ব্রাজিলে আবাসিক ভবনে ভেঙে পড়ল বিমান

ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে একটি আবাসিক ভবনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় বিমানটির পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বিমানে থাকা আরও তিন যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজন মারা যান, আর বাকি দু’জন রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাদের অবস্থা স্থিতিশীল ছিল। জানা গেছে, বিমানটি সরাসরি ভবনে আঘাত হানলেও ভবনটির ভেতরে থাকা কেউ আহত হননি। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটিতে ধসে পড়ার কোনও তাৎক্ষণিক ঝুঁকিও দেখা যায়নি।

টিভি গ্লোবো’র একটি হেলিকপ্টার ঘটনাস্থলের কাছেই থাকায় দুর্ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ধারণ করতে সক্ষম হয়। ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ দ্রুত উচ্চতা হারায়, পরে উঁচু ভবন এড়াতে বাঁ দিকে মোড় নেয় এবং শেষে তিনতলা একটি ভবনে আঘাত হানে। আঘাতের পর সেটি একটি পার্কিং এলাকায় গিয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত হানে, যা বড় ধরনের প্রাণহানি এড়াতে সহায়তা করেছে। এক কর্মকর্তা বলেন, “যদি এটি ভবনের পাশের অংশে আঘাত করত, তাহলে বাসিন্দাদের ওপর সরাসরি প্রভাব পড়তো।”

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেন। প্রকাশিত ছবিতে তাদের সহায়তায় বাসিন্দাদের দ্রুত বের করে আনার দৃশ্য দেখা গেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটি দুর্ঘটনার কিছুক্ষণ আগে পাম্পুলহা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো-এর উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের এরোনটিক্যাল অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৬২ জন।