চাঁপাইনবাবগঞ্জে মাদককে লাল কার্ড দেখালেন বিএনসিসি ক্যাডেটরা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। কলেজটির ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসির পিইউও মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নববাগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানে অতিথিগণ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং মাদকের ভয়াল থাবা হতে যুবসমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহ্বান জানান।
চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস এই ৩টি কৌশলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, লাইসেন্স ও পারমিট প্রদান, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন, মাদক শুল্ক আদায়, আইন প্রয়োগ ও তদন্ত, সচেতনতা সৃষ্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জোরালোভাবে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য, শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা। তাই মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন ক্যাডেটকে মাদকবিরোধী স্লোগান লেখা বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ এবং মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করেন সবাই।
অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন।