মার্কিন ‘হুমকি’ উপেক্ষা করেই বন্দরে পৌঁছেছে তেলবাহী ট্যাঙ্কার : ইরান

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর বারবার ‘হুমকি’ দেওয়া সত্ত্বেও গত রাতে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার দেশটির জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। ইরানের মেহর নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন সেনাবাহিনীর নেভাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে একাধিক সতর্কবার্তা এবং হুমকি থাকা সত্ত্বেও…ইরানি তেলবাহী ট্যাঙ্কার ‘সিলি সিটি’ নৌবাহিনীর বিশেষ সহায়তায় আরব সাগর অতিক্রম করে গত রাতে ইরানি জলসীমায় প্রবেশ করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ট্যাঙ্কারটি বর্তমানে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর একটি নোঙ্গরখানায় অবস্থান করছে।’ উল্লেখ্য-রবিবার (১৯ এপ্রিল) ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেওয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এই ঘটনায় ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।