূর ভবিষ্যতেও কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই তাও যখন দেখি কেউ লেখে, ‘এরা তো ডলার খাইছে’ মার্কা কল্পনিক গল্প, হাসা ছাড়া কিছু করার থাকে না। ভাই, আমি এমন অনেক মানুষকে চিনি, যারা মন থেকে আওয়ামীলীগ ভালোবাসে কিন্তু জুলাইতে লাল ডিপি দিসিলো! হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পোট্রে করা হইছে এখন বিষয়টা তেমন নাই, কিন্তু সেসময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, অমানুষ না হন তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না, আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক!” আর রাজনৈতিক কোনো স্ট্যাটাস দেবেন না শবনম ফারিয়া। তার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী লেখেন, “এই স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেয়া বন্ধ করলাম! কারণ ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কক্ষনো ভালো হবো না, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু-কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই অসৎভাবে ব্যবহার করবে। আমি আর আমার নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না! পরিশেষে বলতে চাই, সত্যি সত্যি ডলার পেলে আসলে ভালোই লাগতো! শ্রীলঙ্কা যাওয়ার আগে ২৫ হাজার ৩০০ টাকা দিয়ে ২০০ ডলার পাসপোর্টে এন্ডোরর্স করতে খুবই কষ্ট হইছে।”
জনের সঙ্গে ‘দুর্ঘটনামূলক বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেনেলিয়া

জনের সঙ্গে ‘দুর্ঘটনামূলক বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেনেলিয়া নিশিকান্ত কামাত পরিচালিত সিনেমা ‘ফোর্স’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন জেনেলিয়া ডিসুজা ও জন আব্রাহাম। ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসেও সাড়া ফেলেছিল এটি। ২০১২ সালে গুঞ্জন চাউর হয়, ‘ফোর্স’ সিনেমার শুটিংয়ে সত্যি সত্যি বিয়ে করেন জেনেলিয়া-জন। মূলত, এটিকে দুর্ঘটনামূলক বিয়ে বলে উল্লেখ করা হয়। কারণ সিনেমাটিতে বিয়ের একটি দৃশ্য রয়েছে। দৃশ্যটির জন্য সত্যি সত্যি তারা মালা বদল, মঙ্গলসূত্র বিনিময় করেছিলেন। আর বিয়ের কাজটি সম্পন্ন করেন প্রকৃত একজন পুরোহিত। দীর্ঘ এক যুগের বেশি সময় পর পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনেলিয়া ডিসুজা। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “এ গুঞ্জনের কোনো সত্যতা নেই। আমরা বিয়ে করিনি। বিয়ের এই গল্প ছড়িয়েছিল জনসংযোগ বিভাগ থেকে। কেন তারা এটি করেছিলেন, এ বিষয়ে তাদেরই প্রশ্ন করা উচিত।”এরপর এই গুঞ্জন ছড়ানোর কারণ ব্যাখ্যা করে জেনেলিয়া দাবি করেন— “এই গুঞ্জন ছড়ানো হয়েছিল প্রচারের কৌশল হিসেবে।” জেনেলিয়া ও জন আব্রাহামের বয়সের ব্যবধান ১৫ বছর। ২০১২ সালে অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জেনেলিয়া। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে, ২০১৪ সালে প্রিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জন।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে পঞ্চম দিনের মতো বিক্ষোভ

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে পঞ্চম দিনের মতো বিক্ষোভ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা পাঁচ দিনের মতো আজও বিক্ষোভ মিছিল ও আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের ৪ নং ভবনের সামনে কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। সচিবালয়ের সংগঠনগুলোর সমন্বয়ে গঠন করা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত আছেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’ হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে সর্বশেষ ঈদের ছুটির আগে তিন জুন পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের সাতজন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন তারা। ১৫ জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকিও দিয়েছিলেন কর্মচারী নেতারা। এর মধ্যে গত ৪ জুন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি সোমবার বিকেলে প্রথম বৈঠকে বসে। কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা।
আবারও রিশাদকে দলে ভেড়াল হোবার্ট

আবারও রিশাদকে দলে ভেড়াল হোবার্ট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আবারও জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয় মৌসুমে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। আজ মেলবোর্নে অনুষ্ঠিত বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে দ্বিতীয় ডাকেই তাকে দলে টেনে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। ড্রাফট থেকে শুধু রিশাদই নন, হোবার্ট তাদের স্কোয়াডে যুক্ত করেছে ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও। আগের মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। তবে তখন জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল সামনে থাকায় মাঠে নামা হয়নি তার। বিসিবি ৯ দিনের জন্য ছাড়পত্র দিলেও শেষ পর্যন্ত নানা জটিলতায় অস্ট্রেলিয়া যাওয়া হয়নি রিশাদের। তবে এবার আর শুধু সুযোগ নয়, পূর্ণ মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত রেখেই নাম লিখিয়েছেন ২৩ ছুঁইছুঁই এই লেগ স্পিনার। বিগ ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকেই জানানো হয়েছিল, আসন্ন আসরে পুরো সময় খেলার লক্ষ্যে ড্রাফটে নাম দিয়েছেন রিশাদ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের ১৫তম আসরের সময় বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, এমনটাই দেখা যাচ্ছে আইসিসির এফটিপি সূচিতে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলের পরবর্তী আসর কিছুটা এগিয়ে আনা হতে পারে। ফলে সূচির সংঘাত হলে বিপিএল ও বিগ ব্যাশের মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে। গত বছর সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি দলে নেওয়া প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। আর সাকিব খেলেছিলেন বদলি হিসেবে। ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে দুটি এবং ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। রিশাদ নিজের বড় মঞ্চে উত্থান ঘটান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া আসরটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েন তিনি। সেই পারফরম্যান্সের পরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ডাক পান তিনি। তবে ভিসা জটিলতায় অংশ নিতে পারেননি। এরপর বিগ ব্যাশও মিস করেন। অবশেষে চলতি বছরের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে বিদেশি লিগে অভিষেক হয় তার। লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। এবার বিগ ব্যাশে নিজের প্রাপ্য জায়গা ফিরে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন রিশাদ। যদিও এবারের ড্রাফটে তার সঙ্গে নাম লিখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানসহ আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার, তবে কেউই দল পাননি।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, খাবারের লাইনে ছিলেন ২৯ জন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, খাবারের লাইনে ছিলেন ২৯ জন গাজা উপত্যকায় বুধবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর গোলাগুলিতে কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা লাইনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হত্যাকাণ্ড চলছে এমন সময়, যখন সহায়তার আশায় প্রতিদিনই জীবন বাজি রাখছে সাধারণ জনগণ। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান লোকজনের ওপর সর্বশেষ হামলাটি চালানো হয় বুধবার সকালে গাজার কেন্দ্রস্থলে সালাহ আল-দীন সড়কে, নেৎসারিম করিডোরের কাছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। এর বাইরেও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। গাজা শহরের দক্ষিণের জেইতুন এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় নিহত হন আটজন। দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে শরণার্থীদের তাঁবুতে চালানো আরেকটি হামলায় নিহত হন আরও আটজন, যাদের মধ্যে দুই শিশু ও এক নারী ছিলেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য নিশ্চিত করেছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আরও এক হামলায় গাজার কেন্দ্রীয় অংশের মাজাজি শরণার্থী শিবিরে নিহত হন একই পরিবারের অন্তত ১০ জন, যাদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী ও তাদের সন্তানরাও। দেশটির মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, বসতি এলাকাগুলোয় ইসরায়েলি হামলা ও বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় সহায়তার অপেক্ষায় থাকা মানুষদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন, গণহত্যা, ক্ষুধার্তদের লক্ষ্য করে হামলা, জোরপূর্বক উচ্ছেদ, এবং তথাকথিত নিরাপদ অঞ্চলগুলোকে সীমিত করার মাধ্যমে ইসরায়েল যেসব অপরাধ করছে, তা স্পষ্টতই যুদ্ধাপরাধ। এই নির্লজ্জ হত্যাযজ্ঞ প্রায় ২০ মাস ধরে চলমান একটি গণহত্যা যুদ্ধের অংশ। খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান মানুষের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুরে অবস্থিত ‘স্বপ্ন নকশি কর্নার’র শোরুমে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন। শোরুমের মালিক লিমা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে চোরেরা তালা ভেঙে শোরুমের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা ৪০টি নকশিকাঁথা যার প্রতিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা, ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭টি তসর শাড়ি, ১ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪ পিস সিল্কের শাড়ি, ৩০০ টাকা মূল্যের ৩০ পিস বেবী নকশিকাঁথা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বুধবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। চোরদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।