জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা বরাবরের ন্যায় এ বছরও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাস করেছে এবং ৮ হাজার ২০০ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ছাত্র ও ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন ছাত্রী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন এবং ছাত্রী ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন। ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭১ দশমকি ০৩ শতাংশ। এছাড়া জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র জিপিএ ৫ পেয়েছেন ৬৫ হাজার ৪১৬ জন এবং ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন ৭৩ হাজার ৬১৬ জন।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫ শতাংশ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন। গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি, প্রতিষ্ঠানসংখ্যা ১৮ হাজার ৮৪টি। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী মৌসুমি ফলের মেলা ও প্রদর্শনী। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। আর হাসপাতালটির বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৩৭ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাটে ২ জন করে শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা শনাক্ত হন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হওয়া ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৮ জন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ২৭ জন মহিলা এবং ৮ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ২ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন। এই ৫৪ জনের মধ্যে ২০ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছেন। এছাড়া বুধবার শিবগঞ্জে ২ জন ও ভোলাহাটে ২ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮২৮ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৬ জনে।
বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে

বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের সমাজে এখনো মায়েরা ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেন উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, বাল্যবিয়ের কারণে একজন কন্যাসন্তানের সব স্বপ্নকে ভ্রূণেই হত্যা করা হচ্ছে। তার শিক্ষা-দীক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, বাল্যবিয়ে রোধে মহিলা বিষয়ক অধিদপ্তরসহ তার অংশীদার অন্যান্য দপ্তরগুলোকে এগিয়ে আসতে হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে দরিদ্র মা-বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝাতে হবে, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে রোধে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। প্রচারপত্র বিতরণ করতে হবে। জুম্মার নামাজে খুৎবায় এ বিষয়ে কথা বলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিয়ের অভিশাপ থেকে আমাদের কন্যাসন্তানদের রক্ষা করতে হবে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বাল্যবিয়ে নিরোধ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন অ্যাকসিলারেটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী আরো বলেন— যারা অবৈধভাবে এফিডেভিটের নামে ছেলেমেয়েদের বয়স কমবেশি করেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন— ইমামদের জন্য অনলাইনে ডাটাবেজ তৈরির কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেখানে সকল ইমামের তথ্য থাকবে, কারা বাল্যবিয়ে পড়ান তাদের চিহ্নিত করা হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুলতানা পাপিয়া, ইউএনএফপিএ বাংলাদেশ’র প্রোগ্রাম অ্যানালিস্ট মো. আবু নাসের, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার। মুক্ত আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী, জেলা কাজী সমিতির সভাপতি সভাপতি কাজী সেতাউর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারীসহ আরো অনেকে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কারিগরি সহযোগিতায় ছিল জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ, বাংলাদেশ। কর্মশালায় বাল্যবিয়ের কারণ, প্রতিরোধে করণীয়, আইন, তালাক, মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুসহ বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন

প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন চাঁপাইনবাবগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের জীবিকায়নে মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাইমেশিন তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আখতার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রামে ৭৮ জন, ঢাকার বাইরের এলাকায় ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, ঢাকা উত্তরে ৩৬ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, ময়মনসিংহে চার জন, রংপুরে পাঁচ জন এবং সিলেটে দুই জন রয়েছেন। এই সময়ে ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১২ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন। ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। তার আগের বছর, ২০২৩ সালে, রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
এসএসসির ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

এসএসসির ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। ফল জানার উপায়: ১. অনলাইনে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। ২. এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদ্রাসা বোর্ডের জন্য): এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে। ৪. কারিগরি বোর্ডের ফল: কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC স্পেস TEC স্পেস রোল নম্বর স্পেস 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড করা যাবে। এদিকে, ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে। গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত? রণবীর কাপুরের পরনে নীল রঙের জিন্স। গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তার গায়ের শার্ট একদম আলাদা। কারণ তাতে কয়েকটি জোড়াতালি রয়েছে। কিছু অংশ এমনভাবে ছেঁড়া, প্রথম দেখায় মনে হবে— জামাটি ইঁদুরে কেটেছে। এমন পোশাকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে। হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজও দেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা। রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। দেবজ্যোতি লেখেন, “গরীব, মহা গরীব।” রিয়া লেখেন, “ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।” আশুতোষ লেখেন, “অভিনেতা ধনী-গরীব।” প্রকৃতি লেখেন, “এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।” এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন। রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও দাম জানলে অনেকে ভড়কে যেতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ। দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা। রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-পিএসজি

রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-পিএসজি আজ বুধবার (০৯ জুলাই) দিবাগত রাতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক উত্তেজনাকর লড়াই। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় রাত ১টায় ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী ক্লাব— রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে যে নামটি, তিনি কিলিয়ান এমবাপ্পে। সদ্যসমাপ্ত মৌসুম শেষে পিএসজির জার্সি খুলে রিয়ালের সাদা রঙে রঙিন হয়েছেন এই ফরাসি সুপারস্টার। এবার প্রথমবারের মতো মাঠে নামছেন সাবেক সতীর্থদের বিরুদ্ধে। আর এমন ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহও আকাশছোঁয়া। চেলসি ইতোমধ্যেই ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে আজকের এই বহুল প্রতীক্ষিত ম্যাচেই। রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপ্পে। এবার তার কাছে ভক্তদের প্রত্যাশাও সীমাহীন। তবে পিএসজি কোচ লুইস এনরিক অতীত টানতে রাজি নন। তিনি স্পষ্ট করেই বলেছেন, “আমরা অতীত নিয়ে ভাবছি না, বরং সামনে কী অপেক্ষা করছে, সেদিকেই নজর দিচ্ছি।” তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের গুরুত্ব নিয়ে এনরিক বলেন, “এটা বিশ্বের সবচেয়ে সফল ক্লাবের বিপক্ষে ম্যাচ। এমন ম্যাচ সবসময়ই বিশেষ কিছু।” তবে শুধু প্রতিপক্ষ নয়, চ্যালেঞ্জ হিসেবে রয়েছে নিউ জার্সির গরম ও আর্দ্র আবহাওয়া। মঙ্গলবার চেলসির ম্যাচ চলাকালীন তাপমাত্রা ছাড়িয়ে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। আবহাওয়া বিভাগ থেকে হিট অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়। এর মধ্যেই খেলোয়াড়দের মানিয়ে নিতে হচ্ছে। দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পাঁচ ম্যাচে দু’টি করে জয় ও একটি ড্র করেছে রিয়াল ও পিএসজি। তাই পরিসংখ্যানেও সমতা, মাঠেও প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি। রিয়াল মাদ্রিদ চাইবে আরও একবার ট্রফি ক্যাবিনেট সমৃদ্ধ করতে। আর পিএসজির লক্ষ্য প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁয়ে দেখা। আজ রাতের ম্যাচে কে হাসবে শেষ হাসি, তার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।