কলম্বোয় বৃষ্টির আগে নড়বড়ে বাংলাদেশ

কলম্বোয় বৃষ্টির আগে নড়বড়ে বাংলাদেশ শ্রীলঙ্কায় বছরের এ সময় বৃষ্টি-বাদলা হওয়া স্বাভাবিক ঘটনা। বৃষ্টির কারণে বহু ম্যাচ ভেসে যাওয়ার ঘটনাও আছে। বাংলাদেশ দলের এবারের শ্রীলঙ্কা সফরেও যে বৃষ্টি বড় ভূমিকা রাখবে, সেটি জানাই ছিল। গলে প্রথম টেস্টের একটা অংশ ভেসে গেছে বৃষ্টিতে। কলম্বোতেও প্রথম দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টির বাগড়া। তবে সকালের সেশনে বৃষ্টি ছিল না। আগে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ২ উইকেটে ৭১ রান করতে পারে বাংলাদেশ। এর মধ্যে প্রথম উইকেটটি যায় শুরুর দিকেই, দলীয় ৫ রানে। টানা তৃতীয়বারের মতো ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। আজকে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্ডোর বলে ১০ বল খেলে বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে। যদিও বোল্ড হওয়ার আগে দুইবার জীবন পেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। চলতি সিরিজে সবমিলিয়ে তিন ইনিংসে ৪০ বল খেলে ৪ রান করতে পেরেছেন এই ডানহাতি। শুরুর ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। কিন্তু রান তুলতে হিমশিম খাচ্ছিলেন দুজনেই। তাদের জুটিও দীর্ঘস্থায়ী হয়নি। রানের চাকা সচল রাখার চেষ্টায় থাকা মুমিনুল ব্যক্তিগত ২১ রানে ধনঞ্জয়া ডি সিলভার প্রথম বলেই কভারে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর সাদমান দায়িত্ব নিয়ে খেলছিলেন। কিন্তু তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও প্রথম ইনিংসে আর উইকেট পড়তে দেননি তারা। আগের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি আজ ফিরেছেন মধ্যাহ্ন বিরতির পরেই। ৩১ বলে ৮ রান করে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাত ধরা পড়েন তিনি। ফিফটির দিকে ছুটতে থাকা সাদমান এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ফিফটি থেকে ৪ রান দূরে থামে তার লড়াই। ৯৩ বলে ৭ চারে ৪৬ রান করা সাদমান বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন লিটস দাস। তাদের লড়াই শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি। মাঝে একবার বৃষ্টি থামলে কভার সরানো হয়। কিন্তু মিনিট দশেকের মধ্যে আবার বৃষ্টি পড়তে শুরু হলে খেলা বন্ধ রাখা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৭ ও লিটন ৮ রানে ব্যাট করছেন।
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ বুধবার (২৫ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাক্ষাধিক শিক্ষার্থী

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাক্ষাধিক শিক্ষার্থী চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৫৯৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৪০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৪৭৭ জন। দেশব্যাপী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ নিয়েছে। নকল ও প্রশ্নফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ, পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন সংরক্ষণ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা ৩৩ দফা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক রাখতে হবে পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসাতে হবে নির্ধারিত সেট অনুযায়ী প্রশ্নপত্র খোলা ও অব্যবহৃত সেট ফেরতের ব্যবস্থা থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্ন আনতে হবে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে প্রয়োজন হলে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি করতে হবে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ‘নকল প্রতিরোধ’ পোস্টার লাগানো বাধ্যতামূলক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় শুধুমাত্র এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করার অনুমতি থাকবে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে— পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা ওএমআর শিটে নির্ভুলভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট উত্তরপত্র ভাঁজ না করা শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না কেন্দ্রে মোবাইল ফোন আনা নিষিদ্ধ তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা হবে না, স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে উপস্থিতি পত্রে স্বাক্ষর দিতে হবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সরকারি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে যাতে গুজব ও বিভ্রান্তি ঠেকানো যায়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার দেশের সব শ্রেণি পেশার নাগরিকদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ভরে গেছে। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার ঠিক না থাকায় জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই পরিবেশ ও জয়বায়ু মোকাবেলার কার্যক্রমে তরুণদের এগিয়ে আসতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নদীর তলদেশের মাটির ৪/৫ ফুট নীচেও পলিথিন পাওয়া যাচ্ছে। এটি আমাদের জীব-জীব-বৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এগুলোর জন্ম আছে কিন্তু শেষ নেই। তিনি আরো বলেন, আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। সে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবে। দুইজন একসঙ্গে থাকতে পারবে না।
বৃষ্টি থামার আভাস নেই, গরম নিয়ে সুখবর

বৃষ্টি থামার আভাস নেই, গরম নিয়ে সুখবর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের তিন বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তাপমাত্রা। আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তাপমাত্রা। এ ছাড়া আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তাপমাত্রা। সংস্থাটি জানায়, আগামী শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে বান্দরবানে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নীলফামারীর ডিমলায় ১৩৪ মিলিমিটার।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন রুটের ফ্লাইটে পরিবর্তন

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন রুটের ফ্লাইটে পরিবর্তন চলমান বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে উল্লিখিত গন্তব্যগুলোতে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচির পরিবর্তন এবং সাময়িক বিঘ্ন ঘটেছে। বিশেষ করে শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী নিম্নোক্ত ফ্লাইটসমূহ নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি। এগুলো হলো— শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ২টি ফ্লাইট ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি; দুবাইগামী এমিরেটস এয়ারলাইনসের ১টি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি; কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি; দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি। উল্লিখিত ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পুনঃ নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে। এমতাবস্থায়, যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সবাইকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ হাজি

দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ হাজি হজপালন শেষে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৯৫ জন রয়েছেন। মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১২৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ১৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।
ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর নীরব নেতানিয়াহু

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর নীরব নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরানের মধ্যে ‘যুদ্ধবিরতি’র ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই নীরবতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই নেতানিয়াহু একটি জরুরি নিরাপত্তা কেবিনেট বৈঠক ডাকেন। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে ওই বৈঠক। সেখানে তিনি মন্ত্রীদের কোনো ধরনের সাংবাদিক বা জনসমক্ষে মন্তব্য না করার নির্দেশ দেন। খবর আলজাজিরার। এদিকে, ইরান জানিয়েছে, তারা আর প্রতিশোধমূলক হামলা চালাবে না— যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে। তবে ট্রাম্পের ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
‘নিখুঁত হামলার’ কারণে চুক্তি সম্ভব হয়েছে: ট্রাম্প

‘নিখুঁত হামলার’ কারণে চুক্তি সম্ভব হয়েছে: ট্রাম্প ইরানে ‘নিখুঁত হামলার’ কারণে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসায়েলের সংঘাতের মধ্যেই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। খবর আলজাজিরার। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে দাবি তিনি লেখেন, তার সহায়তাতেই এই ‘চুক্তি’ সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, “আজকের ‘চুক্তি’ সম্ভব হতো না আমাদের অসাধারণ বি টু পাইলটদের সাহস এবং দক্ষতা ছাড়া। তাদের অসাধারণ কাজ পুরো পরিস্থিতি বদলে দিয়েছে।” তিনি বলেন, “একটি নিখুঁত ‘হামলা’ সবাইকে একত্রিত করেছে এবং এরপরই চুক্তি হয়েছে!!!” ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে গত শনিবার ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
তৃতীয় ওপেনার হিসেবে দলে নাঈম শেখ, সৌম্যকে কড়া বার্তা

তৃতীয় ওপেনার হিসেবে দলে নাঈম শেখ, সৌম্যকে কড়া বার্তা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার পরিবর্তে দলে তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ২০২৩ সালের এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েন নাঈম। এরপর ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। সোমবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক আশরাফুল হোসেন লিপু দল ঘোষণা করেন। নাঈম শেখের অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন, “দেখুন, দল নির্বাচনের আগে আমরা এই মুহূর্তে একটা ‘বেস্ট পসিবল কম্বিনেশন’ ভাবি। সেই ভাবনার সময় ওপেনারের জায়গা তো একটা স্পেশালিস্ট জায়গা। তখন একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। “সাধারণত দলে তিনজন ওপেনার থাকে। সেই আলোকে আমাদের যখন চিন্তা করতে হয়েছে, তখন এই মুহূর্তে সবচেয়ে ভালো ও উপলব্ধ (available) খেলোয়াড় হিসেবে নাঈম শেখকেই আমরা বেছে নিয়েছি।” — আরও যোগ করেন লিপু। ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩–২৪ মৌসুমে নাঈম শেখ পাঁচ শতাধিক রান করেন। ২০২৪ সালের আসরে ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিতে তিনি করেন ৫৩৬ রান। চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটিতে তার সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো—১২১.৮৯। নাঈমের ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচক, যা তার কাছে ইতিবাচক মনে হয়েছে। পাশাপাশি সৌম্য সরকারকেও দিয়েছেন কড়া বার্তা। চোট এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রধান নির্বাচক বলেন, “সৌম্য সরকার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি যেন নিজেকে প্রস্তুত রাখেন—এটাই প্রত্যাশা। আমরা চাই বড় পরিসরে তিনি দলের সার্বিক সাফল্যে ভূমিকা রাখুন। তাকে আমরা ভুলে যাইনি। তবে তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে যোগ্যতার ভিত্তিতে।”