মুহাররম মাসের চাঁদ উ‌ঠে‌ছে, ৬ জুলাই পবিত্র আশুরা

মুহাররম মাসের চাঁদ উ‌ঠে‌ছে, ৬ জুলাই পবিত্র আশুরা বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গে‌ছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। আগামী ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্প‌তিবার বা‌দে মাগ‌রিব বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায়  ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯  জিলহজ ১৪৪৬ হিজরি ১২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গে‌ছে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ- পরিচালক মো. রাশেদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে : জেলা প্রশাসক

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মাদক প্রতিরোধে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। তিনি বলেন— মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সৎসঙ্গে চলতে হবে। মাকদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক ব্যবসায়ীদের চিনিয়ে দিতে হবে। সকলের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইকী ওদুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম সরকার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ।

ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মো. তাজেল (৩৭) নামের ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজেল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মো. জোহাক আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া তাজেলের বিরুদ্ধে ২০২০ সালে নওগাঁ জেলার পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা রুজু হওয়ার পর থেকে তাজেল পলাতক ছিলেন। আদালত তাকে দেড় বছর সাজা প্রদান করে তার নামে ওয়ারেন্ট ইস্যু করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ২৮ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৪৫ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৯ জন শিশু রোগী ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৫ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৬ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৬ জন। তাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। চলতি বছরের শুরু থেকে  বৃহস্পতিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮০৭ জনে। এছাড়া বহির্বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৭৫ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জে ৩ হাজার ১০ কৃষক ও প্রতিষ্ঠান পেল কৃষি প্রণোদনা

শিবগঞ্জে ৩ হাজার ১০ কৃষক ও প্রতিষ্ঠান পেল কৃষি প্রণোদনা   শিবগঞ্জে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার, গ্রীস্মকালীন পেঁয়াজ ফ্লো মেশিন, তাল, নারিকেল, লেবু, শীতকালীন পেঁয়াজ কন্দ, আম ও কাঁঠাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ১০ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতারসহ অন্যরা। পরে ৩১০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০০ কৃষককে শাকসবজি ও ৪৫ কৃষককে পেঁয়াজ কন্দ-সার, ৭০ প্রতিষ্ঠানকে তাল চারা, ১৭ প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ১৫০ কৃষককে লেবু চারা, ১ হাজার ৯০০ কৃষককে কাঁঠাল, নিম, বেল, জামের চারা, ১৮ কৃষককে এয়ার ফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণের মেশিন ও ৩০০ পরিবারকে আম চারা দেয়া হয়। জানা গেছে- ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব প্রণোদনা দেয়া হয়।  

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১৯৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন কিশোর (১৪) ও একজন নারী (৪৮)। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৫ জন।  

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫.৬ শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যেই ৫ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে এটি বাস্তবায়ন হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে সব সরকারি ভবন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সব সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কি না সে ব্যাপারে বিবেচনা করুন। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটার রক্ষণাবেক্ষণ করবে, কার্যকরভাবে এটা পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাদটা দেওয়া হবে; বাকি কাজ তারাই করবে। তিনি বলেন, এখন পর্যন্ত যেসব প্রতিষ্ঠান রুফটপ সোলার করেছে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানতে হবে। তারা কী ধরনের সমস্যায় পড়েছে সেগুলো জানতে হবে। সেই সমস্যাগুলো সমাধানের দিকে যেতে হবে। এ প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌর বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে বিয়ের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকলেও, বিয়ে টিকে থাকার প্রবণতা কম। সেক্ষেত্রে এই জুটি ব্যতিক্রম। তিন দশকের বেশি সময়ের সংসার এই তারকার জুটির। আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি শোতে উপস্থিত ছিলেন ওমর সানী।  উপস্থাপকের প্রশ্ন ছিলো, অনেকে বলেন আপনি মৌসুমীকে বিয়ে করে ভুল করেছেন? আসলেই কি তাই? উত্তরে ওমর সানী বলেন, ‘‘ওরা বোকা। দিন শেষে তিরিশ বছর পরে একটা পুরুষ আর একটা মেয়ের কাছে এর চেয়ে বড় প্রাপ্য তো আর কিছু থাকে না। তথাকথিত মানুষেরা বলে যে, আমাদের বিয়ে টেকে না। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ যারা আছে, টেলিভিশনের মানুষ যারা আছে এবং যারা শোবিজের সঙ্গে রিলেটেড তাদের বিয়ে একদমই টেকে না। কিন্তু সেদিক দিয়ে তো আমরা সফল। একটি কথাই শুধু বলবো আলহামদুলিল্লাহ।’’ ওমর সানী আরও বলেন,‘‘যখন আমার ছেলের দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই তখন আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কাজটিই আমি করেছি।’’ উল্লেখ্য,  ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে।

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের!

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের! ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেবের আলোচিত সিনেমা ‘প্রজাপতি’। অভিজিৎ সেন নির্মিত এ সিনেমা ২০২২ সালে মুক্তি পায়। বাবা-ছেলের চরিত্র রূপায়ন করে দর্শকদের মুগ্ধ করেন মিঠুন-দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক অভিজিৎ সেন ঘোষণা দেন ‘প্রজাপতি টু’ সিনেমা নির্মাণের। পাশাপাশি জানান, সিনেমাটিতে দেবের নায়িকা রূপে হাজির হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। তারপর নানা সময়ে এ সিনেমাকে কেন্দ্র করে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতেও ফারিণকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়ার গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রজাপতি টু’ সিনেমায় তাসনিয়া ফারিণের পরিবর্তে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। সিনেমাটির শুটিং ভারত ও বিদেশে হবে। বিশ্ব অস্থির অবস্থায় যাচ্ছে। ফলে নির্মাতারা ঠিক করেছেন, প্রথমে কলকাতায় শুটিং করার। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরের অংশের শুটিং হবে। ফারিণকে চূড়ান্ত করার পরও তাকে কেন বাদ দেওয়া হলো? স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠেছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর গণঅভ্যত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে পারেননি ফারিণ। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখন ফারিণ। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান। সিনেমাটিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ফারিণ।

রানাকে চার মেরে টানা দ্বিতীয় টেস্টে নিসাঙ্কার সেঞ্চুরি

রানাকে চার মেরে টানা দ্বিতীয় টেস্টে নিসাঙ্কার সেঞ্চুরি নাহিদ রানাকে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নিসাঙ্কা। ১৬৭ বল খরচ করেন। ১৮তম টেস্ট খেলতে নামা এই ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি। চান্দিমালকে সঙ্গে গড়া শতাধিক রানের জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। এখন পর্যন্ত এই জুটি থেকে আসে ১১৫ রান। আরেকটি সেঞ্চুরির পথে নিসাঙ্কা গলে ১৮৭ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিলেন। এবার কলম্বোয়ও আরেকটি সেঞ্চুরির পথে নিসাঙ্কা। চা বিরতিতে যাওয়ার আগে ৯৩ রানে অপরাজিত আছেন এই ওপেনার। সঙ্গে চান্দিমাল অপরাজিত ৫৪ রানে। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত ১সে ১০২ রান। এই সেশনে বাংলাদেশ মাত্র ১টি উইকেট পায়। চান্দিমালের ফিফটির পর জুটির সেঞ্চুরি তাইজুলের ঘূর্ণিতে পায়ে লাগে চান্দিমালের। জোরালো আবেদনে সাড়াও দেন আম্পায়ার। রিভিউ নেন চান্দিমাল। বেঁচে যান ফিফটি থেকে ১৩ রান দূরে থেকে। ৭০ বলে ফিফটির দেখা পান। তার ফিফটির পরই নিসাঙ্কার সঙ্গে জুটির সেঞ্চুরি হয়। উদারার আউটের পর নিসাঙ্কার ফিফটি বিরতির পর এসেই উইকেটের দেখা পেলো বাংলাদেশ। তাইজুলের ঘূর্ণিতে উদারা এলবিডব্লিউর শিকার হন। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার, বাংলাদেশ রিভিউ নিয়ে উইকেটে দেখা পায়। ৬৫ বলে ৪০ রান করেন এই ব্যাটার। তার আউটে ভাঙে ৮৮ রানের জুটি। তার আউটের পরের ওভারেই নিসাঙ্কা ফিফটির দেখা পান। ৭৯ বলে হাফসেঞ্চুরি করেন এই ব্যাটার।  ক্রিজে নিসাঙ্কার সঙ্গী চান্দিমাল। প্রথম সেশনে বলে-ব্যাটে দাপুটে শ্রীলঙ্কা প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেটই নিতে পারেনি। ৮৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যানে দুই ওপেনার নিসাঙ্কা-উদারা। নিসাঙ্কা ৪২ ও উদারা ৪০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের রান টপকাতে এখনো তাদের প্রয়োজন ১৬৪ রান। এর আগে শুরুতেই বল হাতে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করে শ্রীলঙ্কা। ২৪৭ রানে অল আউট বাংলাদেশ  ২২০ রানে দিন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন ২৭ রান যোগ করে। তাইজুলের দৃড়তায় প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৭ রান করে। তাইজুল ৩৩ রান করেন। এর  বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে প্রথম ইনিংসে খেলা হয়েছে ৭১ ওভার। সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান। এ ছাড়া মুশফিক ৩৫ লিটন দাস ৩৪ ও মিরাজ ৩১ রান করেন। থিতু হয়ে আউট হয়ে যাওয়ায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। আসিথা ৩ ও অভিষিক্ত সোনাল নেন সমান ৩টি করে উইকেট। ইবাদতের আউটে দ্বিতীয় দিনের শুরু ইবাদতের আউটে বাংলাদেশের দিন শুরু। তাইজুলের চারে শুরুতেই দারুণ আভাস দিয়েছিল। কিন্তু সেই সুখ বেশি লম্বা হয়নি। আসিথার তোপে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইবাদত। ভাঙে ২৮ বলে ১৫ রানের জুটি।প্রায় দুই বছর খেলতে নামা ইবাদতের ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান। দ্বিতীয় দিন মাঠে বাংলাদেশ  কলম্বোয় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা।  তাইজুল ইসলাম-ইবাদত হোসেন দিন শুরু করেন। দুজনের চাওয়া বাংলাদেশের সংগ্রহ কিছুটা বাড়ানো। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০। তাইজুল ৯ ইবাদত ৫ রানে অপরাজিত আছেন। বৃষ্টি বিঘ্নিত এই দিনে খেলা হয়েছে ৭১ ওভার। সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান। এ ছাড়া মুশফিক ৩৫ লিটন দাস ৩৪ ও মিরাজ ৩১ রান করেন। থিতু হয়ে আউট হয়ে যাওয়ায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত সোনাল দিনুশাসহ সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আসিথা-বিশ্ব।