গাইলেন মাহতিম সাকিব কল্লোলের কথা, রাফাতের সুরে
সংগীতাঙ্গনে ভিন্ন স্বাদের চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী মাহতিম সাকিব। হাসিবুর রেজা কল্লোলের কথায়, শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে ‘তুইও ভীষণ একা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রক-মেলোডি ঘরানার এই গানের রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। বিশেষ দিক হলো, এটি মাহতিম সাকিবের পরিচিত গানের ধারা থেকে কিছুটা ভিন্ন। ফলে গানটি শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সুরকার শাহরিয়ার রাফাতের এটি এক ধরনের এক্সপেরিমেন্ট, যা ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। গানটির কথা, সুর এবং কণ্ঠের সমন্বয়ে একটি আবেগঘন পরিবেশ তৈরি হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাদের বিশ্বাস, মুক্তির পর গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেবে। সুফিয়ানা ঘরানার গানের পরিচিত কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত এর আগে ‘প্রিয়া রে’, ‘বুকের ভিতর চিনচিন ব্যথা’, ‘তুমি আমার’, ‘সাইয়া’, ‘এভাবে কি আর’ ও ‘জানরে মাওলা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার সুর ও কণ্ঠে নির্মিত গানগুলো ইতোমধ্যেই শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।