রামিশাসহ দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজধানীর পল্লবীর শিশু রামিশাসহ দেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেল ৪টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বন্ধ সভা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বক্তব্য দেন ‘জাগো নারী বহ্নিশিখা’র সভাপতি ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন, সমাজসেবী ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাসদা, সচেতন নারী শওকত আরা আনজুম, লিপি রাই, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ অন্তর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। এতে আমরা উদবিগ্ন। এসব প্রতিহত করতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। আইনের সুশাসন বাস্তবায়ন করতে হবে। এসব অপরাধের প্রতিবাদ জানাতে যেকোন সময় আমাদের আন্দোলনে নামতে হবে।