চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত অভিনেতা তপন

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে তাহসিন জামান তিথি। তিনি জানান, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তপনের মরদেহ সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তপন। গত ডিসেম্বরে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশ্য পরদিন শুক্রবারই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। অবশেষে পাড়ি দেন অনন্তলোকে। একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।