বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে নাচোলে উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) জেলা তথ্য অফিস, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক শুকলাল বৈদ্য। এছাড়া বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: ইসমাত আরা।
বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, যৌতুক প্রথা নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধ এবং কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, শিশুদের মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় ফতেপুর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করে জেলা তথ্য অফিস।