কষ্টের জয়ে শেষ ষোলোতে ইন্টার, বরুসিয়াও নকআউট পর্বে

কষ্টের জয়ে শেষ ষোলোতে ইন্টার, বরুসিয়াও নকআউট পর্বে ফুটবল রোমাঞ্চের আরেকটি পাতা যুক্ত হলো ক্লাব বিশ্বকাপে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইতালির জায়ান্ট ইন্টার মিলান শেষ মুহূর্তের দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিলো নকআউট পর্বে। গোলশূন্য ৭০ মিনিটের পর হঠাৎ করেই বদলে গেল ম্যাচের মোড়। রিভার প্লেটের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে নাম লেখাল চ্যাম্পিয়নস লিগ রানার্সআপরা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রিভার প্লেটের লুকাস মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৯ বছর বয়সী ফ্রান্সেসকো এসপোসিতো গোল করে দলকে এগিয়ে দেন ৭২ মিনিটে। এটি ছিল ইন্টারের হয়ে তার মাত্র দ্বিতীয় ম্যাচে প্রথম গোল, নতুন প্রতিভার ঝলক যেন অনিবার্য! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বাস্তোনি। এরই মধ্যে রিভার প্লেটকে আরও বড় ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো মন্তিয়েল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দ্বিতীয় সেরা দলটি। এই জয়ে ইন্টার মিলান গ্রুপ-‘ই’ এর শীর্ষে থেকে জায়গা করে নিলো শেষ ষোলোয়। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান পাওয়ারহাউস ফ্লুমিনেজ। উল্লেখ্য যে, ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে আসা ব্রাজিলিয়ান চারটি ক্লাবই জায়গা পেয়েছে নকআউটে। অন্যদিকে আর্জেন্টিনার সব ক্লাব এবার ছিটকে গেছে গ্রুপ পর্বেই। অন্যদিকে, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। উলসান এইচডির বিপক্ষে ড্যানিয়েল সেভেনসনের প্রথমার্ধের একমাত্র গোলই ছিল যথেষ্ট তাদের জয়ের জন্য। এই জয়ে গ্রুপ-‘এফ’ জয় করে তারা শেষ ষোলোতে মুখোমুখি হবে আটালান্টার।

টেস্ট স্ট‌্যাটাস অর্জনের পঁচিশে বাংলাদেশ

টেস্ট স্ট‌্যাটাস অর্জনের পঁচিশে বাংলাদেশ নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক টেস্ট অধিনায়কের কড়া সমালোচনা, ‘টেস্ট স্ট‌্যাটাস পাওয়ার ২৫ বছর উদযাপন! এটা কেমন উদযাপন? স্ট‌্যাটাস পাওয়ার উদযাপন করার কী আছে? টেস্ট খেলছে পৃথিবীর আর কোনো দেশ কী এমন উদযাপন করে। টেস্ট স্ট‌্যাটাস পাওয়ার ২৫ বছর…তো এই ২৫ বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট কতটুকু এগিয়েছে? কালেভাদ্রে কয়েকটি ম‌্যাচ জেতা বাদে কখনো কী এই ফরম‌্যাটে ধারাবাহিকতা ছিল। এসব বাদ দিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়াই উচিত।’’সাবেক টেস্ট অধিনায়কের এমন ঝাঁজালো বক্তব‌্য আসলে টেস্ট স্ট‌্যাটাস অর্জনের উদযাপনের স্রেফ সমালোচনা করাই নয়, বরং আসল জায়গায় বিসিবির কাজ না করার একটি চিত্রও বটে। এই উদযাপন হচ্ছে চলমান সপ্তাহজুড়ে। রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আজ সমাপণী দিনে সবচেয়ে বড় আয়োজন মিরপুর হোব অব ক্রিকেটে। ২৫ বছর আগে, ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্য দেশ হয় বাংলাদেশ। রজতজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট, চিত্রাঙ্কন ও ধারাভাষ্য প্রতিযোগিতা, ‘হিট দা স্টাম্প’ চ্যালেঞ্জসহ নানান আয়োজন। ২০০০ সালের ২৬ জুন টেস্ট স্বীকৃতি পাওয়ার পর ভারতের বিপক্ষে ১০ নভেম্বর প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম প্রথম টেস্টে শতক হাঁকান। সেই দলের নেতৃত্বে ছিলেন নাঈমুর রহমান দূর্জয়। ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, আকরাম খান, এনামুল হক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, আল শাহরিয়ার রোকন, জাভেদ ওমর বেলিম, ফাহিম মুনতাসির, মেহেরাব হোসেন, শাহরিয়ার হোসেন, বিকাশ রঞ্জন দাস, রাজিন সালেহ, মঞ্জুরুল ইসলাম। আজ তাদের সংবর্ধনা দেবে বিসিবি। নানা কারণে অনেকেই থাকবেন না। যারা থাকবেন তাদের দেওয়া হবে বিশেষ ব্লেজার ও সম্মাননা। দেশজুড়ে নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপনের দুটি কারণও ব্যাখ্যা করেছেন আমিনুল, ‘‘প্রোগ্রামটা আমরা দুইটা কারণে করেছি, একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন। আরেকটা হচ্ছে দেশব্যাপী বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়ে ছিল, তাদের একটা ওয়াকআপ কল দেওয়া। এটা আমরা অত্যন্ত সফলভাবে করতে পেরেছি।’’ যেভাবে বাংলাদেশের টেস্ট স্ট‌্যাটাস অর্জন ১৯৭৭ সালের ২৬ জুলাই আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে বাংলাদেশ। আইসিসি ট্রফি জয়ের পর ১৯৯৭ সালের ১৫ জুন বাংলাদেশ অর্জন করে ওয়ানডে স্টাটাস। সেই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে বাংলাদেশ টেস্ট স্টাটাসের জন্য আবেদন করেছিল। সে সময়ে পাঁচটি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিলেও চারটি দেশ আরো পর্যবেক্ষণের পরামর্শ দেয়। তাতে ভেস্তে যায় সেই আবেদন। তবে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারালে টেস্ট স্টাটাস অর্জনের ভিত্তি স্থাপিত হয়। এর পাশাপাশি বিভিন্নভাবে লবিং অব্যাহত থাকে। যেই কাজটা তখন বেশ সিদ্ধহস্তে করেছিলেন ক্রিকেটের দুই মহারথী সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আশরাফুল হক। পাশাপাশি বাংলাদেশের জন‌্য কাজটা আরো সহজ হয় তখন আইসিসি সভাপতি ছিলেন জগমোহান ডালমিয়া। যিনি সব সময় বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্খী ছিলেন। মূলত তার আমল থেকেই বাংলাদেশের টেস্ট স্ট‌্যাটাস পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যায় বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন আসে মাহেন্দ্রক্ষণ। ক্রিকেট-তীর্থ লন্ডনের লর্ডসের লং রুমে আইসিসির নতুন সভাপতি অস্ট্রেলিয়ার ম‌্যালকম গ্রে বাংলাদেশকে দশম টেস্ট দল হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেন। লর্ডসে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশ সময় রাত ১০টা। ব‌্যাস, এরপরই পুরো দেশে শুরু হয়ে যায় উৎসব। পরদিন ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ ক্রিকেটের জোয়ার লেগে যায়। শুরু হয়ে যায় নতুন এক পথ চলা।

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী টলিউডের অনেক ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। তার পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ করতে করতেই দুইজনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে এবং শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। এরপর শ্রাবন্তীর আরও দুইটি বিয়ে হয়েছে কিন্তু সেগুলোও টেকে নি। বর্তমানে রাজীব-শ্রাবন্তী দুইজনই সিঙ্গেল। শ্রাবন্তীকে নিয়ে অনেক পজেটিভ কথাবার্তা বলতে শোনা যায় রাজীবকে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’ রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’ উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন রাজীব যেগুলোর নায়িকা ছিলেন শ্রাবন্তী। যেমন ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।

আকাশসীমা আংশিক খুুলে দিয়েছে ইরান

আকাশসীমা আংশিক খুুলে দিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দুইদিন পর, ইরান তাদের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে বলেন, “দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের জন্য, পাশাপাশি ইরানের আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বিমানের জন্যও খুলে দেওয়া হয়েছে।” আখাওয়ান আরো জানান, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এবং রাজধানী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মার্কিন-মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর তেহরান তার আকাশসীমা আংশিকভাবে চালুর এই ঘোষণা দিলো। গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর, দুই চিরশত্রুর মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের অবসান হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে।

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানালো ইরান

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানালো ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই ব্যাখ্যাকে ‘আইনিভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘অবৈধ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে ইরান। একইসঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার দেখিয়ে যুক্তরাষ্ট্রের এই হামলার যৌক্তিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ‘আন্তর্জাতিক আইনের হত্যা’ বলেও অভিহিত করেছে। খবর বিবিসির। চিঠিতে ইরাভানি আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের প্রস্তাবনা অনুযায়ী, ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে কোনো ধরনের হামলা কিংবা হামলার হুমকি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও যাচাই প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাসও যুক্তরাষ্ট্রের হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, “যে কেউ বলপ্রয়োগ করলে তাকে আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ন্যায়সঙ্গতভাবে তা ব্যাখ্যা করতে হবে।”হামলাটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে কতটা বৈধ- এই প্রশ্নের জবাবে কায়া কাল্লাস বলেন, “শতভাগ বৈধ বলা যায় না।”

মাদকাসক্তদের জন্য হবে পৃথক কারাগার: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকাসক্তদের জন্য হবে পৃথক কারাগার: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। একই সঙ্গে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন করা হয়েছে।  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে মাদকের চাহিদা হ্রাস এবং মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২৬ জুনকে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালনের ধারাবাহিকতায় বাংলাদেশেও সরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আজকের অনুষ্ঠানে সরকারের মাদকবিরোধী নানা কার্যক্রমের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, মন্তব্য করে তিনি বলেছেন, “যেকোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হলো কর্মক্ষম বিপুল যুবশক্তি। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানাভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদেরকে এ গর্হিত কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে, তাদের মধ্যে অপরাধপ্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করছে। উপদেষ্টা বলেন, “প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিভিন্ন দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বাড়ছে। নতুন ধরনের মাদক প্রতিরোধে আমাদেরকে নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা সজাগ আছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত আছে।” মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, জানিয়ে তিনি বলেন, প্রায় ১৮ কোটি জনসংখ্যার দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমানে নিয়োজিত আছেন ২ হাজার ৯৪৩ জন। এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত আছেন ১ হাজার ৬২২ জন। ৬৪টি জেলা কার্যালয়, ১টি বিশেষ জোন, ৮টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং ৮টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনে কাজ করে, এমন অন্যান্য সংস্থার জনবলের সঙ্গে তুলনা করলে এ সংখ্যা সীমিত এবং সংস্থাটির যানবাহন স্বল্পতাসহ অভিযান পরিচালনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উন্নত উপকরণের অভাব আছে। এসব সমস্যা সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকের বড় চালান জব্দের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ডের পাশাপাশি নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমকে আরো বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের সদিচ্ছায় ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪ প্রণীত হয়েছে এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রথম ব্যাচকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকে বহুমাত্রিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস

৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস   ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।  বুধবার (২৫ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। প্রতি বছর দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে। তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তথ্য অধিদপ্তর জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’  সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর দিতবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে। তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়। তথ্য বিবরণীতে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন গোমস্তাপুরের কবির

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন গোমস্তাপুরের কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরের কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কবির হোসেন রোকনপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। বুধবার রামেক হাসপাতালের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, গত ১৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আরেক রোগী ফেরদৌসী খাতুনের অবস্থাও ভালো নয়। তাকেও হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ নাচোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। আজ সকালে দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, নাচোল উপজেলার ৪হাজার কৃষকের মাঝে এই চলতি আমন মৌসুমে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে।

অস্বস্তিতে দিন পার বাংলাদেশের

অস্বস্তিতে দিন পার বাংলাদেশের কলম্বো টেস্টের প্রথম দিনেই ব‌্যাকফুটে বাংলাদেশ। টস জিতে ব‌্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অস্বস্তিতে দিন পার করেছে সফরকারীরা। উল্টো অবস্থা স্বাগতিক শিবিরে। বাংলাদেশকে চাপে রেখে হাসি ফুটেছে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। ব‌্যাটিং ব‌্যর্থতায় প্রথম দিনেই প্রবল চাপে বাংলাদেশ। আউট হওয়া আট ব‌্যাটসম‌্যানের মধ‌্যে কেউই ফিফটির ছোঁয়া পাননি। চল্লিশের ঘরে যেতে পেরেছেন কেবল সাদমান ইসলাম। এছাড়া ত্রিশে গিয়ে আটকে গিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। টপ ও মিডল অর্ডার থেকে বড় স্কোর না আসায় ব‌্যাটিংয়ে দিনটা একদমই বাজে গেছে বাংলাদেশের। তাইজুল ইসলাম ৯ ও ইবাদত হোসেন ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। উইকেট গলের মতো ব‌্যাটিং বান্ধব নয়। বল টার্ন করেছে। পেসারদের জন্য সুইং ছিল। বোলাররা উইকেট থেকে সুবিধা আদায় করতে পারছেন। নতুন বলে শ্রীলঙ্কা শুরুতেই সাফল‌্য পায়। ১০ বল খেলে কোনো রান না করে বোল্ড হন এনামুল হক বিজয়। সিরিজে এটি তার দ্বিতীয় ডাক। এরপর মুমিনুল ও সাদমান দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে বেশিদূর যেতে পারেননি। আলগা শটে ধনাঞ্জয়ার বলে কাভারে ক‌্যাচ দেন মুমিনুল। ২১ রানে ফেরেন তিনি। ভালো করেননি গলে জোড়া সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্ব ফার্নান্দোর বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক‌্যাচ দেন ৮ রানে।  সাদমান একপ্রান্ত আগলে এগিয়ে যাচ্ছিলেন। ফিফটি ছোঁয়ার পথেই ছিলেন। কিন্তু ৪ রান দূরে থাকতে নিজের উইকেট বিলিয়ে আসেন। ৯৩ বলে ৭ চারে ৪৬ রানের ইনিংসটি সাজান তিনি। এরপর মুশফিকুর রহিম ও লিটন দাসের লড়াই শুরু হয়। ইনিংসের শুরুতে দুজনই জীবন পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। তাদের জুটিও তেমন বড় হয়নি। লিটন ব‌্যক্তিগত ৩৪ রানে ধানুশার বলে মেন্ডিসের হাতে ক‌্যাচ দেন। সঙ্গী হারানোর পর মুশফিকুর ৩৫ রানে একই বোলারের বলে আউট হন। পরে লড়াই করেন মিরাজ ও নাঈম। তাদের দুজনের ব‌্যাটে দুইশ অতিক্রম করার পথে ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১৯৭ রানে মিরাজ ৩১ রানে আউট হলে ব‌্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ভরসা হয়ে আশা দেখাচ্ছিলেন নাঈম। কিন্তু ২৫ রানে তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো।  বোলারদের নৈপূণ‌্যে শ্রীলঙ্কা কলম্বোর এসএসি মাঠে প্রথম দিন দাপট দেখিয়েছে। বাংলাদেশ আড়াইশ রান করতে পারলে কিছুটা আত্মবিশ্বাস পাবে। লেজের ব‌্যাটসম‌্যানদের সুবাদে সেই লক্ষ‌্যে পৌঁছাতে পারে কিনা সেটাই দেখার।