ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে| গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ চালানের তেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা| ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন| এপ্রিল মাসে এই চালানসহ পার্বতীপুর ডিপোতে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে| এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার টন ডিজেল| নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ভারতের নুমালীগড় টার্মিনাল থেকে পাম্পিং শুরু হয় এবং ৩০ এপ্রিল মধ্যরাতে পুরো কার্যক্রম শেষ হয়|