
নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজটির নূর মোহাম্মদ খান মিলনায়তনে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহা. আব্দুল বারেক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. নিয়ামত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। পরীক্ষার ফলাফলের সারমর্ম উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সাদরুজ্জামান আমির আল মাহফুজ। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ। পরীক্ষায় বিভিন্ন শাখায় সেরা পাঁচ ফলাফলকারীকে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এই পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণে বিধিনিষেধের ব্যাপারে তার অবস্থানের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের আগামী সময়টুকু সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় তাদের ফলাফল যাতে আশাব্যঞ্জক হয়, তার জন্য শিক্ষার্থীদের শুভকামনা জানান।
চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের

চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন, সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দিন পার করেছেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার সকালে তিনি জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের হয়রানি মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসা সেবার মান বৃদ্ধি, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগীদের খাদ্যের মান উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দ্রুত সকল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। এসময় সাবেক এমপি লতিফুর রহমান ও জামায়াত নেতা গোলাম রাব্বানীসহ অন্যরা নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদ সংসদ সদস্যকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান। পরে নূরুল ইসলাম বুলবুল সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা শহরসহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
নাচোলে ১৬ দরিদ্র নারীকে দেয়া হলো সেলাইমেশিন

নাচোলে ১৬ দরিদ্র নারীকে দেয়া হলো সেলাইমেশিন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় দরিদ্রদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে মেশিনগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে ১৬ জন নারীকে এই সেলাইমেশিন দেয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান আলী, সহকারী প্রকৌশলী ফাহাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ক্লাবে মোদী

প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ক্লাবে মোদী ইনস্টাগ্রামে ১০ কোটি বা ১০০ মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের সরকারি কর্মকর্তারা জানান, ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারি অর্জন করা বিশ্বের প্রথম রাজনীতিক ও প্রথম বিশ্বনেতা হলেন মোদী। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেন নরেন্দ্র মোদী। গত এক দশকে তার অ্যাকাউন্টটি বিশ্বনেতাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় ও আলোচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে কর্মকর্তারা জানান। বিশ্বের প্রধান নেতাদের মধ্যে এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারী মোদীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যার চেয়েও মোদীর অনুসারীর সংখ্যা দ্বিগুণের বেশি। কর্মকর্তাদের ভাষ্য, বিশ্বের পরবর্তী পাঁচজন বড় নেতার মোট অনুসারী যোগ করলেও তা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত অনুসারীর সংখ্যাকে ছুঁতে পারবে না। ইনস্টাগ্রামে বিশ্বনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুসারী ৪৩ দশমিক ২ মিলিয়ন বা ৪ কোটি ৩২ লাখ। ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এরপর চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তার অনুসারীর সংখ্যা ১৪ দশমিক ৪ মিলিয়ন বা ১ কোটি ৪৪ লাখ। ১১ দশমিক ৬ মিলিয়ন আ ১ কোটি ১৬ লাখ অনুসারী নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ৬ দশমিক ৪ মিলিয়ন বা ৬০ লাখ ৪০ হাজার অনুসারী নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যার দিকে থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকদের চেয়েও অনেক এগিয়ে আছেন মোদী। ১৬ দশমিক ১ মিলিয়ন বা ১ কোটি ৬১ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর তৃতীয় স্থানে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যার অনুসারীর সংখ্যা প্রায় ১২.৬ মিলিয়ন বা ১ কোটি ২৬ লাখ।
এপস্টেইন তদন্ত: ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগসহ কয়েক ডজন ফাইল উধাও

এপস্টেইন তদন্ত: ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগসহ কয়েক ডজন ফাইল উধাও যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র নিয়ে সাম্প্রতিক তদন্তে গুরুতর অস্পষ্টতা প্রকাশ পেয়েছে। এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত সাক্ষাৎকারসহ কয়েক ডজন এফবিআই ফাইল উধাও হয়ে গেছে। পার্সটুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন বিচার বিভাগ কর্তৃক এপস্টেইনের নথিপত্র ব্যাপকভাবে প্রকাশের সময় প্রায় ৩২৫টি এফবিআই সাক্ষীর সাক্ষাৎকারের প্রতিবেদনের মধ্যে ৯০টিরও বেশি ফাইল বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না বলে খবর বের হয়েছে। এই নথিগুলো যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত এক আমেরিকান অর্থদাতা জেফ্রি এপস্টেইনের তদন্তের সঙ্গে সম্পর্কিত। হারিয়ে যাওয়া নথিপত্রের মধ্যে তিনটি প্রতিবেদন এমন এক নারীর সঙ্গে সম্পর্কিত যিনি দাবি করেছিলেন যে, এপস্টেইন ১৩ বছর বয়স থেকেই তাকে নির্যাতন করেছিলেন এবং মার্কিন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও তিনি যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। হাউজ ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া এপস্টেইনের নথিপত্রের কথা উল্লেখ করে বলেন, আমাদের একজন বেঁচে থাকা ব্যক্তি আছেন যিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, কিন্তু তার সঙ্গে এফবিআইয়ের কিছু সাক্ষাৎকার পাওয়া যায়নি। মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশের ক্ষেত্রে মার্কিন সরকার আইন কতটা মেনে চলছে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র নথি অপসারণের বিষয়টি অস্বীকার করে বলেছেন, আমরা কিছুই সরিয়ে ফেলিনি এবং সব প্রাসঙ্গিক নথি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, কিছু নথি ‘নকল, গোপনীয়তা বা চলমান তদন্তের সঙ্গে প্রাসঙ্গিকতার কারণে প্রকাশ করা হয়নি। বিচারিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ আইনি বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যে, এফবিআইয়ের তথাকথিত ‘৩০২’ প্রতিবেদন যা সাক্ষাৎকারের বিবরণ লিপিবদ্ধ করে এপস্টেইনের নথিগুলোর বহু বছরের তদন্ত বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফবিআইয়ের সাবেক উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাককেব নথিগুলোকে ‘যে কোনো তদন্তের কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি’ হিসাবে বর্ণনা করেছেন। একই সঙ্গে কিছু ভুক্তভোগী এপস্টেইনের নথি সম্পূর্ণ প্রকাশের ক্ষেত্রে ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে বলে অভিযোগ করেছেন। এই ব্যর্থতা কেবল প্রশাসনিক নয়, এটি গভীরভাবে ব্যক্তিগত এবং ধামাচাপা দেওয়ার জন্য দায়ী বলে একজন বাদী ফেডারেল বিচারকের কাছে লেখা একটি চিঠিতে জানিয়েছেন। এপস্টেইনের মামলাটি আমেরিকার সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ও বিচারিক কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি এবং এর কিছু নথির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা আমেরিকান প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা, নিহত ৪

মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা, নিহত ৪ মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেছে কিউবার নৌবাহিনী। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিজেদের জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-নিবন্ধিত একটি স্পিডবোট থেকে কিউবান নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো হলে এই পাল্টা অভিযান চালানো হয়। এতে নৌকাটিতে থাকা চারজন নিহত হন। এ ঘটনায় এক কিউবান কর্মকর্তাসহ আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর উপকূলের কাছে কায়ো ফ্যালকোনেসের উত্তর-পূর্বে প্রায় এক মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভেতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করে, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াএ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি কোনও মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না। নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রুবিও আরও বলেন, খোলা সমুদ্রে এ ধরনের গোলাগুলি খুবই অস্বাভাবিক। এটা প্রতিদিন ঘটে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হোয়াইট হাউস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা চাই এটা যেন আমাদের আশঙ্কার মতো গুরুতর না হয়। এ ঘটনার প্রেক্ষিতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উটমেয়ার জানিয়েছেন, ফেডারেল, অঙ্গরাজ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত শুরু করতে তিনি স্টেটওয়াইড প্রসিকিউশন অফিসকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটি কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ডদলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ বছর একুশে পদক পেয়েছেন—চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীতদল হিসেবে পুরস্কার পেয়েছে। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি পুরস্কারপ্রাপ্তদের নাম ও গুণগত অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজ বিজয়-রাশমিকার বিয়ে

আজ বিজয়-রাশমিকার বিয়ে দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বহুদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটছে আজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। বিলাসবহুল এক রিসোর্টে বসছে বিয়ের আসর। পর্দার রসায়ন এবার বাস্তব জীবনের বন্ধনে রূপ নিচ্ছে। ভক্ত-অনুরাগীদের কাছে বহুলচর্চিত এই সম্পর্ক নিয়ে এতদিন ছিল নীরবতা আর লুকোচুরি। অবশেষে সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ঘোষণা দিয়ে চমক দেন তারা। ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, শুরু হয় নতুন করে আলোচনা। ‘বিরোশ’ নামটি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই ভক্তরা ভালোবেসে রাশমিকা-বিজয় জুটিকে এই নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানান, ভক্তদের দেওয়া এই নাম তাদের কাছে বিশেষ অর্থ বহন করে। তাই বিয়ের আয়োজনে সেই নামকেই বেছে নেওয়া হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। অতিথিদের আপ্যায়নেও রাখা হয়েছে ভিন্নতার ছোঁয়া। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।
৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর দীর্ঘ সাত মাসের বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরলেন নিলয় আলমগীর। গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। নভেম্বরে সেখানেই প্রথম সন্তানের বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই কন্যাসন্তানের খবর জানিয়েছিলেন নিলয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুই দিন বিশ্রাম নিয়ে গত রবিবার থেকেই নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। ঢাকার উত্তরায় চলছে এর শুটিং। পরিচালকের ভাষ্য, নাটকটি একটি কমেডি গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। ঈদ উপলক্ষে দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। এ নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা। খুব বেশি নাটকে একসঙ্গে দেখা না গেলেও এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন তারা। এদিকে এই নাটকের কাজ শেষ করেই টানা আরো দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। সেই নাটক দুটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি।
‘অশ্লীল’ কনটেন্টের অভিযোগে ৫ ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ

‘অশ্লীল’ কনটেন্টের অভিযোগে ৫ ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ ওয়েব সিরিজে অতিরিক্ত যৌন ও অশালীন দৃশ্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপত্তিকর ও অশ্লীল কনটেন্ট প্রচারের দায়ে পাঁচটি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলো হলো—মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। সরকারের দাবি, এর আগে একাধিকবার এসব প্ল্যাটফর্মকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ভারত থেকে এই অ্যাপগুলো আর ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। তখন শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে আরো কঠোর অবস্থান নিল ভারত সরকার।