যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না: অর্থ উপদেষ্টা বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে। এ লক্ষ্যে বুধবার (৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠক হবে। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। উনি তিন দিন আগে গেছেন। আজকেই কমার্স টিম যাচ্ছে। ৮ জুলাই মিটিং। ওদের ৮ তারিখ মানে কালকে খুব ভোরবেলা। মিটিংয়ের পর আমরা বুঝতে পারব। কারণ যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল…। ইউএসটিআরের সঙ্গে যখন আলাপ করবে উনি (বাণিজ্য উপদেষ্টা) ম্যান্ডেটরি। এর আগের দিন কথা বলেছেন। বুধবারের পর আমরা বুঝতে পারবো। মিটিংয়ে কি কোনো উন্নতি হওয়ার আশা করা যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহ উদ্দিন বলেন, আমরা আশা করি। যাই হোক, সেটার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য পদক্ষেপগুলো নেবো। এখন বৈঠকটা মোটামুটি পজেটিভ। গত ৬ জুলাই বোধ হয় একটা মিটিং হয়েছে, মোটামুটি পজেটিভ আছে। চিঠি তো ইতোমধ্যে ইস্যু হয়ে গেছে এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট দিয়েছেন। এটা ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনে ঠিক হবে। চিঠি তো বহু আগে দিয়ে দিতো, ৩৫ শতাংশ। এইটা আবার ১৪টা দেশের জন্য বলছে একই। কিন্তু ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে, সে জন্যই তো ইউএসটিআরের সঙ্গে কথা বলা। এটা ফাইনাল না। ভিয়েতনাম চেষ্টা করে ২৬ শতাংশ কমিয়েছে, বাংলাদেশের কেন মাত্র দুই শতাংশ কমানো হলো। তার মানে কি নেগোসিয়েশন ভালো হয়নি? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, না না নেগোসিয়েশন….। এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ১২৫ বিলিয়ন ডলার। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে পারে, মানে রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে, এতো কম ডেফিসিটে এতো শুল্ক দেওয়ার তো জাস্টিফিকেশন থাকে না। তিনি বলেন, ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতোগুলো করেছে। চীনের জন্য আলাদা। চীনের একটা সিঙ্গেল হ্যান্ডেলে ডিল করে ওরা। আর বাকিরা… এটা যেটা করেছে ১৪টা দেশের একই বলেছে। এখন আমরা নেগোশিয়েট করব। চিঠিতে যে সমস্ত কন্ডিশন দেওয়া হয়েছে এগুলো কি ফুলফিল করা সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো আমি কিছু বলতে পারব না। রাজস্ব আয় নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘এবার কালেকশন যা হয়েছে মোটামুটি, একেবারে বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স, ভ্যাট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। লিকেজ হবে না, ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে কিছু করতে পারবে না। আমাদের ট্যাক্স ক্যাপাসিটি ভালো, কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করতে পারিনি। সে কারণে রেভিনিউ কিছুটা শর্ট’।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৩ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৩ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬২ জন। এছাড়া গত কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২২ জন নারী এবং ১০ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ জনকে। এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এছাড়া ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। এই ৬০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ১১ জন শিশু রয়েছেন। এছাড়া শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৭৭৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৪ জনে।
চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা থেকে মিতু রানী নামে এক তরুনী গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। তিনি গোবরাতলা এলাকার আমপাড়া শ্রমিক শ্রী আনন্দের স্ত্রী এবং সদর উপজেলার আমনুরা মিশন গুচ্ছগ্রামের সচীন কর্মকারের মেয়ে। মিতুর দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ পারিবারিক কলহের জেরে মিতু স্বামীর বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাললেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধারকারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম প্রাথমিক তদন্তের পর বলেন, গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এরই জেরে আজ সকালে মিতু গ্যাস ট্যাবলেট খায়। সকাল ১০টার দিকে জেলা হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা আরিফ।
চাঁপাইনবাবগঞ্জে বড়ভাইকে খুনের দায়ে ছোটভাই ও তাঁর দুই ছেলের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে বড়ভাইকে খুনের দায়ে ছোটভাই ও তাঁর দুই ছেলের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাইনুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আপন ছোট ভাই এবং তাঁর দুই ছেলে (নিহতের ভাতিজা) সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত সহিমুদ্দিন মন্ডলের ছেলে মো: মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন আলী ও মিলন আলী। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় নিহত মাইনুল ও দন্ডিত মোস্তফার অপর ভাই আব্দুল কাদের এবং শরিফুল ইসলাম নামে অপর দু’জনকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় বাড়ির সামনে ছোটভাই মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনের হামলার আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৬ জুন তিনি মারা যান। এর আগে মাইনুলকে হত্যাচেষ্টার ঘটনায় ২০২১ সালের ৩ জুন শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। পরবর্তীতে যা হত্যা মামলায় রুপান্তর হয়। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বরুন সরকার আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ এবং শুনানী শেষে আদালত সোমবার মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।
ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ

ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে এই তালিকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দফায় দফায় যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নিজ নিজ কার্যালয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখতে এই তালিকা হস্তান্তর করা হয়। সরকারি নির্দেশনা অনুসারে, নির্বাচিতদের নামের তালিকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রকাশিত তালিকায় কোনো সচ্ছল, স্বাবলম্বী কিংবা অনুপযুক্ত ব্যক্তি অনুপ্রবেশ করে থাকেন তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা পান সেজন্যই এমন খোলামেলা প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রকাশ এবং আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকা থেকে ৬ মাসের সাজপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সাদিকুল আলমের ছেলে রাজীবুল আলম রাজীব (৩৩)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, রাজীবুল আলম রাজীবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর তিনি আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত অর্থদণ্ড প্রদান করে সাজা দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তাকে গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়

শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হারুণ অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা। সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলে হাসপাতালে আসার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০

এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০ চাঁপাইনবাবগঞ্জে সদর ও গোমস্তাপুরের পর এবার শিবগঞ্জেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট, ড্রেন, খাল, ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ২৫ জনের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। এছাড়া বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ২২ জন রোগী। তারা হাসপাতালে ভর্তি হননি। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১ জন রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৩ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩০ জন মহিলা ও ৬ জন শিশু রোগী ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ জনকে। এই ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন মহিলা রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৫৭ জন। এই ৫৭ জনের মধ্যে ১২ পুরুষ ও ৩৪ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯০ জন।
বাবুডাইংয়ে কাব স্কাউট প্যাক মিটিং

বাবুডাইংয়ে কাব স্কাউট প্যাক মিটিং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় কাব ইন স্কাউটিং এর আওতায় প্রথমবারের মতো কাব স্কাউট প্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মিটিংয়ের আয়োজন করা হয়। এতে ১৫ জন কাব বালক ও ২৬ জন কাব বালিকা অংশ নেয়। ঘণ্টাব্যাপী প্যাক মিটিংয়ের মাধ্যমে কাব শিক্ষার্থীদের মহাবৃত্ত তৈরি, গ্র্যান্ড ইয়েল প্রদান, স্কাউট সালাম, স্কাউট পতাকা উত্তোলন ও নামানো, প্রার্থনা সংগীত এবং প্যাক মিটিং কিভাবে পরিচালনা করতে হয় তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও প্যাক মিটিংয়ের নিয়ম অনুযায়ী স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কাবদের ধারণা প্রদান করা হয়। কাব শিশুরা এই অনুষ্ঠানটিতে অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মনোযোগ সহকারে প্রতিটি সেশনে অংশ নেয়। উল্লেখ্য বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব ইন স্কাউটিং কার্যক্রম চালু করতে হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় পাঁচদিন ব্যাপী ৬৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। যেখানে বাবুডাইং আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ ও কম্পিউটার অপারেটর মেহদী হাসান প্রশিক্ষণ গ্রহণ করেন। মূলত তাদের পরিলানায় এই প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। সবশেষ স্কাউট পতাকা নামানোর মধ্যদিয়ে আজকের প্যাক মিটিং সমাপ্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে প্রান্তিক গ্রাহকদের দেয়া হলো ২ কোটি ৭৫ লাখ টাকার ঋণ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে প্রান্তিক গ্রাহকদের দেয়া হলো ২ কোটি ৭৫ লাখ টাকার ঋণ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এবার চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ব্যাংক এশিয়া লিড ব্যাংক হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলায় কার্যক্রম পরিচালনারত অন্যান্য তফসিলি ব্যাংক এতে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এএনএম মাহফুজ। সূচনা বক্তব্য দেন— ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আমিনুর রশিদ। অনুষ্ঠানে ২২১ জন গ্রাহকের মধ্যে ২ কোটি ৭৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। যার মধ্যে ব্যাংক এশিয়া ১১৬ জন গ্রাহকদের মধ্যে ৬৯ লাখ টাকা ঋণ বিতরণ করে। বাকি ঋণের টাকা অন্য ব্যাংকগুলো বিতরণ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন— সহজ শর্তে স্বল্প সুদে এ ঋণ প্রাপ্তির মাধ্যমে প্রান্তিক উদ্যোক্তাগণ নিজেদের ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ কিংবা নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন, যা তাদের জীবনমানের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকাশ্যে এ ধরণের ঋণ বিতরণ কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করবে, যা তাদেরকে ব্যাংকিং খাতের প্রতি আগ্রহী ও আস্থাশীল করে তুলবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান গ্রাহকদের বলেন— মাত্র ৭ শতাংশ সুদে কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হচ্ছে। আপনারা সময়মতো ঋণ পরিশোধ করবেন এবং পুনরায় ঋণ নিবেন। ভালো গ্রাহক সৃষ্টির জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।