যুক্তরাষ্ট্রে ৫০ হলে ‘দম’দ্বিতীয় সপ্তাহে

উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব চাহিদায় যুক্তরাষ্ট্রে মাত্র এক সপ্তাহেই সিনেমাটির হলসংখ্যা ৭ থেকে বেড়ে ৫০-এ উন্নীত হয়েছে। ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাওয়া এই ছবিতে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। নির্মাতা রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া নিচ্ছেন। তিনি জানান, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যে ভালোবাসা পেয়েছেন তা অবিস্মরণীয়। এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত এই সিনেমা পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উত্তর আমেরিকাজুড়ে বইছে ‘দম’ উন্মাদনা।