যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে উদ্বোধনী আয়োজনের লালগালিচায় ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। আজ শনিবার (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই সিনেমাতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। এর প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি। এর আগে, গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি জানান, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে ভীষণ ভালো লাগছে তার। উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। সিনেমাতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া এবারের আসরে বাংলাদেশের আরও একটি সিনেমা জায়গা করে নিয়েছে। ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’, যা নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে।