বাপ্পা মজুমদার রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন
উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা আবারও ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। এবার তিনি গেয়েছেন বাংলা গজলধর্মী গান, যেখানে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই বিষয়টি জানান। তিনি বলেন, “আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। এটি বাংলা গজলধর্মী এ ধরনের কাজ আগে খুব একটা হয়নি বলেই আমার মনে হয়। জানা গেছে, শুরুতে গানটি এককভাবেই গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “বাপ্পা আমাকে বলেছিল‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি, আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইব। তবে গানটি শোনার পর সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, “গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি। ‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন রুনা লায়লা।