আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বুমরাহদের বিশ্রামের কথা ভাবছে ভারত
আগামী ২৪ মে আইপিএলের লিগ পর্বের ম্যাচ শেষ হবে। এরপর প্লেঅফ হয়ে ৩১ মে পর্দা নামবে চলমান আসরের। টুনামেন্ট শেষে আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অংশ নিবে ভারত। ভোগান্তি এবং চোট এড়াতে গিল, বুমরাহদের মতো প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রামের কথা ভাবছে বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, নির্বাচকরা টেস্ট খেলোয়াড় এবং তাদের ফিটনেসের ওপর নজর রাখছেন। টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার মূল কারণ হলো, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি এই ম্যাচে কোনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। এতে ভারতের অধিনায়ক শুভমান গিল, জসপ্রিত বুমরাহ এবং অন্যান্য টেস্ট খেলোয়াড়রা আফগানিস্তান টেস্টটি এড়িয়ে যেতে পারেন। গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লেঅফে গেলে গিল, বুমরাহ, মোহাম্মদ সিরাজ বিশ্রাম পেতে পারেন।
তবে এ সুযোগে সাই সুধারশনের মতো খেলোয়াড়রা সুযোগ পেতে পারেন। কারণ তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ নন। শুধু এই কারণে নয়, এক ম্যাচের টেস্টটি চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এমন পরিকল্পনায় নির্বাচকরা এমন খেলোয়াড়দের দিকে নজর দেবেন যারা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন এবং এর আগে প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন।
শুভমান গিল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের অংশ ছিলেন না। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ ডব্লিউটিসি ম্যাচগুলোর আগে কিছু লাল বলের অনুশীলন করতে চাইবেন। চূড়ান্ত সিদ্ধান্তটি তিনি নিজেই নিতে পারেন। এদিকে প্রথম সারির খেলেয়াড়রা অংশ না নিলে নিয়মিত টেস্ট খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছু ঘরোয়া খেলোয়াড় টেস্ট খেলার অভিজ্ঞতা পেতে পারেন। বাঁ-হাতি পেসার গুরনূর ব্রার, বাঁ-হাতি স্পিনার মানব সুথার, জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী প্রথমবারের মতো দলে ডাক পেতে পারেন। এছাড়াও বাড়তি গতি যোগ করার পর নীতীশ কুমার রেড্ডি এখনও আলোচনায় রয়েছেন। আগাসী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলের বড় তারকাদের বেছে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। পরবর্তীতে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে। এমন সম্ভাবনা রয়েছে, ভারত টি-টোয়েন্টি সিরিজে আইপিএলের অংশ নেওয়া তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করে দেখতে পারে এবং সব ফরম্যাটের খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে।