আরবেলোয়া পরবর্তী যেমন কোচ খুঁজছে রিয়াল
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সময়টা ভালো যাচ্ছে না আলভারো আরবেলোয়ার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা থেকে বিদায়, লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। রিয়ালের জন্য টানা দ্বিতীয় বছর বড় কোনো ট্রফি ছাড়া কাটানোর শঙ্কা জাগিয়েছে। আর এই ব্যর্থতার দায়ভার সরাসরি পড়ছে বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার কাঁধে। তাই আগামী কয়েক দিনের মধ্যেই আরবেলোয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এই বৈঠকের ওপরই নির্ভর করছে আগামী মৌসুমে ডাগআউটে কার আধিপত্য থাকবে। যদিও ড্রেসিংরুমের একটি বড় অংশ আরবেলোয়ার ওপর আস্থা রাখছে, তবে ক্লাবের ভেতরের খবর বলছে ভিন্ন কথা। দলবদল বিশেষজ্ঞ ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, আরবেলোয়ার কাজে ক্লাবের একাংশ সন্তুষ্ট থাকলেও আগামী মৌসুমে তার দায়িত্বে থাকাটা এখন অসম্ভব বললেই চলে। মূলত টানা ব্যর্থতার কারণে পেরেজ এখন নতুন নেতৃত্বের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন।
আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদ ঠিক কেমন কোচ খুঁজছে, তার একটি নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা হয়েছে। স্প্যানিশ টেলিভিশনের অনুষ্ঠান এল চিরিনগিতোতে সাংবাদিক হোসে লুইস সানচেজ জানান, রিয়ালের নতুন কোচকে হতে হবে বেশ অভিজ্ঞ এবং জন্মগতভাবে একজন বিজয়ী। এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি ড্রেসিংরুমে পা রাখা মাত্রই ফুটবলারদের শ্রদ্ধা আদায় করে নিতে পারবেন। এছাড়া, বড় তারকাদের সামলানোর সহজাত ক্ষমতা রাখবেন। আরবেলোয়ার পরবর্তী সময়ে এমন ব্যক্তিত্বই প্রয়োজন যিনি দলকে আবারও সাফল্যের চূড়ায় ফিরিয়ে নিতে পারবেন।
রিয়াল মাদ্রিদের চাহিদার সঙ্গে মিল রেখে বেশ কয়েকজন হাই-প্রোফাইল কোচের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। ক্লপের দীর্ঘ অভিজ্ঞতা এবং শিরোপা জয়ের রেকর্ড তাকে রিয়াল কর্তাদের পছন্দের শীর্ষে রেখেছে। মাউরিসিও পচেত্তিনো ও উনাই এমেরির নামও আলোচনায় রয়েছে। তবে পচেত্তিনোর বড় ট্রফি জয়ের রেকর্ড তুলনামূলক কম হওয়া এবং এমেরির আগে প্যারিস সেন্ট জার্মেইয়ের ড্রেসিংরুম সামলাতে ব্যর্থ হওয়ার ইতিহাস রিয়াল মাদ্রিদকে কিছুটা দ্বিধায় রাখছে। সব মিলিয়ে আরবেলোয়া এবং পেরেজের বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে।