বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 03, 2026
August 07, 2026
অন্যান্য
অন্যান্য

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনে নতুন সুবিধা

Published: August 07, 2026 at 12:29 PM
বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনে নতুন সুবিধা

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনে নতুন পেমেন্ট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এর ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের পেমেন্ট অপশনও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফেসবুক বিজ্ঞাপনে বিকাশের পেমেন্ট সুবিধা চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা কমবে। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা ও বিল পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হতে পারে।

এতদিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা ও ব্যাংকিংসংক্রান্ত বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়েছে উদ্যোক্তাদের। বিশেষ করে নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য এসব প্রক্রিয়া তুলনামূলক ব্যয়বহুল ও জটিল ছিল।

বিকাশের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের বিল পরিশোধের সুবিধা চালু হলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।