ফিরছেন টম ক্রুজ আবার আকাশে মাভেরিক

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‌‘টপ গান ৩’-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবারও প্রধান চরিত্র পিট ‘মাভেরিক’ মিচেলের ভূমিকায় ফিরছেন বিশ্বখ্যাত অভিনেতা টম ক্রুজ। লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন অনুষ্ঠানে নতুন ছবিটির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট। ১৯৮৬ সালে শুরু হওয়া এই সিরিজটি প্রথম থেকেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান: মাভেরিক’ পরিচালনা করেছিলেন জোসেফ কোসিনস্কি। সেটি বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে ব্লকবাস্টার হিট হয়। নতুন ছবিটিতেও প্রযোজক হিসেবে ফিরছেন জেরি ব্রুকহাইমার। গল্পে আবারও দেখা যাবে টম ক্রুজের সেই কিংবদন্তি পাইলট চরিত্রকে। তিনি একদিকে সাহসী, অন্যদিকে মানসিক দ্বন্দ্বে ভোগা একজন মানুষ। মূল সিনেমায় তরুণ পাইলট হিসেবে মাভেরিক ছিলেন দায়িত্বজ্ঞান ও আত্মবিশ্বাসের দ্বন্দ্বে থাকা এক চরিত্র, যিনি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেন এবং প্রশিক্ষকের ভূমিকায় ফিরে আসেন। দ্বিতীয় ছবিতে তার সঙ্গে ছিলেন মাইলস টেলার, গ্লেন পাওয়েল, লুইস পুলম্যান, মনিকা বারবারোসহ আরও অনেকে। এছাড়া বিশেষ উপস্থিতি ছিল ২০২৫ সালে মারা যাওয়া ভ্যাল কিলমারের। এদিকে টম ক্রুজকে সম্প্রতি দেখা গেছে নতুন প্রকল্পেও। সেখানে তিনি এবার ফ্র্যাঞ্চাইজি নয় এমন একটি সিনেমায় অভিনয় করছেন, যা পরিচালনা করছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।