নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার নাচোল উপজেলা থেকে ঢেনা মুর্মু নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢেনা মুর্মু গত সোমবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার দূরের ঝিকরা গ্রামে তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেন নি। পরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঝিকড়া গ্রাম সংলগ্ন একটি বিলের পানি নিস্কাষন খাঁড়িতে কচুরিপানার মধ্যে ঢেনার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে খাঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নাচোল থানার অফিসার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন মেলেনি। ঢেনা তাঁর ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঝিকড়া গ্রামে যান। পরে বিয়ে খেয়ে আসার পথে কোনভাবে ওই খাঁড়িতে পড়ে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, ঢেনা নিজ বাড়িতে রওনা দিলে তাঁর ভাগ্নির পরিবার ধারণা করে, তিনি নিজ বাড়িতে চলে গেছেন। কিন্তু তিনি বাড়ি না ফিরলেও তাঁর নিজ পরিবার ধারণা করে, তিনি ভাগ্নির বাড়িতেই আছেন। ফলে ২ দিন কোন পরিবরাই তাঁর কোন খোঁজ করেন নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত মদ্যপানের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি খাঁড়ির পানিতে পড়ে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রকিয়াধীন বলেও জানান ওসি।
১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লুর বিপরীতে রাশমিকা!

১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লুর বিপরীতে রাশমিকা! ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে ১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করছেন পরিচালক অ্যাটলি কুমার। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এলাহি আয়োজনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আল্লু অর্জুনের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে। এবার জানা গেল, ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানা সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “অ্যাটলির বিশাল আয়োজনের এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটিতে তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রগুলোর মধ্যে একটিতে দেখা যাবে। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে রাশমিকা-আল্লুর যে রসায়ন দর্শক দেখেছেন, এই সিনেমায় তারচেয়ে আলাদা কিছু দেখতে পাবেন।” ইতোমধ্যে অ্যাটলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাশমিকা তার লুক টেস্ট এবং বডি স্ক্যান করিয়েছেন। তার চরিত্রের প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলেও জানিয়েছেন সূত্রটি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা। ভারতের তারকা অভিনয়শিল্পীরাও সিনেমাটিতে অভিনয় করবেন। এ তথ্য জানিয়েছে সূত্রটি বলেন, “অ্যাটলির পরবর্তী এই সিনেমায় প্রযুক্তিগত বিস্ময় রয়েছে। কারণ চলচ্চিত্র নির্মাতা দুটি ভিন্ন জগতের অবতার করবেন। এতে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বড় নারী ও পুরুষ অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।” ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে একটি সূত্র বলেন, “অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তার ক্যারিয়ারে এটাই প্রথম দ্বৈত চরিত্র। নতুন সিনেমায় অ্যাটলি আলাদা একটি জগৎ তৈরি করবেন; যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন।” গুঞ্জন শোনা যাচ্ছে, সাইন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। এর আগে আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশ কিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন। এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা। ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন। এসময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তাছাড়াও দেখা যায় ‘আয়রন ম্যান টু’, ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিটস’-এর মতো সিনেমার ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগানকে! ‘এএ২২×এ৬’ সিনেমার চিত্রনাট্য পড়ে বিস্মিত তিনি। জেমস বলেন— “চিত্রনাট্য পড়ে এখনো মাথা ঘুরছে।” স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেন— “এরকম কিছু কখনো পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” এলাহি আয়োজনের জন্য প্রয়োজন অর্থ। তা হলে কত টাকা বাজেট নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা? চলুন তা জেনে নিই— আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩৫ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি পরিসংখ্যান

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি পরিসংখ্যান টেস্ট সিরিজ শেষ। ওয়ানডে সিরিজের রেশ এখনো কাটেনি। এখন আবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার পালা। ২০১৭ সালের পর বাংলাদেশ পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে শ্রীলঙ্কায়। টেস্ট, ওয়ানডের পর শেষ গন্তব্য টি-টোয়েন্টি ক্রিকেটে এসে থামছে এই যাত্রা। পাল্লেকেল্লেতে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। এর আগে দুই দলের পরিসংখ্যানে চোখ বোলানো যাক— ৫ দুই দল এখন পর্যন্ত ৫টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। ২০১৩ সালে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলে দুই দল। সবশেষ ২০২৪ সালে। শ্রীলঙ্কা চারটি সিরিজ জিতেছে। একটি সিরিজ কেবল ড্র হয়েছে। ১৭ মুখোমুখি ১৭ ম্যাচে শ্রীলঙ্কার জয় ১১ ম্যাচে। বাংলাদেশের ৬ ম্যাচে। ২১৫/৫ দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশ। ২০১৮ সালে নিদাহাস ট্রফির ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে ২১৫ রান করে ম্যাচ জিতেছিল। ৮৩ সর্বোচ্চ রানের সঙ্গে সর্বনিম্ন রানের রেকর্ডটিও বাংলাদেশের দখলে। ২০০৭ সালে জোহানেসবার্গে ৮৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ৭ উইকেটে ১২৩। ৭৫ রানের হিসেবে সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার। ২০১৮ সালে সিলেটে বাংলাদেশকে ২১১ রান টার্গেট দিয়ে ৭৫ রানে জিতেছিল তারা। উইকেটের হিসেবে বাংলাদেশের জয় আবার বড়। গত বছর সিলেটে ১৬৬ রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ৪৪২ দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান কুশল মেন্ডিসের। ৯ ম্যাচে ৪৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি। ৮৬ এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ৮৬। ২০২৪ সালে সিলেটে মেন্ডিস ৫৫ বলে ৬টি করে চার ও ছক্কায় ৮৬ রান করেছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সাব্বির রহমানের। ২০১৬ এশিয়া কাপে ৮০ রান করেছিলেন সাব্বির রহমান। ২৫ দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৫ ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস। মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫ ছক্কা মেরেছেন। ৭ রিশাদ হোসেন এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকিয়েছেন। গত বছর সিলেটে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলার পথে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ১৮১ দ্বিপক্ষীয় সিরিজে ১৮১ রান দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গত বছর সিলেটে তিন টি-টোয়েন্টিতে ১৮১ রান করেছিলেন মেন্ডিস। ১৭ মোস্তাফিজুর রহমান দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১৩ ম্যাচে ২৪.৯৪ গড় ও ৮.৮৩ ইকোনমিতে এই উইকেট নিয়েছেন। ২০/৫ পেসার নুয়ান থুসারা ২০ রানে ৫ উইকেট পেয়েছেন। যা দুই দলের ক্রিকেটারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড। একটিই মাত্র ৫ উইকেট আছে। সেটা থুসারা পেয়েছেন গত বছর। ৪ ওভারে ৫৬ মাহিশা পাথিরানা দুই দলের বোলারদের মধ্যে এক স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন। গত বছর ৪ ওভারে ৫৬ রান দিয়েছিলেন অফস্পিনার। ১ উইকেট অবশ্য পেয়েছিলেন। ১৩ সৌম্য সরকার দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ ক্যাচ নিয়েছেন। ৯৮ ৯৮ রানের জুটি দুই দলের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালে সিলেটে মেন্ডিস ও গুনাথিলাকা উদ্বোধনী জুটিতে ৯৮ রান করেছিলেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি সন্ধ্যায়

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পাল্লেকেল্লে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। অন্য দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ হার, এরপর পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে। লিটন দাসের নেতৃত্বে দ্বীপ-দেশটিতে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ বাংলাদেশের। নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর তাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব একটা নেই। রেকর্ডও বাংলাদেশের পক্ষে কথা বলছে না। দুই দলের ১৭ দেখায় ৬ ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি ১১টিতেই শ্রীলঙ্কার জয়। এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ পারফরম্যান্স ধারাবাহিকতায় ভুগেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হলেও দ্বিতীয়টিতে হেরে যায় বড় ব্যবধানে। তাতে টেস্ট সিরিজ হাতছাড়া হয়। কলম্বোতে প্রথম ওয়ানডেতে প্রচন্ড বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে পুরোনো চিত্র। হারের আগেই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে। তাইতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিন ফরম্যাটে বাংলাদেশের এখন তিন অধিনায়ক। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ দলকে তেমন সুখস্মৃতি এনে দিতে পারেননি। শেষটায় লিটন রাঙাতে পারবেন কী? আশার কথা শুনিয়েছেন লিটন। পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটনও বলেছেন, ‘এটা আলাদা একটা সংস্করণ। সবাই জানে টি–টোয়েন্টি কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে। শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আজ খেলতে পারছেন না তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই ভালো খবর। বাংলাদেশকে সমীহ করে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, ‘‘বাংলাদেশ ভালো টি–টোয়েন্টি দল। তবে তারাও আমাদের মতোই অনভিজ্ঞ। আমি মনে করি না যে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। সিরিজটা কঠিন হবে।’’ সত্যিই কী তা-ই? পুরোনো ব্যর্থতা ঝেরে বাংলাদেশ কী সত্যিই লঙ্কানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে? সময়ের কাছেই প্রশ্নটা তোলা থাক।
অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা

অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা গত ৮ জুলাই, করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে চাইলে, তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান অভিনেত্রীর বাবা ডা. আজগর আলী। পাকিস্তান টুডে এ খবর প্রকাশ করেছে। এ বিষয়ে এসএসপি (দক্ষিণ করাচি) মাহরুজ আলী জানান, ২০২৪ সালের শুরু থেকে অ্যাপার্টমেন্টটির ভাড়া দেন না হুমায়রা আজগর আলী। এখানে একা বসবাস করতেন, কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে খুঁজে বের করে পুলিশ। কথা বলেন অভিনেত্রীর বাবা ডা. আজগর আলী (আর্মির প্রাক্তন চিকিৎসক) ও তার ভাইয়ের সঙ্গে। কিন্তু হুমায়রা আজগরের বাবা কন্যার মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে হুমায়রার বাবা আজগর আলী বলেন, “আমরা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার মৃতদেহ নিয়ে যা ইচ্ছা করুন। আমরা তা গ্রহণ করব না।” গত মঙ্গলবার রাতে হুমায়রা আজগর আলীর মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। তবে এখনো মৃত্যুর কারণ প্রকাশ করেনি পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্তকারী কর্মকর্তারা রাসায়নিক বিশ্লেষণের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। মৃতদেহটি এখন হিমাগারে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে, এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ। এর আগে এক বিবৃতিতে পুলিশ জানায়, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সি অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তিনি। ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানি গণমাধ্য ডনকে বলেন, “আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা।” টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।
আরো ৭ দেশের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আরো ৭ দেশের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প শ্রীলঙ্কা-ফিলিপাইনসহ আরো ৭টি দেশের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে নতুন করে আরো ৭টি দেশের পণ্যের ওপর ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন। এর মধ্যে ফিলিপাইনের ওপর ২০ শতাংশ, ব্রুনেই ও মলদোভার ওপর ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়ার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই তথ্যগুলো ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ প্রকাশিত চিঠির মাধ্যমে জানিয়েছেন। সেসব চিঠি মূলত তিনি সংশ্লিষ্ট দেশের নেতাদের উদ্দেশে পাঠিয়েছেন। তিনি লেখেন, “আমরা আপনাদের সঙ্গে অগ্রসর হতে চাই, তবে সেটা হবে কেবল আরো ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে।”ট্রাম্প আরো বলেন, এসব শুল্ক হার এখনো যথেষ্ট নয় যাতে ওই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পুরোপুরি দূর করা যায়। তিনি সতর্ক করে বলেন, যেসব পণ্য অন্য দেশের হয়ে অন্য মাধ্যমে পাঠিয়ে শুল্ক এড়ানোর চেষ্টা করা হবে, সেগুলোর ওপরও উচ্চ শুল্ক বসানো হবে। পাশাপাশি যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র তার জবাবে ওই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এর আগে ১৪টি দেশকে শুল্কের চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, লাওস, কাজাকিস্তান, মালয়েশিয়া। এই দেশগুলোর উপরে আমদানি শুল্ক হিসেবে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হয়েছে। আর এদের মধ্যে মিয়ানমার ও লাওসে সবচেয়ে বেশি শুল্ক আরোপিত হয়েছে ৪০ শতাংশ আর দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে তিউনিশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, বসনিয়া, হার্জিগোভিনিয়া, সার্বিয়া ও থাইল্যান্ড। এক্ষেত্রেও শুল্ক আরোপ করা হয়েছে ২৫ থেকে ৩৬ শতাংশ। বিশ্লেষকদের মতে, এশিয়ার দেশগুলোই যুক্তরাষ্ট্রের শুল্কের প্রাথমিক লক্ষ্যবস্তু। তবে সবার নজর রয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান অংশীদারদের উপরে যারা এখনও যুক্তরাষ্ট্রের শুল্কের চিঠি পায়নি। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসন আরো বাণিজ্য চুক্তি প্রকাশের জন্য চাপে রয়েছে, এখনও পর্যন্ত ওয়াশিংটন কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গেই বাণিজ্য চুক্তি করেছে। চিনের সঙ্গে একইরকম শুল্ক কমানোর চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, গত ২ এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।বেশিরভাগ দেশের ওপর ১০ শতাংশ ভিত্তি শুল্ক হার এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা ও আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছিল। পরে উত্তেজনা কমাতে শুল্কনীতি ৯ জুলাই পর্যন্ত স্থগিত করে হোয়াইট হাউজ। তখন ট্রাম্প জানান, এই ৯০ দিনে তিনি দেশগুলোর সঙ্গে ৯০টি বাণিজ্য চুক্তি করতে চান। ওই সময় পর্যন্ত দেশগুলোকে উচ্চহারের শুল্কারোপ থেকে ছাড় দেন ট্রাম্প। তবে ফলাফল ট্রাম্পের সেই উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক কম। যুক্তরাজ্য, ভিয়েতনাম ও চীন ছাড়া অন্য দেশগুলো এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়নি। দেশগুলোকে বাণিজ্যচুক্তিতে আসার জন্য সময়সীমা নতুন করে বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত আলোচনার সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক কার্যকর হবে।
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০, নিখোঁজ ১৭১

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০, নিখোঁজ ১৭১ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭১ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৪ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে এই বন্যা হয়। বন্যার পানিতে কের কাউন্টির নদী তীরবর্তী সামার ক্যাম্প ‘মিস্টিক’ প্লাবিত হয়। এতে ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ২৭ জন মেয়ে ও ক্যাম্পের পরিচালক ৭০ বছর বয়সী রিচার্ড ইস্টল্যান্ড মারা গেছেন। এছাড়া আরো ৫ জন ক্যাম্পার ও ১৯ বছর বয়সী একজন মেন্টর এখনও নিখোঁজ রয়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে কমপক্ষে ৯৬ জনের প্রাণ গেছে, যার মধ্যে ৩৬ জনই শিশু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অঞ্চলে কমপক্ষে ১৬১ জন এখনও নিখোঁজ রয়েছেন। বন্যায় কের কাউন্টির বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এছাড়া ত্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। কের কাউন্টির বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন তিনি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বন্যার দুর্বল সতর্কতা ব্যবস্থা ও জরুরি প্রতিক্রিয়া মোকাবিলার জন্য সংসদে একটি বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। পর্যাপ্ত সতর্কতার অভাব ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শুক্রবার তীব্র বৃষ্টিপাতের প্রায় ১২ ঘণ্টা আগে সতর্কতা বাড়ানো হয়েছিল। তবে, সতর্কতার মাত্রা কেবল ‘মাঝারি’ হিসেবে জারি করা হয়েছিল। টেক্সাসের গভর্নর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমের গতি বাড়ানোর জন্য নিয়ম ও আইন মূল্যায়ন এবং সহজ করার জন্য নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
ট্রফি নয়, ভালোবাসা নিয়েই রিয়াল অধ্যায় শেষ করলেন মদ্রিচ

ট্রফি নয়, ভালোবাসা নিয়েই রিয়াল অধ্যায় শেষ করলেন মদ্রিচ নিরবেই ঘটল এক আবেগঘন বিদায়ের। রিয়াল মাদ্রিদে ১৩ বছর অধ্যায়ের সমাপ্তি ঘটল ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-০ গোলে হারের ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে এই কিংবদন্তির শেষ ম্যাচ। জয় নয়, কিংবা ট্রফিও নয়; গতকাল রাতে নিউ জার্সির মাঠে ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছিল একটি বিদায়ের মুহূর্ত। রিয়াল মাদ্রিদ যখন পিএসজির দাপটে মুখ থুবড়ে পড়ছে, তখন পুরো স্টেডিয়ামের চোখ ছিল একদিকেই। সেটি হচ্ছে লুকা মদ্রিচ! প্রথমার্ধেই ফাবিয়ান রুইসের জোড়া গোল এবং দেম্বেলের দুর্দান্ত ফিনিশিংয়ে ২৪ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। পরে গন্সালো রামোসের গোলের মাধ্যমে স্কোরলাইন ৪-০ হয়। ম্যাচটির ৬৪তম মিনিটে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মদ্রিচ। ম্যাচ তখন অনেকটাই হাতছাড়া, কিন্তু মাঠে নামার পরেও তার উপস্থিতিতে ভুলের কোনো সুযোগ রাখেননি। বল পায়ে তার স্বাচ্ছন্দ্য, নিখুঁত পাস, সেট-পিসে নেতৃত্ব; সবমিলিয়ে খুব অল্প সময়ে দেখা মিলেছে চেনা মদ্রিচের। মে মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে মদ্রিচের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয়ে গেলেও, মাঠে এটিই ছিল তার আসল ‘বিদায়’। ম্যাচ শেষে সতীর্থ, এমনকি পিএসজির খেলোয়াড়রাও তাকে জড়িয়ে ধরেন। কোচ জাবি আলোনসোর সঙ্গে দেখা যায় এক আবেগঘন মুহূর্ত। এই কোচই একটা সময় সতীর্থ হয়ে খেলেছিলেন মদ্রিচের সঙ্গে। চলতি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মদ্রিচ। সময়ের বিচারে খেলার সুযোগ কম হলেও, প্রতিবারই তিনি নিজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ দিয়ে দলকে সহায়তা করেছেন। রিয়ালের জার্সিতে প্রায় ৬০০ ম্যাচ খেলা মদ্রিচের ঝুলিতে রয়েছে ২৮টি ট্রফি। তবে শেষ মৌসুমটা কাটেনি ভালো। ট্রফিলেস মৌসুম কাটাতে হয়েছে ইউরোপের সফলতম দলটিকে। তবে মদ্রিচের জন্য এই হতাশা থেকে বড় কিছু ছিল ভক্তদের ভালোবাসা, সতীর্থদের সম্মান এবং এমন এক ঐতিহ্য, যা কেবল গুটিকয়েক কিংবদন্তিরই প্রাপ্য।
চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে

চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে দেশের চারটি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের শঙ্কা রয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শুক্রবার (১১ জুলাই) সকাল পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবারো শিক্ষার্থীরা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাবেন। পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে শুধু টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন ১০১,১০২। পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া, মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC। ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে www.educationboardresults.gov ওয়েব সাইট।