‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’

‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’ জিম লেকার, অনিল কুম্বলে, এজাজ পাটেল। ত্রয়ীর মধ‌্যে অদ্ভুত মিল রয়েছে। স্পিনে তিনজন হাত ঘুরান। ক্রিকেট বিশ্বে তারাই কেবল টেস্টে এক ইনিংসে ১০টি উইকেট পেয়েছেন। জিম লেকার ম‌্যানচেস্টারে। অনিল কুম্বলে দিল্লিতে। এজাজ মুম্বাইয়ে। প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারত। বিংশ শতাব্দীর আগে এই অস্বাভাবিক সাফল‌্যের দেখা পেয়েছিলেন লেকার ও কুম্বরে। এজাজই কেবল বিংশ শতাব্দীর প্রতিনিধি। হঠাৎ এই আলোচনা কেন? কেনই বা ১০ উইকেট নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনাটা উঠছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের এক মন্তব‌্যকে ঘিরে। মিরপুর শের-ই-বাংলার উইকেট নিয়ে আলোচনা থামছে না। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর মিরপুরে আবার ফিরেছে ওয়ানডে। এ সময়ে গামিনি ডি সিলভার পরিবর্তে মিরপুরের দায়িত্বে টনি হেমিং। কিন্তু চিরচেনা মিরপুর পাল্টাতে পারেনি স্পিন দূর্গ। ধীর গতির, লো বাউন্সের উইকেট। তাতে ওয়েস্ট ইন্ডিজ রীতিমত হিমশিম খেল। বাংলাদেশও ভুুগেছে। তাতেই উঠছে প্রশ্ন, এমন উইকেট খেলে লাভ কী? আর জয়েও কি প্রত‌্যাশিত লক্ষ‌্য পূরণ হলো? সময়ের কাছে সেই প্রশ্ন তোলা থাক। আগামীকাল মঙ্গলবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে। দলের প্রতিনিধি হয়ে মুশতাক আহমেদ এসেছিলেন সংবাদ সম্মেলনে।  কিংবদন্তি স্পিনার পাকিস্তানের হয়ে লম্বা সময় খেলেছেন। ৯৬ এর বিশ্বকাপ জিতেছেন। লেগ স্পিনার হিসেবে সাফল‌্য টইটুম্বর। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল, এর চেয় বাজে উইকেট এর আগে তিনি দেখেছেন কি না? উত্তরে বাংলাদেশ দলের স্পিন কোচ বলেছেন, ‘‘হ্যাঁ, অনেক (বাজে উইকেট)। আমার মনে আছে, দিল্লিতে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন। সেই উইকেটটি এর থেকেও খারাপ ছিল।’’ এমন উইকেটে মুশতাক নিজের সেরা সময়ে কত উইকেট পেতেন? সহজেই ৭, ৮, এমনকি ১০ উইকেট নিতে পারতেন? উত্তরে তিনি বলেছেন, ‘‘না, সত্যি বলতে এটা ততটা সহজ নয়। যেমনটা ওই ভাই জিজ্ঞাসা করলেন, কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয় কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এই পিচগুলো কখনও কখনও আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে।’’ এজন‌্য সেন্ট্রাল উইকেটে লম্বা সময় স্পিনাররা বল করেছেন। কারণ ব‌্যাখ‌্যা করতে গিয়ে মুশতাক বলেছেন, ‘‘এই ধরণের পিচে, আপনাকে খুব স্মার্ট এবং ফিল্ড পজিশন নিয়ে ধূর্ত হতে হবে। সঠিক ফিল্ড সেট করে আপনাকে ব্যাটসম্যানকে আউট করতে হবে, সে ফ্রন্ট-ফুট না ব্যাক-ফুট প্লেয়ার, এবং আপনার গতি (৮৫ বা ৯০+ কিমি/ঘন্টা) কেমন হবে, তা বুঝে বল করতে হবে। কোচ হিসেবে আমরা তাদের তথ্য দিই, এবং প্লেয়ারদের তা মাঠে কার্যকর করতে হয়।’’

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া, হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া, দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০ এর ১০ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। কমিটির কর্মপরিধি: ক) কমিটি জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)। (খ) এরূপ মামলার মধ্যে যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে (যদি থাকে) এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠাবে। (গ) কমিটি তার কার্যক্রম বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে।

মা হলেন পরিণীতি চোপড়া

মা হলেন পরিণীতি চোপড়া পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দিনি। মা ও নবজাতক- দুজনই সুস্থ আছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনই খবরটি জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবের পর সারা রাত স্ত্রীর পাশে ছিলেন অভিনেত্রী স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা।  ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লেখেন, ‘অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে। ’খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা। অনেকে সামাজিকমাধ্যমে দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।  কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুখবরের জন্য। কয়েক দিন আগে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শনিবার রাতে তিনি সন্তান জন্ম দেন। আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। কেকের ওপর লেখা ছিল- ‘১ + ১ = ৩’। পাশে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে…কৃতজ্ঞতা জানাব কীভাবে, ভাষা খুঁজে পাচ্ছি না। ’ এই পোস্টেই প্রথমবার প্রকাশ্যে আসে তাদের সন্তান আসার হওয়ার খবর। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন বলিউড তারকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়ের পর থেকেই পরিণীতি অভিনয় থেকে দূরে ছিলেন, মনোযোগ দিয়েছিলেন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায়।

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো করতে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে উড়িয়ে আনা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সোমবার সংবাদমাধ্যমকে বিসিবির একজন কর্মকর্তা আকিলের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে দুই দলের স্পিনাররাই প্রধান ভূমিকা পালন করেন। এই বিষয়টি মাথায় রেখেই স্কোয়াডে পরিবর্তন আনছে সফরকারীরা। এর আগে বাংলাদেশও নিজেদের স্পিন আক্রমণ শক্তিশালী করতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম মিলে ৮ উইকেট শিকার করে স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনা খারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন এবং অফ স্পিনার রস্টন চেজ দুটি উইকেট পান। এদিকে, দলে আরও কিছু পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস, যিনি এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেডিয়াহ ব্লেডস ও শামার জোসেফ দেশে ফিরে যাবেন। আরও জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে অলরাউন্ডার জেসন হোল্ডার আগামী ২১ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

ভোটে এক লাখ সেনা মোতায়েন হবে

ভোটে এক লাখ সেনা মোতায়েন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মোতায়েন থাাকবে। সবচেয়ে বেশি থাকবে আনসার বাহিনী। সোমবার (২০ অক্টোবর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। তিরি বলেন, সশস্ত্র বাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের অধীন না কি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ হবে তা এখনো ঠিক হয়নি। আরপিও সংশোধন হয়ে এলে বলা যাবে। ভোটে আনসারের পাঁচ লাখ বা তার কিছুটা বেশি সদস্য মোতায়েন থাকবে। বিভিন্ন বাহিনী থেকে বলা হয়েছে সর্বোচ্চ যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন করতে চায় ইসি। এই বৈঠকটি ছিল প্রাক নির্বাচনী আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক।

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী নারীর মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলাকান্দর গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া (২০) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী কাতলাকান্দর গ্রামের মো. সাব্বিরের স্ত্রী। নাচোল থানার এসআই জিয়াউর রহমান জানান, বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় সাদিয়া কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। পরবর্তীতে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৯

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৯ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৭ জন এবং বহির্বিভাগে ২১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া শিবগঞ্জে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৭ জন, গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ১ জন রোগী ভর্তি আছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ২৭ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ জনকে। এই ১৯ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৫ শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২০ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৭৪ জনে।

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা এইচএসসির স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ জুলাই) শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট। এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী,  ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩১৯ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৪৫ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন : হাসপাতালে ভর্তি ৬৯

জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন : হাসপাতালে ভর্তি ৬৯ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৯ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ২৯ জন এবং বহির্বিভাগে ৩৮ জন ও গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ১ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৫ জন, শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ২ জন ও ভোলাহাটে ১ জন ভর্তি আছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন, গোমস্তাপুর থেকে ২ জন ও ভোলাহাট থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৬৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ, ২০ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ১৩ জন মহিলা ও ১ শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২৬ জনে।