পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার (১৬ জুলাই) এমন পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (২০ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।

নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিল ইসি

নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিল ইসি বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশনের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আদালতের আদেশে দলটির নিবন্ধন স্থগিত করে ইসি৷ এরপর প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন-অভিশপ্ত নৌকা মার্কা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন। সস্প্রতি নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে নৌকা প্রতীকও রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে এনসিপি আপত্তি জানায়।

৪৮ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন

৪৮ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন   নয়টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন। মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। ইকুয়েপমেন্ট রেডি করতে হবে সেটার জন্য কাজ চলছে। এ এস এম হুমায়ুন কবীর বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে। নতুন পাঁচটি দেশ হলো- ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান, আমেরিকা ও মালদ্বীপ। এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬ শত ৪৬ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। আর ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।

প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ

প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। প্রেস উইং জানায়, গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। ’ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন। স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না এসব বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।  তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে। ’ এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে। কিন্তু মূল যে উদ্দেশ্য-শিক্ষার মান বৃদ্ধি, সেটা সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র‌্যাংকিং করছি। যে সব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি। তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যে সব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক-ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে।

‘কন্যা’ পর কনার নতুন ধামাকা ‘সোনা জান’

‘কন্যা’ পর কনার নতুন ধামাকা ‘সোনা জান’ সবশেষ ‘কন্যা’ গান দিয়ে শ্রোতাদের মনে দোলা দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ভক্তদের জন্য সুখবর হলো এবার আরেকটা ধামাকা নিয়ে এসেছেন এই গায়িকা। কনার এবারের গানের শিরোনাম ‘সোনা জান’। ‘কন্যা’র পর এটিরও কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।  রোববার (১৩ জুলাই) বিকালে গানটি প্রকাশ পেয়েছে ভিডিও আকারে। যেখানে রোমান্স করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল। বিভিন্ন মনোরম লোকেশনে এটির ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। ট্রেন্ডি কথা-সুর ও ভরপুর ভালোবাসা সাজানো গান-ভিডিওটি তৈরি হয়েছে কেএম মিউজিকের ব্যানারে। প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন।  গানটি প্রসঙ্গে শোভন বলেন, কনা আপু আমার খুব পছন্দের একজন গায়িকা। রবিউল ইসলাম জীবন ভাই এবং আদিব কবিরের কাজেরও ভক্ত আমি। সব মিলিয়ে তাদের নিয়ে কাজটি করা। গানটির মাধ্যমে আমরা শ্রোতা-দর্শকদের বিনোদন দিতে চেয়েছি। সবার ভালো লাগবে বিশ্বাস। তিনি বলেন, এই গানের ভিডিওতে অভিনয় করা দুজনই কলকাতার। বিশেষ করে অলিভিয়া সরকার স্টার জলশার অনেক পরিচিত মুখ। কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজও করেছেন। দুই বাংলার শ্রোতাদের কথা মাথায় রেখেই কাজটি করা। গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ‘কেএম মিউজিক’ চ্যানেলে।

স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন

স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। এক যুগের বেশি সময় সম্পর্কে ছিলেন তারা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন এই তারকা জুটি।  এবার মেহজাবীন নিজদের ভালোবাসাকে তালাবন্দী করলেন, যেন এই ভালোবাসার তালা কখনোই খুলে না যায়। কেননা তালার চাবি কখনোই খুঁজে পাওয়া যাবে না, চাবি পড়ে রয়েছে নদীর তলদেশে। ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়েছেন মেহজাবীন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এরই কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন লক। ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগিয়ে দেন। সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই সেতুতেই তালা লাগিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন কখন এই তালা লাগিয়েছেন তা স্পষ্ট নয়। কেননা সম্প্রতি তিনি ইউরোপ ভ্রমণের ছবি পোস্ট করছেন। একদিন ইতালির মিলান শহরে ঘোরার ছবি পোস্ট করেছেন। তার আগে দিলেন সুইজ্যারল্যান্ডে ঘোরার ছবি। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন, এই ভ্রমণ তখনকার নাকি, জানা যায়নি। যতবে ‘প্রেম তালা’ লাগিয়ে দেওয়ার পর ভক্তরাও আশা প্রকাশ করছেন এই তালা যেন কখনোই না খোলে, আর ভাঙতেও না হয়।

দেশ ছাড়লেন শাকিব খান!

দেশ ছাড়লেন শাকিব খান! ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা ঈদুল আজহায় মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলেছিল। এবার সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হলো যুক্তরাষ্ট্র দিয়ে।  পরিচালক রায়হান রাফীর অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি ইতোমধ্যে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির দুই দিন পরই দেশ ছেড়েছেন ঢালিউডের এই মেগাস্টার। শনিবার (১৩ জুলাই) রাতে বিমানের ভেতর তোলা নিজের একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, “রোমাঞ্চকর যাত্রা শুরু হোক!” ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ—জানালার পাশে বসে আছেন তিনি। যদিও পোস্টে সফরের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার শো এবং প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি ছবি দেখা-সংক্রান্ত আয়োজনে অংশ নিতে তার এই সফর।  এদিকে, শাকিব খানকে ঘিরে আরেকটি নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে একটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে, সিনেমাটির নাম ভূমিকায় দেখা যেতে পারে শাকিব খানকে। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি।

পরাজয়ের মিছিল পেরিয়ে জয়ের অমৃত স্বাদ

পরাজয়ের মিছিল পেরিয়ে জয়ের অমৃত স্বাদ এতোদিন বাংলাদেশ যা করে এসেছে, আজ তা-ই করলো শ্রীলঙ্কা। যদি এক শব্দে বলতে হয়, শ্রীলঙ্কা এলোমেলো। আর বাংলাদেশ গোছালো। গোছালো সেই পারফরম‌্যান্সের সুর ধরেই পরাজয়ের মিছিল পেরিয়ে জয়সূর্যর দেখা পেল বাংলাদেশ।  ছয় ম‌্যাচ পর টি-টোয়েন্টি ম‌্যাচ জিতল বাংলাদেশ। ক‌্যান্ডিতে বাংলাদেশ ৮৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল। এদিন ব‌্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই বাংলাদেশ এ প্লাস। গোল্ডেনও হতে পারত। দুয়েকটি ভুলে হয়েছে। ওগুলো না হলে শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে পুরো ম‌্যাচটিতেই বাংলাদেশের আধিপত‌্য থাকত।  টস হেরে আগে ব‌্যাটিং করে বাংলাদেশ ৭ উইকেটে ১৭৭ রান করে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৪ রানে।  বাংলাদেশের ব‌্যাটিং ইনিংস ছিল রোলার কোস্টার রাইডের মতো। এই নিচে নামে তো এই উপরে উঠে। পথ হারাতে সময় লাগে না…আবার ছন্দে ফিরতেও সময় নেয় না। ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদমই যুৎসই হয়নি। ৭ রানে দুই ওপেনার সাজঘরে। পারভেজ হোসেন ইমন (০) ও তানজিদ হাসান (৫) দ্রুত সাজঘরে ফেরেন। সেখান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো শুরু। অফফর্মে থাকা লিটনের সঙ্গী তাওহীদ হৃদয়। শুরুর আক্রমণটা তাওহীদ করেছিলেন। পরে লিটন সব আলো নিজের ওপর নিয়ে নেন। ৫৫ বলে ৬৯ রান যোগ করেন দুজন। ইনিংসের ১২তম ওভারে তাওহীদ ২৫ বলে ৩১ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। মিরাজ এসে টিকতে পারেননি। ২ বলে ১ রান করে একই ওভারে ফেরেন ড্রেসিংরুমে।  দ্রুত ২ উইকেট হারিয়ে আবার চাপে বাংলাদেশ। কিন্তু শামীম ক্রিজে এসে সেই চাপ গায়ে লাগতে দেননি। প্রতি আক্রমণে গিয়ে রান তুলে ২৭ বরে করেন ৪৭ রান। ৫ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। লিটন ও শামীম পঞ্চম উইকেটে খেলার চিত্র পাল্টে দেন। ৩৯ বলে ৭৭ রান যোগ করেন দুজন।  তাতে বাংলাদেশের স্কোরবোর্ডে প্রাণ ফিরে পায়। প্রবল চাপে ছিলেন লিটন। রানই পাচ্ছিলেন না। আজ ফেরার ইঙ্গিত দিয়েছেন। ১২ ইনিংস পর পেয়েছেন ফিফটি। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন তিনি। শেষ দিকে বাংলাদেশের স্কোরবোর্ডে কেবল সাইফউদ্দিন যোগ করতে পারেন ৬ রান।  শ্রীলঙ্কার বোলারদের মধ‌্যে বিনুরা ফার্নান্দো নেন ৩ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন থুসারা ও থিকসানা। জবাব দিতে নেমে পাওয়ার প্লে’তেই ইউটার্ন শ্রীলঙ্কার। ৩০ রানে তারা হারায় ৪ উইকেট। বাংলাদেশের জন‌্য ভয়ের কারণ ছিল কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার উইকেট। এই জুটি ভাঙে শামীমের থ্রোতে। সরাসরি থ্রোতে শামীম ফেরান মেন্ডিসকে। এরপর শরিফুল ফেরান কুশল পেরেরা ও আভিশকা ফার্নান্দোকে। সাইফ উদ্দিন নেন অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট। ব‌্যাটসম‌্যানরা কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।  শুরুর সেই ধাক্কা হজমের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকা। ৩১ বলে ৪১ রান করেন করেন তারা। কিন্তু মাত্র ৬ বলে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা আরও বিপদে পড়ে। সেখান থেকে তারা কেউ আর উঠে দাঁড়াতে পারেনি। নিশাঙ্কা ৩২, শানাকা ২০ রান করেন। ১৫.২ ওভারেই শেষ হয়ে যায় লঙ্কানদের ইনিংস।  বাংলাদেশের বোলারদের মধ‌্যে রিশাদ ১৮ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।  দলকে বহু প্রত‌্যাশিত জয় এনে দেওয়ায় ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন লিটন দাস।  আগামী ১৬ জুলাই কলম্বোতে হবে সিরিজের শেষ ম‌্যাচ।

গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস

গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস ইরানের পার্লামেন্ট গুপ্তচরবৃত্তি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ বিদেশি শত্রু রাষ্ট্রকে সহযোগিতার শাস্তি বাড়ানোর জন্য একটি বিলের সংশোধনী অনুমোদন করেছে। খবর বিবিসি ও ইরান ফ্রন্ট পেজের।  সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংশোধনী প্রস্তাবটি আজ সোমবারের অধিবেশনে বিপুল ভোটে পাস হয়েছে।  সংশোধিত আইন অনুযায়ী, যদি কেউ শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয়, তfহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্সকে শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে প্রস্তাবের মূল বক্তব্যে। সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল (যারা ইতোমধ্যেই শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত) বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে। সংশোধিত আইনে শত্রু রাষ্ট্রগুলোকে আর্থিক, প্রযুক্তিগত বা সামরিকভাবে সহায়তাকেও অপরাধের আওতায় আনা হয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যক্রমের লক্ষ্যে স্টারলিংকের মতো অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহারও দণ্ডনীয়। এছাড়াও সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। একইসাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে ‘প্রতিকূল মিডিয়া’ চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য দ্রুত আইনি পদক্ষেপ চালু করা হয়েছে। ইরানের আইনপ্রণেতারা জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই ব্যবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শত বছর বয়সেও প্রেসিডেন্ট পদে থাকতে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা বিয়ার

শত বছর বয়সেও প্রেসিডেন্ট পদে থাকতে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা বিয়ার বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া (৯২)। তিনি চলতি বছরের নির্বাচনে অষ্টম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি শতবর্ষ ছুঁইছুঁই বয়সেও দেশটির ক্ষমতায় থাকতে পারবেন। রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আপনারা নিশ্চিত থাকুন জাতি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমি তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করব।” সোমবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,  চার দশকেরও বেশি সময় আগে ক্যামেরুনের প্রেসিডেন্ট পদ থেকে আহমেদো আহিদজো পদত্যাগ করলে ১৯৮২ সালে ক্ষমতায় আসেন বিয়া। তার স্বাস্থ্য নিয়ে বেশ কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চলছে। সর্বশেষ গত বছরে তিনি ৪২ দিনের জন্য জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে অদৃশ্য হয়ে যান। তবে তার পুনর্নির্বাচনের সম্ভাবনা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। রবিবার পল বিয়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। ২০১৮ সালে, প্রথমবারের মতো, তিনি সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন, যা ডিজিটাল প্ল্যাটফর্মে জনসাধারণের সঙ্গে একটি বিরল সরাসরি যোগাযোগ ছিল। ক্ষমতাসীন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের (সিপিডিএম) নেতাকর্মীরা এবং তার সমর্থকরা গত বছর থেকে প্রকাশ্যে বিয়ার আরেক মেয়াদে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু বিরোধী দল এবং কিছু নাগরিক সমাজের গোষ্ঠী যুক্তি দিচ্ছে যে তার দীর্ঘ শাসন অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। এরই মধ্যে দুই মিত্র ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে এসেছে এবং আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছেন। ক্যামেরুনের মানবাধিকার আইনজীবী নংহো ফেলিক্স আগবর সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “প্রেসিডেন্ট বিয়ার আবারো প্রার্থী হওয়ার ঘোষণা ক্যামেরুনের স্থবির রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট লক্ষণ। ৪০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর দেশটির যা প্রয়োজন তা হল পুনর্নবীকরণ, পুনরাবৃত্তি নয়। ক্যামেরুনবাসী গণতান্ত্রিক পরিবর্তন এবং জবাবদিহিমূলক নেতৃত্ব পাওয়ার অধিকার রাখে।” রবিবার বিয়ার প্রেসিডেন্ট পদে নতুন করে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নিশ্চিতভাবেই তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক পুনরুজ্জীবিত করবে। তিনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হন এবং প্রায়ই তার কার্যালয়ের ক্ষমতা শক্তিশালী চিফ অফ স্টাফের (সেনাপ্রধান) কাছে দায়িত্ব অর্পণ করেন।  গত বছরের অক্টোবরে তিনি ৪২ দিন অনুপস্থিতির পর ক্যামেরুনে ফিরে আসলেও স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলতে থাকে। যদিও সরকার দাবি করে যে তিনি ভালো আছেন এবং জাতীয় নিরাপত্তার বিষয় উল্লেখ করে তার স্বাস্থ্য নিয়ে সবধরনের আলোচনা নিষিদ্ধ করেছে।  ২০০৮ সালে বিয়া প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদসীমা বাতিল করে দেন, যার ফলে তার অনির্দিষ্টকালের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার হয়। ২০১৮ সালের নির্বাচনে তিনি ৭১.২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যদিও বিরোধী দলগুলো ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিল। ক্যামেরুন ১৯৬০-এর দশকের গোড়ার দিকে ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর থেকে মাত্র দুজন প্রেসিডেন্ট পেয়েছে। আফ্রিকান কোকো ও তেল উৎপাদনকারী এই দেশটিকে বিয়ার দীর্ঘ শাসনামলে অর্থনৈতিক সংকট, বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও উত্তরাঞ্চলে বোকো হারাম জঙ্গি হামলার মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতা প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন।তাদের মধ্যে রয়েছেন ২০১৮ সালের ক্যামেরুন রেনেসাঁ আন্দোলনের রানার-আপ মরিস কামটো, সোশ্যাল ডেমোক্রেটিক ফ্রন্টের জোশুয়া ওসিহ, ক্যামেরুন পার্টি ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের আইনজীবী আকেরে মুনা ও ক্যাব্রাল লিবি।   তারা সবাই বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ শাসনামলের সমালোচনা করেছেন এবং ২০২৫ সালে সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন পদ্ধতিতে সংস্কারের দাবি জানিয়েছেন।