শাকিব খানকে ‘মেগাস্টার’ মানতে নারাজ জাহিদ হাসান!

শাকিব খানকে ‘মেগাস্টার’ মানতে নারাজ জাহিদ হাসান! ঢাকাই সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ড্রাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন। ইদানিং দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় ‘মেগাস্টার’ । তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে খোলামেলা প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ওই সাক্ষাৎকারে উঠে আসে আয়ের দিক থেকে ‘উৎসব’ সিনেমা ‘তাণ্ডব’কে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান শাকিবের নামের আগে ব্যবহার করা ‘মেগাস্টার’ শব্দটি নিয়ে জোরালোভাবেই আপত্তি জানান। গত কয়েক বছর ধরে যেন একরকম রীতিতে পরিণত হয়েছে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। আর শাকিবের সিনেমা মানেই সুপারহিট। তবে এবার কোরবানি ঈদে শাকিবের ‘তাণ্ডব’ মাল্টিপ্লেক্সে ব্যবসা করতে পারলেও সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে পারেননি। ই প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান বলেন, শেক্সপিয়ারের একটা কথা আছে ‘কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। ’ আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো। সবশেষে জাহিদ হাসান বলেন, “তাণ্ডব’, ‘উৎসব’, ‘এশা মার্ডার’, ‘নীলচক্র’ বা ‘ইনসাফ’ সবগুলোই তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক। সিনেমা ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক।
২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০৯

২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০৯ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গতকালের (১ জুলাই) চালানো একের পর এক হামলায় কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সূত্রগুলো একপ্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে ছিলেন ১৬ জন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সমবেত হয়েছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা ভিড় করা মানুষজনের ওপর গুলি চালালে তারা নিহত হন। জিএইচএফ গত মে মাসের শেষ দিকে সীমিত ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কেন্দ্র গুলোতে প্রায় ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল গাজা সিটির উত্তরে, যেখানে ইসরায়েল সম্প্রতি জোরপূর্বক নির্বাসন নির্দেশ জারি করেছে, সেই এলাকাতেও হামলা চালানো হয়েছে। ওই এলাকা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় অন্তত ৫ জন নিহত হন। জাতিসংঘ জানিয়েছে, গাজার অন্তত ৮২ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত বা জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যে রয়েছে এবং মানুষের আর কোথাও যাওয়ার উপায় নেই। দক্ষিণে খান ইউনুস ও এর আল-মাওয়াসি এলাকায় আল-জানাতি পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন। একইসঙ্গে একটি বাস্তুহারা শিবিরে চালানো বিমান হামলায় এক শিশুর মৃত্যু এবং আরও কয়েকজন আহত হন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-আওয়দা হাসপাতাল সূত্র। এছাড়া আল-মাগাজি শরণার্থী শিবিরে একটি জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নেওয়া পরিবারের ওপর হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’ ও ‘সশস্ত্র যোদ্ধা’দের লক্ষ্য করে গাজায় ১৪০ বারের বেশি হামলা চালিয়েছে। তবে, বাস্তবতা হলো নিহতদের অধিকাংশই সাধারণ ফিলিস্তিনি নাগরিক, যাদের অনেকে আশ্রয়, খাবার বা জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন।
ভোটে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

ভোটে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান অবাধ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বুধবার (০২ জুলাই) এ নিয়ে নির্বাচন কমিশন (ইসি)- ইউএনডিপি উদ্যোগে নেওয়া ব্যালট প্রকল্পে এই অর্থ দেবে বলে জানায় দেশটি। নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও। এই চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়ে সহায়তা করবে। প্রকল্পটির লক্ষ্য ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা, নারী, যুবসমাজ এবং সমাজে প্রতিনিধিত্ব কম এমন গোষ্ঠীর বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা, সেই সাথে পুরো নির্বাচনী প্রক্রিয়া জুড়ে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তি আমাদের কার্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনসাধারণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচন আয়োজনে সহায়তা করবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রুপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। আমরা আশা করি ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহায়তা উল্লেখযোগ্য অবদান রাখবে। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জাপানের উদারতা এবং দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন, যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়, এমন নির্বাচন আয়োজনে সাহায্য করার আমাদের যৌথ লক্ষ্যে নতুন শক্তি যোগ করেছে।
পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করছেন ট্রাম্প

পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে নিজের পুত্রবধূ লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। খবর রয়টার্সের। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে ও বেড়ে উঠেছে। যদিও এখন সে ফ্লোরিডায় বাস করে, তবে মানসিকভাবে সে সবসময়ই নিজেকে নর্থ ক্যারোলাইনার মনে করে। সে খুব চমৎকার একজন মানুষ, আমি সবসময়েই চাইতাম যে সে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থিতা করুক।” লারা ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। পেশাগতভাবে তিনি একজন টেলিভিশন উপস্থাপিকা এবং রাজনীতির মঞ্চেও তার সরব উপস্থিতি রয়েছে। তিনি ফক্স নিউজে ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে গঠিত রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার হিসেবেও কাজ করেছেন তিনি। মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত একটি বিল পাস হয়েছে সিনেটে। সেই বিলে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্যবিমার বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব করেছেন ট্রাম্প। সিনেটে ভোটাভুটির জন্য বিলটি যখন উত্থাপন করা হয়েছিল, সে সময় নর্থ ক্যারোলাইনার সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, বিলের বিপক্ষে ভোট দেওয়ায় টিলিসের ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তাই আসন্ন সিনেট নির্বাচনে টিলিসকে মনোনয়ন না দিয়ে নর্থ ক্যারোলাইনার ওই আসনে নিজের পুত্রবধুকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মোট আসনসংখ্যা ১০০টি। বেশিরভাগ অঙ্গরাজ্যের কোনোটি রিপাবলিকান আবার কোনোটি ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। এর বাইরে অল্প কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনের সময় রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নর্থ ক্যারোলাইনা সেই সব অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম।
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ৭৩

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ৭৩ পাকিস্তান ও ভারতে চলমান বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দেশের বেশ কয়েকটি অংশে মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত থাকবে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ২৬ জুন থেকে পাকিস্তানজুড়ে বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এনডিএমএ তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মোট মৃত্যুর মধ্যে পাঞ্জাবে ১১ শিশুসহ ২১ জন, খাইবার পাখতুনখোয়ায় ১০ শিশু ও পাঁচজন নারীসহ ২২ জন, সিন্ধুতে ১৫ জন এবং বেলুচিস্তান প্রদেশে পাঁচজন নিহত হয়েছেন। বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চলীয় ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ রাজ্যে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং ৩৪ জন নিখোঁজ রয়েছে বলে জরুরি অপারেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৩২ ঘণ্টায় হিমাচলের বিভিন্ন স্থান থেকে ৩৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ১৬ এলাকায় ভারী বৃষ্টিপাত ও তিনটি এলাকায় আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। পাকিস্তান ও ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে এসব সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে একটি সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৭ দিনের সূচি চূড়ান্ত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। জানা গেছে, ভারতসহ সব অংশগ্রহণকারী দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত আয়োজক হলেও টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত; এই ৬ দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি গ্রুপ পর্ব ও সুপার ফোর ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এর মানে দর্শকরা অন্তত দুইবার ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন। দ্বিতীয় ভারত-পাকিস্তান লড়াইটি হতে পারে ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টকে ঘিরে প্রচারণাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফিসিয়াল ব্রডকাস্টার সনি সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছে। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়া কাপের আসর। পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টগুলোতেও মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ভারতের কোনো কোনো ক্রিকেটার। তবে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক অগ্রগতি সবার (সম্প্রচারকারী, স্পনসর ও অন্যান্য স্টেকহোল্ডার) মাঝেই স্বস্তির ফিরিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে থাকা ভক্তদের চেহারায়ও খুশির রেখা স্পষ্ট হচ্ছে।
বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক

বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। অভিষেকে তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছেন মিরাজ। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ের জন্য রেখেছেন পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার আজ বুধবার প্রথম ওয়ানডে ক্যাপ পরেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজ রহমান। শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, ইহসান মালিঙ্কা ও আসিথা ফার্নান্দো।
অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু অভিষেক ম্যাচে টস জিততে পারলেন না ২৭ বছর বয়সী অলরাউন্ডার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৮ বছর পর পঞ্চপাণ্ডবদের (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এতদিন এই পাঁচজনের কেউ না কেউ দলে ছিলেনই। সে হিসেবে ওয়ানডেতে দেশের ক্রিকেটের নবযাত্রা শুরু হয়েছে আজ বুধবার। মিডলঅর্ডারে এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকদের জায়গা কীভাবে পূর্ণ করেন মিরাজ, সেটিই দেখার অপেক্ষা ক্রিকেটভক্তদের।
এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে

এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়ার বিষয়ে একটা হাইপ উঠছে যে, দেশটি ১০ থেকে ১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে, তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দিবা আমরা নির্ধারণ করবো। এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি। যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। আর সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো আমরা করতে পারবো না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। তিনি বলেন, যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে দুইটা পথ খোলা আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো, আরেকটি হচ্ছে তাদেরকে বলা যে আমরা লোকই পাঠাবো না। এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার ৪০ হাজার কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তী সময় আমার এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। জাপানের শ্রমবাজার বিষয় উপদেষ্টা বলেন, জাপানে কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা পূরণের সক্ষমতা কি আমাদের রয়েছে। কারণ আমাদের অদক্ষ শ্রমিক আছে। ভাষা শিখছে কিন্তু সে দক্ষ হতে পারছে না। এখন আমাদের সমাধান একটাই, আমাদেরকে জাপানে কর্মীর চাহিদা অনুযায়ী কর্মীকে দক্ষ করতে হবে। আমরা জাপান সেল করেছি। সেখানে একটা ডেডিকেটেড ওয়েবসাইট করা হবে। জাপানের ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কোন প্রক্রিয়া রাখবো না। এর পাশাপাশি কর্মীদের দক্ষ করার জন্য আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা ভাবছি। মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ নিয়ে উপদেষ্টা বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি। আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের লোন দিচ্ছে। স্টুডেন্টদের দিচ্ছে না। যারা স্টুডেন্ট ভিসায় যাবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য যেন ঋণের ব্যবস্থা করা হয়।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে (৪০) দুই মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ফলে পালিয়ে যাওয়ার পর প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা ও শাকিল আকন্দ। বুধবার (২ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত ১৯ জুন আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।